লিটারে সয়াবিন তেলের দাম ১৪ টাকা বাড়লো

সরকার এবং ভোজ্যতেল উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে দফায় দফায় দর-কষাকষির পর প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১৪ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা।

নতুন দাম অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল কিনতে খরচ করতে হবে ১৮৯ টাকা, যা আগে ছিল ১৭৫ টাকা।

রোববার (১৩ এপ্রিল) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। ঘোষণার পর থেকেই নতুন দর কার্যকর হয়েছে বলেও জানায় সংগঠনটি।

নতুন ঘোষণা অনুসারে, পাঁচ লিটার সয়াবিন তেলের বোতলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৯২২ টাকা, যা ছিল ৮৫২ টাকা। বোতলজাত তেলের পাশাপাশি খোলা সয়াবিন ও পাম তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ১৬৯ টাকা, যা ছিল ১৫৭ টাকা। এর আগে গত ৯ ডিসেম্বর সর্বশেষ বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছিল। তখন লিটারপ্রতি দাম নির্ধারণ করা হয় ১৭৫ টাকা।

জানা যায়, ঈদের আগে ২৭ মার্চ নতুন করে ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব দেন মিলমালিকেরা। তখন বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ১৮ টাকা বাড়াতে চেয়েছিলেন ব্যবসায়ীরা। এছাড়া খোলা সয়াবিন তেলের দাম বাড়াতে প্রস্তাব করেছিলেন লিটারে ১৩ টাকা। ভোজ্যতেলের কর-সুবিধার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরদিন ১ এপ্রিল থেকে এই দর কার্যকরের ঘোষণা দেন ব্যবসায়ীরা। কারণ হিসেবে তারা জানান, কর সুবিধা ও আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির প্রেক্ষাপটে তারা এই দাম বাড়াতে চান। ওই দিন দাম বাড়ানোর সিদ্ধান্তের কথা সংগঠনটি বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে লিখিত জানিয়েছিল। এর পর থেকেই সরকার ও ব্যবসায়ীদের মধ্যে কয়েক দফা বৈঠক হয় এবং দর কষাকষি চলতে থাকে।

গত রমজানের আগে ভোজ্যতেলের দাম সহনীয় রাখতে সরকার ভোজ্যতেলের ওপর যে শুল্ক-করে ছাড় দিয়েছিল, তার মেয়াদ গত ৩১ মার্চ শেষ হওয়ায় এই দাম বাড়ার প্রস্তাব দেওয়া হয়। এরপর ঈদের ছুটি শেষে গত সপ্তাহের শুরু থেকে দফায় দফায় আলোচনা শুরু হয়। তখন প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১৯০ টাকার বেশি হবে নাকি কম, তা নিয়ে সরকার ও ব্যবসায়ীদের মধ্যে আলোচনা চলে। গত সপ্তাহের রবি, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার এই বৈঠক হয়। বৈঠকে দর-কষাকষি হলেও তখন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।

এদিকে, কারখানার মালিকদের দাবির আগেই ভোজ্যতেলে আমদানি পর্যায়ে শুল্ক-কর ছাড়ের মেয়াদ ৩০ জুন পর্যন্ত বাড়ানোর সুপারিশ করে জাতীয় রাজস্ব বোর্ডকে চিঠি দেয় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। তবে এনবিআর এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত দেয়নি।




ভোজ্যতেলে কর ছাড় ৩০ জুন পর্যন্ত বাড়ানোর সুপারিশ

ভোজ্যতেলের দাম সহনীয় রাখতে আমদানি পর্যায়ের অব্যাহত শুল্ক-কর ছাড়ের সুবিধা আগামী ৩০ জুন পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন।

মঙ্গলবার (১৮ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যানকে এ সংক্রান্ত চিঠি দিয়েছে সংস্থাটি। ট্যারিফ কমিশনের যুগ্মপ্রধান (যুগ্ম সচিব) এ কে এম মকসুদুল আরেফীন স্বাক্ষরিত চিঠি সূত্রে এ তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়, আগামী ৩১ মার্চ শুল্ক-করের ছাড়ের সুবিধার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। গত ১০ মার্চ বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এবং সংশ্লিষ্ট আমদানিকারকরা মূসক ও শুল্ক-করাদি রেয়াত সংক্রান্ত এসআরওয়ের মেয়াদ বাড়ানোর জন্য ট্যারিফ কমিশনে আবেদন করেছেন।

