শ্রমিকের অর্থ আত্মসাৎ করায় মামলা হলে আমরা তো বন্ধ করতে পারি না : প্রধানমন্ত্রী

নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে বিশ্বনেতাদের বিবৃতির বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিজের প্রতি এত আত্মবিশ্বাস থাকলে আন্তর্জাতিক অঙ্গনে বিবৃতি ভিক্ষা করে বেড়ান কেন? তিনি বলেন, কেউ যদি ট্যাক্স (কর) না দেয় আর যদি শ্রমিকের অর্থ আত্মসাৎ করে, শ্রমিকদের পক্ষ থেকে যদি মামলা করা হয়, আমাদের কী সেই হাত আছে যে মামলা বন্ধ করে দেব? প্রশ্ন করেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় গণভবনে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ব্রিকস সম্মেলন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, যারা বিবৃতি দিয়েছেন তাদের আহ্বান জানাই, বিবৃতি না দিয়ে বিশেষজ্ঞ পাঠান, আইনজীবী পাঠান। দলিল দস্তাবেজ, কাজগপত্র ঘেঁটে দেখুন অন্যায় আছে কি না।

প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতি খুঁজে বেড়াচ্ছেন, দুর্নীতির বিরুদ্ধে অভিযান করতে বলেছেন, কিন্তু দুর্নীতিবাজ পছন্দের লোক হলে আবার এগুলো নিয়ে কথা আসছে। কেন? আইন তো তার নিজস্ব গতিতে চলবে।
তিনি আরও বলেন, বিবৃতি না দিয়ে তাদের ক্লায়েন্টের জন্য অভিজ্ঞ লোক পাঠাক। তারা কাগপত্র ঘেঁটে দেখুক, এটা আসলে কী? মামলা তো আমরা করিনি। এনবিআর থেকে আয়কর ফাঁকির মামলা করেছে। ক্ষতিগ্রস্ত লেবাররা মামলা করেছেন।

নোবেলজয়ী বলে কি ব্যবস্থা নেওয়া হবে না? এমন প্রশ্ন রেখে শেখ হাসিনা বলেন, পৃথিবীতে এমন বহু নোবেল বিজয়ী আছেন, পরবর্তী সময়ে তাদের কাজের জন্য কারাগারে আছেন।

বিবৃতির ফলে আদালত প্রভাবিত হবে কি না, স্বাধীনভাবে কাজ করতে পারবে কি না?- এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, পারবে না কেন? আদালত স্বাধীনভাবে চলেব। ভয় পেলে চলবে না। শ্রমিকদের পাওনা তাদের দিতে হবে।

তিনি আরও বলেন, এখন যদি জিজ্ঞেস করি, গ্রামীণ ব্যাংক কিন্তু সরকারি। তাহলে সরকারি বেতনভুক্ত একজন কীভাবে বিদেশে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করেন? কীভাবে তিনি এগুলো করেন?
ব্রিকস সদস্যপদ নিয়ে শেখ হাসিনা বলেন, চাইলে পাবো না, সে অবস্থা না। সব কাজেরই একটা নিয়ম থাকে। আমরা সেটা মেনে চলি। তারা আমাদের আগে থেকেই জানিয়েছেন, তারা ধাপে ধাপে নেবেন। পরে সদস্য সংখ্যা বাড়াবেন। আমরা জোর দিয়েছি, নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের বিষয়ে।

তিনি আরও বলেন, বাংলাদেশ কিছু চেয়ে পাবে না, সে অবস্থায় নেই। আমরা এখন বিশ্বে বাংলাদেশকে মর্যাদার অবস্থানে নিয়ে গেছি। তারাও জানেন, বাংলাদেশ এখন ভিক্ষা চাওয়ার মতো দেশ না। বিরোধীদের মধ্যে হা-হুতাশ আছে। তাদের সময়ে বাংলাদেশ ভিক্ষা চাওয়ার মতো অবস্থায় ছিল, এখন নেই।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের সঞ্চালনায় এতে অংশ নেন- মন্ত্রিপরিষদ সদস্য, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

প্রধানমন্ত্রী বলেন, যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারে সেটাই অংশগ্রহণমূলক নির্বাচন। বিগত কয়েকটি নির্বাচনে জনগণ ভালো পরিবেশে ভোট দিয়েছে, আগামীতেও ভালোভাবে ভোট দিতে পারবে। জনগণ যাকে ভোট দেবে তারাই ক্ষমতায় আসবে, এটাই বিশ্বাস করি।

বিএনপির দিকে ইঙ্গিত করে সরকারপ্রধান বলেন, এই দলটি ক্ষমতায় গেলে দুর্নীতি করে কিছু টাকা যাবে গুলশানে, কিছু যাবে হাওয়া ভবনে, বাকিটা যাবে লন্ডনে। নিজেরা নিজেরা মারামারি করবে, দুর্নীতি করতে করতে এক সময় তারা বলবে আমরা পারব না। সেই দলকে জনগণ ভোট দেবে?

