সাঈয়্যেদ আহমেদ বিআইএ’র নতুন প্রেসিডেন্ট নির্বাচিত

বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)’র ২০২৫-২০২৬ সালের নির্বাহী কমিটির প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন গ্লোবাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান সাঈয়্যেদ আহমেদ। আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) বেলা আড়াইটায় নির্বাচন অনুষ্ঠিত হয়।

এদিকে বিকেলে অনুষ্ঠিত হবে ফার্স্ট ভাইস-প্রেসিডেন্ট এবং ভাইস-প্রেসিডেন্ট পদের নির্বাচন।

বিআইএ সূত্রে জানা গেছে, আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১টা পর্যন্ত সংগঠনটির প্রেসিডেন্ট পদে নির্বাচনের জন্য ২ জন প্রার্থী মনোনয়নপত্র কিনেন। তারা হলেন- গ্লোবাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান সাঈয়্যেদ আহমেদ এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ।

 

অপরদিকে ফার্স্ট ভাইস-প্রেসিডেন্ট ও ভাইস-প্রেসিডেন্ট পদে ৩ জন প্রার্থী হলেন- ডেল্টা লাইফের পরিচালক আদিবা রহমান, জনতা ইন্স্যুরেন্সের পরিচালক বেলাল আহমেদ এবং অগ্রণী ইন্স্যুরেন্সের চেয়ারম্যান কাজী শাখাওয়াত হোসেইন লিন্টু।

নিয়ম অনুযায়ী প্রেসিডেন্ট নির্বাচনের ওপর ভিত্তি করেই ফার্স্ট ভাইস-প্রেসিডেন্ট ও ভাইস-প্রেসিডেন্ট পদের নির্বাচন সম্পন্ন করা হয়। এক্ষেত্রে প্রেসিডেন্ট যদি নন-লাইফ বীমা থেকে নির্বাচিত হন তাহলে ফার্স্ট ভাইস-প্রেসিডেন্ট নির্বাচন করা হবে লাইফ বীমা খাত থেকে এবং ভাইস-প্রেসিডেন্ট হবেন নন-লাইফ বীমা থেকে।

রি-সিডিউল অনুসারে প্রেসিডেন্ট, ফার্স্ট ভাইস-প্রেসিডেন্ট ও ভাইস-প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ২২ ফেব্রুয়ারি রাত ৮টা পর্যন্ত ফরম বিক্রির জন্য অফিস খোলা ছিল। একইসাথে আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত প্রেসিডেন্ট পদের জন্য এবং ফার্স্ট ভাইস- প্রেসিডেন্ট ও ভাইস-প্রেসিডেন্ট পদের জন্য বেলা ৪টা পর্যন্ত ফরম বিক্রি করা হবে।

এর আগে শনিবার (২২ ফেব্রুয়ারি) বিআইএ’র ২০২৫-২০২৬ সালের নির্বাহী কমিটির সদস্য নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়। এই নির্বাচনে সংগঠনটির ৫৩ সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে নন-লাইফ খাতের বিজয়ী ১০ প্রার্থীর নাম ঘোষণা করে নির্বাচন বোর্ড। অপরদিকে প্রতিদ্বন্দ্বিতা না থাকায় লাইফ বীমা খাতে ১০ নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।




বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের এজিএম অনুষ্ঠিত

বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) ৩৭তম বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ঢাকা ক্লাবে অনুষ্ঠিত হয়। নাসির উদ্দিন আহমেদ (পাভেল) এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রথম ভাইস-প্রেসিডেন্ট, ভাইস-প্রেসিডেন্ট, নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, বীমা কোম্পানির চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় মুখ্য নির্বাহী কর্মকর্তাদের মধ্য জেনিথ ইসলামী লাইফের এস এম নূরুজ্জামান, পদ্মা ইসলামী লাইফের নূর মোহাম্মদ ভূঁইয়া, বায়রা লাইফ ইন্স্যুরেন্সের মামুন খান, সিটি ইন্স্যুরেন্সের মো. শামীম হোসেন এবং রিপাবলিক ইন্স্যুরেন্সের এ কে এম সরোয়ার জাহান জামিল বক্তব্য রাখেন।