চিঠিতে বলা হয়, কমিশন ২০২৪ সালের ১ জুলাই থেকে গত ১৩ মার্চ পর্যন্ত সময়ে অপরিশোধিত সয়াবিন ও পাম তেলের আন্তর্জাতিক বাজারদরের প্রবণতা পর্যালোচনা করে। এ সময়ে আন্তর্জাতিক বাজারে প্রতি মেট্রিক টন অপরিশোধিত সয়াবিন তেলের এফওবি মূল্য ছিল এক হাজার ৫৪ দশমিক ৭ মার্কিন ডলার এবং প্রতি মেট্রিক টন আরবিডি পাম তেলের মূল্য ১ হাজার ৬৩ দশমিক ৫ মার্কিন ডলার। বর্তমানে (১৩ মার্চ) প্রতি মেট্রিক টন অপরিশোধিত সয়াবিন তেলের এফওবি মূল্য দাঁড়ায় ৯৭৬ দশমিক ২১ মার্কিন ডলার এবং আরবিডি পাম তেলের মূল্য দাঁড়ায় এক হাজার ১২৫ মার্কিন ডলার। সয়াবিন তেলের মূল্য কিছুটা হ্রাস পেলেও আরবিডি পাম তেলের দাম বেড়েছে। ভোজ্যতেল হিসেবে দেশে আরবিডি পাম তেলের ব্যবহার প্রায় ৫৫-৬০ শতাংশ। সে হিসেবে আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের গড় মূল্য এখনো স্বাভাবিক হয়নি মর্মে ট্যারিফ কমিশনের কাছে প্রতীয়মান হয়েছে।

কমিশন বলছে, সানফ্লাওয়ার ও ক্যানোলা ভোজ্যতেল হিসেবে সারাবিশ্বে জনপ্রিয়। দেশে এ দুটো তেল আমদানিতে সয়াবিন ও পাম তেল অপেক্ষা অধিক হারে (সানফ্লাওয়ারের ক্ষেত্রে মোট শুল্কায়ন মূল্য ৩২ শতাংশ ও ক্যানোলা তেলের ক্ষেত্রে মোট শুল্কায়ন মূল্য ৫৮ দশমিক ৬০ শতাংশ) শুল্কারোপ করায় স্থানীয় বাজারে পণ্য দুটোর আমদানি নিরুৎসাহিত হয়েছে। আন্তর্জাতিক বাজারে ক্যানোলা ও সানফ্লাওয়ার তেলের মূল্য পাম ও সয়াবিন তেলের কাছাকাছি এবং এদের ব্যবহার পরিপূরক। স্থানীয় বাজারে ভোজ্যতেলের সরবরাহ বৃদ্ধি, ভোক্তাদের স্বার্থে ও সরবরাহে বৈচিত্র্য আনতে এবং স্থানীয় বাজারে ভোজ্যতেলের মূল্যে স্থিতিশীলতা আনতে সয়াবিন ও পাম তেলের মতো সানফ্লাওয়ার ও ক্যানোলা তেল আমদানিতে একই রকম শুল্ক-করারোপ এবং পণ্য দুটোতে অনুরূপ শুল্ক-কর রেয়াতি সুবিধা অব্যাহত রাখা প্রয়োজন।




ভোজ্যতেলে আগের দামে ফিরে যাওয়ার সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী

ভোজ্যতেলের স্থানীয় উৎপাদন ও আমদানি পর্যায়ের ভ্যাট ছাড়ের এ মেয়াদ ছিল ১৫ এপ্রিল পর্যন্ত। এরইমধ্যে এর মেয়াদ শেষ হওয়ায় ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব করেছেন মিল মালিকরা। তবে তেলের দাম বাড়িয়ে আগের দামে ফিরে যাওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

মঙ্গলবার (১৬ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত মিট দ্য প্রেসে এ কথা জানান তিনি। ডিআরইউ সাধারণ সম্পাদক মহি উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ। উপস্থিত ছিলেন ডিআরইউ নির্বাহী কমিটির সদস্যসহ গণমাধ্যমকর্মীরা।

রমজানে নিত্যপণ্যের দাম কমাতে গত ৮ ফেব্রুয়ারি ভোজ্যতেলের স্থানীয় উৎপাদনে ও আমদানি পর্যায়ের ভ্যাট ৫ শতাংশ কমায় এনবিআর। ভ্যাট ছাড়ের এ মেয়াদ শেষ হওয়ায় তেলের দাম আগের অবস্থায় নেওয়ার প্রস্তাব করেছেন মিল মালিকরা।

এর জবাবে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, তেলে ৫ শতাংশ ডিউটি কমিয়েছিলাম, এতে ভোক্তা পর্যায়ে ১০ টাকা কমেছিল তেলের দাম। সেই ভ্যাট ছাড়ের এ মেয়াদ নির্ধারণ করা হয় ১৫ এপ্রিল পর্যন্ত। আমাদের ট্যারিফ কমিশন এটা নিয়ে কাজ করছে। দেখা হচ্ছে মিলাররা কী দামে তেলের কাঁচামাল আনছেন তার দাম কেমন পড়ছে ইত্যাদি বিষয়ে। তবে তেলের দাম পূর্বের দামে ফিরে যাওয়ার সুযোগ নেই এটা বলতে পারি।

