ব্যাংক এশিয়া ফার্স্ট পারপেচুয়াল বন্ডের কুপন রেট ঘোষণা

পুঁজিবাজারে বন্ড খাতে তালিকাভুক্ত ব্যাংক এশিয়া ফার্স্ট পারপেচুয়াল বন্ডের অর্ধবার্ষিক সময়ের জন্য মুনাফা বা কুপন রেট ঘোষণা করা হয়েছে। ২০২৫ সালের ২৮ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ২৭ জুন পর্যন্ত সময়ের জন্য বন্ডটির ইউনিটধারীদেরকে কুপন প্রদান করা হবে। আলোচ্য সময়ের জন্য বন্ডহোল্ডাদের বছরে ১০ শতাংশ কুপন হারে রিটার্ন (মুনাফা) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ট্রাস্টি কমিটি।

রবিবার (২১ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এই তথ্য পাওয়া গেছে।

এর আগে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বন্ডের ট্রাস্টি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। করপোরেট বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে গ্রিন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড।

তথ্য মতে, ব্যাংক এশিয়া ফার্স্ট পারপেচুয়াল বন্ডের ট্রাস্টি কমিটি ২০২৫ সালের ২৮ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ২৭ জুন পর্যন্ত সময়ের জন্য ১০ শতাংশ হারে অর্ধবার্ষিক কুপন রেট ঘোষণা করেছে। অর্থাৎ উল্লিখিত হারে রিটার্ন পাবেন ব্যংক এশিয়া ফার্স্ট পারপেচুয়াল বন্ডের ইউনিটধারীরা।

ব্যাংক এশিয়া ফার্স্ট পারপেচুয়াল বন্ডের মুনাফাপ্রাপ্তির যোগ্যতা নির্ধারণের লক্ষ্যে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়নি।

কুপন রেট ঘোষণাকে কেন্দ্র করে এদিন পারপেচুয়াল বন্ডটির লেনদেনে কোনো দরসীমা থাকছে না।




এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয় ক্রোকের নির্দেশ

ব্যাংক এশিয়ার প্রায় ৩৮৯ কোটি টাকা খেলাপি ঋণের মামলায় এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয় ক্রোক (জব্দ) করার আদেশ দিয়েছেন আদালত। সোমবার (৪ আগস্ট) ঢাকার ৫ নম্বর অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, এক বছর আগে তারল্য সংকটের কারণে ব্যাংক এশিয়ার কাছ থেকে ৩৮৮ কোটি ৯৫ লাখ ২৬ হাজার ৯৪৪ টাকার ঋণ নেয় এক্সিম ব্যাংক। মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও এক্সিম ব্যাংক ওই টাকা পরিশোধ করতে পারেনি। ওই খেলাপি ঋণ আদায়ের জন্য ঢাকার অর্থঋণ আদালত-৫ এ মামলাটি দায়ের করে ব্যাংক এশিয়া।

আদেশ থেকে জানা যায়, এদিন বাদীপক্ষ আদালতকে জানান, নালিশি ঋণের বিপরীতে এক্সিম ব্যাংকের কোনো সম্পত্তি দায়বদ্ধ নেই। তবে ওই সম্পত্তিতে এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয় অবস্থিত। এক্সিম ব্যাংকের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত ভঙ্গুর হওয়ায় সম্প্রতি অন্যান্য ব্যাংকের সঙ্গে এক্সিম ব্যাংককে একীভূত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তাই এক্সিম ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হওয়ায় প্রধান কার্যালয়ের সম্পত্তি ক্রোক না করলে বাদী ব্যাংক এশিয়ার বিপুল পরিমাণ খেলাপি ঋণ আদায় অনিশ্চিত হয়ে পড়বে।

শুনানি শেষে ও নথি পর্যালোচনা করে বিচারক এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয় কেন ক্রোক করা হবে না মর্মে ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেন। একই সঙ্গে কারণ না দর্শানো বা আপত্তি দাখিল না করা পর্যন্ত ব্যাংকটির প্রধান কার্যালয় অস্থায়ীভাবে ক্রোক করার আদেশ দেন আদালত।

আগামী ২১ আগস্ট বিবাদীপক্ষ অর্থাৎ এক্সিম ব্যাংকের জবাব দাখিলের জন্য দিন ধার্য করা হয়েছে।




ব্যাংক এশিয়ার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ব্যাংক এশিয়া পিএলসি গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৫-জুন’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

রবিবার (২৭ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৫-জুন’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৯৯ পয়সা। গত বছর একই সময়ে ১ টাকা ৬৮ পয়সা আয় হয়েছিল।স্টক ব্রোকারেজ পরিষেবা

