চামড়াশিল্পের সংকট কাটাতে আর সময় নষ্ট করতে চাই না : বিসিক চেয়ারম্যান

বিগত সরকারের আমলে দেশের চামড়াশিল্পের অধঃপতন হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান বেনজীর আহমেদ। তিনি বলেছেন, সরকার চামড়াশিল্পকে আবার জাগিয়ে তুলতে চায়। এ খাতের সমস্যা সমাধানে অনেক সময় নষ্ট হয়েছে। এখন আর সময় নষ্ট করতে চায় না বিসিক।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে চট্টগ্রামের আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বিসিক আয়োজিত জব অ্যান্ড ক্যারিয়ার ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিসিক চেয়ারম্যান বলেন, দেশে শিল্পায়ন ও উদ্যোক্তা তৈরিতে বিসিক কাজ করছে। সারা দেশে সংস্থাটির ৮৪টি শিল্পনগরী রয়েছে। এসব শিল্পনগরীতে উদ্যোক্তাদের কারখানা স্থাপনের সুযোগ-সুবিধা দেওয়া হয়। পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরি এবং তাদের সঙ্গে গ্রাহকদের সংযোগ স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

উদ্যোক্তাদের পণ্য বাজারজাত করার সুযোগ বাড়াতে প্রতি মাসে মেলার আয়োজন করা হচ্ছে। আগামী ডিসেম্বরে বড় পরিসরে মেলা আয়োজনের পরিকল্পনাও রয়েছে।

দেশের অর্থনীতিতে পরিবর্তনের কথা তুলে ধরে বেনজীর আহমেদ বলেন, বাংলাদেশ একসময় কৃষিনির্ভর দেশ ছিল। ঘরে ঘরে কুটিরশিল্প গড়ে উঠেছিল। ১৯৫৭ সালে ইপসিক প্রতিষ্ঠিত হয়, যা স্বাধীনতার পর বিসিকে রূপ নেয়। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি দেশের শিল্পায়নে ভূমিকা রাখছে।

তিনি বলেন, আগে দেশে কম দামের শ্রমিক ও গ্যাসের সুবিধা ছিল। এখন গ্যাসের সংকট রয়েছে। তাই নিজস্ব কাঁচামাল ব্যবহার করে পণ্য উৎপাদন এবং দক্ষতা বাড়ানোর দিকে মনোযোগ দিতে হবে। প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে দেশীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা জরুরি। বিসিকও দেশীয় কাঁচামালনির্ভর শিল্প গড়ে তোলার ওপর গুরুত্ব দিচ্ছে।

বিসিক চেয়ারম্যান আরও বলেন, ঢাকার চামড়া, প্লাস্টিক ও মুদ্রণশিল্পের কারখানাগুলো বিসিকের শিল্প পার্কে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। একইভাবে চট্টগ্রাম নগরকে আরও বাসযোগ্য ও যানজটমুক্ত করতে নগরের বিভিন্ন কারখানা পরিকল্পিত শিল্পনগরে স্থানান্তর করা যেতে পারে।

চাকরিপ্রার্থী ও নিয়োগদাতাদের মধ্যে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যেই জব ফেয়ারের আয়োজন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, বিসিক উদ্যোক্তাদের সঙ্গে গ্রাহকদের সংযোগ স্থাপনের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতেও ভূমিকা রাখতে চায়। অনুষ্ঠানে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের স্টলে চাকরিপ্রার্থীরা জীবনবৃত্তান্ত জমা দেন। তাদের মধ্যে কয়েকজন তাৎক্ষণিকভাবে নিয়োগপত্রও পেয়েছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, দেশে বেকারত্ব দূর করার লক্ষ্যে বিসিকের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের ঘোষিত লক্ষ্যমাত্রা অর্জনে বিসিকও কাজ করছে। তরুণদের প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ তৈরিতে তিনি নিজ অবস্থান থেকে বিসিককে সহযোগিতা করার আশ্বাস দেন।

চট্টগ্রাম নগরের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বেলায়েত হোসেন বলেন, বিগত সরকারের আমলে একটি নান্দনিক শহর জলাবদ্ধতার শহরে পরিণত হয়েছে। আগ্রাবাদ এলাকায় ফুটপাতের পাশাপাশি সড়কেরও বড় অংশ হকারদের দখলে চলে গেছে। সড়কের দুই পাশে গাড়ি রাখার কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। যানজটের কারণে বিদেশি বিনিয়োগকারীদের যাতায়াতেও সমস্যা হচ্ছে। এর প্রভাব পড়ছে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর ওপর। নগরের এসব সমস্যা সমাধানে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

দি চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পের বিকাশে সরকারি-বেসরকারি খাতের সমন্বয় প্রয়োজন। বিসিকের প্রশিক্ষণ কার্যক্রম ও চাকরি মেলায় চিটাগং চেম্বার যুক্ত থাকতে চায়। তিনি বলেন, চট্টগ্রাম বন্দর দেশের আমদানি-রপ্তানির প্রায় ৯২ শতাংশ পরিচালনা করে। দেশের অর্থনীতিতে এ বন্দরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বেকারত্ব বাড়তে থাকায় কর্মসংস্থান সৃষ্টিতে সবাইকে সম্মিলিতভাবে উদ্যোগ নিতে হবে।

বিসিকের পরিচালক (প্রশাসন) মুহম্মদ কামরুজ্জামান বলেন, বিসিক একটি সুপ্রাচীন প্রতিষ্ঠান। দেশের শিল্পায়নে সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

চট্টগ্রাম উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি লুৎমিলা ফরিদ বলেন, জব ফেয়ার শিক্ষা ও ব্যবসাপ্রতিষ্ঠানের মধ্যে সেতুবন্ধ তৈরি করছে। চাকরিপ্রার্থীরা এ আয়োজনের মাধ্যমে চাকরির বাজারে প্রয়োজনীয় দক্ষতা সম্পর্কে জানতে পারছেন। বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে তথ্যপ্রযুক্তির দক্ষতা বাড়ানোর বিকল্প নেই। মেলা থেকে পাওয়া মতামত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কাছে পৌঁছানো গেলে পাঠ্যক্রম যুগোপযোগী করা এবং দক্ষতার ঘাটতি কমানো সম্ভব হবে।

বিসিক চট্টগ্রামের আঞ্চলিক পরিচালক খালেদ মাহমুদ বলেন, বিসিকের মূল কাজ উদ্যোক্তা তৈরি করা। এ মেলায় অংশ নেওয়া উদ্যোক্তাদের সাফল্য দেখে তরুণরা চাকরির পাশাপাশি নিজের উদ্যোগ গড়ে তোলার ব্যাপারেও উৎসাহিত হবেন। নতুন উদ্যোক্তা তৈরি হলে আরও মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিসিকের উপমহাব্যবস্থাপক এস এম আলকাদেরী।




শিল্পনীতি যুগোপযোগী ও চট্টগ্রাম বন্দরে ল্যাব আধুনিকায়নের তাগিদ

শিল্প মন্ত্রণালয়ের বিদ্যমান শিল্পনীতিগু‌লো যুগোপযোগী করা, বিসিক শিল্পনগরের কার্যকারিতা বৃদ্ধি, ব্যবসার ব্যয় কমিয়ে আনতে চট্টগ্রাম বন্দরে অবস্থিত বিএসটিআইয়ের ল্যাবরেটরিতে আধুনিক যন্ত্রপাতি স্থাপন ও পরীক্ষণ সক্ষমতা বাড়াতে শিল্প মন্ত্রণালয়কে অগ্রাধিকার ভিত্তিতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

সোমবার (৫ ফেব্রুয়ারি) শিল্প মন্ত্রণালয়ের সভাকক্ষে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এই আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম।

এতে এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি মো. আমিন হেলালী, সহ-সভাপতি মো. মুনির হোসেন, এফবিসিসিআইয়ের মহাসচিব মো. আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় এবং শিল্পমন্ত্রী হিসেবে দ্বায়িত্ব গ্রহণ করায় নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম।

মাহবুবুল আলম বলেন, উপযুক্ত শিল্পনীতি প্রণয়নের মাধ্যমে শিল্পায়নকে ত্বরান্বিত করার পাশাপাশি রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানের সংস্কার, ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশ, পণ্য উন্নয়ন ও মূল্য সংযোজন, মেধা সম্পদের অধিকার সংরক্ষণ, খাতভিত্তিক দক্ষ জনশক্তি তৈরি, উৎপাদনশীলতা ও প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি, উদ্ভাবন ও গবেষণা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে শিল্প মন্ত্রণালয়।

ব্যবসায় ব্যয় হ্রাসে চট্টগ্রাম বন্দরের গুরুত্বের কথা তুলে ধরে এফবিসিসিআই সভাপতি বলেন, চট্টগ্রাম বন্দরে বিএসটিআইয়ের ল্যাবরেটরিতে আধুনিক যন্ত্রপাতি ও উন্নত প্রযুক্তির ঘাটতি থাকায় ব্যবসার ব্যয় অনেকাংশে বেড়ে যাচ্ছে। প্রধান সমুদ্র বন্দরটিতে দ্রুত আধুনিক পরীক্ষণ যন্ত্রপাতি ও প্রযুক্তি স্থাপন করা গেলে সেখানে পণ্য খালাস প্রক্রিয়া আরও সহজ ও দ্রুততর হবে। এতে ব্যবসার ব্যয় কিছুটা কমে আসবে।

