বাংলাদেশ ব্যাংকের পরিচালক পদে পদোন্নতি পেলেন দিপ্তী রানী

আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের অতিরিক্ত পরিচালক দিপ্তী রানী হাজরা। সম্প্রতি তিনি পরিচালক পদে পদোন্নতি লাভ করেন। সোমবার (২২ মে) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশনস থেকে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিপ্তী রানী হাজরা ১৯৯৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। তিনি ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন, বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগ, ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ, ডিপোজিট ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট এবং আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে বি. কম (অনার্স) সহ এম. কম. (ফিন্যান্স) ডিগ্রি অর্জন করেন এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস্ হতে ডীনস্ অ্যাওয়ার্ড (Summa Cum Laude)সহ এমবিএ ডিগ্রি অর্জন করেন। এছাড়া, তিনি Digital Frontiers Institute এর Certified Digital Finance Practitioner (CDFP) পেশাগত ডিগ্রিধারী।

বাংলাদেশে ব্যাসেল-২ ও ব্যাসেল-৩ বাস্তবায়নের এর মূল নীতিমালাসহ সকল সহায়ক নীতিমালা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের স্বীকৃতিস্বরূপ ২০১২ সালে ‘বাংলাদেশ ব্যাংক এমপ্লয়িজ রিকগনিশন অ্যাওয়ার্ড’ অর্জন করেন। দিপ্তী রানী হাজরা ব্যাংকসমূহের ঋণ ঝুঁকির বিপরীতে ঝুঁকিভারিত সম্পদ নিরূপণের জন্য ইসিএআই নির্বাচনের লক্ষ্যে গাইডলাইন্স তৈরি, ব্যাসেল-২ ও ব্যাসেল-৩ বাস্তবায়নের মূল নীতিমালা ‘গাইডলাইন্স অন রিস্ক বেইজড্ ক্যাপিটাল অ্যাডিকোয়েসি’ তৈরি, ব্যাসেল-২ এর পিলার-২ বাস্তবায়নের লক্ষ্যে আসিএএপি, গাইডলাইন্স ফর ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ও আইসিআরআরএস গাইডলাইন্স প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য তিনি বিবিটিএ, বিআইবিএম আয়োজিত বিভিন্ন প্রশিক্ষণ প্রোগ্রামে অংশগ্রহণ করেন। তিনি ব্যুরো অব ইকোনমিক রিসার্চ, ঢাবি হতে অ্যাডভান্স ইকোনমেট্রিক্স ও মনিটারি ইকোনমিকসে সার্টিফিকেট কোর্স সম্পন্ন করেন। এছাড়া তিনি Deutsche Bundes Bank, Germany, BIS, Basel, Switzerland; FSI-SEANZA, Philippines; NIBM, India; Reserve Bank of India, India কর্তৃক আয়োজিত প্রশিক্ষণে অংশগ্রহণ করার মাধ্যমে নিজেকে আরও সমৃদ্ধ এবং অভিজ্ঞ করেছেন।

পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি গেস্ট লেকচারার হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স বিভাগ, বাংলাদেশ ইন্সটিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট, বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি-তে ক্লাস নিয়ে থাকেন।




বাংলাদেশ ব্যাংকের পরিচালক ইস্তেকমাল হোসেন

বাংলাদেশ ব্যাংকে পরিচালক পদে ( আগে এ পদের নাম ছিল মহাব্যবস্থাপক) পদোন্নতি পেয়েছেন ইস্তেকমাল হোসেন। গত ২১ মে বাংলাদেশ ব্যাংক তাকে এ পদোন্নতি দিয়ে নির্দেশনা প্রকাশ করে।