অন্যান্যের মধ্যে ফারইস্ট ইসলামী লাইফের চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম ও পরিচালক মো. মোশারফ হোসেন, এনআরবি ইসলামিক লাইফের ভাইস-চেয়ারম্যান এম. মাহফুজুর রহমান, মেঘনা লাইফ ও কর্ণফুলি ইন্স্যুরেন্সের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ, ডেল্টা লাইফের চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট নাসির এ চৌধুরী, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের চেয়ারম্যান ও আইসিসি-বাংলাদেশ’র প্রেসিডেন্ট মাহবুবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় (১) ২০২৩ সালের বার্ষিক প্রতিবেদন (২) ২০২৩ সালের অডিট রিপোর্ট অনুমোদন (৩) ২০২৪ সালের হিসাব নিরীক্ষার জন্য অডিট ফার্ম নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারণ করা হয়। প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ (পাভেল) বলেন, আমরা সকলে সম্মিলিতভাবে চেষ্টা করলে বীমা কোম্পানিসমুহের সমস্যাসমূহ পর্যায়ক্রমে সমাধান করা সম্ভব।




বিআই‘র নতুন ভাইস প্রেসিডেন্ট হোসেন আখতার ও আদিবা রহমান

বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের  (বিআইএ) ভাইস প্রেসিডেন্ট ও এক্সিকিউটিভ কমিটির সদস্যপদ ছেড়েছেন এ কে এম মনিরুল হক।

গত ৩ নভেম্বর বিআইএ’র চেয়ারম্যান বরাবর তিনি পদত্যাগপত্র জমা দেন। এতে ব্যক্তিগত কারণে পদত্যাগের কথা উল্লেখ করা হয়।

এদিকে গতকাল ৪ নভেম্বর বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের ২১৯ তম নির্বাহী কমিটির সভায় ২০২৩-২০২৪ মেয়াদের অবশিষ্ট সময়ের জন্য নির্বাহী কমিটির সদস্য ও সিটি জেনারেল ইন্স্যুরেন্স পিএলসি-এর চেয়ারম্যান হোসেন আখতারকে প্রথম ভাইস-প্রেসিডেন্ট এবং নির্বাহী কমিটির সদস্য ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালক আদিবা রহমান, এসিআইআই (ইউকে)-কে ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়।

উল্লেখ্য, বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের নির্বাহী কমিটির ২০২৩-২০২৪ মেয়াদ আগামী বছরের ৮ এপ্রিল শেষ হবে।




রমজানের আগেই চান বিআইএ’র নির্বাচন

পবিত্র রমজানের আগেই বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের (বিআইএ) নির্বাচন করার অনুরোধ জানানো হয়েছে।

গতকাল ৪ নভেম্বর নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান মীর নাসির হোসেনকে লেখা এক চিঠিতে এ অনুরোধ জানান
বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ।

চিঠিতে বলা হয়, বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের ২০২৩-২০২৪ নির্বাহী কমিটির মেয়াদ আগামী ৮ এপ্রিল, ২০২৫ তারিখে শেষ হবে। আগামী ২০২৫ সালের মার্চ মাস জুড়ে পবিত্র রমজান মাস থাকবে। সেহেতু বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের নভেম্বর ৪, ২০২৪ তারিখের ২১৯তম নির্বাহী কমিটির সভায় আগামী রমজানের পূর্বেই নির্বাচন সম্পন্ন করার জন্য নির্বাচনী বোর্ডকে একটি অনুরোধ পত্র প্রেরণের জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।

এমতাবস্থায়, আগামী রমজান মাসের পূর্বে নির্বাচনের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করার জন্য চিঠিতে বিনীতভাবে অনুরোধ করা হয়।




