যমুনা ব্যাংকের নতুন ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর আলম

যমুনা ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) পদে যোগ দিয়েছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

মঙ্গলবার (১ জুলাই) ব্যাংকের ডিএমডি পদে যোগ দেন তিনি।

যমুনা ব্যাংকে যোগদানের আগে তিনি সিটি ব্যাংক পিএলসিতে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) ও ক্লাস্টার হেড (পাবলিক সেক্টর, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ এবং সার্ভিস সেক্টর)— পদে ২০১৫ সাল থেকে হোলসেল ব্যাংকিং ডিভিশনে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি সিটি ব্যাংকে হেড অব স্ট্রাকচার্ড ফাইন্যান্স, ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেডে হেড অব ইনভেস্টমেন্ট ব্যাংকিং হিসেবে কাজ করেছেন।

২০০৪ সালে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও) হিসেবে ইস্টার্ন ব্যাংক লিমিটেডে (ইবিএল) কর্মজীবন শুরু করে ধাপে ধাপে এভিপি ও সিনিয়র ম্যানেজার ও স্ট্রাকচার্ড ফাইন্যান্স ইউনিট পর্যন্ত উন্নীত হন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ বিএসসি সম্পন্ন করেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় স্টার মার্কসহ প্রথম বিভাগে উত্তীর্ণ হন।




যমুনা ব্যাংকের চেয়ারম্যানের মেয়াদ বাড়ল আরও এক বছর

আরও এক বছর মেয়াদ বাড়ানো হয়েছে যমুনা ব্যাংক পিএলসির চেয়ারম্যান মো. সাইদুল ইসলামের। সম্প্রতি কোম্পানিটির বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে তার এই মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত হয়।

সাইদুল ইসলাম গত বছরের (২০২৩ সাল) ২৮ এপ্রিল যমুনা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি নতুন প্রজন্মের একজন প্রগতিশীল ও দক্ষ ব্যবসায়ী। ২০১০ সাল থেকে দেশের স্বনামধন্য শিল্পগোষ্ঠী ফেবিয়ান গ্রুপের বিভিন্ন কোম্পানির পরিচালক তিনি। এ ছাড়া তিনি ফ্রক্স মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ইকো অ্যাডভান্সড কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান।

১৯৮১ সালে কুমিল্লার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন সাইদুল ইসলাম। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলামের জ্যেষ্ঠ পুত্র। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল এবং ঢাকা কমার্স কলেজে অধ্যয়ন করেন তিনি। তারপর যুক্তরাজ্যের কভেন্ট্রি ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর অব সায়েন্স ডিগ্রি অর্জন করেন। তিনি দেশে-বিদেশে অসংখ্য ট্রেনিং প্রোগ্রাম ও সেমিনারে অংশগ্রহণ করেছেন।




পরিবর্তন হলো যমুনা ব্যাংকের নাম

যমুনা ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তন করার চূড়ান্ত অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে ব্যাংকটির নাম হবে ‘যমুনা ব্যাংক পিএলসি’।

বুধবার (১১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে যে, কোম্পানি আইন, ১৯৯৪ এর ১১ক (ক) ধারার বিধান অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের অধীন তফসিলি ব্যাংকগুলোর তালিকায় ‘যমুনা ব্যাংক লিমিটেড’ এর নাম ‘যমুনা ব্যাংক পিএলসি’ (ইংরেজিতে: ‘Jamuna Bank PLC’) হিসেবে পরিবর্তন করা হয়েছে। একই সঙ্গে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনও জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ (রাষ্ট্রপতির ১৯৭২ সালের ১২৭ নম্বর আদেশ) এর ৩৭ (২) (সি) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক যমুনা ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তনপূর্বক ‘যমুনা ব্যাংক পিএলসি’ করা হয়েছে।




১৩ কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৩ কোম্পানির প্রান্তিক প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

পর্ষদ সভার তারিখ ঘোষণা করা কোম্পানিগুলো হলো- ন্যাশনাল ব্যাংক, যমুনা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এনআরবিসি ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, সানলাইফ ইন্স্যুরেন্স, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, নিটল ইন্স্যুরেন্স এবং হাইডেলবার্গ সিমেন্ট।

সভায় এই কোম্পানিগুলো তাদের দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন, ২০২৩ সাল) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে। একই সঙ্গে পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন শেষে সবার উদ্দেশ্যে প্রকাশ করবে।

এদের মধ্যে ন্যাশনাল ব্যাংকের পর্ষদ সভা আগামী ২৫ জুলাই বিকেল ৩টায়, যমুনা ব্যাংকের আগামী ২৬ জুলাই বিকেল ৪টায়, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের আগামী ২৬ জুলাই বিকেল ৪টায়, এনআরবিসি ব্যাংকের আগামী ২৪ জুলাই দুপুর ২টা ৪০ মিনিটে, সাউথইস্ট ব্যাংকের ২৬ জুলাই বিকেল ৩টায়, শাহজালাল ইসলামী ব্যাংকের ২৬ জুলাই বিকেল সাড়ে ৩টায়, দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ২৭ জুলাই বিকেল ৩টায়, সানলাইফ ইন্স্যুরেন্সের ৩০ জুলাই বিকেল ৩টায়, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ২৭ জুলাই বিকেল সাড়ে ৩টায়, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের আগামী ২৫ জুলাই বিকেল ৩টায়, গ্লোবাল ইন্স্যুরেন্সের আগামী ২৬ জুলাই বিকেল ৩টায়, নিটল ইন্স্যুরেন্সের আগামী ২৬ জুলাই বিকেল সাড়ে ৩টায় এবং হাইডেলবার্গ সিমেন্টের আগামী ২৫ জুলাই বিকেল ৩টায় পরিচালনা পর্ষদ সভা শুরু হবে।




৮ কোম্পানির বোর্ড সভার তারিখ নির্ধারণ

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৮ কোম্পানির বোর্ড সভার তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিগুলো হলো- উত্তরা ব্যাংক, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড, কনফিডেন্স সিমেন্ট, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স, যমুনা ব্যাংক, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি, এটলাস বাংলাদেশ এবং সেন্টাল ইন্সুরেন্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

উত্তরা ব্যাংক: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী ০৮ মে, ২০২৩ তারিখ বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ মার্চ, ২০২৩ তারিখে প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।

লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী ০৮ মে, ২০২৩ তারিখ বিকাল ৩টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ মার্চ, ২০২৩ তারিখে প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।

কনফিডেন্স সিমেন্ট: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী ০৯ মে, ২০২৩ তারিখ বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ মার্চ, ২০২৩ তারিখে তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।

সেনা কল্যাণ ইন্স্যুরেন্স: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী ১০ মে, ২০২৩ তারিখ দুপুর ২ টা ৪৫মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ মার্চ, ২০২৩ তারিখে প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।

যমুনা ব্যাংক: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী ০৯ মে, ২০২৩ তারিখ বিকাল ৪ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ মার্চ, ২০২৩ তারিখে প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।

ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী ০৮ মে, ২০২৩ তারিখ বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ এবং ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরে আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস ও ডিভিডেন্ড ঘোষণা করা হবে।

এটলাস বাংলাদেশ: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী ০৯ মে, ২০২৩ তারিখ বিকাল ৪ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ মার্চ, ২০২৩ তারিখে তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।

সেন্টাল ইন্সুরেন্স: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী ০৯ মে, ২০২৩ তারিখ বিকাল ৪ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ মার্চ, ২০২৩ তারিখে প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।

 




 ২৬ শতাংশ লভ্যাংশ দেবে যমুনা ব্যাংক

শেয়ারহোল্ডারদের ২৬ শতাংশ (সাড়ে ১৭ নগদ ও সাড়ে ৮ বোনাস) লভ্যাংশ দেবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান যমুনা ব্যাংক লিমিটেড। ব্যাংকটির সর্বশেষ বোর্ড সভায় জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, বিনিয়োগকারীদের শেয়ার প্রতি ১ টাকা ৭৫ পয়সা করে মোট ১৩১ কোটি ১১ লাখ ৪৪ হাজার ৮৮৭ টাকা লভ্যাংশ দেবে ব্যাংকটি। পাশাপাশি সাড়ে ৮ শতাংশ হারে বোনাস শেয়ার দেবে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানি সচিব খালিদ এম এ রউফ। তিনি বলেন, ২০২২ সালে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২ টাকা ১২ পয়সা। সেখান থেকে শেয়ারহোল্ডারদের সাড়ে ১৭ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া হবে।

আর কোম্পানির মূলধন বৃদ্ধির লক্ষ্যে বোনাস শেয়ার দেওয়া হবে। তবে শর্ত হচ্ছে বোনাস শেয়ার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন নিতে হবে।

এর আগের বছর ২০২১ সালে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৩ টাকা ৩৫ পয়সা। সেই বছর শেয়ারহোল্ডারদের সাড়ে ১৭ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল ব্যাংকটি। সেই হিসাবে ২০২১ সালের তুলনায় ২০২২ সালে কোম্পানির লাভ কমলেও লভ্যাংশের বেশি দিচ্ছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিসংখ্যানে দেখা গেছে, ব্যাংকটি শুধু ২০২১ সালেই নয়, ২০০৯ সালের পর ২০২২ সালে শেয়ারহোল্ডারদের সর্বোচ্চ লভ্যাংশ দিচ্ছে। ২০০৯ সালে শেয়ারহোল্ডারদের ৩৭ দশমিক ৫০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছিল।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিতে অনুমোদনের জন্য কোম্পানির ২২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ২১ জুন। ওইদিন ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানির এজিএম বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২২ মে।

২০০৬ সালে তালিকাভুক্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৬ টাকা ২৬ পয়সা। যা আগের বছর ছিল ২৮ টাকা ৪১ পয়সা। কোম্পানির বর্তমান শেয়ার সংখ্যা ৭৪ কোটি ৯২ লাখ ২৫ হাজার ৬৫০টি। বৃহস্পতিবার সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ২১ টাকা ৪০পয়সা।