শ্রম খাতে অগ্রগতি জানতে চেয়েছে ইইউ প্রতিনিধিদল

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের সঙ্গে বাংলাদেশ সফররত ইউরোপীয় ইউনিয়নের ৬ সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেন।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সচিবালয়ে প্রতিমন্ত্রীর নিজ দফতরে সাক্ষাৎ করেন তারা। সফররত ইউরোপীয় ইউনিয়নের ৬ সদস্যের প্রতিনিধিদলটি এ সময় শ্রম খাতের জন্য জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করেন।

শ্রম মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ শ্রম খাতে একটি জাতীয় কর্মপরিকল্পনা (২০২১-২৬) গ্রহণ করেছে এবং এই পরিকল্পনাটি আইএলও গভর্নিং বডির কাছে বাংলাদেশ সরকারের জমা দেওয়া কর্মপরিকল্পনার সঙ্গে নিবিড়ভাবে জড়িত। এ কর্মপরিকল্পনার লক্ষ্য হলো, সংগঠনের স্বাধীনতা এবং সম্মিলিত দরকষাকষির অধিকারসহ দেশের শ্রম অধিকারগুলো পালনের পরিবেশ উন্নত করা। জিএসপি প্লাসের জন্য বাংলাদেশের আবেদন বিবেচনায় ইউরোপীয় পার্লামেন্ট এবং কমিশনের জন্য আন্তর্জাতিক মানের সঙ্গে শ্রম আইন ‘অপরিহার্য উপাদান’ হিসেবে বিবেচিত হওয়া অত্যাবশ্যক বলে উল্লেখ করা হয়।

শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, ইউরোপিয়ান এক্সটারনাল অ্যাকশন সার্ভিসের (ইইএএস) এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক পাওলা পাম্পালোনি, বাংলাদেশে ইইউ ডেলিগেশনের প্রধান ও অ্যাম্বাসেডর চার্লস হোয়াইটলিসহ ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধিদলের অন্যান্য সদস্য এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।




শ্রম খাতের অগ্রগতি দেখতে ঢাকায় ইইউ প্রতিনিধিদল

বাংলাদেশের শ্রম খাতের অগ্রগতি দেখতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদল পাঁচ দিনের সফরে ঢাকায় এসেছে।

রোববার (১২ নভেম্বর) তারা ঢাকায় আসে।

ঢাকা সফরকালে শ্রম আইন সংশোধন পরবর্তী পরিস্থিতি, শিশুশ্রম বিলোপ ও শ্রমিকবিরোধী সব ধরনের সহিংসতা নিরসনসহ নানা বিষয়ে আলোচনা করবে দলটি।

ইইউ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন সংস্থাটির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের উপব্যবস্থাপনা পরিচালক পাওলা প্যাম্পালোনি।

ঢাকা সফরের প্রথম দিন রাজধানীর বাড্ডায় একটি বিশেষ স্কুল পরিদর্শন করেছেন। সেখানে শিক্ষার্থী, শিক্ষক ও স্টাফদের সঙ্গে প্রতিনিধিদল মতবিনিময় করেন। প্রতিনিধিদল আগামী ১৫ নভেম্বর পররাষ্ট্রসচিব, বাণিজ্যসচিব এবং শ্রমসচিবের সঙ্গে বৈঠক করবে। এছাড়া, ইইউর প্রতিনিধিদলের সদস্যরা ঢাকা সফরকালে আইনমন্ত্রী আনিসুল হক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

প্রতিনিধিদল সফরকালে শ্রম খাতের অগ্রগতি, ন্যূনতম মজুরি বাস্তবায়ন, শ্রমিকের অধিকার ইত্যাদি বিষয়ে আলোচনা করবেন।