নারায়ণগঞ্জে বাণিজ্যিক ভবন বিস্ফোরণে নিহত ১

নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে একটি বাণিজ্যিক ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। শনিবার সকালে ডাইল পট্টি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের নাম মো. আওলাদ হোসেন (৫৫)। তিনি ওই এলাকায় দিনমজুরের কাজ করতেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান।

নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিস জানায়, ওই ভবনটি বেশ পুরাতন। বিস্ফোরণের পর আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা আওলাদকে মৃত ঘোষণা করেন।

তারা জানায়, প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে।

 

দুর্ঘটনা কবলিত ওই ভবনের এক দোকানের মালিক জামান দেওয়ান বলেন, সকালে দোকান খোলার পর মালিক রাজন ধূপকাঠি জ্বালাতে গেলে এই দুর্ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, এই ভবনটি অনেক বছরের পুরাতন। এই দোকানের নিচ দিয়ে গ্যাসের লাইন ও স্যুয়ারেজের লাইন আছে। প্রায়ই গ্যাসের পাইপে লিকেজ হয়ে দোকানে গ্যাস ঢুকত।

সম্প্রতি সীতাকুণ্ডের সীমা অক্সিজেন প্লান্টে বিস্ফোরণে ৭ জন নিহত হন। এছাড়া রাজধানীর গুলিস্তানে সিদ্দিকবাজারে ক্যাফে কুইন ভবনে ভয়াবহ বিস্ফোরণ হয়। এ বিস্ফোরণে এখন পর্যন্ত ২৫ জন মারা গেছেন। আহত হয়েছেন আরও দেড় শতাধিক। তাদের মধ্যে এখনো বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া সায়েন্সল্যাবেও একটি তিনতলা ভবনে একই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মারা যান পাঁচজন।




সায়েন্সল্যাবে ভবনে বিস্ফোরণ

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকার মিরপুর রোডে একটি ভবনে বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের পর সেখানে আগুনও ধরে যায়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

রোববার সকাল ১০টা ৫০ মিনিটে এই ঘটনা ঘটে। তবে ঠিক কী কারণে ভবনে বিস্ফোরণ হয়েছে তা এখনও জানা যায়নি।

এই বিস্ফোরণের কারণে ওই ভবনের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

বিস্ফোরণের ঘটনায় চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিউ মার্কেট থানার ইন্সপেক্টর মামুন  বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, রাজধানীর সাইন্সল্যাবে একটি ভবনে আমরা আগুন লাগার খবর পেয়েছি। আগুন নিয়ন্ত্রণে আমাদের চারটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা জানতে পারিনি।

ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানিয়েছেন, এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং উদ্ধার অভিযান নির্বিঘ্ন করতে নিউমার্কেট থানার অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হয়েছেস ডিএমপির রমনা জোনের ডিসি মো. শহিদুল্লাহ।