জরুরি ভিত্তিতে গ্যাস উত্তোলনের ব্যবস্থা নেওয়ার সুপারিশ

বঙ্গোপসাগরে পুনরুদ্ধারকৃত অঞ্চলে জরুরি ভিত্তিতে গ্যাস অনুসন্ধানপূর্বক উত্তোলনের ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।একাদশ জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২০তম বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমানের সভাপতিত্বে রোববার (২৯ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে এ বৈঠক হয়। এতে কমিটির সদস্য আ স ম ফিরোজ, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এবং পনির উদ্দিন আহমেদ অংশ নেন। সভায় ১৯তম বৈঠকের কার্যবিবরণী অনুমোদন ও নিশ্চিত করা হয়।

বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয় পায়রাবন্দ, মিঠাপুকুর, রংপুরের ১৫ জন শিক্ষক ও কর্মচারীর এমপিওভুক্তির বিষয় সম্পর্কে সংসদীয় তদন্ত কমিটি কর্তৃক প্রদত্ত প্রতিবেদন অনুযায়ী ৭ দিনের মধ্যে দ্রুত বাস্তবায়ন এবং ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমানোর পাশাপাশি সেচ ব্যয় সাশ্রয়ী করার জন্য দেশের সব এলাকায় ক্রমান্বয়ে সারফেস ইরিগেশন চালুর জন্য প্রকল্প গ্রহণের সুপারিশ করা হয়।

বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, খাদ্য মন্ত্রণালয়ের সচিব, ভূমি মন্ত্রণালয়ের সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, পেট্রোবাংলার চেয়ারম্যান, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অতিরিক্ত সচিব, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব, চেয়ারম্যান বিএডিস’র চেয়ারম্যান, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




পার্বত্য চট্টগ্রামকে পর্যটকদের জন্য এক্সক্লুসিভ জোন করার সুপারিশ

পুরো পার্বত্য চট্টগ্রামকে পর্যটকদের জন্য এক্সক্লুসিভ জোন করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

রোববার (৯ জুলাই) জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, আশেক উল্লাহ রফিক, সৈয়দা রুবিনা আক্তার ও কানিজ ফাতেমা আহমেদ অংশ নেন।

বৈঠকে পর্যটন শিল্পের উন্নয়নে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নেওয়া উদ্যোগসমূহের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বেজার কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত অস্থায়ী ভিত্তিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে কার্যক্রম চালানোর সুযোগ দেওয়ার জন্য সুপারিশ করা হয়।

বৈঠকে পর্যটকদের জন্য সমগ্র পার্বত্য চট্টগ্রামকে এক্সক্লুসিভ জোন করার সুপারিশ করা হয়। সুষ্ঠুভাবে হজ কার্যক্রম পরিচালনার জন্য কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।

বৈঠকে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী পরিচালক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবসহ, আইন,বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।