প্রধানমন্ত্রী বলেন, এত উন্নয়নের পর জনগণকে এখন সিদ্ধান্ত নিতে হবে তারা কী চায়। মেগা প্রকল্প বাস্তবায়ন করেছি, খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়েছি, কোনো খাদ্য ঘাটতি নেই। যা কিছু করেছি, সব তো জনগণের কাজে লাগছে। সবই তো জনগণ ভোগ করছে। মেট্রোরেল করতে গিয়ে আমাদের নানা কথা শুনতে হয়েছে। সব জায়গায় কথা শুনতে হচ্ছে। আর উন্নয়ন করে সবার প্রশংসা পাব, এটা আশা করিও না। আশা করাও ঠিক হবে না। যাদের এক সময় জনগণ প্রত্যাখ্যান করেছিল তারা তো এখন সমালোচনা করবেই।

শেখ হাসিনা আরও বলেন, জনগণের জন্য কাজ করছি, জনগণের জন্য আছি, ১৪ বছরের মধ্যে দেশকে কোথায় নিয়ে এসেছি, সেটাও দেখতে হবে। টানা ক্ষমতায় থাকার কারণে দেশের দ্রুত একটি পরিবর্তন আনা সহজ হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই এটা সম্ভব হয়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগ সুদূরপ্রসারী প্ল্যান করে রাখে। যখনই ক্ষমতায় আসি সেগুলো নিয়ে কাজ করি। ডিজিটাল রূপকল্প বাস্তবায়ন করা হয়েছে। দেশে গরীব মানুষ একটাও থাকবে না।

পাঁচ দেশের জোট ব্রিকস সম্মেলনে যোগ দিতে গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকা সফরে যান শেখ হাসিনা। জোহানেসবার্গে অনুষ্ঠিত এ সম্মেলনে যোগ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা।




ব্রিকস সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট (ইকে ৫৮৩) প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

ফ্লাইটটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে এক ঘণ্টার যাত্রাবিরতির পর স্থানীয় সময় রাত ৮টা ৫০ মিনিটে জোহানেসবার্গের ও.আর. ট্যাম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

তিন দিনব্যাপী ব্রিকস সম্মেলন চলবে ২২-২৪ আগস্ট।

কোভিড-১৯ মহামারির পর এবারই প্রথম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

নিউ ডেভেলপমেন্ট ব্যাংক অব ব্রিকসের এবারের সম্মেলনে বাংলাদেশের সদস্য পদ ঘোষণা করা হতে পারে।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ও ব্রিকসের বর্তমান চেয়ার সিরিল রামাফোসার আমন্ত্রণে প্রধানমন্ত্রী এ সম্মেলনে যোগ দিচ্ছেন বলে জানা গেছে।

দক্ষিণ আফ্রিকা প্রধান উদীয়মান অর্থনৈতিক দেশগুলোর গ্রুপ ব্রিকসের এ শীর্ষ সম্মেলনটির আয়োজন করেছে। ব্রিকসভুক্ত দেশগুলো হচ্ছে- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুরা দা সিলভা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে।

সফরের দ্বিতীয় দিন ২৩ আগস্ট রেডিসন ব্লু হোটেল অ্যান্ড কনভেনশন সেন্টারে সকাল ১০টায় প্রধানমন্ত্রী ‘বাংলাদেশ ট্রেড অ্যান্ড বিজনেস সামিট’ শীর্ষক এক আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বলে জানা গেছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) যৌথভাবে এর আয়োজন করছে।

একই দিন দুপুর সাড়ে ১২টায় প্যালেস অব রেসিডেন্সের রিভোনিয়া সপ্তম তলায় আফ্রিকান দেশগুলোতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতদের আয়োজন ‘বাংলাদেশ এনভয় কনফারেন্সে’ বক্তব্য রাখবেন শেখ হাসিনা। বিকালে হোটেল হিলটন স্যান্ডটনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে।

এছাড়া সন্ধ্যায় শেখ হাসিনা জোহানেসবার্গের গ্যালাঘের এস্টেটে ব্রিকসের বর্তমান চেয়ার ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের আয়োজনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজে যোগ দেবেন।

সম্মেলনের তৃতীয় দিন ২৪ আগস্ট প্রধানমন্ত্রী ‘ব্রিকস-ফ্রেন্ডস অব ব্রিকস লিডার্স ডায়লগ (ব্রিকস- আফ্রিকা আউটরিচ অ্যান্ড দ্য ব্রিকস প্লাস ডায়গল)-এ ‘নিউ ডেভেলপমেন্ট ব্যাংক অব ব্রিকস’র সদস্য হিসেবে বাংলাদেশের পক্ষ থেকে বক্তৃতা দেবেন। ওইদিন সকাল ৯টায় ৭০টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে স্যান্ডস্ট্যান্ড কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠান শুরু হবে।

আগামী ২৬ আগস্ট এমিরেটস এয়ারলাইন্সের (ইকে ৭৬২) ফ্লাইটে জোহানেসবার্গের ও. আর. টাম্বো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশের উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।