তেলের দাম বাড়াতে গতকাল সোমবার বাণিজ্যসচিবকে চিঠি দেন মিল মালিকরা। সেখানে বোতলজাত ১ লিটার সয়াবিন তেলের দাম প্রস্তাব করা হয়েছে ১৭৩ টাকা, ৫ লিটার ৮৪৫ টাকা এবং খোলা ১ লিটার পাম তেলের দাম ১৩২ টাকা প্রস্তাব করা হয়েছে। এ বিষয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, চিঠির বিষয়ে আমি কিছুই জানি না। চিঠিও আমি এখনো পায়নি, যদি পাঠিয়ে থাকেন অফিসে যেয়ে দেখতে হবে।




খাদ্য আমদানিতে বিশ্বে বাংলাদেশ তৃতীয় স্থানে

খাদ্য আমদানিকারক দেশগুলোর মধ্যে বিশ্বে বাংলাদেশ তৃতীয় অবস্থানে উঠে এসেছে। ২০২১ সালে বাংলাদেশ বিশ্ববাজার থেকে প্রায় সোয়া কোটি টন খাদ্যপণ্য আমদানি করেছে।

এফএওর হিসাবে, ২০২১ সালে বাংলাদেশ ৯ কোটি ৩৩ লাখ টনের মতো কৃষিপণ্য উৎপাদন করেছে। একই বছর বিশ্ববাজার থেকে প্রায় সোয়া কোটি টন খাদ্যপণ্য আমদানি করেছে। এখনো খাদ্য আমদানি ব্যয়ের সবচেয়ে বড় অংশ দখল করে আছে গম, ভোজ্যতেল ও গুঁড়া দুধ।

বাংলাদেশে আমদানিনির্ভর খাদ্যপণ্যগুলোর দাম বেশি উল্লেখ করে এফএও বলছে, ভোজ্যতেল, মাংস ও দুধের মতো পুষ্টিকর খাদ্যগুলোর মাথাপিছু ভোগ সবচেয়ে কম। অবশ্য দেশে উৎপাদিত খাদ্যপণ্য যেমন চাল, সবজি, মাছ ও ফলের মাথাপিছু ভোগের দিক থেকে দেশের মানুষ ভালো অবস্থানে আছে।

এফএওর প্রতিবেদন অনুযায়ী, খাদ্যপণ্য রপ্তানিতে বাংলাদেশের অবস্থান নিচের দিকে। আর বিশ্বের খাদ্য আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয়। আমদানির দিক থেকে শীর্ষ স্থানে রয়েছে চীন। দ্বিতীয় স্থানে ফিলিপাইন। আর খাদ্য রপ্তানির দিক থেকে বিশ্বের শীর্ষ পাঁচ দেশ হচ্ছে যথাক্রমে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, চীন ও ফ্রান্স। এ ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান একেবারে শেষের দিকে রয়েছে।

তবে বিশ্বের প্রধান ছয়টি খাদ্যপণ্যের মধ্যে বাংলাদেশ শুধু চাল উৎপাদনে তৃতীয় অবস্থানে আছে। বাকি প্রধান কৃষিপণ্যগুলোর মধ্যে গম, ভুট্টা, চিনি, ভোজ্যতেল ও আলু উৎপাদনে বাংলাদেশের নাম শীর্ষ পাঁচ দেশের মধ্যে নেই। বিগত বছরগুলোতে বাংলাদেশ প্রথম চারটি পণ্য আমদানি করত। আলু আমদানির প্রয়োজন হতো না। বরং বাংলাদেশ আলু রপ্তানি করত। চলতি বছর আলুর দাম হঠাৎ বেড়ে যাওয়ায় বাংলাদেশের নাম আলু আমদানিকারক দেশের তালিকায় ঢুকেছে।

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক বিনায়ক সেন বলেন, ‘আমাদের আখ ও পেঁয়াজের মতো কৃষিপণ্যগুলোর উৎপাদন বাড়ানোর সুযোগ আছে। এ ক্ষেত্রে ভারত বেশ সফল হয়েছে। তাদের কাছ থেকে এ ব্যাপারে সহযোগিতা নিতে হবে।’ তিনি আরও বলেন, গমের মতো প্রয়োজনীয় খাদ্যশস্য আমদানিতে বাংলাদেশ ভারতের ওপর নির্ভরশীল। কিন্তু সম্প্রতি ভারত গম, পেঁয়াজসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ খাদ্য রপ্তানির ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপ করেছে। আবার কিছু দেশে কোটার ভিত্তিতে সেগুলো রপ্তানি করছে।

