স্টিল শিল্পে আরোপিত করভার হ্রাসের প্রস্তাব

স্টিলের কাঁচামাল আমদানির ক্ষেত্রে অগ্রিম আয়কর ৬০০ টাকার পরিবর্তে ৫০০ টাকা নির্ধারণ করা, রড বিক্রয়ের ক্ষেত্রে টিডিএস (উৎসে কর) ২ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। এছাড়া টার্নওভার ট্যাক্স ১ শতাংশ থেকে কমিয়ে ০ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা ও অগ্রিম আয়কর সমন্বয়ের প্রস্তাব করেছে সংগঠনটি।

সোমবার (২৭ এপ্রিল) সকালে রাজধানীর আগারগাঁওয়ের এনবিআর ভবনে প্রাক-বাজেট আলোচনায় এসব প্রস্তাব তুলে ধরে সংগঠনটি।

সংগঠনেরটির সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, বৈশ্বিক নানান সংকটে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই খাত। অনেক স্টিল মিল বন্ধ হয়ে গেছে। অবকাঠামোগত কাজ থমকে আছে। স্টিল উৎপাদন কমে গেছে।

এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান বলেন, নানা সীমাবদ্ধতা ও রাজস্ব লক্ষ্যমাত্রার চাপে আগামী বাজেটে ব্যবসায়ীদের সব দাবি মেনে নেওয়া সম্ভব হবে না। তবে, যৌক্তিক দাবি হলে বিবেচনায় নেওয়া হবে।

 

তিনি বলেন, এইচ এস কোডের জটিলতা নিরসনে কাজ করা হবে। তবে অপব্যবহার রুখতে হবে ব্যবসায়ীদের। পণ্য আমদানির ক্ষেত্রে আন্তর্জাতিক মূলের সঙ্গে সমন্বয় করার উদ্যোগ নেওয়া হবে।

অন্যদিকে বাংলাদেশ আয়রন অ্যান্ড স্টিল ইমপোর্টার অ্যাসোসিয়েশন লৌহ শিল্পের একাধিক কাঁচামালে নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহার ও ও আমদানি শুল্ক ১০ শতাংশ করার প্রস্তাব করেছে।
ব্যবসায়ীরা জানান, সেকেন্ডারি স্টিল ও প্রাইম কোয়ালিটি একই ধরনের শুল্কায়ন করা হয়। এসময় ব্যবসায়ীরা কাস্টমসে ভোগান্তি নিরসন ও অগ্রিম কর তুলে নেওয়ার দাবি জানান। কয়েক বছর উদ্যোগ নিয়েও ইএফডি বাস্তবায়ন হয়নি বলেও অভিযোগ করেন তারা।




এনবিআরে প্রাক-বাজেট আলোচনা শুরু ৪ ফেব্রুয়ারি

আগামী ২০২৪-২০২৫ অর্থবছরে সুষম ও গণমুখী বাজেট প্রণয়নের লক্ষ্যে প্রাক-বাজেট আলোচনা শুরু করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআর সূত্রে জানা যায়, আগামী ৪ ফেব্রুয়ারি এনবিআরের প্রধান কার্যালয় আগারগাঁওয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া মালিক সমিতির সঙ্গে আলোচনার মধ্য দিয়ে আয়োজন শুরু হতে যাচ্ছে। ৫ ফেব্রুয়ারি ইকোনমিক রিপোটার্স ফোরাম (ইআরএফ) ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে অনুষ্ঠিত হবে প্রাক-বাজেট আলোচনা। ধারাবাহিক আলোচনা চলবে ৭ মার্চ পর্যন্ত।

গত ২৮ জানুয়ারি ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট অংশগ্রহণমূলক, যৌক্তিক, সুষম ও গণমুখী করতে ব্যবসায়ী সংগঠনগুলোর কাছে বাজেট প্রস্তাবনা চায় এনবিআর।

দেশের সব চেম্বারস ও অ্যাসোসিয়েশনকে তাদের বাজেট প্রস্তাবনা লিখিত আকারে ৮ ফেব্রুয়ারির মধ্যে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) কাছে জমা দিতে বলা হয়। একই সঙ্গে একটি সফটকপি ই-মেইলে পাঠাতে বলে এনবিআর।

এ বিষয়ে এনবিআর পরিচালক (জনসংযোগ) সৈয়দ এ মু’মেন ঢাকা পোস্টকে বলেন, সরকারের রাজস্ব আহরণে বাজেট প্রণয়নে জাতীয় রাজস্ব বোর্ড রাজস্ব নীতিমালা প্রস্তুত করে থাকে। এ লক্ষ্যে একটি অংশগ্রহণমূলক, গণমুখী ও সুষম বাজেট প্রণয়নে বরাবরই সব পর্যায়ের সমিতির করদাতা বিভিন্ন শিল্প ও বণিক সমিতি, ট্রেড অ্যাসোসিয়েশন, পেশাজীবী সংগঠন, গবেষণা প্রতিষ্ঠান ও দেশের বুদ্ধিজীবী মহলের কাছ থেকে এনবিআরের বাজেট প্রস্তাব আহ্বান করেছে। এর মাধ্যমে সবার সহযোগিতায় ২০২৪-২৫ অর্থবছরের জন্য একটি অংশীদারিত্বমূলক, গণমুখী, শিল্প, ব্যবসা ও করদাতাবান্ধব এবং একইসঙ্গে রাজস্ব সম্ভাবনাময় বাজেট প্রণয়ন করা সম্ভব হবে বলে মনে করি।

এনবিআর জানায়, বাজেট প্রস্তুতে সহায়তার লক্ষ্যে বিভিন্ন চেম্বার এবং অ্যাসোসিয়েশনকে তাদের নিজ নিজ বাজেট প্রস্তাব এফবিসিসিআইয়ের কাছে লিখিতভাবে আগামী ৮ ফেব্রুয়ারির মধ্যে পাঠানোর জন্য অনুরোধ করা হলো। একই সঙ্গে প্রস্তাবের আরেকটি সফটকপি ই-মেইল nbrbudget2024@gmail.com প্রধান বাজেট সমন্বয়কারী ও প্রথম সচিব এস এম সোহেল রহমান বরাবর পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।