রিকশাচালক-মুচিরাও লেনদেন করতে পারবেন বাংলা কিউআর দিয়ে: গভর্নর

রিকশাচালক থেকে মুচি কিংবা ছোট-বড় সব শ্রেণিপেশার মানুষকে ডিজিটাল লেনদেনের আওতায় আনতে চায় বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে আগামী নভেম্বর থেকে বাংলা কিউআরের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তির লেনদেনের সুযোগ চালু হচ্ছে। এতে রিকশাচালক-মুচিসহ যে কেউ নিজস্ব কিউআর কোডের মাধ্যমে লেনদেন করতে পারবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।

শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় বাংলা কিউআর কোড দিয়ে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের টিউশন ফি পরিশোধ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। ওয়ান ব্যাংক পিএলসি ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গভর্নর বলেন, বাংলা কিউআরের বাস্তবায়ন চারটি ধাপে এগিয়ে নেওয়া হচ্ছে। এর প্রথম ধাপ ছিল নিয়ন্ত্রক নির্দেশনা কার্যকর করা। ১ জুলাই থেকে সবার জন্য বাংলা কিউআর বাধ্যতামূলক করা হয়। চালুর পর দ্বিতীয় ধাপে এর কার্যক্ষমতা যাচাই করা হয়। এ ধরনের আন্তঃসংযোগভিত্তিক লেনদেনব্যবস্থায় একসঙ্গে বিপুলসংখ্যক লেনদেন সামাল দেওয়ার সক্ষমতা নিশ্চিত করা জরুরি ছিল। কেননা মাস্টারকার্ডের ব্যবস্থা প্রতি সেকেন্ডে এক হাজার লেনদেন সম্পন্ন করতে পারলেও দেশের ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) ব্যবস্থায় সর্বোচ্চ প্রতি সেকেন্ডে ৩০০টি লেনদেনের সক্ষমতা পরীক্ষা করা হয়েছিল।

তিনি বলেন, একসঙ্গে প্রায় ১০০টি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে এ আন্তঃসংযোগভিত্তিক প্ল্যাটফর্মে যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছিল। ফলে হঠাৎ করে বাংলা কিউআর সবার জন্য বাধ্যতামূলক করলে ব্যবস্থাটির কার্যক্ষমতা নিয়ে উদ্বেগ ছিল। তবে প্রায় দেড়-দুই মাসের মধ্যে এর কার্যক্ষমতা নিয়ে সন্তুষ্ট হওয়ার মতো অগ্রগতি দেখা যায়। এরপর বাংলা কিউআরের প্রচার ও প্রসারের লক্ষ্যে গত ১ অক্টোবর থেকে এ উদ্যোগ শুরু হয়েছে। একইসঙ্গে আন্তঃসংযোগের মাধ্যমে এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে লেনদেনের ক্ষেত্রে যে চার্জ ছিল, তা শূন্য করা হয়েছে। শুধু দুই হাজার টাকা নয়, পাঁচ হাজার, এক লাখ কিংবা দুই লাখ টাকা; যেকোনো অংকের লেনদেনের ক্ষেত্রেই এ চার্জ প্রযোজ্য হবে না।

আগামী নভেম্বর থেকে বাংলা কিউআরের চতুর্থ ধাপ শুরু হবে জানিয়ে মোস্তাকুর রহমান বলেন, এ পর্যায়ে ব্যক্তি থেকে ব্যক্তির মধ্যে লেনদেনের সুযোগ চালু করা হবে। তখন একজন ব্যক্তি অন্য যেকোনো ব্যক্তিকে বাংলা কিউআরের মাধ্যমে টাকা পাঠাতে পারবেন। এ ব্যবস্থায় রিকশাচালক, মুচি থেকে শুরু করে সাধারণ মানুষ; সবার নিজস্ব কিউআর কোড থাকবে।

