প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার ধারণ বেড়েছে টেলিযোগাযোগ খাতে

পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের শেয়ার কিনছেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। এ খাতে তালিকাভুক্ত তিনটি প্রতিষ্ঠানের মধ্যে দুটি কোম্পানির শেয়ারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার দশমিক ৪ থেকে দশমিক ৬ শতাংশ বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কোম্পানি লিমিটেডের ১৬ কোটি ৪৯ লাখ ৫ হাজার ৫১০টি শেয়ার রয়েছে। এই শেয়ারের এর মধ্যে গত ৩১ জুলাই পর্যন্ত প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার রয়েছে ১৫ দশমিক ৫৬ শতাংশ। যা ৩০ জুনে ছিল ১৫ দশমিক ৫২ শতাংশ। অর্থাৎ নতুন করে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা দশমিক ৪ শতাংশ শেয়ার কিনেছেন। ২০১২ সালে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার সোমবার দিনের শুরুতে লেনদেন হয়েছে ২১৮ টাকা ৯০ পয়সাতে।

এ খাতের ২০০৯ সালে তালিকাভুক্ত একটি বহুজাতিক কোম্পানি গ্রামীণফোন লিমিটেড। ৩০ জুন কোম্পানির ৫ দশমিক ৭৫ শতাংশ শেয়ার ছিল প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে। এক মাসের ব্যবধানে ৩১ জুলাই সেই শেয়ার সংখ্যা দাঁড়িয়েছে ৫ দশমিক ৮১ শতাংশে। অর্থাৎ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা নতুন করে কোম্পানির দশমিক ৬ শতাংশ শেয়ার কিনেছেন। আজ দিনের শুরুতে শেয়ারটির মূল্য ছিল ২৮৬ টাকা ৬০ পয়সা।

তবে বিপরীত চিত্র ছিল বহুজাতিক আরেক কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডের শেয়ারে। গত ৩০ জুনে ২০২০ সালে তালিকাভুক্ত এই কোম্পানির শেয়ারের ১ দশমিক ৬৬ শতাংশ ছিল প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে। ৩১ জুলাই সেই শেয়ার সংখ্যা দশমিক ১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ দশমিক ৬৫ শতাংশে। আজ দিনের শুরুতে শেয়ারটির মূল্য ছিল ৩০ টাকা।




সপ্তাহজুড়ে ২ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

সপ্তাহজুড়ে ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি। কোম্পানিগুলো হলো-রবি আজিয়াটা লিমিটেড এবং রেকিট বেনকিজার লিমিটেড। বিদায়ী সপ্তাহে ৩১ ডিসেম্বর’২২ সমাপ্ত অর্থবছরের জন্য নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করে ডিভিডেন্ড ঘোষণা করেছে এই ২ কোম্পানি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

রবি আজিয়াটা: কোম্পানিটি সমাপ্ত অর্থবছরের জন্য ৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৫ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ৩৪ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১২ টাকা ৮২ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৩ মার্চ ২০২৩।

রেকিট বেনকিজার: কোম্পানিটি সমাপ্ত অর্থবছরের জন্য ৯৮০ শতাংশ চূড়ান্ত ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৩৯ টাকা ৫০ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ১৭১ টাকা ০৩ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৭৬ টাকা ৮০ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ মার্চ অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৩ মার্চ ২০২৩।