৮২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতির মুখোমুখি সরকার : সিপিডি

চলতি ২০২৩-২০২৪ অর্থবছরে সরকার বড় অঙ্কের রাজস্ব ঘাটতির মুখোমুখি হতে যাচ্ছে।

বিগত ছয় মাসের রাজস্ব আদায়ের চলমান ধারা পর্যবেক্ষণ করে অর্থবছর শেষে ৮২ হাজার কোটি টাকা ঘাটতি হবে বলে দাবি করছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

শনিবার (১৬ মার্চ) রাজধানীর ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে ‘২০২৪-২০২৫ অর্থ বছরের জাতীয় বাজেটে সিপিডির সুপারিশমালা’ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ের আয়োজন করে সিপিডি। সেখঅনে সংস্থাটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন সম্ভাব্য রাজস্ব ঘাটতির বিষয়টি জানান।

ফাহমিদা বলেন, এমন একটা সময় বাজেট প্রণয়ন হতে যাচ্ছে যখন সামষ্টিক অর্থনীতি নেতিবাচক ধারায় রয়েছে। দেশে উচ্চ মূল্যস্ফীতি, ব্যাংকের তারল্য সংকট, বাজেট বাস্তবায়নে নিম্ন ও শ্লথ গতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিম্নগামী এবং রপ্তানি আয় ও রেমিট্যান্স নিচের দিকে। এই প্রেক্ষিতে আমাদের সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা যেটা আমরা দেখতে চাই বিশেষ করে উচ্চ প্রবৃদ্ধি ও নিম্ন মূল্যস্ফীতিসহ অন্যান্য সূচক যেখানে থাকার কথা সেটা নেই। বরং চরমভাবে চাপের মুখে পড়েছে। এর কারণ আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ দুটোই।

তিনি বলেন, আগামী ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেটের মূল লক্ষ্য হবে কীভাবে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা ফিরিয়ে আনা যায়। ওই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে কীভাবে অর্থনীতি পুনরুদ্ধার করা যায়, সেটা বড় বিষয়। যেমন- গত ছয় মাসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৩৬.৩ শতাংশ। কিন্তু ডিসেম্বর পর্যন্ত প্রাপ্তি মাত্র ১৩.৯ শতাংশ। আমরা যদি লক্ষ্যমাত্রা অর্জন করতে চাই, তাহলে বাকি ৬ মাসে রাজস্ব আহরণে ৫৪.৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে হবে। যা অত্যন্ত কঠিন বিষয়। বিগত দিনের ধারা লক্ষ্য করলে দেখা যায় রাজস্ব ঘটতি আগের মতোই চলমান থাকবে। যার পরিমাণ ৮২ হাজার কোটি টাকা হবে বলে মনে করছি।

অন্যদিকে সরকারি ব্যয়ে সংযম লক্ষ্য করছি। ডিসেম্বর পর্যন্ত ব্যয় ২৫.৫ শতাংশ দেখতে পাচ্ছি। গত বছরে ২৭ শতাংশের মতো ছিল। যেখান থেকে আরও কমেছে। নিজস্ব আর্থিক ব্যবস্থা ও আইএমএফ-এর পরামর্শে ব্যয় কমেছে। ওই সময় বাজেট ঘাটতি বেশ কমেছে, বাজেট ঘাটতি ৭ হাজার ৮৮৫ কোটি টাকা। যেখানে গত অর্থবছরের এই সময়ে ঘাটতি ছিল ২০ হাজার ৪০০ কোটি টাকা। আর বাজেট ঘাটতি পূরণে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ঋণ নেওয়া হয়েছে। এর ফলে ব্যক্তিখাতে ঋণ প্রবাহ কমে গেছে।

মূল্যস্ফীতি প্রসঙ্গে ফাহমিদা বলেন, এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি মূল্যস্ফীতি ৯ শতাংশের বেশি ছিল। যেখানে খাদ্য মূল্যস্ফীতি শহর ও গ্রামে দুটো জায়গায়ই বেশি ছিল। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের পদক্ষেপ খুব বেশি প্রভাব ফেলতে পারেনি।




