রমজান সামনে রেখে সরকার বাজার সহনশীল রাখার চেষ্টায় থাকবে

রমজানকে সামনে রেখে বাজার ব্যবস্থা সহনশীল রাখার জন্য সরকার চেষ্টায় থাকবে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন।

শনিবার (২৩ নভেম্বর) সকালে সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রয়াত সদস্যদের সন্তানদের শিক্ষাভাতা প্রদান অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

সেখ বশির উদ্দিন বলেন, আমরা চেষ্টা করছি, সামনে রমজানকে কেন্দ্র করে বাজারকে যতটুকু সম্ভব সহনশীল করতে পারি। চাহিদা এবং যোগানের বিষয়টা এটাকে যেন একটা সমানুপাতিক হারে রাখতে পারি এর সহযোগিতা এবং দোয়া কামনা করছি।

দেশে চিনি তেল ও পেঁয়াজের দাম কমেছে বলে মন্তব্য করে উপদেষ্টা বলেন, আপনাদের সবার সহযোগিতায় আজকে আপনারা দেখছেন যে চিনির দাম, পেঁয়াজের দাম ও তেলের দাম কিছুটা কমে আসছে।

এ সময় বিগত সরকারের সমালোচনা করে বাণিজ্য উপদেষ্টা বলেন, আজকে আমরা জানি আমাদের দেশে বিগত পনেরো বছরে যে একটি ক্রিমিনালাইজেশনের সভ্যতা গড়ে উঠেছিল। রাষ্ট্রের মধ্যে আমাদের সমাজ অসম্ভবভাবে বিভক্তি ছিল। একটা ভীতসন্ত্রস্ত ছিল।

‘আজকে ক্রিমিনালাইজেশন ইজ এভরি সেক্টর, ব্যবসা ব্যাংকিং হোক সাংবাদিকতা হোক… আমাদের জাতীয় মসজিদের খতিব পালিয়ে গেছে এমন একটা অবস্থা থেকে ছাত্র জনতার আন্দোলনের ওপর ভিত্তি করে এই অন্তর্বর্তীকালীন সরকার সংগঠিত হয়েছে।’

তিনি বলেন, উদ্দেশ্যটা হচ্ছে কীভাবে একটা মর্যাদাপূর্ণ সমাজে কীভাবে আমরা রূপান্তরিত করতে পারি।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুক্কুর আলী শুভর সভাপতিত্বে অনুষ্ঠান বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ।




রমজানে সিএনজি স্টেশন ৬ ঘণ্টা বন্ধ রাখার নির্দেশ

রমজান মাসে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে গ্রাহকদের প্রতি আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। এজন্য সিএনজি পাম্পসমূহ বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত বন্ধ রাখাসহ ৬টি নির্দেশনা দেওয়া হয়েছে।

শনিবার (১ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত একযুগে বিদ্যুৎ খাতে অভাবনীয় উন্নতির ফলে একদিকে যেমন দেশের জনগণকে বিদ্যুৎ সুবিধার আওতায় নিয়ে আসা হয়েছে, তেমনি চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। সরকার গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে।

চলতি বছরে রমজান, গ্রীষ্মকাল ও সেচ মৌসুম একই সময় হওয়ায় বিদ্যুতের চাহিদা অত্যধিক বৃদ্ধি পেয়েছে। তাই রমজান মাসে বিদ্যুৎ ব্যবহারে গ্রাহকদের সাশ্রয়ী হওয়ার অনুরোধ করা হচ্ছে।

বিদ্যুৎ সাশ্রয়ে যেসব নির্দেশনা দেওয়া হয়েছে:

১. বিদ্যুতের অপচয় রোধে বিদ্যুৎ সাশ্রয়ী সরঞ্জামের ব্যবহার। ২. ইফতার ও তারাবির সময় মসজিদ, শপিংমল ও অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানে এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস রাখা। ৩. পিক আওয়ারে বৈদ্যুতিক বিল বোর্ড, রি রোলিং মিল, ওয়েল্ডিং মেশিন, ওভেন ও ইস্ত্রির ব্যবহার বন্ধ রাখা। ৪. অফপিক সময়ে রাত ১১টা থেকে সকাল ৯টা পর্যন্ত সেচ পাম্প চালানো। ৫. সিএনজি পাম্পসমূহ বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত বন্ধ রাখা। ৬. ইজিবাইক, অটোরিকশার অবৈধ চার্জিং থেকে বিরত থাকা।




রমজানে হকারদের ফুটপাতে বসার সুযোগ দেবে ডিএমপি

সারা বছর রাজধানীর বিভিন্ন ফুটপাতে ব্যবসা পরিচালনা করেন হকাররা। তাদের উচ্ছেদে অভিযানও চালানো হয় বিভিন্ন সময়। তবে রমজান মাসে বিশেষ দৃষ্টিতে ফুটপাতে ব্যবসা পরিচালনার সুযোগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। কিন্তু কোনও হকারকে ফুটপাত ছাড়িয়ে রাস্তার ওপর বসতে দেওয়া হবে না। সেই সঙ্গে ফুটপাতে কোনও ইফতার সামগ্রীর দোকানও বসতে দেওয়া হবে না। যারা সিলিন্ডার গ্যাস দিয়ে রাস্তার পাশে ইফতার সামগ্রী বানায় তা বন্ধের জন্য সংশ্লিষ্ট এলাকার ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে। সম্প্রতি ডিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।