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৫-জুন’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ২৯ পয়সা। গত বছরের একই সময়ে তা ছিল ২ টাকা ২৬ পয়সা।

দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৪০ টাকা ৭৯ পয়সা, যা গত বছরের একই সময়ে ২৬ টাকা ৩২ পয়সা ছিল।

গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৬ টাকা ৩৯ পয়সা।




ব্যাংক এশিয়া বন্ডের কুপন হার ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক এশিয়া ১ম পারপেচুয়াল বন্ডের অর্ধ বার্ষিক কুপন হার (Coupon Rate) তথা সুদের হার ঘোষণা করা হয়েছে। ব্যাংকটি বন্ডধারীদেরকে ১০ শতাংশ হারে সুদ দেবে।

রোববার (২৪ জুন) অনুষ্ঠিত বন্ডের ট্রাস্টি কমিটির বৈঠকে কুপনের হার অনুমোদন করা হয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আগামী ২৮ জুন থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য আলোচিত হারে রিটার্ন পাবেন ব্যাংক এশিয়া ১ম পারপেচুয়াল বন্ডের ইউনিটধারীরা।




৮০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে ব্যাংক এশিয়া

৮০০ কোটি টাকা মূল্যের অরূপান্তরযোগ্য সাব-অর্ডিনেট বন্ড ইস্যু করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ব্যাংক এশিয়া লিমিটেড ।

বুধবার (০৫ জুন) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় বন্ড ইস্যুর এ সিদ্ধান্ত নেয়া হয়। নিয়ম অনুযায়ী ব্যাংকেরর মূলধন বাড়াতে (টায়ার-২) প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ড ইস্যুর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মেয়াদ সাত বছর।

বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যুর সিদ্ধান্ত কার্যকর হবে।




ব্যাংক এশিয়ার নতুন প্রেসিডেন্ট ও এমডি সোহেল আর কে হুসেইন

ব্যাংক এশিয়া লিমিটেডের নতুন প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে যোগদান করেছেন সোহেল আর কে হুসেইন। রবিবার (১১ ফেব্রুয়ারি) তিনি প্রতিষ্ঠানটিতে যোগদান করেন।

এর আগে তিনি মেঘনা ব্যাংকে ২০২০ সাল থেকে এমডি ও সিইও এবং সিটি ব্যাংকে ২০-২০১৯ সাল পর্যন্ত এমডি ও সিইও হিসেবে নেতৃত্ব দেন।

তার নেতৃত্বে ব্যাংকগুলো ডিএইচএল-দ্য ডেইলি স্টার বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড, সিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড, ফাইন্যান্স এশিয়া বেস্ট ব্যাংক অ্যাওয়ার্ড, গ্লোবাল ফাইন্যান্স ওয়ার্ল্ডস বেস্ট ডিজিটাল ব্যাংক অ্যাওয়ার্ডসহ বেশ কয়েকটি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করে। এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকে ক্যারিয়ার শুরু করে পরবর্তী সময়ে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড এবং ইস্টার্ন ব্যাংক লিমিটেডে বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্বস্থানীয় পদে কাজ করেন।

৩৩ বছরেরও বেশি সময়ের পেশাজীবনে তিনি রি-ইঞ্জিনিয়ারিং ব্যাংক, কৌশলগত পরিকল্পনা উন্নয়ন ও বাস্তবায়ন, করপোরেট ব্যাংকিং, এসএমই, গ্রিন ব্যাংকিং, রিটেইল ব্যাংকিং, ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্সিং, ডিজিটাল সলিউশন, সেন্ট্রালাইজেশন অপারেশনস, ইসলামিক ব্যাংকিং উইন্ডো অপারেশনস, কার্ড বিজনেস, ট্রেজারি, এজেন্ট ব্যাংকিং, ইকুইটি এবং কুয়াইসি ইকুইটি ট্রানজেকশন পুনঃসংজ্ঞায়িত কৌশল, একত্রীকরণ এবং অধিগ্রহণ, অ্যাডভাইজরি অ্যান্ড স্ট্রাকচার্ড ফাইন্যান্স ট্রানজেকশন এবং ইকুইটি ইনভেস্টর স্ট্র্যাটেজিসহ বহুমুখী ব্যাংকিংয়ের অভিজ্ঞতা লাভ করেন।




ব্যাংক এশিয়ার ভাইস চেয়ারম্যান জাকিয়া রউফ চৌধুরী

জাকিয়া রউফ চৌধুরী সম্প্রতি অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৫০৮তম সভায় ব্যাংক এশিয়ার ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