বেনাপোলে ৪ মাসে রাজস্ব ঘাটতি ৩২৮ কোটি টাকা

ডলার সংকটে এলসি খোলায় নানান ধরনের কড়াকড়ি আরোপ করেছে সরকার। ফলে কমেছে পণ্য আমদানি। দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল কাস্টম হাউজেও কমেছে আমদানি বাণিজ্য। এতে ধস নেমেছে রাজস্ব আদায়ে। গত চার মাসেই ৩২৮ কোটি টাকার রাজস্ব ঘাটতি দেখা দিয়েছে এ বন্দরে। ব্যবসায়ীরা বলছেন, আমদানিতে কড়াকড়ি আরোপ ছাড়াও অতিরিক্ত শুল্ক আরোপ এবং কাস্টম কর্তৃপক্ষের হয়রানি এ বন্দরে আমদানি কমার কারণ। তারা আরও বলেন, কয়েক বছর ধরেই এ অবস্থা চললেও কারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে পরিস্থিতিরও উন্নতি হয়নি।

ব্যবসায়ীরা বলছেন, কাস্টম কর্তৃপক্ষ বর্তমানে অতীতের তুলনায় কড়াকড়ি করছে অনেক বেশি। নিত্যনতুন হয়রানির শিকার হচ্ছেন ব্যবসায়ীরা। এছাড়া কর্তৃপক্ষের মনমতো এইচএস কোড (পণ্য শনাক্তকরণ ও ট্যাক্স নির্ধারণ কোড) পরিবর্তনের কারণে আর্থিক ক্ষতির মুখে ব্যবসায়ীরা অন্য বন্দরে ঝুঁকছেন। কতিপয় কর্মকর্তার অনিয়ম ও হয়রানির কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সরকারের রাজস্ব আয় বাধাগ্রস্ত হচ্ছে। লোকসান গুনছেন ব্যবসায়ীরা।

অন্যদিকে কাস্টম কর্তৃপক্ষ বলছে, শুল্ক ফাঁকি রোধে কড়াকড়ি আরোপ করায় রাজস্ব ঘাটতি হয়েছে। তবে ব্যবসায়ীদের বৈধ সুবিধাগুলো বাড়াতে তারা আন্তরিকভাবে কাজ করছেন।

বন্দর সংশ্লিষ্টরা জানান, ১৯৭৮ সালে বাংলাদেশ ওয়্যারহাউজিং করপোরেশনের অধীনে বেনাপোল দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়। ২০০২ সালে মর্যাদা পায় স্থলবন্দরের। বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্যে সরকারের বড় অঙ্কের রাজস্ব ও বৈদেশিক মুদ্রা আয় হয়, যা দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখে।

খোঁজ নিয়ে জানা গেছে, একসময় মোটর পার্টস, ফেব্রিকস, আয়রন, স্টিল, মোটরগাড়ি, ফল আমদানিতে মুখর থাকতো বেনাপোল স্থলবন্দর। কিন্তু এখন এসব আমদানিকারকের আনাগোনা নেই এ বন্দরে। এতে কমেছে আমদানি, কমেছে রাজস্ব আয়ও।

আমদানিকারকরা অভিযোগ করেন, ডকুমেন্ট ঠিক মতো সাবমিট করছেন তারা। এরপরও এইচএস কোড ও আমদানি মূল্য নিয়ে প্রতিনিয়ত জটিলতা তৈরি করছে কাস্টম কর্তৃপক্ষ। ফলে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। পাশাপাশি মাছ ও ফলমূলের মতো উচ্চ পচনশীল পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপ করা হচ্ছে। আগে আপেল আমদানিতে শুল্ক ছিল ৬১.৬৫ টাকা, যা চলতি অর্থবছর দাঁড়িয়েছে ৮৯.২২ টাকা। তাদের মতে, এসব কারণে আমদানি কমেছে।

চলতি অর্থবছর এ কাস্টম হাউজে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে ছয় হাজার ২৩৮ কোটি টাকা। প্রতি মাসে গড় লক্ষ্যমাত্রা ৫১৯ কোটি ৮৩ লাখ টাকা। এ হিসাবে (জুলাই-অক্টোবর) চার মাসে লক্ষ্যমাত্রা ছিল দুই হাজার ৭৯ কোটি টাকা। এর বিপরীতে আদায় হয়েছে এক হাজার ৭৫১ কোটি টাকা। সেই হিসাবে চলতি অর্থবছরের প্রথম চারমাসে ঘাটতি দাঁড়িয়েছে ৩২৮ কোটি টাকা।

এর আগে ২০২২-২৩ অর্থবছরে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার চেয়ে ১৮০ কোটি টাকা কম হয়।