বিআইএ’র প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ 

বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)’র ২০২৩-২০২৪ মেয়াদের অবশিষ্ট সময়ের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন নাসির উদ্দিন আহমেদ (পাভেল)। সোমবার (২৮ অক্টোবর) সংগঠনটির ২১৮তম নির্বাহী কমিটির সভায় তাকে সর্বসম্মতিক্রমে প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়। বিআইএ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বীমা মালিকদের সংগঠন বিআইএ’র নির্বাহী কমিটির ২০২৩-২০২৪ মেয়াদ শেষ হবে ২০২৫ সালের ৮ এপ্রিল। তবে স্বাস্থ্যগত কারণে ইতিমধ্যে সংগঠনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন পদত্যাগ করায় প্রথম ভাইস-প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ (পাভেল) অবশিষ্ট সময়ের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হন।

নাসির উদ্দিন আহমেদ (পাভেল) বিআইএ’র দুই মেয়াদে (২০২১-২০২২ ও ২০২৩-২০২৪) প্রথম ভাইস-প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। তিনি মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ও কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানির ভাইস-চেয়ারম্যান এবং মেঘনা লাইফ সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের চেয়ারম্যান। তিনি বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির বোর্ড অব গভর্নরস এর একজন সদস্য।

এছাড়া তিনি নিজাম-হাসিনা ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতালের অন্যতম পরিচালক। বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমিসহ দেশে-বিদেশে তিনি বীমার উপর বিভিন্ন ট্রেনিং এবং সেমিনারে অংশগ্রহণ করেন। বিগত প্রায় ১৪ বছর ধরে তিনি অর্থমন্ত্রণালয়, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষ এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের বিভিন্ন কমিটির সদস্য হিসেবে বীমা খাতের উন্নয়নে গুরুত্বর্ণ ভূমিকা পালন করে আসছেন। নাসির উদ্দিন আহমেদ এফবিসিসিআই’র সাবেক সদস্য এবং এফবিসিসিআই’র ইন্স্যুরেন্স বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলেন। এফবিসিসিআই’র প্রতিনিধিদলের সদস্য হিসেবে তিনি জাপান, হংকং, চীন, ওমান, রাশিয়া, ইউক্রেন ও ফিলিপাইন সফর করেন। তিনি রোটারি ক্লাব অব ঢাকা মিডটাউন’র একজন রোটারিয়ান।




প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিআইএ’র

সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত “লাগামহীন দুর্নীতি আইডিআরএ’র চেয়ারম্যানের, ধ্বংস করে দিচ্ছেন একের পর এক বীমা প্রতিষ্ঠান” শীর্ষক সংবাদে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সংশ্লিষ্ট অংশের প্রতি বিআইএর দৃষ্টি আকর্ষিত হয়েছে।

সংবাদের একটি অংশে “সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডকে ধ্বংস করার এমন নীল নকসা বাস্তবায়নে জড়িত থাকার জন্য আইডিআরএ-এর চেয়ারম্যানের এমন প্রশাসক নিয়োগের নিন্দা জানিয়েছেন ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন” বলে উল্লেখ করা হয়েছে।

সংবাদের এ বিষয়টি সঠিক নয়। তাই এ ব্যাপারে বিআইএ প্রতিবাদ জানাচ্ছে। আইডিআরএ কর্তৃক গৃহিত কোন পদক্ষেপের বিষয়ে বিআইএ কখনও নিন্দা জানিয়ে কোন বিবৃতি প্রদান করেছে এমন নজির নেই। বীমা শিল্পের উন্নয়ন ও শৃঙ্খলা আনয়নে বিআইএ সর্বদা আইডিআরএকে সার্বিক সহযোগিতা ও সমর্থন করে আসছে।

বিআইএ’র সেক্রেটারি জেনারেল নিশীথ কুমার সরকারের স্বাক্ষরিত নির্দেশক্রমায় এ প্রতিবাদ জানানো হয়।




বীমা কোম্পানির মুখ্য নির্বাহীদের সঙ্গে সোমবার বৈঠক বিআইএ‘র

দেশের সকল লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তাদের নিয়ে বৈঠক ডেকেছে বীমা মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ) ।