মাহবুবুল আলম বলেন, চামড়া শিল্পের আধুনিকায়নের লক্ষ্যে সাভারে চামড়া শিল্পনগরী স্থাপন এবং চামড়া ও চামড়াজাত পণ্য উন্নয়ন নীতিমালা ২০১৯ প্রণয়ন করা হয়েছে। পরিপূর্ণ প্রস্তুতি না নিয়ে চামড়া শিল্পনগরী সাভারে স্থানান্তর করায় এই খাতের উদ্যোক্তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। অন্যদিকে, কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগারের (সিইটিপি) সম্পূর্ণ সুফল না পাওয়া, কঠিন বর্জ্য এবং ড্রেনেজ ব্যবস্থাপনার দুর্বলতার কারণে এলডব্লিউজি সার্টিফিকেট (লেদার ওয়ার্কিং গ্রুপের পরিবেশগত সনদ) পাচ্ছে না সাভার চামড়া শিল্পনগরী। যা চামড়া ও চামড়াজাত শিল্পের বিকাশে অন্যতম বাধা। এসব সমস্যা সমাধানে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শিল্পমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি। এছাড়া কাঁচা চামড়ার গুণগতমান রক্ষায় কোল্ড স্টোরেজ স্থাপন, চামড়ার বাই-প্রডাক্ট উৎপাদনসহ এই খাতে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।

রুগ্ণ শিল্পের হালনাগাদ তালিকা প্রণয়নের উদ্যোগ গ্রহণ করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে মাহবুবুল আলম জানান, এফবিসিসিআই থেকে তার অধিভুক্ত সব অ্যাসোসিয়েশন ও চেম্বারকে নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে রুগ্ণ শিল্পের হালনাগাদ তালিকা পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।

এফবিসিসিআইয়ের পক্ষ থেকে সিক ইন্ডাস্ট্রি অ্যাক্ট-এর খসড়া প্রণয়ন করে ইতিপূর্বে শিল্প মন্ত্রণালয় ও সরকারের নিকট জমা দেওয়া হয়েছে উল্লেখ করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শিল্পমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

এসময় এফবিসিসিআই সভাপতির কথা গুরুত্ব সহকারে শোনেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। বর্তমান সরকার দেশে ব্যবসার পরিবেশ উন্নয়নে বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে উল্লেখ করে তিনি বলেন, দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে ও ব্যবসার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এফবিসিসিআইয়ের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করবে শিল্প মন্ত্রণালয়।

ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরে বিএসটিআইয়ের ভবনের নির্মাণকাজ অনেক দূর এগিয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, নির্মাণ কাজ সম্পন্ন হলে খুব শীঘ্রই চট্টগ্রাম বন্দরে বিএসটিআইয়ের আধুনিক পরীক্ষাগার স্থাপন করা হবে।




বিসিক শিল্পনগরীতে নারীরা পাবেন ১০ শতাংশ কোটা

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) শিল্পনগরী বা শিল্প পার্কে প্লট বরাদ্দ ও ব্যবস্থাপনা নীতিমালা প্রণয়ন হয়েছে। যাতে প্রতিটি বিসিক শিল্প নগরীতে নারী উদ্যোক্তাদের ১০ শতাংশ কোটা সুবিধাসহ প্লটের টাকা পরিশোধে বাড়তি সুবিধা এবং এককালীন পরিশোধে বাড়তি রিবেট সুবিধা দেওয়া হয়েছে।

বুধবার বিসিক কনফারেন্স রুমে এ নতুন নীতিমালা অবহিতকরণ সভা হয়। এতে সভাপতিত্ব করেন বিসিক চেয়ারম্যান মাহবুবর রহমান। সভায় বিসিক পরিচালক পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় জানানো হয়, দেশের বিভিন্ন শিল্পনগরী এবং শিল্প পার্কের প্লট বরাদ্দ ও অর্থ পরিশোধে নারী উদ্যোক্তাদের জন্য বাড়তি সুবিধা দিয়ে বিসিকের নতুন নীতিমালা প্রণয়ন হয়েছে। প্লট বরাদ্দের ১০ শতাংশ কোটা সংরক্ষণ, ১৪ কিস্তিতে সাত বছরে টাকা পরিশোধ এবং চূড়ান্তভাবে নির্ধারিত প্লটের মূল্য পরিশোধ ২ শতাংশ আবার ফেরত দেওয়া হবে।

