বন্ড ইস্যু করবে ইসলামী ব্যাংক

বন্ড ইস্যুর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১০০ কোটি টাকা সংগ্রহ করবে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক পিএলসি।

বুধবার (২৪ এপ্রিল) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালন পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, টায়ার-২ এর মূলধনভিত্তি শক্তিশালী করতে বাজারে এ বন্ড ইস্যু করবে ব্যাংকটি। প্রস্তাবিত নতুন এ বন্ডের নাম হবে ‘আইবিবিপিএলসি ফিফথ মুদারাবা রিডিমেবল নন-কনভার্টেবল সাবঅর্ডিনেটেড বন্ড।’ ব্যাসেল-৩ এর অধীনে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ব্যাংকটি বাজার থেকে ১০০ কোটি টাকা সংগ্রহ করবে।

এছাড়াও, বন্ডটি হবে আনসিকিউরড রিডিমেবল নন-কনভার্টেবল সাবঅর্ডিনেটেড বন্ড। অর্থাৎ বন্ডের কোনো অংশ শেয়ারে রূপান্তরিত হবে না।

বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশনের অনুমোদন সাপেক্ষে বন্ডটি ইস্যু করবে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।




৫০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে এসএস স্টিল

শেয়ারবাজারে তালিকাভুক্ত এসএস স্টিল লিমিটেড ৫০০ কোটি টাকার বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বন্ডটি হবে আনসিকিউরড, কনভার্টেবল বা রিডিমেবল কুপন বিয়ারিং বন্ড। যার মেয়াদ হবে ৭ বছর বা ইস্যুর তারিখ থেকে ৮৪ মাস। বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টে ইস্যু করা হবে।

বন্ড ইস্যুর মাধ্যমে কোম্পানিটির শেয়ারবাজার থেকে ৫০০ কোটি টাকা উত্তোলন করবে।

উত্তেলিত অর্থ দিয়ে কোম্পানিটি ব্যাংক ঋণ পরিশোধ এবং বিদ্যমান বিএমআরই প্রকল্পের আধুনিকীকরণ, পুনর্বাসন, এবং সম্প্রসারণ করবে। বিএসইসির অনুমোদন সাপেক্ষে এ বন্ড ইস্যু করা হবে।




ন্যাশনাল হাউজিংয়ের ৩৭৪ কোটি টাকার বন্ড অনুমোদন

পুঁজিবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসিকে বন্ড ইস্যু করার অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এই বন্ড ছেড়ে কোম্পানিটি পুঁজিবাজার থেকে ৩৭৪ কোটি ৪০ লাখ টাকা সংগ্রহ করবে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৮৮৯তম কমিশন সভায় কোম্পানিটির বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ন্যাশনাল হাউজিংয়ের ৩৭৪ কোটি টাকার বন্ডটি হবে নন-কনভার্টিবল, ফুললি রিডিমেবল, আনসিকিউরড ও ফার্স্ট জিরো কুপন বন্ড। বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের কাছে ইস্যু করা হবে। এ বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ লাখ টাকা। এ বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে ন্যাশনাল হাউজিং আর্থিক প্রতিষ্ঠানের হাউজিং-মর্টগেজ মার্কেট সেগমেন্টে ঋণ প্রদানের জন্য ব্যবহার করবে। তবে আয়ের ১০ শতাংশ সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ করা হবে।

বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড এবং অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট লিমিটেড। এছাড়া, বন্ডটি অলটারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে।




বন্ড ইস্যু করবে ডিবিএইচ ফাইন্যান্স

পুঁজিবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি’র পরিচালনা পর্ষদ বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে। কোম্পানিটি ৫০০ কোটি ৫০ লাখ টাকার নন-কনভার্টেবল রিডেমবল ফিক্সড কুপন সিনিয়র বন্ড ইস্যু করবে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি ফেসভ্যালুতে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ড ইস্যু করবে। ডিবিএইচের বন্ডের মেয়াদ হবে ইস্যুর তারিখ থেকে ৫ বছর।




প্রাণ এগ্রোর ২৬২ কোটি টাকার বন্ড অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রাণ এগ্রো লিমিটেডের বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

প্রতিষ্ঠানটি প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান। একই সভায় সিডব্লিউটি-কমিউনিটি ব্যাংক শরীয়াহ ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন দেওয়া হয়েছে।

সোমবার (১৯ জুন) বিএসইসির ৮৭২তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজকের সভায় প্রাণ এগ্রো লিমিটেডকে এই বন্ডের মাধ্যমে বাজার থেকে ২৬২ কোটি ৫০ লাখ টাকা অভিহিত মূল্যের প্রস্তাব অনুমোদন করেছে। যার কুপন রেট ৮ দশমিক ৮৮ শতাংশ।

আলোচিত বন্ডটি হবে একটি মেয়াদি বন্ড। এটি হবে রূপান্তর-অযোগ্য অর্থাৎ এই বন্ডের কোনো অংশ শেয়ারে রূপান্তর হবে না। এটি একইসঙ্গে ফুললি রিডিমেবল, অর্থাৎ মেয়াদ শেষে এই বন্ডের সম্পূর্ণ অবসায়ন হবে।

আলোচিত বন্ডটি হবে কুপনযুক্ত। এর কুপন তথা সুদের হার হবে ৮ দশমিক ৮৮ শতাংশ। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান ও উচ্চ সম্পদধারী ব্যক্তি বিনিয়োগকারীদের মধ্যে এ বন্ড বরাদ্দ করা হবে।

বন্ডের মাধ্যমে উত্তোলিত অর্থ কোম্পানি অফিস ও কারখানা, যন্ত্রপাতি কেনা এবং আংশিক ঋণ পরিশোধে ব্যয় করবে। এই বন্ডের অ্যারেঞ্জার হিসেবে দায়িত্ব পালন করবে রিভারস্টোন ক্যাপিটাল। আর এর ট্রাস্টির দায়িত্বে আছে গ্রীন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড।

একই সভায় সিডব্লিউটি-কমিউনিটি ব্যাংক শরীয়াহ ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন করা হয়েছে। ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা ২৫ কোটি টাকা। এর মাধ্যমে উদ্যোক্তা কমিউনিটি ব্যাংক লিমিটেড তাতে ২ কোটি ৫০ লাখ টাকার জোগান দেবে, যা মোট ফান্ডের ১০ শতাংশ। বাকি ২২ কোটি ৫০ লাখ টাকার ইউনিট সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে। এর প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা।

আলোচিত ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হিসেবে আছে সিডব্লিউটি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। এর ট্রাস্টি ও কাস্টোডিয়ানের দায়িত্ব পালন করবে যথাক্রমে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও ব্র্যাক ব্যাংক লিমিটেড। তবে শর্ত হচ্ছে, বন্ডটি স্টক এক্সচেঞ্জের অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে।