বেবিচকের নতুন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। তিনি এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়ার স্থলাভিষিক্ত হবেন।”

 

বুধবার (২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এই দায়িত্ব দেওয়া হয়।

 

এতে বলা হয়, বেবিচক চেয়ারম্যান হিসেবে নিয়োগের জন্য এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিককে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করা হল।

উল্লেখ্য, গত ২৬ জুন কক্সবাজারে থাকা অবস্থায় অনেকটা আকস্মিকভাবে মঞ্জুর কবীর ভূঁইয়াকে বেবিচক চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

 

গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৯ অগাস্ট মঞ্জুর কবীরকে প্রেষণে বেবিচক চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছিল। তার মাত্র ছয় সপ্তাহ আগে সেই দায়িত্বে আসা এয়ার কমডোর সাদিকুর রহমান চৌধুরীকে তখন বিমান বাহিনীতে ফিরিয়ে দেওয়া হয়েছিল।

 

এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক চট্টগ্রামের পতেঙ্গায় বিএএফ জহুরুল হক ঘাঁটির এয়ার অফিসার কমান্ডিং (এওসি) ছিলেন। তার আগে বীর উত্তম এ কে খন্দকার ঘাঁটির এয়ার অধিনায়কের দায়িত্ব পালন করেছেন।




তৃতীয় টার্মিনালের উদ্বোধন ৭ অক্টোবর

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল আংশিক (সফট লঞ্চিং) উদ্বোধন হবে আগামী ৭ অক্টোবর। এ দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা টার্মিনালের আংশিক উদ্বোধন ঘোষণা করবেন।

মঙ্গলবার (৮ আগস্ট) এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান।

সংবাদ সম্মেলনে তিনি জানান, ৭ অক্টোবর আংশিক উদ্বোধন হলেও যাত্রীরা টার্মিনাল ব্যবহার করতে পারবেন ২০২৪ সালের শেষের দিকে।

বেবিচক চেয়ারম্যান বলেন, ‘৮২ শতাংশ কাজ সম্পাদিত হয়েছে। আমাদের লক্ষ্যমাত্রা ছিল সাব-ওপেনিংয়ের আগে ৯০ শতাংশ কাজ শেষ করবো। আমরা আশা করছি আমাদের পরিকল্পনা মাফিক কাজ শেষ হবে।’

কোভিডের সময়ও এই প্রকল্পের কাজ থেকে থাকেনি বলে জানান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান। তিনি বলেন, ‘আমরা এই প্রকল্পে ৭০০ কোটি টাকা সাশ্রয় করেছিলাম। আমাদের প্রকল্পের নির্ধারিত ছিল ১২টি বোর্ডিং ব্রিজ, ওই টাকা দিয়ে কিছু অংশ তৈরি করা হবে।’

২০১৯ সালের ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণকাজের উদ্বোধন করেন। জাপানের মিতসুবিশি ও ফুজিতা এবং কোরিয়ার স্যামসং এর এভিয়েশন ঢাকা কনসোর্টিয়াম (এডিসি) এই টার্মিনালের নির্মাণ কাজ করছে। এ টার্মিনাল নির্মাণে ব্যয় ধরা হয়েছিলো ২১ হাজার ৩০০ কোটি টাকা। এরমধ্যে পাঁচ হাজার কোটি টাকা বাংলাদেশ সরকার এবং বাকি অর্থ দেবে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)।




শুক্রবার রাতে সাত ঘণ্টা বিমানবন্দর সড়ক এড়িয়ে চলার অনুরোধ

আগামী শুক্রবার (৫ মে) রাত ১১টা থেকে ৭ ঘণ্টা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনের সড়কে যানবাহন চলাচল সীমিত থাকবে।

বুধবার (৩ মে) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫ মে রাত ১১টা থেকে ৬ মে সকাল ৬টা পর্যন্ত মোট ৭ ঘণ্টা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনের সড়কে যানবাহন চলাচল সীমিত থাকবে। বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনে উড়ালসড়কের নির্মাণকাজের জন্য ওই ৭ ঘণ্টা সব ধরনের যান চলাচল সীমিত রাখা হবে।

এসময় ভারী ও মালবাহী যানবাহনকে বিমানবন্দর সড়কে না গিয়ে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করা হয়েছে।