ঘানার সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি বিষয়ে আলোচনা

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং ঘানার পররাষ্ট্রমন্ত্রী শার্লি আয়োরকার বচওয়ে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন।

সোমবার (১৮ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে সংস্থাটির সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের ফাঁকে তারা বৈঠক করেন। এ সময় তারা আগামীতে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বৈঠকে ঘানার পররাষ্ট্রমন্ত্রী শার্লি আয়োরকার বচওয়ে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি পুষিয়ে নিতে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর একক সিদ্ধান্ত এবং আগামী জলবায়ু সম্মেলনে তা তুলে ধরার ওপর গুরুত্ব আরোপ করেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন জলবায়ু পরিবর্তন ইস্যুতে ক্লাইমেট ভালনারেবল ফোরামে বাংলাদেশের নেতৃত্বস্থানীয় ভূমিকা এবং জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি পূরণের লক্ষ্যে বাংলাদেশের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি ‘লস অ্যান্ড ড্যামেজ ফান্ড’ চালু করার ওপর গুরুত্ব আরোপ করেন।

সাম্প্রতিক বছরগুলোতে আর্থ-সামাজিক ক্ষেত্রে বাংলাদেশের অভাবনীয় উন্নয়নের কথা তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বাংলাদেশে বিনিয়োগের আকর্ষণীয় সুযোগ গ্রহণ করতে, বিশেষ করে ফার্মাসিউটিক্যাল খাতে বিনিয়োগ করতে ঘানার প্রতি আহ্বান জানান।

ঘানাতে বাংলাদেশ মিশন স্থাপন অথবা অনারারি কনসাল জেনারেল নিয়োগের অনুরোধ জানান ঘানার পররাষ্ট্রমন্ত্রী। ড. মোমেন ঘানার পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

 




কুর্দিস্তানের বাণিজ্য-শিল্পমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ প্রতিনিধিদলের সাক্ষাৎ

ইরাকের কুর্দিস্তানের আঞ্চলিক সরকারের বাণিজ্য ও শিল্পমন্ত্রী কামাল মুসলিমের সঙ্গে সাক্ষাৎ করেছে বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের নেতৃত্বের একটি প্রতিনিধিদল।

শুক্রবার (২৫ আগস্ট) ইরাকের ইরবিলে এ সাক্ষাৎ হয়।

পরে তাদের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাণিজ্য ও শিল্প উপমন্ত্রী সারওয়ার কামাল হাওয়ারী, অর্থনৈতিক সম্পর্ক উপদেষ্টা ফাতি এম আলী আলমুদারিস এবং কুর্দিস্তান-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি ড. আহমেদ জালালও উপস্থিত ছিলেন।

বিজিএমইএ প্রতিনিধিদলে ছিলেন জায়ান্ট গ্রুপের পরিচালক শারমিন হাসান তিথি; বাংলা পোশাক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সোহেল; বাংলা পোশাক লিমিটেড এর পরিচালক মো. শওকত হোসেন এবং বনিকা ফ্যাশন লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক নিশের খান।

বৈঠকে ইরাকে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ফজলুল বারীও উপস্থিত ছিলেন।

তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়াবলী, বিশেষ করে বাংলাদেশ ও ইরাকের মধ্যে ব্যবসা ও বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

বৈঠকে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বাংলাদেশের বিকাশমান উৎপাদন খাতগুলো এবং তৈরি পোশাকের মতো সম্ভাবনাময় পণ্যগুলো যেগুলো কিনা কুর্দিস্তান বাংলাদেশ থেকে আমদানি করতে পারে, সেগুলো সম্পর্কে বাণিজ্য ও শিল্পমন্ত্রীকে অবহিত করেন।

তিনি বাংলাদেশের প্রতিশ্রুতিশীল শিল্প খাতগুলোর দিকেও ইঙ্গিত করেন, যেখানে ইরাকি কোম্পানিগুলো বিনিয়োগের কথা বিবেচনা করতে পারে।

বাণিজ্য ও শিল্পমন্ত্রী কামাল মুসলিম বাংলাদেশি উদ্যোক্তারা কুর্দিস্তানে বিনিয়োগের যে সুযোগগুলো গ্রহণ করতে পারেন, সেগুলোর সংক্ষিপ্ত বিবরণ দেন।

তিনি বিজিএমইএ প্রতিনিধিদলকে কুর্দিস্তানে বাণিজ্য ও বিনিয়োগের বিষয়ে সরকারের সহযোগিতার আশ্বাস দেন।




মুক্তবাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করতে সম্মত বাংলাদেশ-সিঙ্গাপুর

বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে আলোচনাধীন মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার বিষয়ে সম্মত হয়েছে উভয়পক্ষ।

সম্প্রতি জাকার্তায় ৩০তম আসিয়ান রিজিওনাল ফোরামের বৈঠকের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণণ।

মঙ্গলবার (১৮ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় থে‌কে পাঠা‌নো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুই পররাষ্ট্রমন্ত্রী পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। তারা দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশের পাশাপাশি আগামী দিনে আরও সম্পৃক্ততা এবং সহযোগিতা বাড়ানোর বিষয়ে সম্মত হয়েছেন।

বৈঠকে ড. মোমেন জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের ইস্যুতে বাংলাদেশের উদ্বেগের কথা সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীকে জানান। তিনি রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে অনুকূল পরিবেশ তৈরিতে সিঙ্গাপুরের সহযোগিতা চান। এছাড়া মন্ত্রী আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে দেশটিকে পাশে চান।

মোমেন বালাকৃষ্ণণকে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং হাইটেক পার্কের সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত তুলে ধরেন। তিনি বাংলাদেশ থেকে অত্যাধুনিক মানের ওষুধ আমদানির জন্য সিঙ্গাপুরকে অনুরোধ করেন।

বৈঠকে উভয়পক্ষ বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, স্বাস্থ্য, আইসিটি, কানেক্টিভিটি , চিকিৎসা কূটনীতির ক্ষেত্রে সহযোগিতা ত্বরান্বিত করার বিষয়ে সম্মত হন।