সম্মিলিত ইসলামী ব্যাংকে হেয়ারকাট বা‌তিল

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির আমানতকারীদের মুনাফার ওপর কোনো ধরনের ‘হেয়ারকাট’ বা কর্তন করা হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। একই সঙ্গে আমানতকারীদের আমানত ফেরত দেওয়ার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী অর্থ উত্তোলনের সুযোগ বাড়াতে ব্যাংককে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়।

এ বৈঠকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজী শায়রুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবেদুর রহমান সিকদার উপস্থিত ছিলেন। এছাড়া, বাংলাদেশ ব্যাংকের চার ডেপুটি গভর্নর-ড. মো. হাবিবুর রহমান, ড. মো. কবির আহমেদ, মো. সরোয়ার হোসেন ও মো. আমিনুর রহমানও উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে গভর্নর সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডিকে আমানতকারীদের স্বার্থে বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমানতকারীদের মুনাফার ওপর কোনো ধরনের হেয়ারকাট থাকবে না বলে ঘোষণা দিলেও এ বিষয়ে অনেক আমানতকারীর মধ্যে এখনো কিছুটা অস্পষ্টতা রয়েছে। এ কারণে ব্যাংকটির সব আমানতকারীকে বিষয়টি স্পষ্টভাবে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

গভর্নরের নির্দেশনায় বলা হয়েছে, সম্মিলিত ইসলামী ব্যাংকের কোনো আমানতকারীর মুনাফার ওপর কোনো ধরনের হেয়ারকাট বা কর্তন করা হবে না—বিষয়টি তাদের পরিষ্কারভাবে জানাতে হবে।

এছাড়া, গত ২৯ ডিসেম্বর ২০২৫ তারিখে ঘোষিত নীতিমালা অনুযায়ী আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তিশ্রেণির আমানতকারীরা যাতে তাদের আল-ওয়াদিয়াহ চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব ও মুদারাবা মেয়াদি আমানতের মূল অর্থ ফেরতের নির্ধারিত সীমার বাইরে প্রয়োজন অনুযায়ী অর্থ উত্তোলন করতে পারেন, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

অর্থাৎ, নির্ধারিত অর্থ ফেরতের পাশাপাশি ব্যক্তিগত আমানতকারীদের জরুরি প্রয়োজন মেটাতে আরও অর্থ উত্তোলনের সুযোগ দেওয়ার বিষয়ে ব্যাংককে কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়েছে।

দেশের সবচেয়ে বড় এবং একমাত্র সরকারি মালিকানাধীন ইসলামী ব্যাংক হিসেবে ৩৫ হাজার কোটি টাকা মূলধন নিয়ে যাত্রা শুরু করেছে সম্মিলিত ইসলামী ব্যাংক, পিএলসি। ব্যাংকটির কার্যক্রম দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর।

ব্যাংকটির সেবা ও কার্যক্রম যাতে দ্রুত স্বাভাবিক হয় এবং আমানতকারীদের মধ্যে আস্থা ফিরে আসে, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

সাক্ষাতে গভর্নর ব্যাংকটির বর্তমান পরিস্থিতি, আমানতকারীদের অর্থ ফেরত, অর্থ উত্তোলনের সুযোগ এবং ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক করার বিষয়ে চেয়ারম্যান ও এমডির সঙ্গে আলোচনা করেন।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার ফলে আগামী ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তিশ্রেণির আমানতকারীদের অর্থ উত্তোলনের সুযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে মুনাফার ওপর কোনো ধরনের হেয়ারকাট না থাকার বিষয়টি আমানতকারীদের কাছে পরিষ্কারভাবে তুলে ধরার উদ্যোগ নেওয়া হবে।

ব্যাংকটির চেয়ারম্যান ও এমডি গভর্নরের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছেন।




চট্টগ্রামে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের বিক্ষোভ

চট্টগ্রামে সম্মিলিত ইসলামী ব্যাংকের কিছু আমানতকারী বিক্ষোভ করেছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন তারা।

