সিএসইর নতুন এমডি সাইফুর রহমান মজুমদার

চট্টগ্রাম স্টক একচেঞ্জ (সিএসই) পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন এম সাইফুর রহমান মজুমদার।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮৮৮তম কমিশন সভায় এ নিয়োগ অনুমোদন দেওয়া হয়।

বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, এম সাইফুর রহমান মজুমদার সিএসই’র পরিচালনা বিধান, ২০১৩ অনুযায়ী এমডি পদে নিযুক্ত হবেন। তিনি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এবং সিএসইর সাবেক এমডি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এর আগে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগের জন্য তিন জনের নাম চূড়ান্ত করে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিতে পাঠায় সিএসই। তারা হলেন- ডিএসইর সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম. সাইফুর রহমান মজুমদার, সিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. গোলাম ফারুক এবং সিএসইর সেটলমেন্ট ও লিস্টিং বিভাগের প্রধান একেএম শাহরোজ আলম। সার্বিক দিক বিবেচনা করে বিএসইসি সাইফুর রহমান মজুমদারকে নতুন এমডি হিসেবে অনুমোদন দেয়।

এম সাইফুর রহমান মজুমদার ১৯৯২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞানে স্নাতকোত্তর শেষ করেন। ১৯৯৫ সালে তিনি দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট একাউন্টেন্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) সিএমএ শেষ করেন।

এরপর ১৯৯৮ সালে শেষ করেন ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) সিএ। সিএ পড়ার সময় রহমান হক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসে কর্ম জীবন শুরু করেন সাইফুর রহমান মজুমদার।




ডিএসইর এমডি হিসেবে যোগ দিলেন তারিকুজ্জামান

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক নির্বাহী পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন।

রোববার (১৭ সেপ্টেম্বর) ডিমিউচ্যুয়ালাইজেশন পরবর্তী এক্সচেঞ্জটির পঞ্চম এমডি হিসেবে যোগ দিলেন তিনি। গত ৮ আগস্ট তার নিয়োগের বিষয়টি অনুমোদন করে বিএসইসি।

তারিকুজ্জামান সাবেক এমডি তারিক আমিন ভূঁইয়ার পর আগামী তিন বছরের জন্য ডিএসইর এমডি হিসেবে দায়িত্ব পালন করবেন।

তারিক আমিন ভূঁইয়া ২০২২ সালের ২৩ আগস্ট পদত্যাগপত্র জমা দেন। এর আগে ডিএসইর এমডি হিসেবে কাজ করেন প্রয়াত অধ্যাপক ড. স্বপন কুমার বালা, কেএএম মাজেদুর রহমান, কাজী ছানাউল হক।

উল্লেখ্য, গত ৮ আগস্ট তারিকুজ্জামানের নিয়োগের বিষয়ে ডিএসইর চেয়ারম্যানের কাছে পাঠানো বিএসইসির সহকারী পরিচালক মো. সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, এক্সচেঞ্জটির পর্ষদের পাঠানো সুপারিশ বিবেচনায় নিয়ে কমিশন ড. এটিএম তারিকুজ্জামানকে এমডি হিসেবে নিয়োগের বিষয়টি অনুমোদন করেছে।

ড. এটিএম তারিকুজ্জামান গত ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত বিএসইসির নির্বাহী পরিচালক হিসেবে কমিশনে কাজ করেছেন। ডিএসইর এমডি হিসেবে তার নিয়োগের বিষয়টি অনুমোদনের পরে তিনি কমিশনের চাকরি থেকে অবসর নেন।




ডিএসইর নতুন এমডি তারিকুজ্জামান

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান।মঙ্গলবার (৮ আগস্ট) বিএসইসি তার নিয়োগ অনুমোদন করেছে।

ড. এটিএম তারিকুজ্জামান এ বিষয়টি রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, কমিশন সার্বিক বিবেচনা করে আমাকে ডিএসইর এমডি হিসেবে নিয়োগ দিয়েছে। আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করব।

এর আগে সোমবার (৭ আগস্ট) এমডি পদে নিয়োগ চেয়ে ড. এটিএম তারিকুজ্জামান, মার্কেন্টাইল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক কাজী মশিহুর রহমান এবং ন্যাশনাল ফিন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক শফিউদ্দিন এম নাসেরের নাম কমিশনে পাঠায় ডিএসই কর্তৃপক্ষ। যার আলোকে কমিশন এটিএম তারিকুজ্জামানকে এমডি পদে নিয়োগের অনুমোদন দেয়।

গত বছরের সেপ্টেম্বরে ব্যবস্থাপনা পরিচালক তারেক আমিন ভূঁইয়ার পদত্যাগের পর ডিএসইতে শীর্ষ নির্বাহীর পদটি শূন্য হয়।




