শিল্পনীতি যুগোপযোগী ও চট্টগ্রাম বন্দরে ল্যাব আধুনিকায়নের তাগিদ

শিল্প মন্ত্রণালয়ের বিদ্যমান শিল্পনীতিগু‌লো যুগোপযোগী করা, বিসিক শিল্পনগরের কার্যকারিতা বৃদ্ধি, ব্যবসার ব্যয় কমিয়ে আনতে চট্টগ্রাম বন্দরে অবস্থিত বিএসটিআইয়ের ল্যাবরেটরিতে আধুনিক যন্ত্রপাতি স্থাপন ও পরীক্ষণ সক্ষমতা বাড়াতে শিল্প মন্ত্রণালয়কে অগ্রাধিকার ভিত্তিতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

সোমবার (৫ ফেব্রুয়ারি) শিল্প মন্ত্রণালয়ের সভাকক্ষে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এই আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম।

এতে এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি মো. আমিন হেলালী, সহ-সভাপতি মো. মুনির হোসেন, এফবিসিসিআইয়ের মহাসচিব মো. আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় এবং শিল্পমন্ত্রী হিসেবে দ্বায়িত্ব গ্রহণ করায় নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম।

মাহবুবুল আলম বলেন, উপযুক্ত শিল্পনীতি প্রণয়নের মাধ্যমে শিল্পায়নকে ত্বরান্বিত করার পাশাপাশি রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানের সংস্কার, ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশ, পণ্য উন্নয়ন ও মূল্য সংযোজন, মেধা সম্পদের অধিকার সংরক্ষণ, খাতভিত্তিক দক্ষ জনশক্তি তৈরি, উৎপাদনশীলতা ও প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি, উদ্ভাবন ও গবেষণা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে শিল্প মন্ত্রণালয়।

ব্যবসায় ব্যয় হ্রাসে চট্টগ্রাম বন্দরের গুরুত্বের কথা তুলে ধরে এফবিসিসিআই সভাপতি বলেন, চট্টগ্রাম বন্দরে বিএসটিআইয়ের ল্যাবরেটরিতে আধুনিক যন্ত্রপাতি ও উন্নত প্রযুক্তির ঘাটতি থাকায় ব্যবসার ব্যয় অনেকাংশে বেড়ে যাচ্ছে। প্রধান সমুদ্র বন্দরটিতে দ্রুত আধুনিক পরীক্ষণ যন্ত্রপাতি ও প্রযুক্তি স্থাপন করা গেলে সেখানে পণ্য খালাস প্রক্রিয়া আরও সহজ ও দ্রুততর হবে। এতে ব্যবসার ব্যয় কিছুটা কমে আসবে।

মাহবুবুল আলম বলেন, চামড়া শিল্পের আধুনিকায়নের লক্ষ্যে সাভারে চামড়া শিল্পনগরী স্থাপন এবং চামড়া ও চামড়াজাত পণ্য উন্নয়ন নীতিমালা ২০১৯ প্রণয়ন করা হয়েছে। পরিপূর্ণ প্রস্তুতি না নিয়ে চামড়া শিল্পনগরী সাভারে স্থানান্তর করায় এই খাতের উদ্যোক্তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। অন্যদিকে, কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগারের (সিইটিপি) সম্পূর্ণ সুফল না পাওয়া, কঠিন বর্জ্য এবং ড্রেনেজ ব্যবস্থাপনার দুর্বলতার কারণে এলডব্লিউজি সার্টিফিকেট (লেদার ওয়ার্কিং গ্রুপের পরিবেশগত সনদ) পাচ্ছে না সাভার চামড়া শিল্পনগরী। যা চামড়া ও চামড়াজাত শিল্পের বিকাশে অন্যতম বাধা। এসব সমস্যা সমাধানে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শিল্পমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি। এছাড়া কাঁচা চামড়ার গুণগতমান রক্ষায় কোল্ড স্টোরেজ স্থাপন, চামড়ার বাই-প্রডাক্ট উৎপাদনসহ এই খাতে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।

রুগ্ণ শিল্পের হালনাগাদ তালিকা প্রণয়নের উদ্যোগ গ্রহণ করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে মাহবুবুল আলম জানান, এফবিসিসিআই থেকে তার অধিভুক্ত সব অ্যাসোসিয়েশন ও চেম্বারকে নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে রুগ্ণ শিল্পের হালনাগাদ তালিকা পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।

এফবিসিসিআইয়ের পক্ষ থেকে সিক ইন্ডাস্ট্রি অ্যাক্ট-এর খসড়া প্রণয়ন করে ইতিপূর্বে শিল্প মন্ত্রণালয় ও সরকারের নিকট জমা দেওয়া হয়েছে উল্লেখ করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শিল্পমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

এসময় এফবিসিসিআই সভাপতির কথা গুরুত্ব সহকারে শোনেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। বর্তমান সরকার দেশে ব্যবসার পরিবেশ উন্নয়নে বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে উল্লেখ করে তিনি বলেন, দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে ও ব্যবসার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এফবিসিসিআইয়ের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করবে শিল্প মন্ত্রণালয়।

ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরে বিএসটিআইয়ের ভবনের নির্মাণকাজ অনেক দূর এগিয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, নির্মাণ কাজ সম্পন্ন হলে খুব শীঘ্রই চট্টগ্রাম বন্দরে বিএসটিআইয়ের আধুনিক পরীক্ষাগার স্থাপন করা হবে।




পণ্যের মান কেন্দ্রীয়ভাবে দেখভাল করা হবে: শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি বলেন, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে কৃষি পণ্য ও বাজারের সাপ্লাইচেন এবং ফুড সেফটি নিশ্চিত করবে মন্ত্রণালয়। সারসহ বিভিন্ন পণ্যের চাহিদা, জোগান, সরবরাহ ও মান কেন্দ্রীয়ভাবে দেখভাল করা হবে।

সোমবার (২৭ মার্চ) শিল্প মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

বাজারে কোনো পণ্যের ঘাটতি নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশের প্রতিটি বাজারে থরে থরে পণ্য সাজানো দেখা যায়। তার মানে পণ্য উৎপাদনেও কোনো সমস্যা নেই, সমস্যা আছে সরবরাহে। সেজন্য আমরা প্রযুক্তি ব্যবহারে আইসিটি বিভাগের সঙ্গে চুক্তি করলাম। এর মাধ্যমে আমরা দুর্নীতিকেও বিদায় জানাবো।

তিনি বলেন, বঙ্গবন্ধু বেঁচে থাকলে আমরা মালোয়েশিয়া ও কোরিয়ার কাতারে থাকতাম। তবে বঙ্গবন্ধুকন্যার দৃঢ় নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ সক্ষমতা অর্জনের কারণে বাংলাদেশ এখন বিশ্বে অনুকরণীয়। কোভিডের সময়ে আমরা ডিজিটাল রূপান্তরের সুবিধা পেয়েছি। এটাই প্রমাণ করে বাংলাদেশকে কখনো দাবায়ে রাখা যাবে না।

শিল্পসচিব জাকিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এছাড়া শিল্প মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বিভিন্ন সরকারি দপ্তর/সংস্থা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমঝোতা স্মারকে শিল্প মন্ত্রণালয়ের পক্ষে শিল্পসচিব জাকিয়া সুলতানা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পক্ষে সচিব মো. সামসুল আরেফিন স্বাক্ষর করেন।

এসময় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, শিল্প মন্ত্রণালয় চতুর্থ শিল্পবিপ্লবে নেতৃত্ব দেবে। ৭০ লাখের বেশি ক্ষুদ্র-মাঝারি শিল্প উদ্যোক্তাকে ডিজিটাল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে উভয় মন্ত্রণালয় একসঙ্গে কাজ করবে।

তিনি বলেন, দুর্নীতিতে পাঁচবারের চ্যাম্পিয়ন দেশকে টেনে তুলতে প্রযুক্তিকে কাজে লাগানো হয়েছে। ইজিপি এবং ই-নথির কারণে বাংলাদেশ বিশ্বে দুর্নীতির বদনাম থেকে মুক্ত হয়েছে। এখন আইসিটি খাতকেও বিশ্বে অষ্টম অবস্থানে যাওয়ার সুযোগ বাংলাদেশের রয়েছে। এজন্য আমরা স্মার্ট ইন্ডাস্ট্রি গড়ে তুলতে চাই। এক্ষেত্রে আইসিটি বিভাগ সহযোগী ভূমিকা পালন করবে। এর মাধ্যমে শিল্পমন্ত্রণালয় চতুর্থ শিল্পবিপ্লবে নেতৃত্ব দেবে।

স্মার্ট ফার্টিলাইজার ম্যানেজমেন্ট সিস্টেম, ইউনিক ইন্ডাস্ট্রি নম্বর, মেধাস্বত্ব সংরক্ষণ, ডিজিটাল পণ্য ও সেবার স্টান্ডার্ডাইজেশন ও এক্রিডিটেশন, চতুর্থ শিল্প বিপ্লব উপযোগি মানবসম্প উন্নয়ন, ই-লাইব্রেরির আধুনিকায়ন, গবেষণা উদ্ভাবন ও উদোক্তা সৃজন এ ৭টি ক্ষেত্রে অংশীদারত্বের ভিত্তিতে যৌথভাবে কাজ করার লক্ষ্যে এ সমঝোতা স্মারক সই হয়। এর ফলে দুটি মন্ত্রণালয় কাজের ক্ষেত্র অত্যন্ত বিস্তৃত এবং ব্যাপক। কাজেই বিস্তৃত পরিসরে আমরা সহযোগিতা বিনিময়ের পাশাপাশি বেশকিছু উদ্যোগ যৌথভাবে বাস্তবায়ন করতে পারবো, যা বাংলাদেশের সর্বস্তরের নাগরিকদের জীবনমান উন্নয়নে সহায়ক হবে।