দেশের বেসরকারি ব্যবসায়িক খাতে তার রয়েছে সুদীর্ঘ ৩৫ বছরেরও বেশি অভিজ্ঞতা। শুরু থেকেই তিনি দেশের অন্যতম বৃহৎ ব্যবসায়িক গোষ্ঠী র‌্যাংগস গ্রুপের একাধিক সহযোগী প্রতিষ্ঠানে নেতৃত্বের আসনে অধিষ্ঠিত। বর্তমানে তিনি সী রিসোর্সেস গ্রুপ, র‌্যাংগস্ ফার্মাসিউটিক্যালস্ লিমিটেড, র‌্যাংকস্ কনস্ট্রাকশন লিমিটেড, র‌্যাংকস্ এগ্রো ইন্ডাস্টিজ লিমিটেড এবং জেন ন্যাচারাল লিমিটেডের চেয়ারম্যান, একইসঙ্গে তিনি র‌্যাংকস্ রিয়েল এস্টেট লিমিটেড এবং র‌্যাংকস্ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ ছাড়াও তিনি র‌্যাংগস্ লিমিটেড, র‌্যাংগস্ মটরস্ লিমিটেড, র‌্যাংগস্ প্রপার্টিজ লিমিটেড, র‌্যানকন অটোস লিমিটেড, র‌্যাংকস্ ইন্টেরিয়র লিমিটেড, র‌্যাংকস্ অ্যাপ্লায়েন্স লিমিটেডসহ র‌্যাংগস্ গ্রুপের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানের পরিচালক। —বিজ্ঞপ্তি




বেশি দামে ডলার বিক্রিতে শাস্তি পাবেন ১০ ব্যাংকের ট্রেজারি প্রধান

ডলারের জন্য ঘোষিত হারের তুলনায় বেশি টাকা আদায়ের অভিযোগের বিষয়ে ব্যাংকগুলোর আগের ব্যাখ্যা গ্রহণ করা হয়নি। তাই গত সোমবার ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

চলতি বছর ডলারের দাম নিয়ে কারচুপির দায়ে ১০ ব্যাংকের ট্রেজারি প্রধানকে কেন জরিমানা করা হবে না, তা জানতে চেয়েছে বাংলাদেশ ব্যাংক।

ডলারের জন্য ঘোষিত হারের তুলনায় বেশি টাকা আদায়ের অভিযোগের বিষয়ে ব্যাংকগুলোর আগের ব্যাখ্যা গ্রহণ করা হয়নি। তাই গত সোমবার ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

ব্যাংক কোম্পানি আইন ১৯৯১-এর ১০৯(৭) ধারা অনুযায়ী কেন ব্যাংকগুলোর ট্রেজারি প্রধানদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তা চিঠি দেওয়ার তারিখ থেকে পাঁচ কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের কাছে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এই ধারায় বলা আছে, আইন লঙ্ঘনের জন্য কেন্দ্রীয় ব্যাংক সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানা করতে পারে।

চিঠি পাওয়া ব্যাংকগুলো হলো—সোশ্যাল ইসলামী ব্যাংক, আল-আরাফাহ্ ইসলামী, মার্কেন্টাইল ব্যাংক, মধুমতি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এক্সিম ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক ও ট্রাস্ট ব্যাংক।

ডলার কারচুপির অভিযোগে ব্যাংকগুলোর বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়ার ঘটনা এবারই প্রথম নয়।

গত বছর ডাচ্-বাংলা, প্রাইম, সিটি, সাউথইস্ট, ব্র্যাক, স্ট্যান্ডার্ড চার্টার্ড, এনসিসি, এইচএসবিসি, মার্কেন্টাইল, ঢাকা, ইউনাইটেড কমার্শিয়াল ও ব্যাংক এশিয়াসহ ১২ ব্যাংকের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছিল।

এরপর ডাচ-বাংলা, সাউথইস্ট, প্রাইম, সিটি, ব্র্যাক ও স্ট্যান্ডার্ড চার্টার্ডকে তাদের ট্রেজারি প্রধানদের মানবসম্পদ বিভাগে বদলি করার নির্দেশ দিলেও পরে বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্ত থেকে সরে আসে।

গত বছর থেকে বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন ও এবিবি কেন্দ্রীয় ব্যাংকের অনানুষ্ঠানিক নির্দেশে ডলারের দাম নির্ধারণ করে আসছে।

গত ৩১ আগস্ট প্রতিষ্ঠান দুটি সেপ্টেম্বর থেকে অভিন্ন বিনিময় হার কার্যকর করার সিদ্ধান্ত নেয়। সেসময় ১০৯ টাকা ৫০ পয়সায় ডলার কিনে ১১০ টাকায় বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়।




রুমি এ হোসেন ব্যাংক এশিয়ার বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান পুনর্নির্বাচিত