ফের নতুন এমডি খুঁজছে ঢাকা স্টক এক্সচেঞ্জ

আবারও নতুন করে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খুঁজছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৩ মে) কয়েকটি জাতীয় দৈনিক ও ওয়েবসাইটে এমডি পদে যোগ্য ও ভালো প্রার্থী চেয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডিএসই।

 

গত বছরের ২৩ আগস্ট ডিএসইর সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তারিক আমিন ভুঁইয়ার পদত্যাগের পর থেকে বেশ কয়েক দফায় এ পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে প্রতিষ্ঠানটি।

সূত্র জানায়, নির্ধারিত সময়ের পর দুই দফা সময় বাড়ানোর পরও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিতে ব্যর্থ হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসই। একাধিকবার সময় দিয়েও যোগ্য ব্যক্তির মনোয়ন ডিএসইর কাছ থেকে পায়নি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তাই, এবার ডিএসইকে পুনরায় এমডি নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করার নির্দেশ দিয়েছে কমিশন। ওই নির্দেশনার আলোকেই এমডি নিয়োগে ফের বিজ্ঞপ্তি প্রকাশ করলো ডিএসই।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগামী ৩ বছরের জন্য চুক্তিভিত্তিক ডিএসইর এমডি নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ২২ জুনের মধ্যে অনলাইনে https://career.dse.com.bd:9000/ এবং https://www.dsebd.org/career.php আবেদন জমা দেওয়া যাবে।

এমডি হতে আগ্রহীদের ব্যবসায়, অর্থনীতি, পরিসংখ্যান, গণিত বা আইনসহ স্নাতক ন্যুনতম ১০ বছরের ব্যবস্থাপনা অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া ফিনটেক, ইনফরমেশন টেকনোলজি ও গভর্নেন্স বিষয়ে জ্ঞান থাকতে হবে। তবে পুঁজিবাজারে আন্তর্জাতিক এক্সপোজারসহ ব্যতিক্রমী প্রার্থীর বিষয়ে যোগ্যতা শিথিল করতে পারে বোর্ড। এছাড়াও পুঁজিবাজার-ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সম্পর্কিত বৈদেশিক অভিজ্ঞতা থাকতে হবে।

প্রসঙ্গত, ২০২২ সালের ২৩ আগস্ট ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে পদত্যাগ করেন তৎকালীন এমডি তারিক আমিন ভূঁইয়া। নিয়ম অনুযায়ী, ডিএসইর এমডি পদ খালি হওয়ার ৯০ দিনের মধ্যে বিএসইসি এই পদে নিয়োগ দেবে। সে লক্ষ্যে এমডি পদে নিয়োগের জন্য গত বছরের ৬ অক্টোবর জাতীয় পত্রিকা ও ডিএসইর ওয়েবসাইটে এমডি পদের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন চেয়ে বিজ্ঞাপন দেওয়া হয়।

এরপর বিএসইসির কাছে ৪৫ দিন সময় বাড়ানোর আবেদন করলে ডিএসইকে এক মাস সময় দেওয়া হয়। ওই সময়ের মধ্যেও প্রস্তাব জমা দেয়নি। পরে দ্বিতীয় দফায় আবারও সময় বাড়ানোর আবেদন করে ডিএসই। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ২ মাস সময় বাড়ায় বিএসইসি।

এদিকে, প্রবিধান অনুসারে ডিএসইর এমডি নিয়োগের প্রক্রিয়ার ধাপগুলো হলো—প্রথমত, ডিএসইর নমিনেশন ও রিমুনেরেশন কমিটি এমডি পদের জন্য আবেদনকারীদের মধ্য থেকে কমপক্ষে তিনজন প্রার্থী নির্বাচন করবে। দ্বিতীয়ত, ডিএসইর পরিচালনা পর্ষদ নমিনেশন ও রিমুনেরেশন কমিটি দ্বারা নির্বাচিতদের মধ্য থেকে কমপক্ষে তিনজন প্রার্থীর জন্য সুপারিশ করবে। এবং সবশেষে বিএসইসি উল্লিখিত পদের জন্য বোর্ডের সুপারিশকৃতের মধ্যে থেকে একজন আবেদনকারীকে অনুমোদন দেবে। এছাড়া, প্রবিধানে লেখা আছে যে, যদি পরিচালনা পর্ষদ এমডি বা সিইও নিয়োগে ব্যর্থ হয়, তাহলে কমিশন একজনকে নিয়োগ করতে পারে।

তারিক আমিন ভূঁইয়া ২০২১ সালের ২৫ জুলাই ডিএসইর এমডি হিসেবে যোগ দেন। তিনি প্রযুক্তি খাতের বিশেষজ্ঞ। তিন বছরের জন্য তাকে নিয়োগ দেয় বিএসইসি। কিন্তু, ১৩ মাসের মাথায় তিনি পদত্যাগপত্র জমা দেন। তার আগে ২০২০ সালের ৮ অক্টোবর কাজী ছানাউল হক ডিএসইর এমডি হিসেবে থাকবেন না বলে পদত্যাগপত্র জমা দেন।