সোমবার (২২ মে) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স থেকে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ইস্তেকমাল হোসেন ১৯৯৯ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে যোগ দেন। বাংলাদেশ ব্যাংক বগুড়া অফিস, প্রধান কার্যালয়ের ব্যাংক পরিদর্শন বিভাগ, বৈদেশিক মুদ্রা পরিদর্শন ও ভিজিলেন্স বিভাগ, ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, ডিপোজিট ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট এবং সর্বশেষ ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে দায়িত্ব পালন করেন তিনি। ইস্তেকমাল হোসেন বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলে নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দুইবার দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ ব্যাংকের ‘ফরেন এক্সচেঞ্জ রিস্ক ম্যানেজমেন্ট কম্পিটেন্সি গ্রুপ’ এর সদস্য হিসেবে তিনি ফিলিপাইন ও ভারত থেকে ‘Foreign Exchange BOURSE’ সম্পন্ন করেন। তিনি মালয়েশিয়াতে ওয়ার্ল্ড ব্যাংক আয়োজিত ‘রিজার্ভ ম্যানেজমেন্ট’ সংক্রান্ত প্রশিক্ষণ নেন। ‘ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট, সুইজারল্যান্ড ছাড়াও সেন্ট পিটার্সবার্গে ও বসনিয়া-হার্জেগভিনিয়াতে ‘International Deposit Insurar’ এর বিভিন্ন কনফারেন্সে বাংলাদেশ ব্যাংকের পক্ষে অংশ নেন। এছাড়া, বাংলাদেশ ব্যাংকের অটোমেশন কার্যক্রমের অংশ হিসেবে ভারতে প্রশিক্ষণ নেন তিনি।

ইস্তেকমাল হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ে অনার্সসহ মাস্টার্স করেন। পরবর্তীতে একই বিশ্ববিদ্যালয় হতে ‘ডেভেলপমেন্ট স্টাডিজ’ বিষয়েও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি বিশিষ্ট ভাষাসৈনিক অ্যাডভোকেট আলাউদ্-দীন হোসেনের কনিষ্ঠ পুত্র।




শুক্রবার যেসব এলাকায় খোলা থাকবে ব্যাংক

ঈদুল ফিতরের লম্বা ছুটিতে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ ও রপ্তানি কার্যক্রম ঠিক রাখতে পোশাক কারখানা সংশ্লিষ্ট এলাকায় ব্যাংকের কিছু শাখা খোলা রাখা হচ্ছে। সেগুলো হলো, ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখা।

এসব শাখা বুধবার (১৯ এপ্রিল) ও বৃহস্পতিবার (২০ এপ্রিল সীমিত) পরিসরে খোলা ছিল। আগামীকাল শুক্রবার অর্থাৎ ২১ এপ্রিলও সরকারি ছুটির দিন ওইসব এলাকায় ব্যাংক খোলা থাকবে।

এর আগে গত ১৩ এপ্রিল বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

ওই নির্দেশনায় বলা হয়, আসন্ন ঈদুল ফিতরের পূর্বে তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক রপ্তানি বিল বিক্রয়ের এবং উক্ত শিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী, কর্মকর্তাদের বেতন, বোনাসসহ অন্যান্য ভাতাদি পরিশোধের সুবিধার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাসমূহ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ১৯, ২০ এবং ২১ এপ্রিল সরকারি ছুটির দিন সীমিত সংখ্যক লোকবলের মাধ্যমে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবে।

শুক্রবার ব্যাংক লেনদেন সূচি

শুক্রবার সকাল সা‌ড়ে ৯টা থে‌কে দুপুর সা‌ড়ে ১২টা পর্যন্ত লেন‌দেন হ‌বে আর অফিস চল‌বে বিকেল ৩টা পর্যন্ত। এর ম‌ধ্যে দুপুর ১টা ১৫ মি‌নিট থে‌কে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাক‌বে।

ঈদ পরবর্তী সময়ে তফসিলি ব্যাংকের অফিস সময় রোজার আগের নিয়‌মে চল‌বে। অফিস চল‌বে সকাল ১০টা থে‌কে বিকাল ৫টা পর্যন্ত এবং লেনদেন হ‌বে ১০টা থে‌কে বিকাল সা‌ড়ে ৩টা পর্যন্ত।

ঈদের ছুটিতে চেক ক্লিয়ারিংয়ে নতুন সময়সূচি

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে নতুন সময়সূচি অনুযায়ী ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম চলবে। ঈদ উপলক্ষ্যে ২০, ২১, ২২ ও ২৩ এপ্রিল (মোট ৪ দিন) ছুটি ঘোষণা করেছে সরকার। এ সময়ে ক্লিয়ারিং হাউজে লেনদেনে আন্তঃব্যাংকের চেক নিষ্পত্তির নতুন সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।

