ল্যাবরেটরি স্থাপনে জমি কিনবে রেনাটা কোম্পানি

পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি রেনাটা লিমিটেডের পরিচালনা পর্ষদ ল্যাবরেটরি স্থাপনের লক্ষ্যে ২৫.৩২ ডেসিমেল জমি কেনার প্রস্তাব অনুমোদন করেছে।

রোববার (১৯ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি কাকরাইলের রমনায় ইস্কাটন গার্ডেনের ভবনে ৭ হাজার ২০০ স্কয়া ফিট জায়গা কিনবে। জমি কিনতে কোম্পানির রেজিস্ট্রেশন এবং অন্যান্য খরচ ছাড়া ৩৬ কোটি ৩৩ লাখ টাকা ব্যয় হবে। রেনাটা লিমিটেড এই জমি ডাইগোনিস্টিক ল্যাবরেটরি স্থাপনের কাজে ব্যবহার করবে।

প্রসঙ্গত, রেনাটা লিমিটেড ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৬২.৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ ঘোষণা দেওয়া হয়েছে। সর্বশেষ হিসাব বছরে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২০.২১ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা ছিল ৪৪.৫৬ টাকা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ নভেম্বর।




বিকাশের ক্যাশ পিকআপ সেবা ব্যবহার করবে রেনাটা

দেশজুড়ে থাকা ১৯টি ডিস্ট্রিবিউশন সেন্টারে বিকাশের বি২বি (বিজনেস টু বিজনেস) সলিউশন ‘ক্যাশ পিকআপ’ সেবা ব্যবহার করবে ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান রেনাটা লিমিটেড। ফলে প্রতিষ্ঠানটির সরবরাহ চেইনে ডিপো ও মাঠ পর্যায়ের আর্থিক ব্যবস্থাপনায় সময় ও অর্থ সাশ্রয় হবে, যা ব্যবসা প্রসারেও ভূমিকা রাখবে।

এ ধরনের বি২বি সলিউশন উৎপাদক থেকে শুরু করে বিক্রেতার লেনদেনকে করবে আরো সহজ, স্বচ্ছ ও নিরাপদ। বর্তমানে ক্রেতারা দেশের অধিকাংশ ফার্মেসি থেকেই ওষুধ কিনে বিকাশের মাধ্যমে পেমেন্ট করছেন। অন্যদিকে ওষুধ বিক্রেতারাও তাদের বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে রেনাটা থেকে কেনা পণ্যের মূল্য সরাসরি পরিশোধ করতে পারবেন। এভাবেই সেবাটি ওষুধসহ অন্যান্য শিল্প খাতের সরবরাহ চেইনের আর্থিক ব্যবস্থাপনায় সক্ষমতা বাড়াবে এবং দেশের ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমকে আরো সুদৃঢ় করতে ভূমিকা রাখবে।

 

সম্প্রতি এ লক্ষ্যে বিকাশ ও রেনাটা লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ এবং রেনাটা লিমিটেডের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মুস্তাফা আলিম আওলাদ। এ সময় আরো উপস্থিত ছিলেন বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর, রেনাটা লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ এস কাইসার কবির, বিকাশের ইভিপি ও হেড অব গভর্নমেন্ট পার্টনারশিপ ও বিজনেস সেলস মাশরুর চৌধুরীসহ দুটি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। —বিজ্ঞপ্তি