চার্টার্ড লাইফের এজিএমের সময় পরিবর্তন

পুঁজিবাজারে বীমা খাতে তালিকাভুক্ত কোম্পানি চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) সময় পরিবর্তন করা হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর কোম্পানিটির এজিএম বেলা ১১টার পরিবর্তে দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে।

সোমবার (১১ সেপ্টেম্বর) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড জানিয়েছে, কোম্পানির ১০তম এজিএম পূর্ব ঘোষিত বেলা ১১টার পরিবর্তে দুপুর ১২টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে।

এদিকে, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির এজিএম আগামী ২৫ সেপ্টেম্বর বেলা ১১টায় নির্ধারণ করা হয়েছিল। তবে আর ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ আগস্ট।

আলোচিত বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.২৪ টাকা, যা আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ০.২০ টাকা ছিল।




ভারত-বাংলাদেশ কৌশলগত সংলাপ শুরু

ভারতের দিল্লিতে আজ শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‌‘ভারত-বাংলাদেশ কৌশলগত সংলাপ’। সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ও অনন্ত অ্যাস্পেন সেন্টারের যৌথ উদ্যোগে বেসরকারি পর্যায়ে (ট্র্যাক-২) দ্বিতীয় সংলাপ এটি।

এর আগে ২০২২ সালের ১৮ মে প্রথম সংলাপটি ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। বুধবার (২১ জুন) এক বিবৃতিতে সিপিডির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।নয়া দিল্লিতে অনুষ্ঠিতব্য এই সংলাপে উভয় দেশের নাগরিক ও ব্যবসায়ী সমাজের প্রতিনিধিবৃন্দ, নীতি বিশেষজ্ঞ এবং বিভিন্ন অংশীজনরা অংশগ্রহণ করবেন।

বাংলাদেশ থেকে সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য ও অধ্যাপক মোস্তাফিজুর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. শহীদুল হক, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. আমেনা মহসিন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ম তামিম এবং বাংলাদেশ-থাই চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শামস মাহমুদ অংশ নেবেন।

সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) দীর্ঘদিন ধরে ভারতের বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের সাথে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের উপরে সংলাপ আয়োজন করে আসছে। ইতিপূর্বে সিপিডি ভারতের অন্যান্য সহযোগী প্রতিষ্ঠানসমূহের সাথে যৌথভাবে ২০০৪ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত এ ধরনের মোট ১৬টি সংলাপ ঢাকা এবং দিল্লিতে আয়োজন করে।

দিল্লিতে অনুষ্ঠিতব্য এবারের সংলাপে সমসাময়িক বিবেচনায় গুরুত্বপূর্ণ ও কৌশলগত বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। এসব ইস্যুগুলোর মধ্যে রয়েছে বিকাশমান ভূরাজনৈতিক পরিস্থিতির আলোকে বিবর্তমান দ্বিপাক্ষিক সম্পর্ক, বহুমুখী যোগাযোগ ব্যবস্থা যেমন সড়ক যোগাযোগ, রেলপথ, নদী ও উপকূলীয় বন্দর ব্যবস্থা, পানি বণ্টন এবং ডিজিটাল কানেকটিভটি। এছাড়াও যেসব ইস্যুতে মতবিনিময় হবে তার মধ্যে রয়েছে আর্থিক খাতে সহযোগিতা, প্রযুক্তি স্থানান্তর, খাদ্য ও জ্বালানি নিরাপত্তা।




নিটল ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভায় ১১ শতাংশ লভ্যাংশ অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২৪তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) আজ মঙ্গলবার (২০ জুন) ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নিটল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট এ কে এম মনিরুল হক।

এ সময় কোম্পানির ভাইস চেয়ারম্যান জুবায়ের হুমায়ুন খন্দকার, পরিচালক নাইমা হক, মাহমুদুল হক শামীম, মুরাদ হোসেন, স্বতন্ত্র পরিচালক আব্দুল আজিজ ও রঞ্জন কুমার মিত্র, মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম মাহবুবুল করিম, প্রধান আর্থিক কর্মকর্তা আলতাফ হোসেন, অভ্যন্তরীণ নিরীক্ষা ও কমপ্লায়েন্স প্রধান লিয়াকত হোসেনসহ বিপুল সংখ্যক ক্ষুদ্রবিনিয়োগকারী ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।

সভা সঞ্চালনা করেন কোম্পানি সচিব মো. সাখাওয়াত হোসেন।

সভায় ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত বছরের বার্ষিক আর্থিক প্রতিবেদনের উপর আলোচনা করেন পরিচালনা পর্ষদ সদস্য ও বিনিয়োগকারীরা। উল্লেখ্য, আলোচ্য বছরে কোম্পানির গ্রস প্রিমিয়াম ৮৪ লাখ টাকা বৃদ্ধি পেয়ে ৬১ কোটি আট লাখ টাকা হয়েছে, যা ২০২১ সালে ছিল ৬০ কোটি ২৪ লাখ টাকা। এর মধ্যে নিট প্রিমিয়ামের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ কোটি ৭৫ টাকা, যা আগের বছর ছিল ৩৬ কোটি টাকা। অবলিখন মুনাফা প্রতিষ্ঠানটির ২০২২ সালে দাঁড়িয়েছে ৮ কোটি ৫০ টাকা, যা আগের বছর ছিল ১৩ কোটি ২০ লাখ টাকা। পাশাপাশি দাবি পরিশোধের পরিমাণ আগের চেয়ে কিছুটা কমেছে। আলোচ্য বছরে দাবি পরিশোধ করেছে ৯ কোটি ৭০ লাখ টাকা, যা আগের বছর ছিল ১৩ কোটি ৯৮ লাখ টাকা।

আবার মোট সম্পদ আগের বছরের তুলনায় কিছুটা বেড়েছে। আলোচ্য বছরে মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৯৫ কোটি ৮৬ লাখ টাকা, যা ২০২১ সালে ছিল ১৯৩ কোটি ৭২ লাখ টাকা। বিদায়ী বছরে এমন ব্যবসায়িক ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) কিছুটা কমলেও শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) ২০২১ সালের তুলনায় বেড়েছে। আলোচ্য বছরে ইপিএস দাঁড়িয়েছে ২ টাকা ১৩ পয়সা, যা আগের বছর ছিল ২ টাকা ৯৩ পয়সা এবং এনএভি দাঁড়িয়েছে ৩০ টাকা ০৪ পয়সা,যা ২০২১ সালে ছিল ২৯ টাকা ১৬ পয়সা। বছর সমাপনান্তে শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে ১১ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার প্রস্তাব অনুমোদিত হয়। যা সভার অন্যান্য আলোচ্যসূচির সাথে অনুমোদন লাভ করে।