এমডি নিয়োগে ডিএসইকে পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

নির্ধারিত সময়ের পর দুই দফা সময় বাড়ানোর পরও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিতে ব্যর্থ হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। একাধিকবার সময় দিয়েও যোগ্য ব্যক্তির মনোয়ন ডিএসইর কাছ থেকে পায়নি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তাই, এবার ডিএসইকে পুনরায় এমডি নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করার নির্দেশ দিয়েছে কমিশন।

সম্প্রতি এ বিষয়ে নির্দেশ দিয়ে ডিএসইর ভারপ্রাপ্ত এমডি বরাবর একটি চিঠি পাঠিয়েছে বিএসইসি। চিঠিতে এমডি নিয়োগের বিজ্ঞাপনে বেশকিছু যোগ্যতা উল্লেখ করে দেওয়া হয়েছে।

এর আগের নির্দেশনা ও চিঠির বিষয়ে উল্লেখ করে বিএসইসির চিঠিতে বলা হয়েছে, এমডি পদের জন্য ডিএসইকে উপযুক্ত এবং যোগ্য প্রার্থী সন্ধানের জন্য নিয়োগের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করার নির্দেশ দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে উল্লেখ্য যে, নতুন বিজ্ঞাপনে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালকের জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জ (বোর্ড এবং প্রশাসন) রেগুলেশন, ২০১৩-এ বর্ণিত মানদণ্ড থাকতে হবে। সেই সঙ্গে ফিনটেক, আইটি এবং গভর্নেন্স সম্পর্কিত জ্ঞান অন্তর্ভুক্ত থাকতে হবে বলে জানানো হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, ডিএসইর নিয়োগ প্রক্রিয়া এবং নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত এমডি হিসেবে এম সাইফুর রহমান মজুমদার দায়িত্ব পালন করবেন।

প্রসঙ্গত, ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে পদত্যাগ করেন তৎকালীন এমডি তারিক আমিন ভূঁইয়া। নিয়ম অনুযায়ী, ডিএসইর এমডি পদ খালি হওয়ার ৯০ দিনের মধ্যে বিএসইসি এই পদে নিয়োগ দেবে। সে লক্ষ্যে এমডি পদে নিয়োগের জন্য গত বছরের ৬ অক্টোবর জাতীয় পত্রিকা ও ডিএসইর ওয়েবসাইটে এমডি পদের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন চেয়ে বিজ্ঞাপন দেওয়া হয়।

এরপর বিএসইসির কাছে ৪৫ দিন সময় বাড়ানোর আবেদন করলে ডিএসইকে এক মাস সময় দেওয়া হয়। ওই সময়ের মধ্যেও প্রস্তাব জমা দেয়নি। পরে দ্বিতীয় দফায় আবারও সময় বাড়ানোর আবেদন করে ডিএসই। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ২ মাস সময় বাড়ায় বিএসইসি।

এদিকে, প্রবিধান অনুসারে ডিএসইর এমডি নিয়োগের প্রক্রিয়ার ধাপগুলো হলো—প্রথমত, ডিএসইর নমিনেশন ও রিমুনেরেশন কমিটি এমডি পদের জন্য আবেদনকারীদের মধ্য থেকে কমপক্ষে তিনজন প্রার্থী নির্বাচন করবে। দ্বিতীয়ত, ডিএসইর পরিচালনা পর্ষদ নমিনেশন ও রিমুনেরেশন কমিটি দ্বারা নির্বাচিতদের মধ্য থেকে কমপক্ষে তিনজন প্রার্থীর জন্য সুপারিশ করবে। এবং সবশেষে বিএসইসি উল্লিখিত পদের জন্য বোর্ডের সুপারিশকৃতের মধ্যে থেকে একজন আবেদনকারীকে অনুমোদন দেবে। এছাড়া, প্রবিধানে লেখা আছে যে, যদি পরিচালনা পর্ষদ এমডি বা সিইও নিয়োগে ব্যর্থ হয়, তাহলে কমিশন একজনকে নিয়োগ করতে পারে।

তারিক আমিন ভূঁইয়া ২০২১ সালের ২৫ জুলাই ডিএসইর এমডি হিসেবে যোগ দেন। তিনি প্রযুক্তি খাতের বিশেষজ্ঞ। তিন বছরের জন্য তাকে নিয়োগ দেয় বিএসইসি। কিন্তু, ১৩ মাসের মাথায় তিনি পদত্যাগপত্র জমা দেন। তার আগে ২০২০ সালের ৮ অক্টোবর কাজী ছানাউল হক ডিএসইর এমডি হিসেবে থাকবেন না বলে পদত্যাগপত্র জমা দেন।