ঢাকা-ব্যাংকক রুটে প্রতিদিন ২টি ফ্লাইট চলবে

ঢাকা থেকে থাইল্যান্ডের ব্যাংককে প্রতিদিন দুটি করে ফ্লাইট পরিচালনা করবে দেশটির এয়ারলাইন থাই এয়ারওয়েজ। ১৬ জুলাই থেকে সপ্তাহে ৭টি থেকে বাড়িয়ে ১৪টি ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইনটি। সোমবার (১০ জুলাই) রাজধানীর গুলশানের একটি হোটেলে এক অনুষ্ঠানে এ তথ্য জানায় বাংলাদেশে থাই এয়ারের জেনারেল সেলস এজেন্ট এয়ার গ্যালাক্সি লিমিটেড।

অনুষ্ঠানে এয়ার গ্যালাক্সি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইউসুফ ওয়ালিদ বলেন, ঢাকা টু ব্যাংকক রুটে আগে প্রতিদিন ফ্লাইট থাকলেও ডাবল ফ্লাইট ছিল না। থাই এয়ারওয়েজে হালাল খাবারের ব্যবস্থা আছে। এছাড়া যেকোনও যাত্রী কী কী খাবার খেতে চান, সেটিও আগে থেকে সিলেক্ট করার ব্যবস্থা আছে। প্রতিদিন দিনে ১টি ও রাতে ১টি ফ্লাইট ঢাকা থেকে ব্যাংককের উদ্দেশ্যে যাত্রা করবে।

অনুষ্ঠানে জানানো হয়, হ্যাপি জুলাই নামে বিশেষ ছাড় দিচ্ছে থাই এয়ারওয়েজ। এতে দুজন একসঙ্গে ভ্রমণ করলে ৩০ কেজি লাগেজ বিনামূল্যে বহনের সুবিধা পাবেন। তবে এশিয়া, নর্থ এশিয়া, ইউরোপ ও অস্ট্রেলিয়া রুটগুলোতে ভ্রমণ করলে এই সুবিধা পাওয়া যাবে। প্রতিদিন ব্যাংকক থেকে ঢাকায় ফ্লাইট পৌঁছাবে দুপুর ১২টা ১০ মিনিটে এবং ঢাকা থেকে ব্যাংককে রওনা হবে দুপুর ১টা ৩০ মিনিটে। দিনের ডাবল ফ্লাইটগুলো বোয়িং-৭৮৭ ড্রিমলাইনার বা বোয়িং-৭৭২ উড়োজাহাজ দিয়ে। এসব উড়োজাহাজে থাকবে ৩০টি বিজনেস ও ২৬২টি ইকোনোমি শ্রেণির আসন।

অন্যদিকে ব্যাংকক থেকে ফ্লাইট রাত ১টা ৩৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে, যা ব্যাংককে পৌঁছাবে রাত ২টা ৪৫ মিনিটে। রাতের ফ্লাইটগুলো এয়ারবাস-এ৩২০-২০০ মডেলের উড়োজাহাজ দিয়ে পরিচালনা করা হবে, যাতে থাকবে ১৬৮টি ইকোনমি ক্লাসের সিট।




ব্যাংককে আইওএসকোর বার্ষিক সভা অনুষ্ঠিত

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিশ্বের বিভিন্ন দেশের পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থার সংগঠন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ সিকিউরিটিজ কমিশনের (আইওএসকো) বার্ষিক সভা ২০২৩ অনুষ্ঠিত হচ্ছে।

বুধবার (১৪ জুন) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ও আইওএসকোর এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক কমিটির (এপিআরসি) ভাইস-চেয়ার এবং আইওএসকো বোর্ডের সদস্য অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এ সভায় অংশগ্রহণ করেন।

সভায় অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম চলতি বছরের ২২ থেকে ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত এপিআরসি সভা এবং ১৩ জুন থাইল্যান্ডে অনুষ্ঠিত এপিআরসি সভা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যাদি উপস্থাপন করে আইওএসকো বোর্ডের সদস্যদেরকে এ বিষয়ে অবহিত করেন।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রসঙ্গত, আইওএসসিওর উদ্যোগে সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন থাইল্যান্ডের আয়োজনে ব্যাংককে ১৩ থেকে ১৫ জুন পর্যন্ত আইওএসসিও’র বার্ষিক সভা হবে।