ঈদের ছুটির চারদিন বাংলাদেশ ব্যাংকে স্থাপিত রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস), স্বয়ংক্রিয় চেক নিকাশ ঘর (বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউজ-বিএসিএইচ বা ব্যাচ) কার্যক্রমের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

এ সেবার মাধ্যমে এক শাখা থেকে অন্য শাখায় বা অন্য ব্যাংকের গ্রাহককে অর্থ পরিশোধ ও স্বয়ংক্রিয় চেক নিষ্পত্তি করে থাকে। বিএসিএইচ-এর মাধ্যমে হাই ভ্যালু চেক (৫ লাখ টাকার বেশি) এবং রেগুলার ভ্যালু চেক (৫ লাখ টাকার কম) নিকাশ ব্যবস্থা নিষ্পত্তি করা হয়। ছুটিতে হাই ভ্যালুর চেক ক্লিয়ারিংয়ের জন্য বেলা সাড়ে ১০টার মধ্যে পাঠাতে হবে।

এগুলো দুপুর ১২টার মধ্যে নিষ্পত্তি হবে। আর যেকোনো রেগুলার ভ্যালুর চেক বেলা সাড়ে ১১টার মধ্যে ক্লিয়ারিং হাউজে পাঠাতে হবে। এসব চেক দুপুর দেড়টার (১:৩০) মধ্যে নিষ্পত্তি হবে। এছাড়া বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সেবা আগের নিয়মে চলবে বলে নির্দেশনায় বলা হয়েছে।




ঈদের আগে তিন দিন ব্যাংক খোলা যেসব এলাকায়

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী বৃহস্পতিবার (২০ এপ্রিল) সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এর আগেরদিন বুধবার শবে কদরের ছুটি। ফলে বুধবার থেকেই শুরু হচ্ছে ঈদকেন্দ্রিক ছুটি। এসময় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে বন্ধ থাকবে সব বাণিজ্যিক ব্যাংক। তবে তৈরি পোশাকশিল্প এলাকায় শ্রমিক-কর্মচারীদের বেতন-বোনাসসহ অন্য ভাতা পরিশোধ ও রপ্তানি বিল বিক্রয়ের সুবিধার্থে ঈদের আগে তিনদিন সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকবে।

অর্থাৎ আগামী ১৯, ২০ ও ২১ এপ্রিল (বুধ, বৃহস্পতি ও শুক্রবার) সরকারি ছুটির দিনেও শিল্প এলাকায় থাকা ব্যাংকের শাখা সীমিত আকারে খোলা থাকবে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অব সাইট সুপারভিশন বা ডিওএস থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের জারি করা নির্দেশনায় বলা হয়, সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় আগামী ২০ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করেছে। এতে দেশের তফসিলি ব্যাংকের সব শাখা ও উপশাখা বন্ধ থাকবে।

তবে আসন্ন ঈদুল ফিতরের আগে তৈরি পোশাকশিল্প এলাকাসহ বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক রপ্তানি বিল বিক্রয় এবং শিল্পে কর্মরতদের বেতন-বোনাস পরিশোধের সুবিধার্থে কিছু শাখা খোলা থাকবে। ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের তৈরি পোশাকশিল্প সংশ্লিষ্ট শাখাসমূহ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ১৯, ২০ এবং ২১ এপ্রিল সরকারি ছুটির দিনে খোলা রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। ওইসব এলাকার ব্যাংকের শাখাগুলো সীমিত সংখ্যক লোকবলের মাধ্যমে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবে।

সরকারি ছুটির দিনে ব্যাংক লেনদেনের সময়সূচিও দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে। ১৯ ও ২০ এপ্রিল অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত লেনদেন হবে, অফিস চলবে দুপুর আড়াইটা পর্যন্ত। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত থাকবে নামাজের বিরতি। এছাড়া ২০ এপ্রিল শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লেনদেন হবে এবং লেনদেন পরবর্তী কাজ পরিচালনার জন্য অফিস চলবে বিকেল ৩টা পর্যন্ত। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত থাকবে নামাজের বিরতি।

ঈদ পরবর্তী সময়ে তফসিলি ব্যাংকের অফিস সময় আগের নিয়মে চলবে। অর্থাৎ লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। তবে অফিস চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।