লেনদেনের শীর্ষে ইস্টার্ন হাউজিং

ঢাকার শেয়ারবাজারে আজ দিনের প্রথম ঘণ্টায় সূচক ও বিভিন্ন শেয়ারের দাম বেড়েছে। আজ বেশ কয়েক মাস পর ফুওয়াং ফুডকে পেছনে ফেলে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইস্টার্ন হাউজিং। এটি দেশের আবাসন খাতের অন্যতম শীর্ষ কোম্পানি। মূলত কোম্পানিটির মুনাফা ও লভ্যাংশ বৃদ্ধির খবরে এটি লেনদেনের শীর্ষ তালিকায় উঠে এসেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে ইস্টার্ন হাউজিং বিনিয়োগকারীদের জানিয়েছে, গত ৩০ জুন সমাপ্ত আর্থিক বছর শেষে কোম্পানিটির মুনাফা বা শেয়ার প্রতি আয় আগের বছরের তুলনায় ২৫ শতাংশ বেড়েছে। একই সঙ্গে তারা বিনিয়োগকারীদের ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এই দুই খবরে কোম্পানিটির শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে; ফলে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে এটি লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে।

এ ছাড়া খাতভিত্তিক মূল্যবৃদ্ধিতে এগিয়ে আছে খাদ্য, তথ্য প্রযুক্তি ও বিমা খাত। তবে এককভাবে অন্য কোনো কোম্পানি মূল্যবৃদ্ধিতে এগিয়ে নেই।

প্রথম ঘণ্টায় লেনদেনের শীর্ষে থাকা ইস্টার্ন হাউজিংয়ের শেয়ারে লেনদেন হয়েছে ২০ কোটি ৫৭ লাখ টাকার; দ্বিতীয় স্থানে থাকা ফু ওয়াং ফুডের শেয়ারের লেনদেন হয়েছে ১৩ কোটি ৬২ লাখ টাকা; তৃতীয় স্থানে থাকা সোনালি পেপারের শেয়ার লেনদেন হয়েছে ৬ কোটি ৭২ লাখ টাকা।

প্রথম ঘণ্টার লেনদেনের পর দেখা যাচ্ছে, আজ ঢাকার বাজারের তিনটি সূচকই ঊর্ধ্বমুখী। বাজারের প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৫ দশমিক ৪৪ পয়েন্ট, ডিএসইএস সূচক বেড়েছে শূন্য দশমিক ২০ পয়েন্ট, ডিএস ৩০ সূচক বেড়েছে ২ দশমিক ৭১ পয়েন্ট।
দিনের প্রথম ঘণ্টায় লেনদেন হয়েছে ১২৯ কোটি টাকার শেয়ার।




আবারও লেনদেনের শীর্ষে ফুওয়াং ফুড

আজ ঢাকার শেয়ারবাজারে প্রথম ৫০ মিনিটের লেনদেনে শীর্ষে আছে ফুওয়াং ফুড। গত কয়েক মাস ধরেই এই কোম্পানি হয় লেনদেনের শীর্ষে থাকছে, না হয় শীর্ষ ১০-এর মধ্যে থাকছে। গত সপ্তাহ শেষে লেনদেনের শীর্ষে ছিল ফু ওয়াং ফুড। আজ সপ্তাহের প্রথম দিন সকালেও তা লেনদেনের শীর্ষে উঠে আসে।

আজ সকালে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর বাড়লেও সূচকেও তার তেমন প্রভাব নেই। সূচক কিছুটা নিম্নমুখী ধারায়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দর বৃদ্ধি পাওয়া কোম্পানির সংখ্যা কমছে, যার প্রভাব সূচকে দেখা যাচ্ছে।

