২ লাখ ৪০ হাজার টন সার কিনবে সরকার

মরক্কো, সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত থেকে ২ লাখ মেট্রিক টন সার ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ৪০ হাজার টন সার কেনা হবে। যেখানে মোট ব্যয় হবে এক হাজার ১৮৩ কোটি ৬২ লাখ ৪০ হাজার ৬৫০ টাকা।

বুধবার (৬ ডিসেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান বলেন, কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কর্তৃক রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় মরক্কোর ওসিপি এস এ থেকে ৩টি লটে ৪০ হাজার করে এক লাখ ২০ হাজার মেট্রিক টন ডিএপি সার কেনার পৃথক তিনটি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। যেখানে ব্যয় হবে ৭৫১ কোটি ৮৪ লাখ ২০ হাজার টাকা।

শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) কর্তৃক রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেডের কাছ থেকে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার ১০৮ কোটি ৯৫ লাখ ৪১ হাজার ৫০ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে কাতারের মুনতাজাত থেকে সপ্তম লটে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক প্রিল্ড ইউরিয়া সার ১০৮ কোটি ৯৫ লাখ ৪১ হাজার ৫০ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে এবং সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার ১০৮ কোটি ৯৫ লাখ ৪১ হাজার ৫০ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

একই সঙ্গে বিসিআইসি কর্তৃক কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), বাংলাদেশ এর কাছ থেকে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ১০৪ কোটি ৯১ লাখ ৯৭ হাজার ৫০০ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া বিসিআইসি কর্তৃক চট্টগ্রামের টিএসপিসিএল-এর জন্য ১০ হাজার মেট্রিক টন ফসফরিক এসিড মেসার্স সান ইন্টারন্যাশনাল এফজেডই, ইউএই স্থানীয় এজেন্ট মেসার্স এগ্রো ইন্ডাস্ট্রিয়াল ইনপুট থেকে ৬৪ কোটি ৬০ লাখ ২০ হাজার টাকায় কেনার অনুমোদনও দেওয়া হয়েছে।




মরক্কোয় ভূমিকম্পে প্রায় ৩০০ নিহত

উত্তর আফ্রিকার দেশ মরক্কোয় ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৫৩ জনের বেশি। গতকাল শুক্রবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টার পরে মরক্কোর দক্ষিণ-পশ্চিমের অঞ্চল কেঁপে উঠে। খবর সিএনএন।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক কেন্দ্র ইউএসজিএস জানায়, স্থানীয় সময় রাত ১১টার পর মরক্কোর হাই অ্যাটলাস পর্বতমালায় ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্টের সাড়ে ১৮ কিলোমিটার গভীরে।

স্থানটি মরক্কোর চতুর্থ বৃহত্তম নগরী মারাকেশ ধেকে ৭২ কিলোমিটার দূরে। জনপ্রিয় এ পর্যটন শহরে আট লাখ ৪০ হাজার মানুষের বসবাস।

আজ শনিবার সকালে মরক্কোর রাষ্ট্রায়াত্ত আল-আওলা টেলিভিশন জানিয়েছে, ভূমিকম্পে অন্তত ২৯৬ জন নিহত ও ১৫৩ জন আহত হয়েছেন।

ভূমিকম্পের ১৯ মিনিট পরে ৪ দশমিক ৯ মাত্রার আফটারশকে আবারো কেঁপে উঠে পুরো এলাকা।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় দেশটির সামরিক বাহিনী সবাইকে সতর্ক থাকতে বলেছে।

এরই মধ্যে অনলাইনে ছড়িয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত স্থাপনার ছবি ও ভিডিও। রয়টার্স জানায়, শহরটি শক্তিশালী আফটারশকে কেঁপে উঠার পর স্থানীয়দের অনেকে বাড়ির বাইরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

স্থানীয়দের বরাত দিয়ে আরো জানানো হয়, হাই অ্যাটলাস পর্বত থেকে প্রায় ৩৫০ কিলোমিটার উত্তরে রাজধানী রাবাতেও কম্পন অনুভূত হয়েছে।