মোখায় ক্ষ‌তিগ্রস্থ‌দের আড়াই লাখ ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্তদের জরুরি ত্রাণ সহায়তা হিসেবে আড়াই লাখ ডলার দেবে মা‌র্কিন যুক্তরাষ্ট্র। বুধবার (১৭ মে) ঢাকার মার্কিন দূতাবাস এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, মোখায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকায় এ অর্থ ব্যয় করা হবে।

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেন, যুক্তরাষ্ট্রের জনগণ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের জনগণ ও রোহিঙ্গা শরণার্থীদের পাশে দাঁড়িয়েছেন।

উল্লেখ্য, রোববার (১৪ মে) বিকেল ৩টার দিকে কক্সবাজার ও মিয়ানমার উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় মোখা। মোখার তাণ্ডবে টেকনাফ ও সেন্ট মার্টিনে ১০ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সেন্টমার্টিনেই ১২০০ ঘরবাড়ির ক্ষতি হয়েছে। এছাড়া অসংখ্য গাছপালা উপড়ে পড়েছে।




তুলা আমদানি সহজ করতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানান বিজিএমইএ

তুলা আমদানির প্রক্রিয়া সহজ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের কাছে এ আহ্বান জানান বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।

রোববার (৭ মে) পিটার হাস বিজিএমইএর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বিজিএমইএর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এসময়য় বৈঠকে উপস্থিত ছিলেন, বিজিএমইএর প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি এসএম মান্নান কচি, সহ-সভাপতি শহিদউল্লাহ আজিম, সহ-সভাপতি (অর্থ) খন্দকার রফিকুল ইসলাম, সহ-সভাপতি নাসির উদ্দিন, সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী, পরিচালক আব্দুল্লাহ হিল রাকিব, পরিচালক নাভিদুল হক, পরিচালক রাজীব চৌধুরী, পরিচালক ব্যারিস্টার ভিদিয়া অমৃত খান, পরিচালক ইমরানুর রহমান, পরিচালক মিজানুর রহমান, পরিচালক নীলা হোসনে আরা এবং বিজিএমইএর বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানরা।

আলোচনার মূল বিষয়গুলো ছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক জোরদার করার লক্ষ্যে পারস্পরিক স্বার্থ সংক্রান্ত বিভিন্ন ইস্যু। বিশেষ করে মার্কিন বাজারে উচ্চমানের পোশাকসহ পোশাক রপ্তানি বাড়াতে যুক্তরাষ্ট্র কিভাবে বাংলাদেশকে সহায়তা করতে পারে। এছাড়া বাংলাদেশের পোশাক শিল্পের সম্ভাবনা এবং প্রবৃদ্ধির গতি অব্যাহত রাখার প্রস্তুতিসহ প্রাসঙ্গিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করা হয়।

বৈঠকে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বাংলাদেশের তৈরি পোশাক শিল্প কিভাবে কর্মক্ষেত্রে নিরাপত্তা, পরিবেশগত টেকসই উন্নয়ন এবং শ্রমিকদের অধিকার ও কল্যাণের ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি সাধন করেছে তার বর্ণনা দিয়ে বলেন, এ অর্জনগুলোর কারণে বাংলাদেশের তৈরি পোশাকের প্রতি বৈশ্বিক ক্রেতাদের আস্থা বৃদ্ধি পেয়েছে।

তিনি রাষ্ট্রদূতকে সরকার, ব্র্যান্ড, আইএলও এবং উন্নয়ন অংশীদারদের কর্তৃক যৌথভাবে গৃহীত শ্রমিকদের প্রশিক্ষণের উদ্যোগ সম্পর্কে অবহিত করেন। পাশাপাশি ব্যাপক নিরাপত্তামূলক উদ্যোগগুলো কীভাবে বাংলাদেশের পোশাক শিল্পকে রূপান্তরিত করেছে এবং যুগপৎভাবে পরিবেশগত টেকসই উন্নয়নের ক্ষেত্রেও উল্লেখযোগ্য অগ্রগতি অর্জনসহ বিশ্বের সর্বোচ্চ সংখ্যক সবুজ পোশাক কারখানার আবাসস্থল হিসেবে বাংলাদেশের শীর্ষস্থানীয় অবস্থান সম্পর্কেও নিশ্চিত করেন। শ্রম অধিকার ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে আইনি সংস্কারের ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির বিষয়সহ পোশাক শ্রমিকদের নূন্যতম মাসিক মজুরির জন্য বাংলাদেশ সরকার কর্তৃক নূন্যতম মজুরি বোর্ড গঠনের বিষয়েও রাষ্ট্রদূতকে অবহিত করেন তিনি।