বিক্ষোভে অংশ নেওয়া আমানতকারীরা তাদের আমানত সুরক্ষা, ব্যাংকিং লেনদেন স্বাভাবিক করা এবং আমানতের ওপর আরোপিত অর্থ কর্তনের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।

আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে তারা নিজেদের আমানত নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। দ্রুত তাদের আমানত ফেরত দেওয়ার পাশাপাশি ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক করার দাবি জানান তারা।

বিক্ষোভ শেষে আমানতকারীদের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে দেখা করে তাদের দাবি তুলে ধরবেন।

‘আমার টাকা ফেরত চাই’, ‘হেয়ার কাট মানি না’, ‘আমানত নিয়ে টালবাহানা চলবে না’, ‘ন্যায্য দাবি আদায় না হলে ঘরে ফিরব না’– এমন বিভিন্ন স্লোগান দিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। সম্মিলিত ইসলামী ব্যাংক আমানতকারী অ্যাসোসিয়েশন-চট্টগ্রাম বিভাগের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। দ্রুত দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বিক্ষুব্ধরা।

আন্দোলনকারী শারমিন আক্তার বলেন, অর্থমন্ত্রী সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। আমরা চাই এই আশ্বাস বাস্তবায়ন হোক।




সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য বাজেট থেকে ২০ হাজার কোটি টাকা ছাড়

পাঁচ ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য চলতি ২০২৫-২৬ অর্থবছরের বাজেট থেকে ২০ হাজার কোটি টাকা মূলধন ছাড় করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। সোমবার এই অর্থ ব্যাংকের নির্ধারিত অ্যাকাউন্টে জমা হয়েছে বলে মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে।

অর্থ বিভাগের এক কর্মকর্তা জানান, বাজেটের ইক্যুইটি বা মূলধন খাতে বরাদ্দ থাকা ২৪ হাজার ১৯৬ কোটি টাকা থেকেই এই অর্থ দেওয়া হয়েছে। ব্যাংকটি লাভের অবস্থায় ফিরলে সেই মুনাফা সরকার পাবে। সরকারের পরিকল্পনা ব্যাংকটি স্থিতিশীল হয়ে গেলে তিন বছর পর ধাপে ধাপে ২০ হাজার কোটি টাকার সরকারি শেয়ার বেসরকারি খাতে ছাড় দেওয়া হবে।

এরই মধ্যে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসে নিবন্ধিত হয়েছে। ব্যাংকের পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা, যার মধ্যে সরকারের অংশ ২০ হাজার কোটি টাকা। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এটিকে তফসিলি ব্যাংক হিসেবে তালিকাভুক্ত করেছে।

বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মূলধনের পরিমাণ বিবেচনায় এটি দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত শরিয়াহভিত্তিক ব্যাংক হিসেবে যাত্রা শুরু করছে। কেন্দ্রীয় ব্যাংক আমানতকারীদের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে দৃঢ় অবস্থানের কথা জানিয়ে বলেছে, ডিপোজিট সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ অনুযায়ী ২ লাখ টাকা পর্যন্ত আমানত সম্পূর্ণ নিরাপদ, যা একীভূতকরণ শেষে দ্রুত পরিশোধ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দুই লাখ টাকার বেশি আমানতের নিষ্পত্তির বিষয়ে বিশদ পরিকল্পনা শিগগির ঘোষণা করা হবে। নতুন ব্যাংকটি বাংলাদেশ ব্যাংকের নিবিড় তত্ত্বাবধানে সর্বোচ্চ দক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে পরিচালিত হবে বলে আশা করা হচ্ছে। অল্প সময়ের মধ্যেই এটি একটি গতিশীল, আধুনিক ও প্রতিযোগিতামূলক শরিয়াহভিত্তিক ব্যাংকের রূপ নেবে বলে কেন্দ্রীয় ব্যাংক আশাবাদী।

সরকার ও বাংলাদেশ ব্যাংক মনে করে, এ একীভূতকরণ দেশের ব্যাংকিং খাতে জনগণের আস্থা পুনরুদ্ধার, স্থিতিশীলতা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।