এফএওর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের বিশ্ববাজার থেকে খাদ্য আমদানির ওপরে নির্ভরশীলতা বাড়ছে। ২০১০ সালে যেখানে বাংলাদেশের মোট খাদ্য চাহিদার ৯ দশমিক ৩ শতাংশ আমদানি করেছে, ২০২২ সালে বেড়ে ১১ দশমিক ২ শতাংশে দাঁড়িয়েছে। এই সময়ের মধ্যে ধারাবাহিকভাবে চাল, গম ও ভোজ্যতেলের আমদানি বাড়ছে। তবে ডলার–সংকটের কারণে গত বছরের তুলনায় এ বছর চাল আমদানি হয়নি বললেই চলে। গমের আমদানিও স্বাভাবিকের তুলনায় প্রায় ৩০ শতাংশ কমেছে।

প্রতিবেদনটিতে বাংলাদেশসহ বিশ্বের সব দেশের মাথাপিছু খাদ্যশক্তি গ্রহণের চিত্র তুলে ধরা হয়েছে। বিশ্বে গড়ে প্রত্যেক মানুষ দিনে ২ হাজার ৯৭৮ ক্যালরি বা খাদ্যশক্তি গ্রহণ করে। এশিয়ায় তা গড়ে ২ হাজার ৯৩১ ক্যালরি। বাংলাদেশের মাথাপিছু খাদ্যশক্তি গ্রহণের পরিমাণ ২ হাজার ৬১৪ ক্যালরি। বাংলাদেশের মোট খাদ্যশক্তির মধ্যে ১ হাজার ২৮৮ ক্যালরি আসে চাল ও গম বা দানাদার খাদ্য থেকে। এরপর রয়েছে যথাক্রমে ভোজ্যতেল ২০৩, চিনি ৮৩, ফল ৯৪ ও আলু থেকে ১৭৫ ক্যালরি আসে। মাত্র ২০ ক্যালরি মাংস, ৫৫ ক্যালরি দুধ ও ডিম থেকে, কোমল পানীয় থেকে ৪০ ক্যালরি এবং মাছ থেকে ৫২ ক্যালরি খাদ্যশক্তি নেয় বাংলাদেশের মানুষ।

এফএওর হিসাবে বাংলাদেশ ২২টি কৃষিপণ্য উৎপাদনে বিশ্বের শীর্ষ ১০ দেশের তালিকায় স্থান পেয়েছে। এর মধ্যে চাল, মসুর ডাল, আলু, পেঁয়াজ, চায়ের মতো পণ্য যেমন রয়েছে, তেমনি রয়েছে বিভিন্ন ধরনের ফল। গত এক দশকে কুমড়া, ফুলকপি ও সমজাতীয় সবজির মতো কিছু পণ্য উৎপাদনে বাংলাদেশ শীর্ষ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে।




টিসিবির জন্য ২৪৬ কোটি টাকার তেল-ডাল কিনছে সরকার

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ- টিসিবির মাধ্যমে বিক্রির লক্ষ্যে ২৪৬ কোটি ৫ লাখ টাকার ভোজ্যতেল এবং মসুর ডাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে ১০৪ কোটি টাকার মসুর ডাল এবং ১৪২ কোটি ৫ লাখ টাকার ভোজ্যতেল কেনা হবে।

এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার (১৩ ডিসেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা হয়। সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভা শেষে সভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।

তিনি জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ৪০ লাখ লিটার রাইস ব্রান অয়েল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এই তেল কিনতে খরচ হবে ৬৩ কোটি ৪৪ লাখ টাকা। প্রতি লিটারের দাম পড়বে ১৫৮ টাকা ৫০ পয়াসা। আগের মূল্য ছিলো ১৫৬ টাকা ২৫ পয়সা। মজুমদার প্রডাক্টস লিমিটেড এবং মজুমদার রাইস ব্রান অয়েল লিমিটেড থেকে এই তেল কেনা হবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবর পরিপ্রেক্ষিতে ৫০ লাখ লিটার সয়াবিন তেল কেনার প্রস্তাব অনুমোনদ দেওয়া হয়েছে। বসুন্ধরা মাল্টি ফুড প্রডাক্টস লিমিটেড থেকে এই তেল কিনতে মোট খরচ হবে ৭৮ কোট ৬১ লাখ টাকা। প্রতি লিটার সয়াবিন তেলের দাম পড়বে ১৫৭ টাকা ২২ পয়সা। আগের মূল্য ছিল ১৫৪ টাকা ২৯ পয়সা।

তেল কেনার এই দুই প্রস্তাবের পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে টিসিবির জন্য ১২ হাজার ৫০০ মেট্রিক টন মসুর ডাল কেনার প্রস্তাবও অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। নাবিব নাবাব ফুডস লিমিটেড থেকে এই ডাল কিনতে মোট খরচ হবে ১০৪ কোটি টাকা। প্রতি কেজির দাম পড়বে ১০৪ টাকা। আগের দাম ছিল ১১২ টাকা।

