আইডিবির বার্ষিক সভায় ২৭০.৫৭ মিলিয়নের ঋণচুক্তি

সৌদি আরবের রিয়াদে ইসলামিক ডেভলপমেন্ট ব্যাংকের (আইডিবি) বোর্ড অব গভর্নরসের বার্ষিক সভা এবং আইডিবি গ্রুপের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

চারদিন ব্যাপী আয়োজিত অনুষ্ঠানে অর্থমন্ত্রীর আবুল হাসান মাহমুদ আলীর নেতৃত্বে আট সদস্যের বাংলাদেশি প্রতিনিধি দল অংশ নেয়।

অনুষ্ঠানে বাংলাদেশ সরকার ও ইসলামিক ডেভলেপমেন্ট ব্যাংকের মধ্যে ২৭০.৫৭ মিলিয়ন ইউরোর ‘রুরাল অ্যান্ড পেরি-আরবান হাউসিং ফাইন্যান্স প্রজেক্ট— সেকেন্ড ফেজ’ শীর্ষক ৫ বছর মেয়াদি প্রকল্প বাস্তবায়নে ঋণচুক্তি স্বাক্ষরিত হয়।

অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।

এ আয়োজনে সৌদিভিত্তিক বিভিন্ন উন্নয়ন সহযোগীর সাথে বাংলাদেশ প্রতিনিধি দলের কয়েকটি দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত হয়।

প্রতিনিধি দলের সদস্য হিসেবে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ও আইডিবির নির্বাহী পরিচালক মো. শাহ্‌রিয়ার কাদের ছিদ্দিকী অংশ নেন।

এ সময়ে আইডিবি গ্রুপের চেয়ারম্যান ড. মোহাম্মদ সোলাইমান আল জাসের, সৌদি ফান্ড ফর ডেভলপমেন্টের (এসএফডি) ডেপুটি চিফ এক্সিকিউটিভ অফিসার ইঞ্জিনিয়ার ফয়সাল এম আল খাতনি এবং ইন্টারন্যাশনাল ট্রেড ফাইন্যান্সিং কর্পোরেশনের (আইটিএফসি) চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) ও ইসলামিক কো-অপারেশন ফর ডেভেলপমেন্ট অব দ্যা প্রাইভেট সেক্টরের (আইসিডি) ভারপ্রাপ্ত সিইও ইঞ্জিনিয়ার হানি সেলিম সনবলের সাথে পৃথকভাবে দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত হয়।

এ সব সভায় বাংলাদেশের জন্য আর্থিক ও কারিগরি সহযোগিতার ক্ষেত্র বৃদ্ধি, ফ্রেমওয়ার্ক চুক্তির মাধ্যমে দীর্ঘমেয়াদি সহযোগিতার কৌশল নির্ধারণ, নমনীয় ঋণের পরিমাণ বৃদ্ধি ও ঋণের সুদ হ্রাসকরণ, জলবায়ু পরিবর্তনে সহনশীলতা বৃদ্ধিসহ দেশের সার্বিক উন্নয়নে বিদ্যমান সহযোগিতা অব্যাহত রাখার জন্য বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।

২৮ এপ্রিল একটি সাইড ইভেন্টে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সাথে আইডিবি গ্রুপের চিফ ইকোনমিস্টের একটি দ্বিপাক্ষিক সভা হয়। যেখানে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও আর্থ সামাজিক উন্নয়নে বাংলাদেশের সাফল্য এবং বিশেষত অর্থনৈতিক বহুধাকরণে বাংলাদেশের চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং নীতিগত উদ্যোগের বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

২৯ এপ্রিল অনুষ্ঠিত অপর একটি সাইড ইভেন্টে আইডিবি গ্রুপের ‘মেম্বার কান্ট্রি পার্টনারশিপ স্ট্র্যাটেজি (এমসিপিএস) ফর দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ ২০২৪-২০২৬’ এর মোড়ক উন্মোচন করা হয়।




৫০ বছর পর আফ্রিকায় বিশ্বব্যাংক আইএমএফের বার্ষিক সভা

মরক্কোর মারাকাশ শহরে শুরু হয়েছে বিশ্বব্যাংক গ্রুপ ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বার্ষিক সভা। গতকাল সোমবার মরক্কোর স্থানীয় সময় সকাল ১০টায় গ্লোবাল পার্লামেন্টারিয়ান ফোরামের বৈঠকের মধ্য দিয়ে এ সভা শুরু হয়েছে। সপ্তাহব্যাপী এ আয়োজনে বিশ্বের ১৯০টি দেশের প্রতিনিধি অংশ নিচ্ছেন। যোগ দিয়েছেন বিভিন্ন দেশের অর্থমন্ত্রীসহ নীতিনির্ধারক, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, বিশেষজ্ঞ, বেসরকারি খাত ও সিভিল সোসাইটির প্রতিনিধিরা।

এবারও বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক সভায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের পরিবর্তে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিত বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক সভাতেও যাননি অর্থমন্ত্রী। ওই সভাতেও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। ৫০ বছর পর আফ্রিকার কোনো দেশে বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক সভা অনুষ্ঠিত হচ্ছে। এর আগে ১৯৭৩ সালে আফ্রিকার আরেক দেশ কেনিয়ায় এ সভা অনুষ্ঠিত হয়। গত মাসে মারাকাশে বড় ধরনের ভূমিকম্পে তিন হাজারের বেশি মানুষ নিহত হওয়ার ঘটনায় মরক্কোতে এবার বিশ্বব্যাংক-আইএমএফের সভা হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দেয়। শেষ পর্যন্ত সভাটি আয়োজনের সিদ্ধান্তের নেয় দেশটির সরকার। কভিডের কারণে প্রায় তিন বছর পর ২০২২ সালে বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক সম্মেলন সশরীরে অনুষ্ঠিত হয়। তার আগে ২০১৯ সালের অক্টোবরে বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক সম্মেলন সশরীরে অনুষ্ঠিত হয়েছিল। ১৯৪৬ সাল থেকে প্রতি বছর সাধারণত সেপ্টেম্বর অথবা অক্টোবর মাসে বিশ্বব্যাংক ও আইএমএফের এ সভা অনুষ্ঠিত হয়ে আসছে। পরপর দুই বছর ওয়াশিংটনে হওয়ার পর তৃতীয় বছর অনুষ্ঠিত হয় অন্য কোনো সদস্য দেশে। বোর্ড অব গভর্নরসের সদস্যরা নীতিনির্ধারণী বিভিন্ন সিদ্ধান্ত নেন এতে।