নতুন নীতিমালা অনু্যায়ী প্লট বরাদ্দ পেতে নারী উদ্যোক্তারা এককালীন জমা (ডাউন পেমেন্ট) দিতে পারবেন প্লটের মোট দামের ১৫ শতাংশ। বাকি অর্থ ১৪ কিস্তিতে মোট সাত বছরে পরিশোধ করবেন; যা আগে ছিল ১০ কিস্তি। ১৪ কিস্তিতে পরিশোধের ক্ষেত্রে প্লটের সম্পূর্ণ মূল্য সুদসহ হিসাব করে এককালীন জমা ও কিস্তি নির্ধারিত হবে। অন্যদিকে পুরুষ উদ্যোক্তাদের প্লটের মূল্যের ২০ শতাংশ এককালীন জমা দিতে হবে। বাকি অর্থ ছয় বছরে ১২ কিস্তিতে শোধ করতে হবে। প্লট দখল বুঝে পাওয়ার বরাদ্দপত্র জারির এক বছর পর থেকে কিস্তিগুলো দিতে হবে।

শিল্পনগরী বা শিল্পপার্কের জমি অধিগ্রহণ শেষ হওয়ার পর, প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার ছয় মাস আগে সাময়িকভাবে নির্ধারিত প্লটের মূল্য সম্পূর্ণভাবে পরিশোধ করলে পরে চূড়ান্তভাবে প্লটের নির্ধারিত মোট মূল্যের ১.৫ শতাংশ ফেরত দেওয়া হবে। নারী উদ্যোক্তাদের ফেরত দেওয়া হবে ২ শতাংশ হারে।

অন্যদিকে প্লট বরাদ্দের ক্ষেত্রে শিল্পনগরী বা শিল্প পার্কে নারী উদ্যোক্তাদের জন্য বরাদ্দের ১০ শতাংশ কোটা বরাদ্দ রাখা হবে। কোনো এলাকায় উপযুক্ত নারী উদ্যোক্তা না পাওয়া গেলে জেলা বা বিশেষায়িত প্লট বরাদ্দ ও ব্যবস্থাপনা কমিটি আগ্রহী অন্য উদ্যোক্তাদের জন্য বরাদ্দ দিতে পারবে।

নীতিমালায় প্লট বরাদ্দের ক্ষেত্রে আরও বলা হয়েছে, শিল্পনগরী যে জেলায় অবস্থিত সেই জেলার জেলা, পরিবেশ অধিদপ্তরের প্রধান, স্থানীয় জনপ্রতিনিধি, নাসিবের সভাপতি, বিসিকের আঞ্চলিক কার্যালয়ের প্রধানসহ ৯ সদস্যের কমিটি গঠন করতে হবে। এই কমিটির মাধ্যমেই প্লট বরাদ্দ দিতে হবে। তবে জেলা পর্যায়ের এই কমিটি ১৫ হাজার বর্গফুট পর্যন্ত আয়তনের প্লট বরাদ্দ দিতে পারবে। ১৫ হাজার বর্গফুট থেকে ৪৫ হাজার বর্গফুট পর্যন্ত আয়তনের প্লট বিসিকের চেয়ারম্যান বরাদ্দ দেবেন। এর বেশি হলে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বা সচিবের অনুমোদন নিতে হবে।

তবে বিশেষায়িত শিল্পনগরী বা শিল্প পার্কের জেলা কমিটি দুই লাখ ২৫ হাজার বর্গফুটের প্লট বরাদ্দ দিতে পারবে। এর বেশি হলে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বা সচিবের অনুমতি নিতে হবে। শিল্প প্লটের বরাদ্দপত্র জারির ৩০ দিনের মধ্যে উদ্যোক্তাকে দখল অবস্থান হস্তান্তর করতে হবে।

গত ১৮ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে শিল্প মন্ত্রণালয় ‘বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) শিল্পনগরী বা শিল্প পার্কে প্লট বরাদ্দ ও ব্যবস্থাপনা নীতিমালা ২০২৩’ নামের প্রজ্ঞাপন প্রকাশ করে।




বিসিক শিল্পনগরীতে প্লট বরাদ্দে নতুন নীতিমালা

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) শিল্পনগরী বা শিল্প পার্কে কারখানা স্থাপনে সুষ্ঠুভাবে প্লট বরাদ্দ ও ব্যবস্থাপনার জন্য একটি নীতিমালা প্রণয়ন করা হয়েছে। সম্প্রতি এ নীতিমালা গেজেট আকারে প্রকাশ করেছে বিসিক।