বাংলা কিউআরের অগ্রগতি তুলে ধরে গভর্নর বলেন, জুনের প্রথম সপ্তাহে এ ব্যবস্থায় প্রতি সপ্তাহের দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল ৩৭ কোটি টাকা। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে তা বেড়ে প্রায় ১৮০ কোটি টাকায় পৌঁছায়। অর্থাৎ এ সময়ে লেনদেনের পরিমাণ চার গুণের বেশি বেড়েছে। তবে এ অগ্রগতিকে চূড়ান্ত সাফল্য হিসেবে দেখার সুযোগ নেই। কারণ বাংলা কিউআরের যাত্রায় এখনও সামান্য পথ অতিক্রম করা হয়েছে। দৈনিক প্রায় তিন হাজার কোটি টাকা লেনদেন হলে এ ব্যবস্থাকে একটি যুক্তিসংগত অবস্থানে পৌঁছেছে বলে বিবেচনা করা যাবে।

বাংলা কিউআরের পাশাপাশি সরকারের ডিজিটাল জনপরিকাঠামো উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, ডিজিটাল জনপরিকাঠামোর তিনটি গুরুত্বপূর্ণ অংশ রয়েছে। প্রথমটি ডিজিটাল পরিচয়, দ্বিতীয়টি ডিজিটাল লেনদেন এবং তৃতীয়টি তথ্য বিনিময়। ডিজিটাল পরিচয় মানে জন্মের পর একজন মানুষের যে পরিচয় তৈরি হবে, তা মৃত্যুর আগপর্যন্ত বহাল থাকবে। আর তথ্য বিনিময়ের ব্যবস্থা চালু হলে ব্যাংক হিসাব খোলা, ঋণ নেওয়া কিংবা বিভিন্ন দাপ্তরিক কাজে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ছোটাছুটি করতে হবে না। পরিচয় নম্বরের মাধ্যমে প্রয়োজনীয় সনদ ও তথ্য যাচাই করা সম্ভব হবে। এরই মধ্যে ডিজিটাল জনপরিকাঠামো নিয়ে কাজ শুরু হয়েছে। পাশাপাশি তথ্য ও যোগাযোগপ্রযুক্তি উপদেষ্টার ঘোষণার পর কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক একটি উদ্যোগ নিয়েও কাজ চলছে।

বাংলা কিউআরকে জনপ্রিয় করার ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের অবদানের কথা উল্লেখ করে গভর্নর মোস্তাকুর বলেন, এ উদ্যোগের যাত্রায় গণমাধ্যম অনেক সহযোগিতা করেছে। ফলে এ নিয়ে এখন শুধু দেশেই নয়, বিদেশেও আগ্রহ তৈরি হয়েছে। গুগল, মেটা ও হুয়াওয়ের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনার সময়ও বাংলা কিউআর সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। আর এ উদ্যোগকে জনপ্রিয় করার পেছনে গণমাধ্যমের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।




যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সিকে ধন্যবাদ জানালেন গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ১০ থেকে ১৩ জুন যুক্তরাজ্যের লন্ডন সফর করেছেন। প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে তার এ সফর হলেও, এর পাশাপাশি তিনি একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। যা বাংলাদেশের নীতিনির্ধারণী ও আর্থিক খাতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে।

সফরের শুরুতেই মঙ্গলবার (১১ জুন) গভর্নর ড. আহসান এইচ মনসুর দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেনকে সঙ্গে নিয়ে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) পরিদর্শনে যান। সেখানে তারা ইন্টারন্যাশনাল অ্যান্টি করাপশন কোঅর্ডিনেশন সেন্টারের (আইএসিসিসি) প্রধান ড্যানিয়েল মারফিসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

বাংলাদেশের অ্যাসেট রিকভারি টাস্কফোর্সের সঙ্গে আইএসিসিসির চলমান সহযোগিতার জন্য গভর্নর কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখযোগ্যভাবে, যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সৈয়দুজ্জামান চৌধুরী জাভেদের ১৭০ মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পদ এবং সম্প্রতি বেক্সিমকো গ্রুপের শায়ান রহমান ও শারিয়ার রহমানের ৯০ মিলিয়ন পাউন্ডের সম্পদ জব্দে সহায়তার জন্য এনসিএর প্রতি ধন্যবাদ জানান গভর্নর।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, যুক্তরাজ্যের মোট ২৬০ মিলিয়ন পাউন্ডের এ উদ্যোগ অন্যান্য মানিলন্ডারিং গন্তব্য দেশগুলোকেও একই পথে এগিয়ে আসতে উৎসাহিত করবে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, এনসিএ সফরের পর গভর্নর একটি ‘অ্যাসেট রিকভারি রাউন্ডটেবিল’ বৈঠকে প্রধান অতিথি হিসেবে অংশ নেন, যার আয়োজন করে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইন প্রতিষ্ঠান ডিএলএ পাইপার। এতে ওমনি ব্রিজওয়ে, বেনচওয়াক ক্যাপিটাল, আলভারেজ অ্যান্ড মার্শাল এবং ইউনিটাস গ্লোবালসহ কয়েকটি বিখ্যাত লিটিগেশন ফান্ডিং ও ইনভেস্টিগেশন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