তিনি বলেন, এ অর্জনগুলো বাংলাদেশের পোশাক শিল্পকে অন্যদের জন্য অনুকরণীয় একটি রোল মডেলে পরিণত করেছে। বাংলাদেশের পোশাক শিল্প বেসিক আইটেম থেকে মূল্য সংযোজিত পোশাক, বিশেষ করে নন-কটন ও টেকনিক্যাল টেক্সটাইল ভিত্তিক পণ্যে যাওয়ার মাধ্যমে তৈরি পোশাকখাতে বৈচিত্র্যকরণের ওপর বিশেষ জোর দিচ্ছে এবং সেইসঙ্গে প্রবৃদ্ধি অব্যাহত রাখার জন্য প্রযুক্তিগত মানোন্নয়ন, দক্ষতা বৃদ্ধি ও উৎপাদনশীলতা বাড়ানোর জন্য ব্যাপক প্রচেষ্টা গ্রহণ ও বিনিয়োগ করছে।

তিনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তুলা দিয়ে প্রস্তুতকৃত পোশাকের শুল্কমুক্ত বাজার সুবিধা দেওয়ার জন্য মার্কিন সরকারকে অনুরোধ জানিয়ে বলেন, এতে করে বাংলাদেশের পোশাক রপ্তানিকারকরা এবং মার্কিন তুলা চাষিরা উভয়েই উপকৃত হবে, উভয়ের জন্য একটি উইন উইন পরিস্থিতি তৈরি হবে। এসময়য় যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানির প্রক্রিয়া সহজ করতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করেন তিনি।

বিজিএমইএ সভাপতি মার্কিন রাষ্ট্রদূতকে ২০২৩ সালের অক্টোবরে মার্কিন যুক্তরাষ্ট্রে বিজিএমইএর উদ্যোগে বাংলাদেশ অ্যাপারেল সামিট আয়োজনের বিষয়ে অবহিত করেন এবং ইভেন্টটি আয়োজনে সহযোগিতা দেওয়ার জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ জানান। এছাড়া তিনি মেধাস্বত্ত অধিকার (ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট) এবং কাউন্টারফিট পণ্যের বিষয়ে সদস্যদের মধ্যে সচেতনতা বাড়াতে বিজিএমইএর গৃহীত উদ্যোগগুলো সম্পর্কেও রাষ্ট্রদূতকে অবহিত করেন।

বিজিএমইএ সভাপতি শ্রমিক, ইউনিয়ন নেতা এবং উদ্যোক্তাদের জন্য যৌথভাবে প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করে সুষ্ঠু শিল্প সম্পর্ক গড়ে তুলতে মার্কিন সরকারের সহযোগিতা কামনা করেন।

বৈঠকে ফারুক হাসান রেজিলিয়েন্ট সাপ্লাই চেইন গড়ে তোলার জন্য নৈতিক ক্রয় অনুশীলন এবং পণ্যের ন্যায্য মূল্যের ওপর জোর দেন, যেখানে শ্রমিকদের অধিকার এবং কল্যাণকে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়।

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করার ক্ষেত্রে বিশাল অগ্রগতি সাধনের জন্য বাংলাদেশের পোশাক শিল্পের প্রশংসা করেন এবং অর্জনগুলোকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ওপর জোরালোভাবে গুরুত্বারোপ করেন।




বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ অব্যাহত থাকবে : পিটার হাস

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, আমরা বাংলাদেশে বিনিয়োগে সবচেয়ে বেশি এগিয়ে, এই ধারা অব্যাহত থাকবে। মার্কিন কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী। তবে রেগুলেটরি বডি শক্তিশালী হওয়া খুবই দরকার।

বুধবার (১৫ মার্চ) নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ইউনিক মেঘনাঘাট পাওয়ার লিমিটেডের ( ইউএমপিএল) ৫৮৪ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এ সময় ঢাকার মার্কিন দূতাবাসের অর্থনৈতিক ইউনিটের প্রধান জোসেফ গিবলিন, ইউএমপিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) চৌধুরী নাফিজ সরাফাত, কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জহির উদ্দিন মোল্লা এবং জিই (জেনারেল ইলেকট্রিক) গ্যাস পাওয়ারের দক্ষিণ এশিয়ার সিইও দীপেশ নন্দা এ সফরে পিটার হাসের সঙ্গে ছিলেন।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেন, আমরা বাংলাদেশে বিদেশি বিনিয়োগে নম্বর ওয়ান।আগামীতেও আমরা বিনিয়োগের এই ধারা অব্যাহত থাকবে।

বুধবার সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পিটার হাস হেলিকপ্টারে করে বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে গিয়ে পৌঁছান। সেখানে চৌধুরী নাফিজ সরাফাত তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। প্রকল্প অফিস প্রাঙ্গণে পৌঁছানোর পর পরিবেশ, স্বাস্থ্য ও নিরাপত্তা টিম পিটার হাস ও অন্যান্য অতিথিদের নিরাপত্তা সরঞ্জাম প্রদান করেন।