এদিকে, জননিরাপত্তা বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) আভিযানিক সক্ষমতা বাড়ানোর জন্য ৪টি পারসোনাল আর্মস ক্যারিয়ার কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে এই আর্মস ক্যারিয়ার কিনতে খরচ হবে ২৩ কোটি ৯১ লাখ ৮২ হাজার ৪০০ টাকা।




আন্তর্জাতিক বাজারে কমেছে চিনি ও সয়াবিনের দাম

আন্তর্জাতিক বাজারে চিনির ও সয়াবিনের দাম কমেছে। বিশ্বের ভোগ্যপণ্য দুটির শীর্ষ উৎপাদক ব্রাজিলে উৎপাদন বৃদ্ধির সম্ভাবনায় এ দরপতন ঘটেছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে শেয়ারবাজারভিত্তিক মার্কিন সংবাদমাধ্যম নাসডাক।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল কন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) আগামী মার্চের অপরিশোধিত চিনির মূল্য নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ১৩ সেন্ট বা শূন্য দশমিক ৫ শতাংশ। প্রতি পাউন্ডের দাম স্থির হয়েছে ২৬ দশমিক ৮৬ সেন্টে।

রয়টার্স জানিয়েছে, ব্রাজিলে চিনি উৎপাদন ২০২৩/২৪ অর্থবছরে বার্ষিক ২৭ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়ে রেকর্ড ৪৬ দশমিক ৮৮ মিলিয়ন টন হবে বলে আশা করা হচ্ছে। দেশটির সরকারি সংস্থা কোনাব জানায়, অনুকূল আবহাওয়ায় সেখানে খাদ্যপণ্যটির উৎপাদনে এই ঊর্ধ্বমুখিতা তৈরি হতে পারে।

অন্যদিকে বৃহস্পতিবার শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) সয়াবিনের দামদর হ্রাস পেয়েছে। আলোচ্য কার্যদিবসে সিবিওটিতে সয়াবিনের দরপতন ঘটেছে শূন্য দশমিক ২ শতাংশ। প্রতি বুশেলের মূল্য স্থির হয়েছে ১৩ ডলার ৪৪ সেন্টে। সম্প্রতি বেঞ্চমার্কটির দাম গত ৩ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে নেমে গিয়েছিল।

বিশ্লেষকরা বলছেন, বিশ্বের শীর্ষ উৎপাদক ব্রাজিলে শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। তা সত্ত্বেও দেশটিতে গত বছরের তুলনায় এবার বেশি সয়াবিন উৎপাদন হবে। এমনটি হলে বিশ্ববাজারে সরবরাহ বৃদ্ধি পাবে। এমন আশঙ্কায় ভোজ্যতেল তৈরির মূল উপকরণের দাম কমেছে।




২০২৩-২৪ মৌসুমে ভারতে ভোজ্যতেল আমদানি কমবে ৬%

ভারতে ভোজ্যতেল আমদানি কমে যেতে পারে। চলতি বছর দেশটিতে তেলবীজের মজুদ বাড়ায় নভেম্বরে আসন্ন ২০২৩-২৪ বিপণন বছরে ভোজ্যতেলের আমদানি নিম্নমুখী হওয়ার প্রত্যাশা করা হচ্ছে। সম্প্রতি ভারতের এক শীর্ষস্থানীয় ব্যবসায়ীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলেছে, দেশটিতে ভোজ্যতেল আমদানির পরিমাণ ৬ শতাংশ কমে যেতে পারে।

ভারত বিশ্বের শীর্ষ উদ্ভিজ্জ তেল আমদানিকারক। মুম্বাইভিত্তিক উদ্ভিজ্জ তেলের ব্রোকারেজ ও পরামর্শদাতা প্রতিষ্ঠান সানভিন গ্রুপের প্রধান নির্বাহী সন্দীপ বাজোরিয়া বলেছেন, ‘‌আশা করছি ৩১ অক্টোবর পর্যন্ত ভারতের ভোজ্যতেল আমদানির পরিমাণ দাঁড়াবে ১ কোটি ৬৬ লাখ টনে। ২০২৩-২৪ বিপণন বছরে আমদানির পরিমাণ ১০ লাখ টন কমে যেতে পারে। আগামী মৌসুমে আমদানির পরিমাণ দাঁড়াবে ১ কোটি ৫৬ লাখ টনে।’‌

ভারতে আমদানি হওয়া ভোজ্যতেলের সিংহভাগই মূলত পাম অয়েল। মুম্বাইতে অনুষ্ঠিত উদ্ভিজ্জ তেলের এক আন্তর্জাতিক সম্মেলনে সন্দীপ বাজোরিয়া জানান, ২০২২-২৩ বিপণন বছরে এক কোটি টন পাম অয়েল আমদানি করেছে ভারত। আগামী বছর আমদানি কিছুটা কমে দাঁড়াবে ৯৫ লাখ টনে।

