বঙ্গবন্ধুর সমাধিতে এফবিসিসিআই’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ ও দোয়ার মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এফবিসিসিআই’র নবনির্বাচিত সভাপতি মাহবুবুল আলমের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধিস্থলে শ্রদ্ধা জানান সংগঠনটির নেতারা।

এ সময় বঙ্গবন্ধুসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করেন এবং বঙ্গবন্ধু ও পঁচাত্তরের ১৫ আগস্টের সব শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন ব্যবসায়ী নেতারা।

এ সময় এফবিসিসিআই’র নবনির্বাচিত সভাপতি মাহবুবুল আলম বলেন, বঙ্গবন্ধুর জন্যই আজ আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। আমাদের ব্যবসায়ীরা আজ অনেকেই ব্যাংকের মালিক, বড় বড় ইন্ডাস্ট্রির মালিক, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্ণধার। শূন্য থেকে শুরু করে বাংলাদেশ আজ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে। দেশ স্বাধীন না হলে এগুলো সম্ভব হতো না। এজন্য আমরা বঙ্গবন্ধুর কাছে চিরকৃতজ্ঞ।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু স্বাধীন ভুখণ্ড দিয়েছেন, তার কন্যা শেখ হাসিনা দিয়েছেন অর্থনৈতিক মুক্তি। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার যে স্বপ্ন সেটি বাস্তবায়নে প্রধানমন্ত্রী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। দেশের অর্থনীতির আকার বাড়ছে, আমাদের ব্যবসা বাণিজ্যের আকার বাড়ছে। প্রচলিত-অপ্রচলিত পণ্য রপ্তানি বাড়ছে।

এ সময় এফবিসিসিআই’র সাবেক সভাপতি ও আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমদ, উপ-কমিটির সদস্য সচিব মো. সিদ্দিকুর রহমান, এফবিসিসিআই’র সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিম, এফবিসিসিআই’র সদ্য দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সহ-সভাপতি মো. আমিন হেলালী, সহ-সভাপতি খায়রুল হুদা চপল, মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার, ড. যশোদা জীবন দেবনাথ, শমী কায়সার, রাশেদুল হোসেন চৌধুরী রনি, মো. মুনির হোসেনসহ এফবিসিসিআই’র পরিচালক ও সাধারণ পরিষদ সদস্যরা উপস্থিত ছিলেন।




বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ডিএসইর শ্রদ্ধা

জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লিমিটেড। পাশাপাশি বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া এবং এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) ডিএসইর উপ-মহাব্যবস্থাপক শফিকুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, শোকাবহ আগস্টের স্মরণে ডিএসই মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে৷ বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবুর নেতৃত্বে পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ দুপুরে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে।

এসময় উপস্থিত ছিলেন ডিএসইর পরিচালক অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাহমুদ, আফজাল হোসেন, রুবাবা দৌলা, শহীদুল ইসলাম, শাকিল রিজভী, শরীফ আনোয়ার হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম সাইফুর রহমান মজুমদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা৷

একই দিন আগারগাঁও জামিয়া হোসাইনিয়া আরাবিয়া মাদ্রাসা ও এতিমখানায় বঙ্গবন্ধু, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছাসহ শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া করা হয়৷

এসময় ডিএসই চেয়ারম্যানের পাশাপাশি ডিএসইর পরিচালক শহীদুল ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম সাইফুর রহমান মজুমদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷




২৫ বছরে বঙ্গবন্ধু সেতুতে সাত হাজার ৮৭৯ কোটি ২৯ লাখ টাকা টোল আদায়

উদ্বোধনের পর থেকে গত ২৫ বছরে বঙ্গবন্ধু সেতুতে সাত হাজার ৮৭৯ কোটি ২৯ লাখ ৭১ হাজার ৫০০ টাকা টোল আদায় হয়েছে। ১৯৯৮ সালের জুন থেকে গত জুন পর্যন্ত যানবাহন পারাপার থেকে এ টোল আদায় করা হয়। খবর বাসস।

আদায়কৃত টোলের পরিমাণ সেতু নির্মাণে বিনিয়োগের প্রায় দ্বিগুণ। এ তথ্য নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল।

সেতুর নির্মাণ ব্যয় ছিল ৩ হাজার ৭৪৫ কোটি ৬০ লাখ টাকা। সেতু নির্মাণকালে ২৫ বছরে বিনিয়োগের টাকা তুলে আনার লক্ষ্যমাত্রা ছিল। তবে নির্ধারিত সময়ের ৭ বছর আগেই ব্যয় উঠে আসে।

১৯৯৮ সালের ২৩ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু সেতু উদ্বোধন করেন। এরপর যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হয়।

প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, ১৯৯৮-৯৯ অর্থবছরে সেতু থেকে ৬১ কোটি ২৭ লাখ টাকা টোল আদায় হয়। আর সর্বশেষ ২০২২-২৩ অর্থবছরে আদায় হয় ৬৮০ কোটি ৭৫ লাখ ৭১ হাজার ৫০০ টাকা।

তিনি আরো জানান, বঙ্গবন্ধু সেতু-টাঙ্গাইল ও ঢাকা মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গের ২৩টি জেলার যানবাহন চলাচল করে। স্বাভাবিকভাবে প্রতিদিন ১৮-২০ হাজার যানবাহন পারাপার হয়। ঈদসহ বিভিন্ন উৎসবের ছুটিতে পরিবহনের সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়।

১৯৯৪ সালে যমুনা নদীর ওপর এ সেতুর নির্মাণ শুরু হয়। সেতুটি যমুনা নদীর পূর্ব তীরে টাঙ্গাইলের কালিহাতী ও ভূঞাপুর উপজেলা এবং পশ্চিম তীরে সিরাজগঞ্জ জেলাকে সংযুক্ত করেছে।




বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ডিএসইর চেয়ারম্যানের শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নব-নির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু।

শুক্রবার রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় চেয়ারম্যানের সাথে ছিলেন ডিএসইর পরিচালক মো. আফজাল হোসেন, মো. সিদ্দিকুর রহমান, শরীফ আনোয়ার হোসেন, ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম. সাইফুর রহমান মজুমদার, প্রধান রেগুলেটরি কর্মকর্তা খায়রুল বাসারসহ অন্যান্য কর্মকর্তারা।