প্রধানমন্ত্রীর সাবেক ব্যক্তিগত সহকারী ও তার স্ত্রীর হিসাব স্থগিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম, তার স্ত্রী কামরুন নাহার ও তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব স্থগিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একইস‌ঙ্গে তা‌দের হিসা‌বের সব তথ্য চে‌য়ে‌ছে সংস্থাটি।

সোমবার ( ১৫ জুলাই) বিএফআইইউর সংশ্লিষ্ট এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

বিএফআইইউর পক্ষ থেকে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানে এ সংক্রান্ত চিঠিতে জাহাঙ্গীর আলম, তার স্ত্রী কামরুন নাহারের স্মার্ট কার্ড নাম্বার, পিতামাতার নাম ও জন্মতারিখ উল্লেখ করা হয়েছে।

চিঠিতে জাহাঙ্গীর আলম, তার স্ত্রী কামরুন নাহারের ব্যক্তিগত ও তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনও হিসাব থাকলে সেসব হিসাবের লেনদেন স্থগিত রাখতে বলা হয়েছে। মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২–এর ২৩ (১) (গ) ধারার আওতায় আগামী ৩০ দিন তাদের ব্যাংক হিসাব স্থগিত রাখার সিদ্ধান্ত হয়। একইস‌ঙ্গে আগামী ৫ কর্মদিব‌সের মধ্যে তা‌দের হিসা‌বের সব তথ্য চেয়েছে বিএফআইইউ।

এর আগে রোববার (১৪ জুলাই) সাম্প্রতিক চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে নিজের বাসার পিয়ন ৪০০ কোটি টাকার মালিক হয়েছেন, এমন তথ্য জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই কে সেই পিয়ন, এ নিয়ে শুরু হয় জল্পনা–কল্পনা।

এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে এখন ৪০০ কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না! কী বলব, এটাই বাস্তব। আমি জানতে পেরে তার কার্ড সিজ করেছি, তাকে চাকরি থেকে বের করে দিয়েছি। যা করার আমি ব্যবস্থা নিয়েছি।’

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার পরিচয় নিয়ে কোনও ইঙ্গিত না দেওয়া হলেও প্রধানমন্ত্রীর কার্যালয়ের একাধিক সূত্র দাবি করছে, সেই পিয়ন হলেন নোয়াখালীর চাটখিল উপজেলার জাহাঙ্গীর আলম। তিনি খিলপাড়া ইউনিয়নের নাহার খিল গ্রামের কেরানী বাড়ির মৃত রহমত উল্যাহর ছেলে।




মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ প্রাধান্য দিয়ে মুদ্রানীতি ঘোষণা

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে প্রাধান্য দিয়ে ২০২৩-২৪ অর্থবছরের ২য় ষান্মাসিক (জানুয়ারি-জুন, ২০২৪) মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (১৭ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ ব্যাংকের প্রধান ভবনের ৫ম তলায় জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এই মুদ্রানীতি ঘোষণা করা হয়।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার নতুন মুদ্রানীতি ঘোষণা করেন।

মুদ্রানীতি ঘোষণার পর গভর্নর বলেন, মূল্যস্ফীতি ৬ শতাংশে নেমে না আসা পর্যন্ত সংকোচনমূলক মুদ্রানীতি অব্যাহত থাকবে। এবারের মুদ্রানীতিতে ৪টি বিষয় গুরুত্ব দিয়ে মনিটরিং পলিসি করা হয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহারের সঙ্গে এই মুদ্রানীতি সামঞ্জস্যপূর্ণ। এছাড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে গিয়ে প্রবৃদ্ধি ১ শতাংশ কমলে অসুবিধা নেই বলেও মন্তব্য করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরবৃন্দ, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান কর্মকর্তা, চিফ ইকোনোমিস্ট, গবেষণা বিভাগের নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও সহকারী মুখপাত্ররা।




বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোহাম্মদ মাহবুব আলম

বাংলাদেশ ব্যাংকের পরিচালক হলেন মোহাম্মদ মাহবুব আলম। তিনি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) অতিরিক্ত পরিচালক থেকে পদোন্নতি পেয়ে পরিচালক হয়েছেন।

সোমবার (৮ মে) বাংলাদেশ ব্যাংক থেকে এই তথ্য জানানো হয়েছে।

তথ্যমতে, মোহাম্মদ মাহবুব আলম ১৯৯৯ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন। তিনি আগে বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ ও ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে এবং পরে ২০১০ সাল থেকে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি বাংলাদেশ ব্যাংকের বরিশাল অফিসেও কর্মরত ছিলেন।

মোহাম্মদ মাহবুব আলম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর উভয় ডিগ্রিতে সাফল্যের সঙ্গে প্রথম শ্রেণিতে ২য় স্থান অর্জন করেন। তিনি পেশাগত দায়িত্ব পালনকালে ইউএনডিইএসএ পরিচালিত ‘ইন্টারন্যাশনাল ডিপ্লোমা অন ম্যাক্রোইকোনোমিক মডেলিং ফোর্সকাস্টিং’ বিষয়ে বিশেষ কোর্স ছাড়াও আইএমএফ, এডিবি, আইটিইউ ও এপিজি কর্তৃক সেমিনার ও প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

দাপ্তরিক প্রয়োজনে বিভিন্ন সময়ে তিনি ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, জার্মানি এবং সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণ করেছেন।