খাতভিত্তিক লেনদেনে দেখা যাচ্ছে, মূল্যবৃদ্ধিতে বিমা খাতের কোম্পানিগুলো এগিয়ে আছে। এ ছাড়া খাদ্য, বিবিধ ও পাট খাতের কোম্পানি মূল্যবৃদ্ধিতে এগিয়ে আছে। এ ছাড়া বিমা খাতের বেশ কয়েকটি কোম্পানি লেনদেনের শীর্ষে আছে।

সকাল ১০টা ৫০ মিনিট পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ফুওয়াং ফুডের শেয়ার লেনদেন হয়েছে ৪ কোটি ৪৫ লাখ টাকার; দ্বিতীয় স্থানে থাকা আরডি ফুডের হয়েছে ৪ কোটি ২৮ লাখ টাকার; তৃতীয় স্থানে রূপালী লাইফের লেনদেন হয়েছে ৩ কোটি ৮৭ লাখ টাকার।
সকাল ১০টা ৫০ মিনিটে ঢাকার শেয়ারবাজারের তিনটি সূচকই ছিল নিম্নমুখী। প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১ দশমিক ৪ পয়েন্ট; ডিএসইএস সূচক কমেছে ২ পয়েন্ট আর ডিএস ৩০ সূচক কমেছে শূন্য দশমিক ৫৬ পয়েন্ট।

দিনের প্রথম ৫০ মিনিটে লেনদেন হয়েছে ৮৫ কোটি টাকার।




লেনদেনের শীর্ষ তালিকায় খান ব্রাদার্স

আজ ঢাকার শেয়ারবাজারে দিনের প্রথম দেড় ঘণ্টার লেনদেনে নেতিবাচক ধারা দেখা যাচ্ছে। প্রথম এক ঘণ্টা ৪০ মিনিটে ১৭০ কোটি টাকার লেনদেন হয়েছে। বাজার তিনটি সূচকই সূচকই নিম্নমুখী।

আজ আবারও বন্ধ থাকা কোম্পানি খান ব্রাদার্স লেনদেনের শীর্ষে উঠে আসে। তবে কিছুক্ষণ পরে তা আবার দ্বিতীয় স্থানে নেমে যায়। শীর্ষে উঠে আসে ফুওয়াং ফুড। কিছুদিন ধরে খান ব্রাদার্সের শেয়ারের দাম বাড়ছে। বাজার সংশ্লিষ্ট মানুষেরা বলছেন, বন্ধ থাকা একটি কোম্পানির শেয়ারের এ রকম মূল্যবৃদ্ধি কারসাজি ছাড়া কিছু নয়। সে কারণে তারা তদন্ত কমিটি গঠনেরও দাবি জানিয়ে আসছেন, যদিও এখন পর্যন্ত তা গঠিত হয়নি।

খাতভিত্তিক লেনদেনের ক্ষেত্রে দেখা যায়, এককভাবে কোনো খাত মূল্যবৃদ্ধির শীর্ষে নেই। বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম হয় অপরিবর্তিত আছে, না হয় কমেছে। অনেক কোম্পানির শেয়ারের দাম কমেছে।

আজ বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার শেয়ারবাজারের লেনদেনের শীর্ষে থাকা ফু ওয়াং ফুডের শেয়ারের লেনদেন হয়েছে ১৪ কোটি ৫৬ লাখ টাকার; দ্বিতীয় স্থানে থাকা খান ব্রাদার্সের লেনদেন হয়েছে ১৩ কোটি ৬২ লাখ টাকার; তৃতীয় স্থানে থাকা আলিফ ইন্ডাস্ট্রিজের লেনদেন হয়েছে ১৩ কোটি ২৭ লাখ টাকার।

বেলা ১১টা ৪০ মিনিট পর্যন্ত ঢাকার শেয়ারবাজারের তিনটি সূচকই ছিল নিম্নমুখী। প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৮ দশমিক ৯৮ পয়েন্ট; ডিএসইএস সূচক কমেছে ২ দশমিক ৫৯ পয়েন্ট; ডিএস ৩০ সূচক কমেছে ৪ দশমিক ৪৬ পয়েন্ট।