এনআরবি কমার্শিয়াল ব্যাংকের নাম পরিবর্তন

এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তন করা হয়েছে। এখন ব্যাংকটির নাম ‘এনআরবিসি ব্যাংক পিএলসি.’।

এ নিয়ে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, কোম্পানি আইনের ১৯৯৪ এর ১১ক (ক) ধারার বিধান অনুযায়ী ১৭ সেপ্টেম্বর ২০২৩ থেকে তফসিলি ব্যাংকগুলোর তালিকায় এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের নাম ‘ এনআরবিসি ব্যাংক পিএলসি.’ হিসেবে পরিবর্তন করা হয়েছে।

নাম পরিবর্তন করে সংশোধিত লাইসেন্স ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমালের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। ১৯ সেপ্টেম্বর লাইসেন্সটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক গোলাম আউলিয়ার কাছে হস্তান্তর করেন চেয়ারম্যান।

এসময় ব্যাংকের পরিচালক এ এম সাইদুর রহমান, লকিয়ত উল্ল্যাহ ও কোম্পানি সচিব মোহাম্মদ আহসান হাবিব উপস্থিত ছিলেন।

বিআরপিডি থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘আপনাদের আবেদনের প্রক্ষিতে নাম সংশোধন করে এনআরবিসি ব্যাংক পিএলসি. করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ২০১৩ সালের প্রদত্ত লাইসেন্সটি বাতিল করে নতুন সংশোধিত লাইসেন্স প্রদান করা হলো।’

উল্লেখ্য, ২০১৩ সালে প্রতিষ্ঠিত এনআরবিসি ব্যাংক পিএলসি. ১০৩টি শাখাসহ দেশের প্রায় দেড় হাজারের বেশি সেবাকেন্দ্রের মাধ্যমে ব্যাংকিং সেবা দিয়ে আসছে।




জাতীয় শোক দিবসের কর্মসূচি বাস্তবায়নে ব্যাংকগুলোকে নির্দেশ

জাতীয় শোক দিবস-২০২৩ পালন উপলক্ষে গৃহীত কর্মসূচি বাস্তবায়নে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্পতিবার (২০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করে দেশে কার্যরত ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা নিকট পাঠিয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ১৫ আগস্ট ব্যাংক ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা। ১ আগস্ট থেকে মাসব্যাপী কালো ব্যাজ ধারণ। ব্যাংক ভবনে জাতীয় শোক দিবস উপলক্ষে বিশেষ ব্যানার ফেস্টুন স্থাপন এবং ১৫ আগস্ট শ্রদ্ধা নিবেদন। ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় জাতীয় শোক দিবস পালনের বিষয় আলোচ্য সূচিতে অন্তর্ভুক্ত করে গুরুত্ব সহকারে আলোচনাপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপরে ১৫ আগস্ট বা সুবিধাজনক তারিখ ও সময়ে আলোচনা সভার আয়োজন।

স্বীয় প্রতিষ্ঠানের সক্ষমতা বিবেচনাপূর্বক অসহায় ও দরিদ্রদের মাঝে মানবিক সহায়তা/খাদ্য সহায়তা সামগ্রী প্রদান। ব্যাংকের নিজস্ব কর্মপরিকল্পনা অনুযায়ী নিজ কার্যালয়ে বা সুবিধাজনক স্থানে বৃক্ষরোপণ ও তা সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং বৃক্ষরোপণের আহ্বান জানিয়ে গ্রাহকদের মোবাইল ফোনে ক্ষুদে বার্তা প্রেরণ। নিজস্ব ডিজিটাল ডিসপ্লে বোর্ড থাকলে সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর নির্মিত প্রামাণ্যচিত্র/ভাষণ প্রদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।

আয়োজিত সকল অনুষ্ঠানের আলোকচিত্র ধারণ করে ব্যাংকের নিজস্ব ওয়েবসাইটে প্রদর্শন নিশ্চিত করতে হবে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়।




বাংলাদেশ ব্যাংকের যুগ্মপরিচালক নাজমুল হুদা

বাংলাদেশ ব্যাংকের যুগ্মপরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন লেখক, বক্তা ও সংগঠক নাজমুল হুদা। রোববার (২১ মে) কেন্দ্রীয় ব্যাংকের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে পদোন্নতিপূর্বক ব্যাংকিং রেগুলেশন এন্ড পলিসি ডিপার্টমেন্টে (বিআরপিডি) পদায়ন করা হয়।

নাজমুল হুদা কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার নওদা আজমপুর গ্রামে জন্মগ্রহণ করেন। কুষ্টিয়া সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে খুলনা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিসিপ্লিন থেকে উচ্চশিক্ষার পাঠ চুকিয়ে স্বনামধন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানে প্রশিক্ষক হিসেবে ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে সহকারী পরিচালক পদে যোগ দেন কেন্দ্রীয় ব্যাংকে। চাকরিরত অবস্থায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট স্টাডিজে মাস্টার্স এবং ব্যাংকিং ডিপ্লোমা সম্পন্ন করেন। এ ছাড়াও দেশে বিদেশে একাধিক প্রশিক্ষণ গ্রহণ করেন।

পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি লেখালেখি, গবেষণা ও বিভিন্ন সংগঠনের সক্রিয় সদস্য নাজমুল হুদা। দুটি সম্পাদনাসহ এ পর্যন্ত তার প্রকাশিত বইয়ের সংখ্যা ১০টি। জাতীয় দৈনিক ও সাময়িকীতে নিয়মিত লিখছেন। বর্তমানে তিনি ঢাকাস্থ কুষ্টিয়া জেলা সমিতির যুগ্ম সাংস্কৃতিক সচিব, মিরপুর উপজেলা সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ব্যাংক সাহিত্য সংগঠন অধিকোষের প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।