সেপ্টেম্বরের শুরুর দিকে রয়টার্স জানিয়েছিল, দুর্গা পূজাকে সামনে রেখে ভারতীয় পরিশোধনকারীরা জুলাই থেকেই পাম অয়েল মজুদ বাড়াচ্ছে। জুলাইয়ে দেশটি ১২ লাখ ৫ হাজার টন এবং আগস্টে ১৩ লাখ ৭৫ হাজার টন পাম অয়েল আমদানি করে। ২০২২ সালের আগস্টে আমদানির পরিমাণ ছিল ১০ লাখ ১৬ হাজার টন। সে হিসাবে চলতি বছর মাসটিতে আমদানি বেড়েছে ৩৫ দশমিক ২৯ শতাংশ।

আর সলভেন্ট এক্সট্র্যাক্টরস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার (এসইএ) তথ্যমতে, আগস্টে ১৮ লাখ ৭০ হাজার টন উদ্ভিজ্জ তেল আমদানি করেছে দেশটি। আন্তর্জাতিক বাজারে দাম কম থাকায় ও দেশীয় তেলবীজ উৎপাদন কমে যাওয়ার আশঙ্কায় ভোজ্যতেল আমদানি বাড়িয়েছে ভারত।

ভারত প্রধানত ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ড থেকে পাম অয়েল আমদানি করে। আর সয়াবিন ও সূর্যমুখী তেল আমদানি করে আর্জেন্টিনা, ব্রাজিল, রাশিয়া ও ইউক্রেন থেকে।

সম্মেলনে বাজোরিয়া বলেন, ‘‌ভারতে ২০২২-২৩ সালে সয়াবিন আমদানির সম্ভাব্য পরিমাণ দাঁড়াবে ৩৫ লাখ টনে। ভোজ্যতেলটির মজুদ বাড়ায় আগামী ২০২৩-২৪ মৌসুমে সয়াবিনের আমদানি কমে দাঁড়াতে পারে ৩২ লাখ টনে।

সূর্যমুখী তেলের আমদানিও আগামী বছর দুই লাখ টন কমে যাওয়ার পূর্বাভাস জানিয়েছেন তিনি। চলতি বছরের ৩১ লাখ টন থেকে আগামী বছরের সম্ভাব্য আমদানি কমে দাঁড়াবে ২৯ লাখ টনে।

বাজোরিয়া মনে করেন, ১২-১৫ লাখ টন সয়াবিন এবং ১২-১৪ লাখ টন সরিষা মজুদের ফলে আগামী বছর ভোজ্যতেল আমদানির পরিমাণ কমে আসবে। আর খালাস হওয়ার অপেক্ষায় বন্দরে আটকে থাকা ভোজ্যতেল বাজারে প্রবেশ করলে মজুদ ও সরবরাহের পরিমাণ আরো বাড়বে। সব মিলিয়ে আগামী বছর আমদানির পরিমাণ কমে আসবে।

চলতি বছর এক শতাব্দীর বেশি সময়ের মধ্যে সবচেয়ে শুষ্কতম আগস্ট পার করেছে ভারত। এ মাসে দেশটির স্বাভাবিক অবস্থার চেয়ে ৩৬ শতাংশ কম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ফলে কৃষিজ উৎপাদন ব্যাহত হয়েছে। শুষ্ক আবহাওয়ায় ভারতের সয়াবিন ও চীনাবাদামের উৎপাদন ব্যাহত হওয়ায় রিফাইনারিরা আন্তর্জাতিক বাজার থেকে আমদানি বাড়িয়েছেন। আগামী বছর বৈরী আবহাওয়ায় ফসল ক্ষতিগ্রস্ত না হলে অভ্যন্তরীণ তেলবীজ উৎপাদনও বাড়বে বলে আশা করা হচ্ছে।




