সাড়ে ৮ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে প্রায় সাড়ে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে নদীতে কুয়াশার ঘনত্ব কমে গেলে এ রুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

এর আগে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌ-দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন জানান, ঘন কুয়াশার কারণে নদী পথের মার্কিং আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় নৌ দুর্ঘটনা এড়াতে রাত দেড়টা থেকে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় সকাল সাড়ে ৯টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। আটকে যাওয়া যানবাহনগুলো সিরিয়াল অনুযায়ী পার করা হচ্ছে। বর্তমানে এ রুটে ছোট-বড় ১৫টি ফেরি চলাচল করছে।




শিমুলিয়া-মাঝিকান্দি রুটে ফেরিতে ঈদযাত্রা শুরু

ঈদকে কেন্দ্র করে পদ্মা নদীর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে মোটরসাইকেল ও যাত্রী পারাপারে ফেরি সার্ভিস চালু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল ৬টা ৫০ মিনিটে মুন্সিগঞ্জের শিমুলিয়া ৪ নম্বর ফেরিঘাট থেকে ১৬৯টি মোটরসাইকেল নিয়ে শরীয়তপুরের মাঝিকান্দির উদ্দেশ্যে ছেড়ে যায় প্রথম ফেরি ‘কলমিলতা’।

প্রথমদিনেই নাড়ির টানে বাড়ি ফেরা মোটরসাইকেল আরোহীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বুধবার (১৯ এপ্রিল) থেকে ঈদের ছুটি শুরু হলেও দুর্ভোগ এড়াতে আগেভাগেই ঘরে ফিরছেন যাত্রীরা।

বিআইডব্লিউটিসির শিমুলিয়াঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) জামাল হোসেন বলেন, ঈদকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে থাকা দক্ষিণবঙ্গের প্রচুর মানুষ শিমুলিয়াঘাট হয়ে বাড়ি ফিরবেন। পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকায় যাত্রী দুর্ভোগ লাগবে আজ থেকে শিমুলিয়া-মাঝিকান্দি রুটে মোট দুটি মিডিয়াম ফেরি দিয়ে মোটরসাইকেল পারাপার করা হবে। দুটি ফেরির প্রস্তুতি থাকলেও চাপ বাড়লে ফেরি সংখ্যা বাড়ানো হবে। প্রতি তিন ঘণ্টা পরপর শিমুলিয়াঘাট থেকে শরীয়তপুরের মাঝিকান্দির উদ্দেশ্যে ফেরি ছেড়ে যাবে।

তিনি আরও বলেন, শিমুলিয়ায় মোট চারটি ফেরিঘাটের মধ্যে মোটরসাইকেল পারাপারে ভিআইপি ফেরিঘাট (৪ নম্বর) ব্যবহার করা হবে। মোটরসাইকেল পারাপারে ভাড়া ১৫০ টাকা এবং যাত্রী পারাপারে ৩০ টাকা। ঈদ পরবর্তী প্রয়োজন সাপেক্ষে ও নির্দেশনা না দেওয়া পর্যন্ত ফেরিতে মোটরসাইকেল পারাপার করা হবে।