এ নিয়ে সিঅ্যান্ডএফ ব্যবসায়ী জুয়েল রানা বলেন, ভারতের নাসিক থেকে আসা আপেলসহ অন্য উচ্চ পচনশীল পণ্যের চালান আসতে প্রায় তিনদিন লাগে। ফলে অধিকাংশ কার্টনেই ২-৫ কেজি ফল পচে যায়। কিন্তু কাস্টম কর্তৃপক্ষকে এ পচামালেরও রাজস্ব দিতে হয়, যা আগে ছিল না। এ ধরনের পচনশীল পণ্যের রাজস্ব আদায় করায় অধিকাংশ আমদানিকারক বেনাপোল বন্দর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন।

ফেডারেশন অব বাংলাদেশ সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন ও বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মফিজুর রহমান বলেন, রাজস্ব আদায়ে সবচেয়ে বড় ধসের কারণ হলো কাস্টম হাউজে অতিরিক্ত হয়রানি। কাস্টম হাউজে ডকুমেন্ট সাবমিট করার পর নিচের অফিসারদের অতিরিক্ত হয়রানির কারণে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। ঘোষণা ঠিক থাকলেও পণ্যের এইচএস কোড, ভ্যালু ও টেস্ট করা নিয়ে জটিলতায় পড়তে হয়। মনে হয় আমদানিকারকরা আমদানি করে যেন দায়ে পড়েছেন। বেনাপোল বন্দরে রাজস্ব ঘাটতির এটাই মূল কারণ।

বেনাপোল কাস্টম হাউজের যুগ্ম কমিশনার মো. শাফায়েত হোসেন বলেন, রাজস্ব আদায়ে মূলত ঘাটতি হয়েছে উচ্চশুল্কের পণ্য আমদানি কমে যাওয়ায়। বিশেষ করে মোটরগাড়ি ও মোটর পার্টস থেকে লক্ষ্যমাত্রার চেয়ে ২০১ কোটি টাকা রাজস্ব আদায় কম হয়েছে। আপেল আমদানিতে ২৪ কোটি ও ফেব্রিকস আমদানিতে ২১ কোটি টাকা রাজস্ব আদায় কম হয়েছে। মোট ৩২৮ কোটি টাকার রাজস্ব ঘাটতি রয়েছে। ব্যবসায়ীদের বৈধ সুবিধা বাড়াতে কাস্টম কর্তৃপক্ষ আন্তরিকভাবে কাজ করছে।




দুই মাসে রাজস্ব ঘাটতি ৪ হাজার ৮৭ কোটি টাকা

চলতি অর্থবছর বড় রাজস্ব আদায়ের পেছনে ছুটতে গিয়ে ঘাটতি বাড়াচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রাজস্ব ঘাটতি ছিল কোটি ১৮০০ কোটি টাকার বেশি। তবে পরের মাস এই ঘাটতি দ্বিগুণ হয়েছে।

অর্থবছরের প্রথম দুই মাস জুলাই ও আগস্টে রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে ৪ হাজার ৮৭ কোটি টাকা। এই দুই মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৫০ হাজার ৩২১ কোটি টাকা, এর বিপরীতে আদায় হয়েছে ৪৬ হাজার ২৩৩ কোটি টাকা। যদিও এই আয় গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৪ দশমিক ৭৪ শতাংশ বেশি। ২০২২-২৩ অর্থবছরের একই সময়ে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ৪০ হাজার ২৯৩ কোটি টাকা। রাজস্ব বোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে।

চলতি অর্থবছরে ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা রয়েছে। তবে সংশ্লিষ্টরা বলছেন এভাবে ঘাটতি বাড়তে থাকলে বরাবরের মতো এবারও রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে না এনবিআর।

চলতি অর্থবছরের প্রথম দুই মাসে সবচেয়ে বেশি রাজস্ব এসেছে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট থেকে। যদিও ভ্যাট ও আয়কর লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। সংশ্লিষ্টরা বলছেন উচ্চ মূল্যস্ফীতিতে ভ্যাট থেকে রাজস্ব বেড়েছে। আর রিটার্ন দাখিলের সময় ঘনিয়ে আসায় আয়কর থেকেও আসেনি কাঙ্ক্ষিত রাজস্ব।

জুলাই ও আগস্টে ১ হাজার ১৪৪ কোটি টাকার ভ্যাট কম আদায় হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে। এই দুই মাসে ভ্যাট আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১৯ হাজার ৮৫. ০১ কোটি টাকা আদায় হয়েছে ১৭ হাজার ৯৪০.৮২ কোটি টাকা। এই আয় গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ৩৪ শতাংশ বেশি। গত অর্থবছরের আলোচ্য সময়ে ভ্যাট থেকে আয় হয়েছিল ১৫ হাজার ৩৩.০৩ কোটি টাকা।