বৈঠকে অংশ নেওয়া ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, নিম্ন আয়ের মানুষরা রমজান ও ঈদ উপলক্ষে কোনও ধরনের সমস্যার সম্মুখীন যেন না হয় সে বিষয়টি বিবেচনা করে ফুটপাতে ব্যবসা পরিচালনা করতে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ফুটপাত থেকে অনেকে কেনাকাটা করেন। তবে ফুটপাত ছেড়ে কোনও ব্যবসায়ী যাতে রাস্তার ওপরে বসতে না পারে সে ব্যাপারে থানা পুলিশকে নজরদারি বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। রাজধানীর ৫০টি থানায় এই নির্দেশনা পাঠানো হয়েছে।

বুধবার (২২ মার্চ) রাজধানীর নিউমার্কেট, মিরপুরসহ বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে দেখা গেছে, রমজানকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের পণ্যের পসরা সাজিয়ে বসেছেন হকাররা। তাদের কারণে বিভিন্ন এলাকায় ফুটপাতে হাঁটা অনেকটাই দায় হয়ে দাঁড়ায়। ঘটে নানা ধরনের অপ্রীতিকর ঘটনা। ঈদ যত সামনে আসতে থাকবে, রাস্তায়-শপিং মলের মুখে কেনাকাটা করার জন্য লোকজন বাইরে বের হবেন। ঈদ সামনে রেখে ফুটপাতগুলোতেও চাপ বাড়বে।

রাজধানীর মিরপুরের ফুটপাতের ব্যবসায়ী শফিকুল  বলেন, রমজান মাস শুরু হচ্ছে। আমি আগে থেকেই এখানে ব্যবসা করছিলাম। এবার ভেবেছিলাম ব্যবসা করতে পারি কিনা। তবে এবার ব্যবসা চালিয়ে নিতে পারবো।

রাজধানীর নিউমার্কেটের হকার কাইয়ুম  বলেন, রমজান শুরু হচ্ছে। এখন লোকজন একটু কম। তবে ১০ রমজানের পর থেকে মানুষ বিভিন্ন মার্কেটে আসবে। আসা-যাওয়ার পথে আমাদের বেচাকেনাও বাড়বে। আমরা আগে থেকে ব্যবসা করে আসছি। ঈদ উপলক্ষে ব্যবসায় কোনও সমস্যা হবে না বলে পুলিশ আমাদের আশ্বস্ত করেছে।

রাজধানীর মিরপুরের বাসিন্দা সোহাগ  বলেন, ঈদের আগে ফুটপাতে হকারদের কারণে হাঁটা দায় হয়ে পড়ে। অনেকেই নানা ধরনের অপ্রীতিকর ঘটনা সম্মুখীন হয়। তবে পুলিশ সদস্যরা যদি তৎপর থাকে তাহলে এসব ঘটনা এড়ানো সম্ভব। বিশেষ করে নারীদের চলাফেরার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে হবে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার বলেন, সারা বছর যেসব হকার ফুটপাতে ব্যবসা করেন তাদের রমজানে উচ্ছেদ করা হবে না। তবে রাস্তার ওপর কোনও হকার বসতে পারবে না।




রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট হবে না: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘রোজার মাসের জন্য সরকার সার্বিক প্রস্তুতি নিচ্ছে। রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কোনও সংকট হবে না।’ শনিবার (১৮ ফ্রেব্রুয়ারি) টাঙ্গাইলের ধনবাড়ীর পাইস্কা উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থী ফোরামের আয়োজনে পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রমজানে পণ্যমূল্য বাড়ানো অসাধু ব্যবসায়ীদের উদ্দেশে বলেন মন্ত্রী বলেন, ‘অবৈধভাবে ধনসম্পদ উপার্জন করাই মূল লক্ষ্য হওয়া উচিত নয়। কত টাকা আমাদের দরকার, কতটুকু বিলাসিতা প্রয়োজন সেটি ভেবে দেখতে হবে। অন্যের প্রয়োজন ও জীবনযাত্রার দিকেও খেয়াল রাখতে হবে।’

বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবি প্রসঙ্গে অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আর কোনোদিন নির্বাচন হবে না। বিএনপির মনের আশা কোনোদিন পূরণ হবে না। আমাদের সরকারের সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার নেই। বর্তমান সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপির পায়ের নিচে মাটি নেই। তাদের দ্বারা আর উন্নয়ন সম্ভব নয়।

‘আগামী নির্বাচনকে কেন্দ্র করে তারা আবার পাঁয়তারা করছে। তাদের মনের আশা কোনোদিন পূরণ হবে না। এ সরকারের আমলে অনেক উন্নয়ন হয়েছে। বর্তমান সরকারের কোনও বিকল্প নেই।’

পুনর্মিলনী অনুষ্ঠানে ৭৫ বছরের পুরনো বিদ্যালয়টির দুই হাজারের বেশি নবীন-প্রবীণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।