আগামী ১৮ মার্চ (সোমবার) সকাল ১১টায় বিআইএ’র কনফারেন্স রুমে এ বৈঠক আয়োজন করা হয়েছে।
বিজ্ঞাপন

 

সংগঠনটির সেক্রেটারি জেনারেল নিশীথ কুমার সরকার স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি মঙ্গলবার (১২ মার্চ) বেসরকারি খাতের বীমা কোম্পানিগুলোর মুখ্য নির্বাহীদের পাঠানো হয়েছে।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের প্রস্তুত করা ৪টি বিধি, প্রবিধান ও গাইডলাইনের খসড়ার ওপর আলোচনা করা হবে বিআইএ’র এ বৈঠকে।

এ ছাড়াও সংগঠনের বিবিধ বিষয় নিয়ে বৈঠকে আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আলোচনার জন্য বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ থেকে প্রাপ্ত খসড়া বিধি-প্রবিধানগুলো হলো-

বীমা দাবি ব্যবস্থাপনা পদ্ধতি গাইডলাইন; রিস্ক বেইজড সুপারভিশন গাইডলাইন, ইসলামী বীমা বিধিমালা, ২০২৪; এবং বীমাকারী রাজস্ব, লাভ-ক্ষতির হিসাব ও স্থিতিপত্র প্রবিধানমালা, ২০২৪।

উল্লেখিত খসড়া বিধি-প্রবিধানগুলোর বিষয়ে সংশ্লিষ্ট লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানির মতামতসহ কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তাদের যথাসময়ে উপস্থিত থাকতে বলা হয়েছে বিআইএ’র চিঠিতে।




বীমা সংশ্লিষ্ট সংসদ সদস্যদের সংবর্ধনা আজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বীমা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ) ।

আজ বুধবার (৬ মার্চ) সন্ধ্যা ৭টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা বলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

 

এতে বিআইএ’র উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত থাকবেন।

 

সংগঠনের প্রেসিডেন্ট শেখ কবির হোসনে স্বাক্ষরিত এ সংক্রন্ত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।

 

উল্লেখ্য, এ বছরের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা চতুর্থবার সরকার গঠন করেছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ।

 

এই নির্বাচনে বীমা খাত থেকে অন্তত ২৭ জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।এর মধ্যে ১ জন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, ৪ জন মন্ত্রী, ২ জন প্রতিমন্ত্রী এবং বাকী ২০ জন সংসদ সদস্য বলে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।




বঙ্গবন্ধুকে বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়: শেখ মোহাম্মদ সলীম উল্লাহ

বঙ্গবন্ধুকে বাদ দিয়ে কখনো দেশের উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ অনুষ্ঠান আয়োজন করে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) । সংগঠনটির প্রেসিডেন্ট শেখ কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী।

শেখ মোহাম্মদ সলীম উল্লাহ বলেন, আজকে যদি আমরা বঙ্গবন্ধুকে লালন না করি। তাকে যদি চর্চা না করি। তাকে যদি আলোচনা কেন্দ্রবিন্দুতে না রাখি। তাহলে জাতির পিতার বিষয়টি আমাদের ভেতরে গ্রোথিত হবে না। আমরা আমাদের জাতিকে বুঝতে পারব না। আমাদেরকে বুঝতে পারব না। দেশকে বুঝতে পারব না। দেশের উন্নয়ন কখনো তাকে বাদ দিয়ে সম্ভব নয়। সে জন্য বঙ্গবন্ধুকে লালন করা আমাদের জন্য খুবই জরুরি, খুবই প্রয়োজন।

তিনি বলেন, আমি মনে করি বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে বঙ্গবন্ধুকে নিঃশেষ করা যায়নি। বঙ্গবন্ধু এখন আমাদের মাঝে আছেন। তিনি চির ভাস্মর। তিনি দেদীপ্যমান। তিনি আমাদের ভেতরে, আমাদের অন্তরে, আমাদের সর্বোত্র বিরাজমান। তাই আমি বলতে চাই, সূর্য কখনো ডুবে না; কেবল ডুবে যাই আমরা। হারিয়ে যাই সূর্যের আড়ালে।

