পিকনিকের ট্রলারডুবে নিহত ৮

মুন্সিগঞ্জের লৌহজং এলাকায় বালুবাহী বাল্কহেডের ধাক্কায় পিকনিকের ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে নিহতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে। ট্রলারটিতে ৪৬ জন যাত্রী ছিল। জীবিত উদ্ধার করা হয়েছে ৩২ জনকে। বাকিরা নিখোঁজ।

শনিবার (৫ আগস্ট) রাতে এই তথ্য জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক।

তিনি জানান, শনিবার বিকেলে মুন্সিগঞ্জের লৌহজং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ট্রলারটিতে ৪৬ জন যাত্রী ছিল। এরমধ্যে ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় প্রথমে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল। পরে আরও দুই মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

এর আগে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, পদ্মা নদীর মাওয়া পয়েন্ট থেকে সিরাজদিখানের দিকে যাচ্ছিল পিকনিকের ট্রলারটি। রাত আটটার দিকে ঈদের পাড়া ইউনিয়নের রসকাটি এলাকায় পৌঁছালে অন্ধকারে একটি বালুবাহী বাল্কহেড ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে যাত্রীসহ ডুবে যায় ট্রলারটি।

এসময় অনেকে সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হয় বাকিরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস উদ্ধার কার্যক্রম শুরু করে।

হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাছাড়া নিখোঁজদের সন্ধানে নদীতে উদ্ধার অভিযান চালছে।




শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে ফেরি চলবে মঙ্গলবার থেকে

ঈদকে সামনে রেখে আগামী মঙ্গলবার থেকে মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে চলবে ফেরি।

ফেরিতে মোটরসাইকেল ও যাত্রী পারাপারের সিদ্ধান্ত হয়েছে বলে জানান বিআইডাব্লিউটিসির ব্যবস্থাপক মো. জামাল হোসেন।

তিনি বলেন, এ নৌরুটে আগামী মঙ্গলবার থেকে প্রতিদিন ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দুটি ফেরি দিয়ে মোটরসাইকেল ও যাত্রী পারপার করা হবে।

তিনি আরও বলেন, শনিবার বিআইডাব্লিউটিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা ফেরিঘাট ও নৌপথের চ্যানেল পরিদর্শন করেছেন। চ্যানেলের নাব্যতা সংকট এরই মধ্যে ড্রেজিং করে নিরসন করা হয়েছে।

ঈদকে কেন্দ্র করে মোট দুটি ফেরি মিডিয়াম কুঞ্জলতা ও কেটাইপ কুমিল্লা দিয়ে যাত্রী ও মোটরসাইকেল পারাপার করা হবে। ইতোমধ্যে পন্টুন, চ্যানেলসহ ফেরি চলাচলে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন দুটি প্রস্তুত করলেও চাপ থাকলে ফেরির সংখ্যা বাড়ানো হবে বলে জানান জামাল হোসেন।

তিনি বলেন, “ঈদকে কেন্দ্র করে দক্ষিণবঙ্গের ২১ জেলার লাখ লাখ মানুষ এ নৌরুটে বাড়ি ফিরবে। ঈদের পর প্রয়োজন সাপেক্ষে ও পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ফেরি চালু থাকবে।”

শিমুলিয়ায় মোট চারটি ফেরিঘাটের মধ্যে মোটরসাইকেল পারাপারের জন্য ভিআইপি ফেরিঘাট (৪ নম্বর) প্রস্তুত করা হয়েছে। মোটরসাইকেল প্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।

এদিকে, নিরাপত্তার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর গত বৃহস্পতিবার পদ্মা সেতুর নিচ দিয়ে ফেরি চলাচলের অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ। পদ্মা সেতুর ২২ ও ২৩ পিয়ার এবং ৩৮ ও ৩৯ নম্বর পিয়ারের মধ্য দিয়ে ফেরি সার্ভিস পরিচালনা করার অনাপত্তি প্রদার করেছে সেতু কর্তৃপক্ষ।