বৈঠকে গভর্নর জানান, ২০২৫ সালের মধ্যে অন্তত ৩০টি মামলার জন্য ১০০ মিলিয়ন ডলারের লিটিগেশন ফান্ডিং সংগ্রহ করার পরিকল্পনা রয়েছে। অংশগ্রহণকারীরা দ্রুত এনডিএ সই এবং ব্যাংকগুলোর এনপিএল ডেটা শেয়ারিংয়ের প্রক্রিয়া শুরু করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

তারা বাংলাদেশ ব্যাংককে একটি বিশেষ উদ্দেশ্যে গঠিত প্রতিষ্ঠান (এসপিভি) গঠনের পরামর্শ দেন, যাতে যুক্তরাজ্য ও সিঙ্গাপুরসহ প্রধান লক্ষ্যবস্তু দেশগুলোতে মামলা পরিচালনা করা যায় এবং প্রক্রিয়াটি রাজনৈতিক পরিবর্তনের প্রভাবমুক্ত থাকে। গভর্নর এ প্রস্তাবকে ইতিবাচকভাবে গ্রহণ করেন।

এছাড়া গভর্নর বিশ্বের বৃহত্তম অ্যাসেট ম্যানেজার ব্ল্যাকরকের সঙ্গে বৈঠক করেন এবং বাংলাদেশে ব্যাংক ও শেয়ারবাজারে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। লন্ডনের লর্ড মেয়রের সঙ্গে সাক্ষাৎ করে গভর্নর তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এসময় বাংলাদেশ ও যুক্তরাজ্যের ফিনটেক ও আর্থিক খাতে পারস্পরিক বিনিয়োগ ও সহযোগিতা নিয়েও আলোচনা হয়।

অবশেষে, গভর্নর লন্ডনের কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন এবং রেমিট্যান্স প্রেরণ প্রক্রিয়া আরও সহজ করতে করণীয় বিষয়ে আলোচনা করেন।




বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের পদোন্নতিতে বাধ্যতামূলক হচ্ছে ডিপ্লোমা

পদোন্নতি পেতে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদেরও ব্যাংকিং ডিপ্লোমা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার এক বৈঠকে নেওয়া হয় এ সিদ্ধান্ত। বৈঠক সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর, নির্বাহী পরিচালক ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা।

সম্প্রতি ব্যাংকারদের দক্ষতা ও কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সিনিয়র অফিসার ও তার উপরের পদে পদোন্নতি পেতে ব্যাংকিং ডিপ্লোমা ডিগ্রিকে বাধ্যতামূলক করা হয়েছে। তবে কেন্দ্রীয় ব্যাংকে এতদিন সেটা আটকে ছিল। এখন থেকে অন্য ব্যাংকের মতো একইভাবে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদেরও পদোন্নতি পেতে হলে ব্যাংকিং ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। বর্তমানে যারা নির্বাহী পরিচালক হিসেবে রয়েছেন তাদের আর এ ডিগ্রির প্রয়োজন হবে না। এর ফলে বিভিন্ন ডিপার্টমেন্টের দায়িত্বে থাকা পরিচালকদেরও পদোন্নতির ক্ষেত্রে লাগবে ব্যাংকিং ডিপ্লোমা ডিগ্রি।

পর্ষদ সভায় নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান হিসেবে লাইসেন্স পেয়েছে ‘নগদ’।

বৈঠকের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, পরিচালনা পর্ষদের সভায় নগদ ফাইন্যান্স পিএলসিকে লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত হয়। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক পর্যন্ত ব্যাংকিং ডিপ্লোমা বাধ্যতামূলক করা হয়েছে। এখন যারা নির্বাহী পরিচালক রয়েছেন তাদের ডিপ্লোমার প্রয়োজন হবে না।