ব্যাংক এশিয়ার বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন রুমি এ হোসেন।

সম্প্রতি অনুষ্ঠিত পরিচালনা পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে তাকে পুনর্নির্বাচিত করা হয়।

তিনি ব্যাংক এশিয়ার একজন স্পন্সর পরিচালক। তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ গ্র্যাজুয়েট এবং ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্টে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন।

দেশের ইলেকট্রনিক্স, টেলিকম, ফার্মাসিউটিক্যালস্, আইটি এবং প্রকাশনা খাতসহ বিভিন্ন সেক্টরে তার ২৯ বছরের ব্যবসায়িক অভিজ্ঞতা রয়েছে।

তিনি র‌্যাংগস্ ইন্ডাস্ট্রিজ লিমিটেড (তোশিবা ও স্যামসাং এর পরিবেশক) এবং রোমাস্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।




ব্যাংক এশিয়ার এজিএম অনুষ্ঠিত

ব্যাংক এশিয়ার ২৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (৩০ এপ্রিল) ডিজিটাল প্লাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান রোমো রউফ চৌধুরী সভার সভাপতিত্ব করেন। সকাল ১১টায় শুরু হওয়া বার্ষিক সাধারণ সভায় ব্যাংকের শেয়ারহোল্ডারগণ এবং পরিচালনা পর্ষদসহ সকল অংশগ্রহণকারীগণ তাদের স্বতন্ত্র পরিচিতি দিয়ে লগ-ইন করে সভায় যোগদান করেন। ভার্চুয়াল সভার কারণে প্রতিটি বিবরণী আগে থেকেই অংশগ্রহণকারী শেয়ারহোল্ডারগণকে সরবরাহ করা হয়।

বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ করেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সাফওয়ান চৌধুরী, পরিচালক ও বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান রুমি এ হোসেন, স্বতন্ত্র পরিচালক ও বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান দিলওয়ার এইচ চৌধুরী, পরিচালক রোমানা রউফ চৌধুরী, নাফিস খন্দকার, স্বতন্ত্র পরিচালক আশরাফুল হক চৌধুরী, হেলাল আহমেদ চৌধুরী, মো. আবুল কাশেম, প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী, কোম্পানি সেক্রেটারি এস. এম. আনিসুজ্জামান এবং অন্যান্য পরিচালক ও উর্ধ্বতন কর্মকর্তাসহ উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারবৃন্দ।

শেয়ারহোল্ডারগণ ব্যাংকের সার্বিক কার্যক্রমের প্রতি সন্তোষ প্রকাশ করেন এবং ২০২২ সালের হিসাব বিবরণী অনুমোদনের পাশাপাশি সভায় ২০২২ সালের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।




১২ কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ১২টি কোম্পানির পরিচালনা পর্ষদ প্রান্তিক প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। এসব সভায় কোম্পানিগুলো তাদের বিভিন্ন প্রান্তিক আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সঙ্গে পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন শেষে সবার উদ্দেশ্যে প্রকাশ করবে।

মঙ্গলবার (২৫ এপ্রিল) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

পর্ষদ সভার তারিখ ঘোষনা করা কোম্পানিগুলো হলো- ব্যাংক এশিয়া, ফার ইস্ট নিটিং, আফতাব অটোমোবাইলস, ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক, যমুনা অয়েল, নাভানা সিএনজি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এপেক্স ট্যানারি, ন্যাশনাল টিউবস, সামিট পাওয়ার, গোল্ডেন হারভেস্ট এগ্রো এবং তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি।

এদের মধ্যে ব্যাংক এশিয়ার ৩০ এপ্রিল বিকেল ৩টায়, ফার ইস্ট নিটিংয়ের ৩০ এপ্রিল বিকেল ৩টায়, আফতাব অটোমোবাইলসের ৩০ এপ্রিল বিকেল ৩টায়, ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্কের ২৯ এপ্রিল বিকেল ৪টায়, যমুনা অয়েলের ২৯ এপ্রিল বিকেল ৩টায়, নাভানা সিএনজির ৩০ এপ্রিল বিকেল ৪টায়, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ২৯ এপ্রিল বিকেল ৩টায়, এপেক্স ট্যানারির ২৯ এপ্রিল বিকেল ৩টায়, ন্যাশনাল টিউবসের ২৯ এপ্রিল বিকেল ৩টায়, সামিট পাওয়ারের ৩০ এপ্রিল বিকেল ৩টায়, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিমের ৩০ এপ্রিল বিকেল সাড়ে ৩টায় এবং গোল্ডেন হারভেস্ট এগ্রোর ২৯ এপ্রিল বিকেল ৩টায় পরিচালনা পর্ষদ সভা শুরু হবে।