প্লট বরাদ্দ প্রক্রিয়া, প্লট পেতে শর্ত ও যোগ্যতা, প্লটের মূল্য পরিশোধ পদ্ধতি, শিল্প পার্কে কারখানা স্থাপন, প্লট বরাদ্দ বাতিল, বরাদ্দ বাতিল হওয়া প্লট পুনরায় পেতে আপিল পদ্ধতিসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত বলা হয়েছে নীতিমালায়। বিসিক শিল্পনগরে কোন খাতের শিল্প স্থাপন করা যাবে, কতদিনের মধ্যে স্থাপন করতে হবে, কারখানায় ফ্লো বা স্পেস ভাড়া কীভাবে হবে সেসব বিষয়েও দিকনির্দেশনা রয়েছে। প্লট বরাদ্দ পাওয়া যাবে ৯৯ বছরের জন্য।

বিসিক শিল্পনগরী বা শিল্প পার্কে প্লট বরাদ্দ ও ব্যবস্থাপনা নীতিমালায় বলা হয়েছে, প্লট বরাদ্দ দেওয়ার আগে আবেদনকারীর কারিগরি সক্ষমতা, শিল্পায়নে অভিজ্ঞতা, আর্থিক সচ্ছলতা, প্রস্তাবিত প্রকল্প, স্থানীয় কাঁচামাল ও চাহিদার প্রাপ্যতা যাচাই করে মূল্যায়ন করতে হবে। আবেদনপত্র বাছাই করতে সভাপতি, সদস্য সচিব ও তিনজন সদস্য নিয়ে পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করতে হবে। এ ছাড়া বিভিন্ন জেলায়, বিশেষায়িত এবং পার্বত্য এলাকায় প্লট বরাদ্দ, ব্যবস্থাপনা কমিটি ও কার্যপরিধি সংক্রান্ত আলাদা কমিটি থাকতে হবে।

২০২৩ সালের এই নীতিমালা জারির পর গেজেট নোটিফিকেশনের মাধ্যমে ইতোপূর্বে জারি করা ‘বিসিক শিল্পনগরীতে প্লট বরাদ্দ নীতিমালা-২০১০’, চামড়া শিল্পনগরীর ‘ভূমি বরাদ্দ নীতিমালা’, ‘এপিআই শিল্প পার্কের প্লট বরাদ্দ নীতিমালা’, ‘বিসিক জামদানি শিল্পনগরী, তারাব, রূপগঞ্জ, নারায়ণগঞ্জের প্লট বরাদ্দ নীতিমালা-২০১৬, বিসিক শিল্পনগরী মুক্তাগাছা, ময়মনসিংহের প্লট বরাদ্দের নীতিমালাসহ প্লট বরাদ্দের সব নীতিমালা বাতিল হয়ে যাবে। কোনো নীতি বাস্তবায়নের ক্ষেত্রে কোনো সমস্যা দেখা দিলে বা কোনো ব্যাখ্যা আবশ্যক হলে ওই সমস্যা দূরীকরণ বা ব্যাখ্যার উদ্দেশ্যে এ নীতিমালার সংশ্লিষ্ট নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বিসিক বোর্ডের দেওয়া ব্যাখ্যা চূড়ান্ত বলে গণ্য হবে।

কোনো ইজারা গ্রহীতা এ নীতিমালা অনুসরণে ব্যর্থ হলে বিসিক সংশ্লিষ্ট শিল্প প্লটের বরাদ্দ বাতিল করে তা দখল করার আগে পুনরায় বরাদ্দ দিতে পারবে। এ ছাড়া ইজারা গ্রহীতা চুক্তি ভঙ্গ করলে উপযুক্ত আদালতে বিসিক মামলা করতে পারবে বলে নীতিমালায় উল্লেখ করা হয়েছে।




বিসিক হস্তশিল্প মেলা শুরু

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) যৌথ আয়োজনে আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে হস্তশিল্প মেলা-২০২৩।

পাঁচ দিনব্যাপী (১-৫ জুন) এ মেলা চলবে আগামী সোমবার পর্যন্ত। দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) উৎপাদিত পণ্য ক্রয়-বিক্রয়, ও বাজারজাতকরণে সহায়তা প্রধানের লক্ষ্যে এ মেলা আয়োজন করা হয়েছে। প্রথম দিনে মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিসিকের চেয়ারম্যান মাহবুবর রহমান।

মেলাটি সোবহানবাগের ড্যাফোডিল টাওয়ারে গ্রাউন্ড ফ্লোরে অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলাটি উন্মুক্ত থাকবে। এরই মধ্যে মেলায় অংশগ্রহণে আগ্রহী উদ্যোক্তাদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।