অতি লোভে কিছু ব্যবসায়ী বেশি দামে পণ্য বিক্রি করে: বাণিজ্যমন্ত্রী

অতি মুনাফার লোভে কিছু ব্যবসায়ী বেশি দামে পণ্য বিক্রি করে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। শুক্রবার (১১ আগস্ট) রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ডিবেট ফর ডেমোক্রেসির যৌথ উদ্যোগে আয়োজিত ভোক্তা-অধিকার সংরক্ষণবিষয়ক ছায়া সংসদের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, ভোজ্যতেল এবং চিনির প্রায় চাহিদার পুরোটাই আমদানি করতে হয়। এসব ছাড়াও যে কোনো পণ্য আমদানি করা হলে ব্যবসায়ীদের মুনাফা রেখেই ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের মাধ্যমে সরকার মূল্য নির্ধারণ করে দেয়। তারপরও দেখা যায় অতি মুনাফার লোভে কিছু ব্যবসায়ী বেশি দামে পণ্য বিক্রয় করে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে অভিযান পরিচালনা করে অসৎ ব্যবসায়ীদের আইনের আওতায় আনা হচ্ছে বলেও জানান তিনি। তবে শুধু আইন প্রয়োগ করে দমন করা সম্ভব নয় বলেও স্বীকার করেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, শুধু আইন দিয়ে ভোক্তা অধিকার নিশ্চিত করা সম্ভব নয়। ভোক্তাদের যেমন তার অধিকার সমন্ধে সচেতন হতে হবে তেমনি ব্যবসায়ীদের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে মানবিক মূল্যবোধের পরিচয় দিতে হবে। মূল্যবোধের অবক্ষয় নয় বরং জাগরণ দরকার। দাম না কমালে আমদানি করা হবে এমন হুঁশিয়ারি দিলেই দাম কমে। রমজান মাস আসলেই পণ্যের দাম বাড়ে। এগুলো পরিহার করতে হবে। ভোক্তা অধিকার লঙ্ঘনের অভিযোগে অনেকে শাস্তির আওতায় আনা হয়েছে বলেও উল্লেখ করেন।

টিপু মুনশি বলেন, খাদ্য সংকট হবে এই চিন্তা করে অতিরিক্ত মজুত করা ঠিক নয়। কিন্তু আমাদের দেশের মানুষ এইটা করেন থাকেন। যদিও সরকারের পক্ষ থেকে বলা হয় দেশে সব পণ্য পর্যাপ্ত আছে। কৃষি বিপ্লবের ফলে বাংলাদেশ অনেক পণ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। কোনো পণ্যের সংকট পড়লে সরকার আমদানি করে থাকে। সরকার সবসময় চেষ্টা করে যাতে কৃষকরা ক্ষতিগ্রস্ত না হয়। আবার ভোক্তারাও যেন সহজে পণ্য ভোগ করতে পারে।

মন্ত্রী আরও বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ফলে খাদ্য পণ্য আমদানি বাধাগ্রস্ত হয়েছে। যার ফলে শুধু বাংলাদেশ নয় সারাবিশ্বে এর প্রভাব পড়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে এটা অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু এটা শুধু আমাদের দেশে নয় বিশ্বের সব দেশেই বৃদ্ধি পেয়েছে।

এ প্রসঙ্গে তিনি বলেন নিম্নবিত্ত মানুষের কষ্টের কথা ভেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিসিবির মাধ্যমে স্বল্প মূল্যে খাদ্যপণ্য বিক্রয় করছে। সারাদেশে এক কোটি ফ্যামিলি কার্ডধারীদের মাঝে তেল, ডাল এবং চালসহ অন্যান্য পণ্য সরবরাহ করা হচ্ছে। দেশে অর্থনৈতিক সংকটের মধ্যেও সরকার বিশাল অংকের ভর্তুকি দিয়ে গরিব-অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।

পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ডিম বা মুরগি অথবা পেঁয়াজ কিংবা কাঁচা মরিচের দাম বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট না। এসব পণ্যের উৎপাদন, চাহিদা অন্য দুটি মন্ত্রণালয়ের কাছে থাকে। সরকার এসব পণ্যের যে দাম নির্ধারণ করে দেয় সেটি অনুযায়ী, বিক্রি হচ্ছে কি না তা ভোক্তা অধিকার তদারকি করে থাকেন। কিন্তু যে কোনো পণ্যের দাম বাড়লেই বাণিজ্য মন্ত্রণালয়কে কাঠগড়ায় দাঁড়াতে হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার বিষয়ে অপর এক প্রশ্নের উত্তরে তিনি জানান, ভোক্তাদের অধিকার সংরক্ষণে অভিযান পরিচালনা করার জন্য যে পরিমাণ লোকবল প্রয়োজন সে পরিমাণ জনবল তাদের নেই। আমরা বাড়ানোর উদ্যোগ নিয়েছি। এই দপ্তরের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা থাকা দরকার। নিজস্ব কর্মকর্তাদের অথবা যারা এই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন এ ধরনের কর্মকর্তাদের ভোক্তা অধিদপ্তরে পদায়ন করা যায় বলেও অভিমত ব্যক্ত করেন।

মক পার্লামেন্টে স্পিকার ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ. এইচ. এম. সফিকুজ্জামান।

প্রথমদিনে ‘শুধু আইন দিয়ে ভোক্তা অধিকার নিশ্চিত করা সম্ভব নয়’ শীর্ষক প্রস্তাবের পক্ষে ইডেন মহিলা কলেজ এবং বিপক্ষে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা অংশগ্রহণ করেন। ইডেন মহিলা কলেজ বিজয় লাভ করে।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৮টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।




