মতিঝিল থেকে মেট্রোরেল চলাচলের সময় বাড়লো

মেট্রোরেল চলাচলের সময়সূচির নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

রোববার (১২ নভেম্বর) বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়।

এতে বলা হয়েছে, শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে মতিঝিল মেট্রো রেলস্টেশন পর্যন্ত সকাল ৭টা ১০ মিনিট থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ১০ মিনিট পরপর ট্রেন চলাচল করবে।

বিশেষ নোটে বলা হয়েছে, সকাল ৭টা ১০ মিনিটে এবং সকাল ৭টা ২০ মিনিটে উত্তরা উত্তর স্টেশন থেকে দুটি ট্রেন মতিঝিলের উদ্দেশে ছেড়ে যাবে। মেট্রো ট্রেন দুটি বর্তমানে চালু সব স্টেশনে থামবে। এমআরটি বা র‍্যাপিড পাস ব্যবহার করে ট্রেন দুটিতে ভ্রমণ করা যাবে।

এরপর বেলা ১১টা ৪০ মিনিট, ১১টা ৫০ মিনিট, দুপুর ১২টা ও দুপুর ১২টা ১২ মিনিটে চারটি অতিরিক্ত মেট্রো ট্রেন মতিঝিল মেট্রোরেল স্টেশন থেকে যাত্রা শুরু করে বাংলাদেশ সচিবালয়, ফার্মগেট এবং পরবর্তী প্রতিটি স্টেশনে নেমে উত্তরা উত্তর স্টেশন যাবে।

তবে এ চারটি মেট্রো ট্রেনে উঠতে পারবেন শুধু এমআরটি/র‍্যাপিড পাস ব্যবহারকারীরা। ভ্রমণের দিন বেলা ১১টা ৩০ মিনিটের আগে কেনা সিঙ্গেল জার্নি টিকিটে এসব ট্রেনে ভ্রমণ করা যাবে। ১১টা ৩০ মিনিটের পর এ তিনটি স্টেশনে থেকে সিঙ্গেল জার্নি টিকিট কেনা যাবে না।

বিজ্ঞপ্তিতে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে আগারগাঁও মেট্রোরেল স্টেশনের বিষয়ে বলা হয়েছে, বেলা ১১টা ৩১ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত অফ পিক আওয়ারে হেডওয়ে ১২ মিনিট। বিকেল ৪টা ১ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত পিক আওয়ারে হেডওয়ে ১০ মিনিট।

বিশেষ নোটে সময়সূচি নিয়ে বলা হয়েছে, রাত ৮টা ১৫ মিনিট এবং রাত ৮টা ৩০ মিনিটে দুটি মেট্রো ট্রেন আগারগাঁও মেট্রোরেল স্টেশন থেকে যাত্রা শুরু করে প্রতিটি মেট্রোরেল স্টেশনে থেমে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন পর্যন্ত চলছে।

উল্লেখ্য, মেট্রো ট্রেন দুটিতে শুধু এমআরটি পাস অথবা র‍্যাপিড পাস এবং ভ্রমণের দিন রাত ৭টা ৪৫ মিনিটের আগে কেনা সিঙ্গেল জার্নি টিকিটের যাত্রীরা ভ্রমণ করতে পারবেন। রাত ৭টা ৪৫ মিনিটের পর সব টিকিট বিক্রয় অফিস ও টিকিট বিক্রয় মেশিন বন্ধ হয়ে যায়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, শুক্রবার সাপ্তাহিক বন্ধ থাকবে।




আগারগাঁও-মতিঝিল অংশের মেট্রোরেল চালু ২০ অক্টোবর

২০ অক্টোবর মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওইদিন সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ সমাবেশ করবে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

রবিবার সচিবালয়ে সড়ক ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ওবায়দুল কাদের বলেন, ২ সেপ্টেম্বর এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত সাড়ে ১১ কিলোমিটার খুলে দেওয়া হবে। ২৮ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন উপলক্ষে টানেলের অপরপ্রান্তে আনোয়ারায় সুধী সমাবেশ হবে।’

এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ওবায়দুল কাদের আরও বলেন, ‘এলিভেটেড এক্সপ্রেস উদ্বোধন উপলক্ষে সেদিন পুরাতন বাণিজ্য মেলার মাঠে সুধী সমাবেশ হবে। এই সমাবেশ মহাসমাবেশ রূপ নেবে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ১৬ সেপ্টেম্বর এমআরটি লাইন ৫ নর্দান রোডের নির্মাণকাজের উদ্বোধন করা হবে। এ উপলক্ষে সাভারে সুধী সমাবেশ হবে।’

‘২০ অক্টোবর মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করা হবে উল্লেখ করে ‍তিনি বলেন, ‘এদিন সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ হবে। আগামী নির্বাচন পর্যন্ত আমাদের বিভিন্ন সভাসমাবেশ চলবে।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘২২ অক্টোবর তেজগাঁওয়ে নবনির্মিত সড়ক ভবন থেকে ১৪০টি সেতু, ১২টি ওভারপাস উদ্বোধন করা হবে। ভেহিক্যাল ইন্সপেক্টর সেন্টার উদ্বোধন করা হবে। এটিও উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

সংবাদ সম্মেরনে সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম নুরুল আমিন উল্লাহ নুরী, সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




রাজধানীতে তিতাসের  ১৩৮ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

অবৈধ সংযোগ ব্যবহার এবং বকেয়া বিল পরিশোধ না করার অভিযোগে রাজধানীর পল্টন, মতিঝিল থেকে সদরঘাট পর্যন্ত ১৩৮টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটে। গত দুই দিনে এসব সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

তিতাস জানায়, মেট্রো ঢাকা বিপণন ও রাজস্ব বিভাগ-২ এর অধিভুক্ত এলাকায় মঙ্গলবার (৯ মে) বকেয়া আদায় এবং অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ বিশেষ অভিযান চালানো হয়। মেট্রো ঢাকা (উত্তর ও দক্ষিণ)-এর বিভিন্ন বিভাগ থেকে অগত টিমগুলো গ্রাহক আঙ্গিনা পরিদর্শন করে মঙ্গলবার মোট ৬০টি সংযোগ বিচ্ছিন্ন করে। এরমধ্যে বকেয়ার কারণে ৫৩টি এবং অবৈধ কার্যকলাপের জন্য সাতটি সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একইভাবে সোমবারও ৭৮টি সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস। এর বাইরে সোমবার রূপনগরের ইস্টার্ন হাউজিংয়ের ১৮টি কারখানার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে পুরো এলাকার গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। তবে সেই ১৮টি কারখানা বন্ধের শর্তে মঙ্গলবার আবার সরবরাহ স্বাভাবিক করা হয়েছে।

অভিযানের সমন্বয়কারী মহাব্যবস্থাপক (মেট্রো ঢাকা রাজস্ব ডিভিশন) মো. রশিদুল আলম  জানান, গতকাল এবং আজ রাজধানীর পল্টন, সেগুনবাগিচা, তোপখানা, বিজয়নগর, শাহজাহানপুর, কমলাপুর, মানিকনগর, নাজিমউদ্দিন রোড, ওয়াইজঘাট, বকসিবাজারসহ সদরঘাট পর্যন্ত এলাকায় অভিযান চালিয়েছে তিতাস। অভিযানে সোমবার ৭৮টি এবং মঙ্গলবার ৬০টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

তিনি বলেন, ‘আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। এই অভিযানের অংশ হিসেবে আগামী সপ্তাহের সোমবার ও মঙ্গলবার রাজধানীর মুগদা, মান্ডা, খিলগাঁও, বনশ্রীসহ আশেপাশের এলাকায় অভিযান চালাবে তিতাস।’