জুলাই ও আগস্টে ২ হাজার ৯৫৮.১৬ কোটি টাকার আয়কর ও ভ্রমণকর কম আদায় হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে। এই দুই মাসে লক্ষ্যমাত্রা ছিল ১৫ হাজার ৫৯ কোটি টাকা আদায় হয়েছে ১২ হাজার ১০০.৮৪ কোটি টাকা। এই আয় গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৬ দশমিক ৩৯ শতাংশ বেশি। গত অর্থবছরের আলোচ্য সময়ে ভ্যাট থেকে আয় হয়েছিল ১০ হাজার ৩৯৬.৮২ কোটি টাকা।

তবে ডলার সংকটের মাঝেও আমদানি ও রপ্তানি থেকে শুল্ক আদায় বেড়েছে। এমনকি লক্ষ্যমাত্রার চেয়ে ১৪.৬২ কোটি টাকা বেশি আদায় হয়েছে। অর্থবছরের প্রথম দুই মাসে লক্ষ্যমাত্রা ছিল ১৬ হাজার ১৭৭.৫০ কোটি টাকা, আদায় হয়েছে ১৬ হাজার ১৯২.১২ কোটি টাকা। গত অর্থবছরের আলোচ্য সময়ে এই খাত থেকে ১৪ হাজার ৮৬৩.৬০ কোটি টাকার রাজস্ব এসেছিল। সেই হিসাবে চলতি অর্থবছরের প্রথম দুই মাসে আমদানি ও রপ্তানি থেকে প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক ৯৪ শতাংশ।




বিদায়ী অর্থবছরে রাজস্ব ঘাটতি ৪৪ হাজার কোটি টাকা

রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সদ্য সমাপ্ত ২০২২-২৩ অর্থবছরে সংস্থাটির রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৩ লাখ ৭০ হাজার কোটি টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ৩ লাখ ২৫ হাজার ২৭২ কোটি টাকা। এটি লক্ষ্যমাত্রার তুলনায় ৪৪ হাজার ৭২৮ কোটি টাকা কম। গত অর্থবছরে কর আদায় বেড়েছে ৮ শতাংশ।

এর ফলে টানা ১১ বছরের মতো রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হলো এনবিআর।

এনবিআর সূত্রে জানা যায়, আমদানি-রপ্তানি খাত থেকে ১ লাখ ১১ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৯১ হাজার ৭১৭ কোটি টাকা। এ খাতে ঘাটতি ১৯ হাজার ২৮২ কোটি টাকা।

মূল্য সংযোজন খাত (মূসক) বা (ভ্যাট) থেকে ১ লাখ ৩৬ হাজার ৯০০ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ১ লাখ ২০ হাজার ৬৩৩ কোটি টাকা। এ খাতে ঘাটতি ১৬ হাজার ২৬৬ কোটি টাকা।

আর আয়কর খাত থেকে আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ২২ হাজার ১০০ কোটি টাকা। আদায় হয়েছে ১ লাখ ১২ হাজার ৯২১ কোটি টাকা। ঘাটতি ৯ হাজার ১৭৮ কোটি টাকা।

আমদানি রপ্তানিতে ২.৫৬ শতাংশ, মূসকে ১১.২৭ শতাংশ আর আয়কর খাতে ৯.৬২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

গত ২০২১-২২ অর্থবছরে রাজস্ব ঘাটতির পরিমান ছিল ২৮ হাজার কোটি টাকা। ওই বছর ৩ লাখ ৮৫২ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে। সেই হিসাবে ২০২২-২৩ অর্থবছরে ঘাটতি হল বাড়তি ১৬ হাজার কোটি টাকা।

এ বিষয়ে পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের নির্বাহী পরিচালক ও আইএমএফের সাবেক অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর জাগো নিউজকে বলেন, ঘাটতি বিষয়ে আমরা যা ধারণা করেছিলাম, তার তুলনায় ঘাটতি আছে। ৩ লাখ ৩০ থেকে ৩ লাখ ৩৫ হাজার কোটি টাকার রাজস্ব আদায় হবে বলে ধারণা করেছি। সেটাও হয়নি।

রাজস্ব আদায় বাড়াতে এনবিআরের সংস্কার প্রয়োজন রয়েছে বলে মনে করেন তিনি।