ভোজ্যতেল কিনতে গাইড লাইন করছে সরকার

ভোজ্যতেল কিনতে একটি গাইড লাইন করছে সরকার। সেকারণে সম্প্রতি প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের নেতৃত্বে ১১ সদস্যের ‘ভোজ্যতেল ক্রয়ের লক্ষ্যে গাইড লাইন প্রস্তুতকরণ সংক্রান্ত কমিটি’ গঠন করেছে মন্ত্রিপরিষদ সচিব।

কমিটি ভোজ্যতেল কিনতে ট্যারিফ কমিশনের নির্ধারিত দামে আন্তর্জাতিক বা দেশীয় অভ্যন্তরীণ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি সম্পাদন করা যায় কি না তা পর্যালোচনা করবে। পর্যালোচনায় পাওয়া ফলাফলের ভিত্তিতে প্রতি বছরের চাহিদা অনুযায়ী ভোজ্যতেল কিনতে একটি গাইড লাইন প্রণয়ন করবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

কমিটিতে সদম্য হিসেবে রয়েছেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য), ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান, আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রক, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি, সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের (সিপিটিইউ) মহাপরিচালক/পরিচালক এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব/যুগ্মসচিব।

কমিটি ৩০ দিনের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন বাণিজ্য মন্ত্রণালয়ে দাখিল করবে। কমিটি প্রয়োজন অনুসারে সভা আহ্বান করবে ও সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে। বাণিজ্য মন্ত্রণালয় এ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।




লিটারে ১২ টাকা বেড়ে সয়াবিনের দাম ১৯৯ টাকা নির্ধারণ

বোতলজাত ভোজ্যতেলের দাম লিটারে ১২ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশন। ভোজ্যতেলের আমদানিতে সরকারের ভ্যাট অব্যাহতির মেয়াদ শেষ হওয়ায় এ দাম নির্ধারণ করেছে সংস্থাটি।

বৃহস্পতিবার (৪ মে) শীর্ষস্থানীয় ভোজ্যতেল বিপণনকারী সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা এ তথ্য নিশ্চিত করেন।

বিশ্বজিৎ সাহা জানান, ভোজ্যতেলের আমদানিতে সরকারের ভ্যাট অব্যাহতির মেয়াদ গত ৩০ এপ্রিল শেষ হওয়ায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশন, বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্রেড ট্যারিফ কমিশনের সঙ্গে আলোচনার মাধ্যমে ভোজ্যতেলের দাম সমন্বয় করা হয়েছে। অবিলস্বে এ মূল্য কার্যকর হবে।

বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশন এ সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর বিষয়টি জানিয়েছে।

নতুন মূল্য অনুযায়ী খোলা সয়াবিন লিটারপ্রতি ১৭৬ টাকা, বোতলজাত সয়াবিন লিটারপ্রতি ১৯৯ টাকা, পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেল ৯৬০ টাকা, পাম সুপার খোলা সয়াবিন তেল লিটারপ্রতি ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।




চাহিদার তুলনায় বেশি খেজুর আমদানি হয়েছে: এফবিসিসিআই

এবছর চাহিদার তুলনায় বেশি খেজুর আমদানি হয়েছে বলে জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। সংগঠনটির সভাপতি মো. জসিম উদ্দিন বলেছেন, শুধু খেজুর না, ভোজ্যতেলসহ অন্যান্য পণ্যও পর্যাপ্ত রয়েছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) এফবিসিসিআই বোর্ডরুমে ‘রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি, মজুত, সরবরাহ ও বাজার পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায়’ এসব কথা বলেন তিনি।

এফবিসিসিআই সভাপতি বলেন, এবার সরকার বাজার মনিটরিংয়ে থাকবে কঠোরভাবে। কোনো বাজারে বেশি মূল্য রাখা হলেই কিন্তু বাজার কমিটি বাতিল করবে সরকার। একই সঙ্গে দাম বেশি নেওয়া প্রতিষ্ঠানের লাইসেন্সও বাতিল করা হবে। আমরা চাই না, রোজায় কোনো ব্যবসায়ীর লাইসেন্স বাতিল হোক, কাউকে আটক করা হোক।

ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের সমস্যা থাকতে পারে। সমস্যাটি আমাদের জানাবেন। আমাদের সেলে জানান, আমরা কথা বলবো। আমাদের টিমও বাজার মনিটরিংয়ে থাকবে। আশা করবো আপনারা কেউ বেশি মুনাফা করবেন না। বাজারে চাহিদার তুলনায় বেশি খেজুর আছে। পর্যাপ্ত রয়েছে ছোলা, পামঅয়েল, সয়াবিনসহ অন্যান্য পণ্য।

এসময় উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদ, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতিসহ রাজধানীর বিভিন্ন খুচরা ও পাইকারি বাজারের ব্যবসায়ীরা।