রূপালী ইন্স্যুরেন্সকে জরিমানা

বীমা আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ না দেয়ায় রূপালী ইন্স্যুরেন্স কোম্পানিকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

একইসঙ্গে কোম্পানিটিকে আগামী ৬০ দিনের মধ্যে মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এই নির্দেশ প্রতিপালনে ব্যর্থ হলে পুনরায় কোম্পানিটিকে আরো পাঁচ লাখ টাকা জরিমানা করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে বীমা খাতের সর্বোচ্চ এই অভিভাবক সংস্থা।

জরিমানার এই অর্থ আগামী ১৫ কার্যদিবসের মধ্যে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নামে পে-অর্ডার করে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের উপ-পরিচালক মো. সোলায়মান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি গত ২৯ জানুয়ারি বীমা কোম্পানিটিকে পাঠানো হয়েছে। বীমা আইন ২০১০ এর ১৩০ ধারা মোতাবেক এই সিদ্ধান্ত নিয়েছে আইডিআরএ।

আইডিআরএ বলছে, ২০২৩ সালের ২ জানুয়ারি থেকে এখন পর্যন্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ না করে বীমা আইন ২০১০ এর ৮০ ধারা লঙ্ঘন করেছে রূপালী ইন্স্যুরেন্স। এই প্রেক্ষিতে কর্তৃপক্ষের ১৭৮তম সভায় বীমা কোম্পানিটির বিষয়ে বীমা আইন ২০১০ এর ১৩০ ধারা মোতাবেক ৩টি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্তগুলো হলো-

বিগত ২ জানুয়ারি ২০২৩ তারিখ হতে মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ না করায় রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডকে পাঁচ লাখ টাকা জরিমানা; আগামী ৬০ (ষাট) দিনের মধ্যে মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ করতে হবে; ৬০ দিনের মধ্যে মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ করা না হলে পুনরায় কোম্পানিটিকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হবে।

বীমা আইন ২০১০ এর ৮০ ধারার (৪) উপধারা অনুযায়ী, কোনো বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তার পদ একাধারে ৩ (তিন) মাসের অধিক সময়ের জন্য শূন্য রাখা যায়না। তবে কর্তৃপক্ষ অপরিহার্য পরিস্থিতি বিবেচনায় উক্ত সময় সীমা আরো ৩ (তিন) মাস বর্ধিত করিতে পারেন। উপধারা (৫) এ বলা হয়েছে, উপ-ধারা (৪) এ নির্ধারিত সময়ের মধ্যে কোন বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তার পদ পূরণ করা না হলে কর্তৃপক্ষ কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালনের জন্য একজন প্রশাসক নিয়োগ করতে পারবে এবং কর্তৃপক্ষ যেইরূপ নির্ধারণ করবে কোম্পানি তদানুযায়ী উক্ত প্রশাসকের বেতন ও অন্যান্য সুবিধাদির যাবতীয় ব্যয় নির্বাহ করবে।




চলে গেলেন সোনালী লাইফের চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুস

সোনালী লাইফ ইন্স্যুরেন্স ও রূপালী ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি মোস্তফা গোলাম কুদ্দুস ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (২৫ জানুয়ারি) সকাল ৬.৪০ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ওই দিন বাদ জোহর গুলশান আজাদ মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। একইদিন বাদ মাগরিব কুমিল্লার মিয়ার বাজারে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফনের কথা রয়েছে।

দেশের সোয়েটার শিল্পের জনক হিসেবে পরিচিত মোস্তফা গোলাম কুদ্দুস বাংলাদেশের অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচন করেন। পুলিশের চাকরি থেকে অবসর নিয়ে ১৯৮৭ সালে একটি সোয়েটার কারখানা স্থাপন করেন। যা লাখ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। এই কারখানায় উৎপাদনের মাধ্যমে সোয়েটারের বৈশ্বিক বাজারে প্রবেশ করে বাংলাদেশ। শিল্প উদ্যোক্তা মোস্তফা গোলাম কুদ্দুস বীমা খাতেও অসামান্য অবদান রেখে গেছেন।

একজন মুক্তিযোদ্ধা ও নিবেদিত দেশপ্রেমিক হিসেবে তিনি বাংলাদেশের উন্নতি ও মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছিলেন। আরএমজি, টেক্সটাইল এবং আর্থিক খাতে তার অসামান্য অবদান জাতি চিরকাল কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। মোস্তফা গোলাম কুদ্দুস শুধু শিল্পের অগ্রগতি ঘটাননি, তার অদম্য মানসিকতা ও অঙ্গীকার দিয়ে অগণিত মানুষকে অনুপ্রাণিত করেছেন। সত্যিকারের একজন নায়কের মতো তিনি তার জীবন যাপন করেছেন এবং জাতির জন্য নিরলস লড়াই করেছেন।

 




 রূপালী ইন্স্যুরেন্সের নগদ লভ্যাংশ প্রেরণ

পুঁজিবাজারে বীমা খাতে তালিকাভুক্ত রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে দেওয়া হয়েছে।২০২৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।

রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২০২৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল। এর পুরোটাই লগদ লভ্যাংশ। কোম্পানির বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে তা অনুমোদন করা হয়।




রূপালী ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১৫ মে দুপুর ৩ টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।