শেখ মোহাম্মদ সলীম উল্লাহ বলেন, বঙ্গবন্ধু সূর্যের মতো দেদীপ্যমান, উজ্জ্বল আমাদের সবার হৃদয়ে। তিনি চির জাগরুক। তিনি বাঙালী জাতির পিতা। তিনি সর্বক্ষণ আমাদের সাথে থাকবেন, আছেন। তিনি আমাদের নির্দেশনা দিয়ে যাবেন। আমরা তাকে অনুসরণ করব সহযোদ্ধা হিসেবে। দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যাব উন্নতির দিকে।

তিনি বলেন, আমরা ২০২১ সালে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি। ২০৩০ সালের মধ্যে আমরা এসডিজি’র সকল লক্ষ্য বাস্তবায়ন করব। আমরা ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশে পরিণত হব। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু আজীবন লালন করেছেন একটি উন্নত দেশ সৃষ্টি করার জন্য। তিনি হৃদয়ে ধারণ করতেন শুধু বাংলাদেশকে এবং একটি সুখী সমৃদ্ধ সুন্দর বাংলাদেশ গড়ার তিনি স্বপ্ন দেখতেন।

শেখ মোহাম্মদ সলীম উল্লাহ বলেন, আমরা বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে চলেছি। শুধু আজকের দিনে আমাদের হৃদয়ে রাখতে হবে এই জিনিস যে, বঙ্গবন্ধুকে হৃদয়ে রাখব, তার সোনার বাংলাদেশকে আমরা হৃদয়ে লালন করব এবং সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলব।




 বিআইএ’র প্রেসিডেন্ট হলেন শেখ কবির হোসেন

বীমা মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) প্রেসিডেন্ট পদে শেখ কবির হোসেন পুনর্নির্বাচিত হয়েছেন। ২০২৩-২৪ সালের জন্য তিনি সংগঠনটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। এ নিয়ে টানা সাতবার তিনি বিআইএ’র প্রেসিডেন্ট হলেন।

সোমবার (১০ এপ্রিল) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শেখ কবির হোসেনকে বিআইএ’র প্রেসেডেন্ট নির্বাচিত করা হয় বলে সংগঠনটি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিআইএ’র নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। বোর্ডের অন্য দুই সদস্য হলেন- নিজাম উদ্দিন আহমেদ ও মোস্তফা গোলাম কুদ্দুছ। আপিল বোর্ডের চেয়ারম্যান ছিলেন মেজর জেনারেল আবদুল হাফিজ মল্লিক, পিএসসি (অব.)। নির্বাচন বোর্ডের সচিবের দায়িত্বে ছিলেন বিআইএ’র সেক্রেটারি জেনারেল নিশীথ কুমার সরকার।

শেখ কবির হোসেন বর্তমানে সোনার বাংলা ইন্স্যুরেন্স ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি ও বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলের সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ প্রাইভেটাইজেশন কমিশনের সদস্য এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মেম্বার অব গভর্নরস।

এছাড়া শেখ কবির হোসেন লায়ন্স ক্লাবের সঙ্গে জড়িত। তিনি লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের সাবেক আন্তর্জাতিক পরিচালক হিসেবে দেশে-বিদেশে লায়ন আন্দোলনের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তিনি একাধিক স্কুল-কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও শুভাকাঙ্ক্ষী। তিনি আগারগাঁয়ে অবস্থিত লায়ন চক্ষু হাসপাতালেরও অন্যতম পৃষ্ঠপোষক।

দেশের একমাত্র ইসলামী চক্ষু হাসপাতালের ভাইস-চেয়ারম্যান হিসেবেও তিনি দায়িত্ব পালন করছেন। তিনি প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। সোনার বাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্টের চেয়ারম্যান, সিডিবিএল’র চেয়ারম্যান, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভারসিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান।