আরও কমলো ডলারের দর

১৫ দিনের ব্যবধানে মার্কিন মুদ্রা ডলারের দর আরও ২৫ পয়সা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বা‌ণি‌জ্যিক ব্যাংকগু‌লো। বুধবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরামর্শে ডলারের দর নির্ধারণের দায়িত্বে থাকা দুই সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ অথরাইজড ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) জরুরি বৈঠক করে এ সিদ্ধান্ত নিয়েছে।

নতুন দর ১৪ ডিসেম্বর (বৃহস্প‌তিবার) থেকে কার্যকর হবে। বাফেদার চেয়ারম্যান ও সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্র‌তি ডলারে ২৫ পয়সা কমানোর ফলে ডলারের ক্রয় দর হবে ১০৯ টাকা ৫০ পয়সা। আর বিক্রয় দর হবে ১১০ টাকা। দেশের মুদ্রা বাজারে ডলারের স্থিতিশীলতা তৈরি হওয়ায় মুদ্রাটির দাম তৃতীয় দফায় কমানোর সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি। ভবিষ্যতে ডলারের দাম আরও কমবে।

বিনিময় হার বাজারভিত্তিক করার অংশ হিসেবে ২০২২ সালের সেপ্টেম্বর থেকে ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) ও ব্যাংকের নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি) ডলারের দর নির্ধারণ করছে। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে পরামর্শ করে দাম নির্ধারণ করে থাকে সংগঠন দুটি। দায়িত্ব নেওয়ার পর থেকে বরাবরের মতোই মুদ্রাটির দাম বাড়িয়ে যাচ্ছিল সংগঠন দুটি। তবে গত ২২ নভেম্বর এ দুই সংগঠন দাম নির্ধারণের দায়িত্বে আসার পর প্রথমবারের মতো ৫০ পয়সা দর কমিয়েছিল। এরপর সপ্তাহের ব্যবধানে ২৯ ডিসেম্বর আরও ২৫ পয়সা কমানো হয় ডলার দর। আর তৃতীয় দফায় গতকাল কমেছে আরও ২৫ পয়সা।

কোভিড মহামারি থেকে অর্থনীতির ঘুরে দাঁড়ানোর সময় ২০২১ সালের মাঝামাঝি থেকে ডলারের চাহিদা বাড়তে থাকে। পরের বছর ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে আন্তর্জাতিক বাজারের দ্রব্যমূল্য বেড়ে গেলে ডলারের চাহিদা বেড়ে যায়। তখন থেকে সরবরাহ সঙ্কটে দাম বেড়ে ডলারের বাজারে অস্থিরতা তৈরি হয়।

বাফেদা ও এবিবি দর নির্ধারণের দায়িত্বে আসার পর থেকে পরিস্থিতি সামাল দিতে ক্রমাগত ডলারের দর বাড়িয়ে আসছিল। দর বাড়ানোর হার বেশি হয়ে যাচ্ছে কি না এমন সমালোচনার মধ্যে গত সপ্তাহে প্রথমবারের মতো ডলারের দর কমিয়েছে সংগঠন দুটি।




কোরবানির পশুর হাটে জালনোট যাচাই করবে ব্যাংক

আসন্ন ঈদুল আজহা সামনে রেখে কোরবানির পশুর স্থায়ী ও অস্থায়ী হাটে বুথ স্থাপন করে বিনা খরচে জালনোট যাচাইয়ের সেবা দেবে ব্যাংক। বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত নির্দেশনা বাণিজ্যিক ব্যাংকগুলোকে পাঠিয়েছে।

বুধবার (২১ জুন) কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোতে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, রাজধানীর উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের অনুমোদিত পশুর হাটে জালনোট শনাক্তকারী মেশিনের সহায়তায় অভিজ্ঞ ক্যাশ কর্মকর্তাদের মাধ্যমে হাট শুরুর দিন থেকে ঈদের আগের রাত পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে বিরতিহীনভাবে পশু ব্যবসায়ীদেরকে বিনা খরচে নোট যাচাই সংক্রান্ত সেবা দিতে হবে। হাটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নাম, পদবি ও মোবাইল নম্বরসহ ব্যাংকের সমন্বয়ক হিসাবে মনোনীত কর্মকর্তার নাম, পদবি ও মোবাইল নম্বর আগামী ২২ জুনের মধ্যে ই-মেইলে পাঠাতে বলা হয়েছে।

ঢাকার বাইরে সব জেলায় অনুমোদিত পশুর হাটগুলোতেও একই প্রক্রিয়ায় সেবা দিতে ব্যাংকের শাখাগুলোতে নির্দেশ দিতে বলা হয়েছে। যেখানে বাংলাদেশ ব্যাংকের শাখা নেই এমন জেলা সিটি কর্পোরেশন, পৌরসভা ও থানার অনুমোদিত পশুর হাটে বিভিন্ন ব্যাংকের শাখা নোট যাচাইয়ের দায়িত্ব পালন করবে। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট অফিসের নেতৃত্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

বুথে নোট যাচাইকালে কোনো জালনোট ধরা পড়লে জালনোট ১ (পলিসি)/২০০৭-১৯১ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। হাটে ব্যাংকের নাম ও তার সঙ্গে জালনোট শনাক্তকরণ বুথের ব্যানার প্রদর্শন করতে হবে।

জালনোট শনাক্তে হাটে দায়িত্ব পালনকারী কার্মকর্তা-কর্মচারীদের বিধি অনুযায়ী প্রয়োজনীয় আর্থিক সুযোগ-সুবিধা দিতে হবে। পাশাপাশি কর্মীদের স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি নিশ্চিত করতে হবে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, বিভিন্ন উৎসবকে সামনে রেখে বাজারে জালনোটের ঘটনা বাড়ে। তাই ঈদকে সামনে রেখে বাণিজ্যিক ব্যাংকগুলোতে জালনোট প্রতিরোধ সংক্রান্ত কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শন কার্যক্রম জোরদার করা হয়েছে।




 সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লেনদেন চলছে ব্যাংকে

হজ ব্যবস্থাপনার সুবিধার্থে শনিবার (২৫ মার্চ) সাপ্তাহিক ছুটির দিন ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আজ সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংক খোলা থাক‌বে।

হজ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকের শাখা ও উপ-শাখা সীমিত সংখ্যক লোকবলের মাধ্যমে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে খোলা রাখার কথা বলা হয়।

গত বৃহস্পতিবার (২৩ মার্চ) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠায় বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন।

এতে বলা হয়, হজ ব্যবস্থাপনার স্বার্থে শনিবার সাপ্তাহিক ছুটির দিন সীমিত সংখ্যক লোকবলের মাধ্যমে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে পূর্ণ দিবস (সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত) ব্যাংক খোলা রাখতে হবে। একইসঙ্গে আগামী ২৭ মার্চ (সোমবার) প্রয়োজনে অফিস সময়ের পরেও প্রস্তুত করা ভাউচারের অর্থ নেওয়ার ব্যবস্থা রাখতে ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশ জারি করা হলো।

ধর্ম মন্ত্রণালয়ের সবশেষ নির্দেশনা অনুযায়ী, হজের খরচ ১১ হাজার ৭২৫ টাকা কমানো হয়েছে। এছাড়া নতুন করে নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে ২৭ মার্চ পর্যন্ত।

ধর্ম মন্ত্রণালয়ের হজযাত্রী প্রাক-নিবন্ধন সিস্টেমের হিসাব অনুযায়ী, ২০২৩ সালে হজে যেতে ইচ্ছুক ২ লাখ ৪৯ হাজার ২২৪ জন প্রাক-নিবন্ধন করেছিলেন। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধন করেছিলেন ৮ হাজার ৩৯১ জন। আর বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধন করেছিলেন ২ লাখ ৪০ হাজার ৮৩৩ জন। আগামী ২১ মে থেকে হজযাত্রীদের নিয়ে প্রথম ফ্লাইট সৌদি আরবের জেদ্দার উদ্দেশে রওনা হবে।