বীমা কোম্পানিতে মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগে আইডিআরএ’র কাছেও আবেদন করতে পারবেন প্রার্থীরা

এখন থেকে বীমা কোম্পানিগুলোর মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ পেতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কাছেও আবেদন করতে পারবেন প্রার্থীরা। গত ১৭ নভেম্বর কর্র্তৃপক্ষে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। রোববার (০১ ডিসেম্বর) কর্তৃপক্ষের জারি করা প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

 

প্রজ্ঞাপনে বলা হয়, মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে বীমা কোম্পানি কর্তৃক বহুল প্রচলিত দুটি (একটি বাংলা এবং একটি ইংরেজি) জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন প্রদান করাসহ কর্তৃপক্ষের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশের বিধান রয়েছে। এর পাশাপাশি এখন থেকে সংশ্লিষ্ট বীমা কোম্পানির ওয়েবসাইটেও উক্ত বিজ্ঞাপন প্রকাশের সিদ্ধান্ত দেয়া হয়েছে।

 

এছাড়া, মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ পেতে আগ্রহী প্রার্থীরা নিয়োগকারী কোম্পানি ছাড়াও আইডিআরএ বরাবর আবেদন করতে পারবেন মর্মে সভায় সিদ্ধান্ত দেয়া হয়। এমতাবস্থায়, মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগের বিজ্ঞাপনে ‘আগ্রহী প্রার্থীগণ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নিকটও আবেদন দাখিল করতে পারবেন’ মর্মে আলাদা অনুচ্ছেদ সংযুক্ত করতে হবে। মুখ্য নির্বাহী নিয়োগ অনুমোদ প্রস্তাব পরীক্ষার সময় বিজ্ঞাপনে এই শর্ত আছে কি না তা যাচাই করবে আইডিআরএ। এর আগে গত বছরের ২৪ ডিসেম্বর মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ ও অপসারণ প্রবিধানমালা, ২০১২ তে সংশোধন এনে প্রজ্ঞাপন গেজেট আকারে প্রকাশ করে সরকার। এ সময় প্রবিধানে বেশ কিছু উল্লেখযোগ্য সংশোধন আনা হলেও মুখ্য নির্বাহী পদে আইডিআরএ বরাবর আবেদনের বিষয়টি ছিল না।




হোমল্যান্ড লাইফে মুখ্য নির্বাহীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তদন্তে কমিটি

হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ কুমার মন্ডলের বিরুদ্ধে ক্ষমতার অপপ্রয়োগ বা অপব্যবহারের অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে পরিচালনা পর্ষদ।

১৫ জানুয়ারি অনুষ্ঠিত হোমল্যান্ড লাইফের ১৩৬ তম পর্ষদ সভার সিদ্ধান্ত অনুযায়ী এই কমিটি গঠন করা হয়।

ওই সভায় কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ কুমার মন্ডলের বিরুদ্ধে অনুমোদন ছাড়া এফডিআর ভাঙ্গানো, ডেলিগ্যাশন অব ফাইন্যান্সিয়াল রুলস ভঙ্গ করে ব্যয় করা, চাকুরির অবসান/বরখাস্তে কর্তৃপক্ষের অনুমোদন না নেয়া প্রভৃতি অভিযোগে অনাস্থা প্রস্তাব গৃহীত হয়। একইসঙ্গে এসব অভিযোগ তদন্তে কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। ওই সিদ্ধান্তের আলোকে ৩১ জানুয়ারি কোম্পানিটির স্বতন্ত্র পরিচালক ইশতিয়াক হোসেন চৌধুরীকে আহ্বায়ক ও স্বতন্ত্র পরিচালক মো. আখতার হোসেন এবং পরিচালক মোহাম্মদ শামীম আহমদকে সদস্য করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে আদেশ জারি করেন হোমল্যান্ড চেয়ারম্যান মো. হান্নান মিয়া।

ওই আদেশে, তদন্ত কমিটিকে তিনটি বিষয় খতিয়ে দেখে পত্রপ্রাপ্তির ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়। তদন্তের এসব বিষয়ের মধ্যে রয়েছে (১) মুখ্য নির্বাহী বা সিইও কর্তৃক বন্ড/এফডিআর ভাঙ্গানোয় অনুমতি ছিলো কি না বা কোম্পানির বিদ্যমান আইনের প্রতিকূল কি না? (২) এক লক্ষ টাকার ঊর্ধ্বের ব্যয়ে ডেলিগ্যাশন অব ফাইন্যান্সিয়াল পাওয়ারের খেলাপ করে সিইও ক্ষমতার অপব্যবহার করেছেন কি না এবং ব্যয়গুলোতে যৌক্তিকতা আছে কি না? (৩) কর্মকর্তা বা কর্মচারীর যাদের চাকুরির অবসান/বরখাস্ত হয়েছে সে ক্ষেত্রে তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন কি না তা খতিয়ে দেখতে বলা হয়েছে।

একইসঙ্গে এসভিপি (অর্থ ও হিসাব) মো. ইরফানুল হককে অ্যাকাউন্টের ব্যাংক স্টেটম্যান্ট তদন্ত কমিটির কাছে পেশ করতে এবং এক লক্ষ টাকা বা তার বেশি অর্থ পরিশোধের অনুমোদন সংক্রান্ত তথ্য উপস্থাপন করার নির্দেশ দেয়া হয়েছে।

এছাড়া হেড অব আইটি ইঞ্জিঃ আবু ইউসুফকে কমিটির নির্দেশ মতো প্রতিবেদন প্রণয়নে সার্বক্ষণিক সহায়তা করতে বলা হয়েছে হোমল্যান্ড চেয়ারম্যানের ওই আদেশে। অবগতির জন্য তদন্ত কমিটি গঠনসংক্রান্ত এই আদেশের অনুলিপি হোমল্যান্ডে আইডিআরএ’র পর্যবেক্ষক ও নির্বাহী পরিচালক মো. হারুন-অর-রশিদকে পাঠানো হয়।

জানতে চাইলে হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মো. হান্নান মিয়া বলেন, ‘হোমল্যান্ড পরিচালনা পর্ষদের পক্ষ থেকে তিন পরিচালকের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মুখ্য নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ কুমার মন্ডল ক্ষমতার অপব্যবহার করছেন কি না কমিটি সে বিষয়ে তদন্ত করবে। তবে সহযোগিতার অভাবে তারা এখনো তদন্ত করতে পারছেন না।’




রিলায়েন্স ইন্স্যুরেন্সের সিইও’র নিয়োগ নবায়ন

রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. খালেদ মামুনের নিয়োগ নবায়ন করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

গত ১৩ মার্চ আইডিআরএ’র ১৫৬ সভায় আগামী ৩ বছরের জন্য মাসিক বেতন-ভাতাদি বাবদ সর্বমোট ১২ লাখ টাকায় খালেদ মানুনের নিয়োগ নবায়ন করা হয়। আইডিআরএ’র সংশ্লিষ্ট দপ্তর এই তথ্য নিশ্চিত করেছে।

সূত্র মতে, রিলায়েন্স ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী পদে মো. খালেদ মামুনের নিয়োগ নবায়ন অনুমোদনের জন্য আইডিআরএ আবেদন করা হয়। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে করা আবেদনে মুখ্য নির্বাহী কর্মকর্তাকে সর্বসাকুল্যে ১৫ লাখ ১১ হাজার টাকা প্রদান করার প্রস্তাব করা হয়। আইডিআরএ উক্ত সভায় পর্যালোচনা করা হয়। একই সঙ্গে ১৯ মার্চ ২০২৩ থেকে ১৮ মার্চ ২০২৬ পর্যন্ত তিন বছরের জন্য খালেদ মামুনের মাসিক বেতন ভাতাদি সর্বমোট ১২ লাখ টাকা ধার্য্য করে নিয়োগ নবায়ন অনুমোদন দেওয়া হয়।

উল্লেখ্য ইতোপূর্বে গত ১৯ মার্চ ২০১৭ থেকে ১৮ মার্চ ২০২০ পর্যন্ত মুখ্য নির্বাহী কর্মকর্তার মাসিক বেতন ভাতাদি ছিলো ৯ লাখ টাকা এবং ১৯ মার্চ ২০২০ থেকে ১৮ মার্চ ২০২৩ পর্যন্ত মাসিক বেতন ভাতাদি ছিলো ১০ লাখ ৫০ হাজার টাকা।




যথাসময়ে বীমা দাবি পরিশোধে পদক্ষেপ নেয়ার আহ্বান আইডিআরএ চেয়ারম্যানের

বীমায় আস্থার সংকট দূর করতে যথাসময়ে দাবি পরিশোধে পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের প্রতি ফের আহ্বান জানিয়েছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী।

বুধবার (২২ মার্চ) ‘ইমপ্লেমেনটেশন স্ট্রাটেজি রিগার্ডিং রিকমেন্ডেশন অব ডেলিভারেবলস আন্ডার সেক্টর ওয়াইড প্রোটেকশন গ্যাপ অ্যানালাইসিস’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কর্তৃপক্ষের ইন্স্যুরেন্স সেক্টর ডেভেলপমেন্ট প্রজেক্ট রাজধানীর সিরডাপ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় বিভিন্ন লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
কর্মশালায় গ্রাহক সেবা, বীমা পণ্য, সার্ভিস, পলিসি বোনাস ইত্যাদি গ্রাহকবান্ধব তথ্য প্রচারে বীমা কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানান আইডিআরএ চেয়ারম্যান।

বিআইএসডি প্রকল্প পরিচালক ও যুগ্মসচিব মো. কামরুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মফিজ উদ্দিন আহমেদ।