ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত দেড় দশকে দেশের শিক্ষাব্যবস্থাসহ সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলা হয়েছিল। বর্তমান সরকার ভেঙে পড়া শিক্ষাব্যবস্থাসহ সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠনে কাজ করছে।

সোমবার (৯ নভেম্বর) সকালে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘গত দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে। সরকার তা নতুন করে ঢেলে সাজাতে কাজ করছে।’

সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও সার্বিক কার্যক্রম এবং আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়টির অবস্থান সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও চাহিদার বিষয়ে রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি সেসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য আসন্ন প্রস্তাবিত সমাবর্তন অনুষ্ঠানে আচার্য (চ্যান্সেলর) হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমন্ত্রণ গ্রহণ করেন এবং সমাবর্তনে উপস্থিত থাকার বিষয়ে আশ্বস্ত করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।




বিগত ১৭ বছরে শিক্ষাব্যবস্থা নিয়ে রীতিমতো ছেলেখেলা হয়েছে: রিজভী

বিগত ১৭ বছর ধরে শিক্ষাব্যবস্থা নিয়ে রীতিমতো ছেলেখেলা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

তিনি বলেন, শুধু বড় বড় ভবন বা অবকাঠামো গড়ে তুললেই শিক্ষাপ্রতিষ্ঠান হয় না, শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে নিবেদিতপ্রাণ শিক্ষক প্রয়োজন। একই সঙ্গে শিক্ষার্থীরা যাতে কোনোভাবে শিক্ষা জীবন থেকে ঝরে না পড়ে, সেদিকেও কড়া নজর রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে আয়োজিত এক সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জন করায় কেরানীগঞ্জ উপজেলার ১১৪ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও ৫ হাজার টাকা করে বৃত্তি দিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিক্ষার গুরুত্ব তুলে ধরে রুহুল কবির রিজভী বলেন, কৃতি শিক্ষার্থীদের জন্য এ ধরনের অনুষ্ঠান অত্যন্ত ভালো। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, শিক্ষা যে একটি জাতির জন্য কতটা জরুরি, অতীতে সেটি সঠিকভাবে বিবেচনা করা হয়নি। বিগত ১৭ বছর ধরে শিক্ষাব্যবস্থা নিয়ে রীতিমতো ছেলেখেলা করা হয়েছে।’

তিনি আরও অভিযোগ করেন, অনৈতিকভাবে শিক্ষার্থীদের পাস করিয়ে দেওয়ার প্রবণতা তৈরি করে সে সময়ে জাতির মানবীয় মেরুদণ্ডকে ‘প্লাস্টিক মেরুদণ্ডে’ পরিণত করা হয়েছিল। ফলে আন্তর্জাতিক প্রতিযোগিতায় আমাদের শিক্ষার্থীরা অনেকটা পিছিয়ে পড়েছে।

বর্তমান সরকারের শিক্ষা ভাবনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, এখন আর কোনো স্বজনপ্রীতি বা অনিয়ম নয় বরং মেধার ভিত্তিতেই শিক্ষার্থীদের প্রকৃত মূল্যায়ন করা হচ্ছে।

নারী শিক্ষার প্রসারে সরকার প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে তিনি বলেন, শিগগির বিএ অনার্স পর্যন্ত ছাত্রীদের শিক্ষাব্যবস্থা সম্পূর্ণ অবৈতনিক করা হবে।