রাজকে ডিভোর্স লেটার পাঠালেন পরীমণি

অভিনেতা শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমণির সংসার ভেঙে যাচ্ছে এমন গুঞ্জন মিডিয়ায় বেশ কয়েক মাস ধরে শোনা যাচ্ছে। এবার জানা গেছে, তাদের আসলেই বিচ্ছেদ হতে যাচ্ছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, ১৭ সেপ্টেম্বর রাতে ডিভোর্স পেপারে সই করেছেন পরীমণি। ১৮ সেপ্টেম্বর পরীমণি রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন।

এ বিষয়ে বিস্তারিত জানতে রাজ ও পরীমণির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি। নাম প্রকাশ না করার শর্তে রাজ-পরীমণির এক ঘনিষ্ঠ নির্মাতা বলেছেন, রাজ-পরীর পারিবারিক কলহ নিয়ে গতকাল (১৯ সেপ্টেম্বর) রাতে তারা কয়েজন শুভাকাঙ্ক্ষী নিয়ে আলোচনায় বসেন। এর মাঝেই দুজনার মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে পরীর গায়ে হাত তোলেন রাজ।

আলোচিত শোবিজ দম্পতি রাজ-পরীর ২০২২ সালের ২১ জানুয়ারি হলুদ অনুষ্ঠানের পর ২২ জানুয়ারি রাতে জমকালো আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তাদের সংসারে রয়েছে রাজ্য নামের এক ছেলে সন্তান রয়েছে।

 




রহস্য খোলাসা করে সুখবর দিলেন পরীমণি

গেলো ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় সোশ্যাল হ্যান্ডেলে একটি রহস্যজনক বার্তা দেন চিত্রনায়িকা পরীমণি। সেটা এরকম- ‘কালকের (১৭ সেপ্টেম্বর) দিনটা আমার জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটি দিন! একটি… (স্বাক্ষরের ইমোজি)। আল্লাহ ভরসা।’

এমন বার্তা থেকে দুটো ভাবনার উদয় হয় নেটিজেনদের মনে। প্রথমটা ইতিবাচক, নতুন কোনও সিনেমায় হয়ত যুক্ত হচ্ছেন তিনি। সেটারই আগাম ইঙ্গিত দিলেন। আবার কেউ কেউ আশঙ্কা করছিলেন, ব্যক্তিগত জীবনে কোনও বড় সিদ্ধান্ত নিতে চললেন কিনা!

সোমবার (১৮ সেপ্টেম্বর) প্রথম প্রহরে রহস্য উন্মোচন করলেন পরী। না, আশঙ্কার বার্তা নয়, দিলেন সুখবরই। নতুন সিনেমায় যুক্ত হওয়ার খবর। যেটার নাম ‘ডোডোর গল্প’। নির্মাণ করছেন রেজা ঘটক। এর মাধ্যমেই মাতৃত্বকালীন দীর্ঘ বিরতি কাটিয়ে পুরোদমে সিনেমায় ফিরলেন নায়িকা।

সিনেমাটিতে কাজল চৌধুরীর চরিত্রে অভিনয় করবেন পরীমণি। এ নিয়ে তার ভাষ্য, ‘অনেক সুন্দর একটি গল্পে কাজ করতে যাচ্ছি। এই দিনটি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। লাইট-ক্যামেরা-অ্যাকশন আমার নিঃশ্বাসের সঙ্গে মিশে আছে। এ অঙ্গনের মানুষেরা আমার আরেকটি পরিবার। সেটা ছাড়া দীর্ঘ দুটি বছর থাকতে হয়েছে। এ সময়টা আমার পরিবারকে ভীষণ মিস করেছি। অবশেষে অপেক্ষার পালা শেষ হলো। গল্পটির জন্য চার মাস সময় নিয়েছি, প্রস্তুত হয়েছি।’

২০২১-২২ অর্থবছরে ৬০ লাখ টাকা সরকারি অনুদান পাওয়া এই সিনেমায় প্রযোজক হিসেবে রয়েছে জি-সিরিজ। অক্টোবরের প্রথম সপ্তাহেই এর শুটিং শুরু হবে বলে জানালেন সংশ্লিষ্টরা। তবে পরীর সঙ্গে ছবিতে কাকে দেখা যাবে, সেটা এখনই খোলাসা করতে নারাজ তারা।

নির্মাতা রেজা ঘটক বলেন, ‘এতে একজন মায়ের সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের কৃষিকে তুলে ধরতে চাই। সিনেমার মূল চরিত্র কাজল চৌধুরীর প্রায় বিশ বছরের একটি জার্নি দেখা যাবে। এতে ৮৭ জন শিল্পী কাজ করছেন এবং ২৫টির বেশি লোকেশনে এর দৃশ্য ধারণ হবে। আগামী ৫ অক্টোবর সিনেমাটির শুটিং শুরু হবে।’

সিনেমাটির প্রযোজক এবং জি সিরিজ-এর কর্ণধার নাজমুল হক ভূঁইয়া (খালেদ) বলেছেন, ‘চমৎকার গল্পের একটি সিনেমা। সরকারি অনুদানের পাশাপাশি আমরা প্রযোজনায় যুক্ত থাকতে পেরে আনন্দিত। আশা করছি দর্শক সুন্দর একটি ছবি পেতে যাচ্ছে।’




ছেলের জন্মদিনে পরীর আবেগঘন চিঠি

হাঁটি হাঁটি পায়ে গত বৃহস্পতিবার (১০ আগস্ট) এক বছর পূর্ণ করল পরীমণির ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য। জন্মদিনের জমকালো সেই আয়োজনে কোনো কমতি রাখেননি পরীমণি। পদ্মফুলের থিমে সাজানো সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন শোবিজ অঙ্গনের তারকারা এবং পরীর আত্মীয়স্বজনরা।

প্রথম জন্মদিনে ছেলেকে নিয়ে এক আবেগঘন চিঠি লিখলেন পরীমণি। যেহেতু রাজ্য এখনো বেশ ছোট, পড়ার বয়স হয়নি। তাই ছেলেকে চিঠিটি নিজেই পড়ে শোনালেন পরী। ছেলের সঙ্গে কাটানো বিভিন্ন ‍মুহূর্তের স্থিরচিত্রগুলোকে একত্র করে একটি স্লাইডশো ভিডিও বানিয়ে গতরাতে ফেসবুকে খোলা চিঠি প্রকাশ করেন নায়িকা।

যেখানে ছেলেকে উদ্দেশ করে পরীকে বলতে শোনা যায়, ‘আমার বাজান, বড় হয়ে যখন তুমি এটা দেখবে তখন বুঝবে গলায় আটকে থাকা কান্না গিলে গিলে মা তোমাকে বলেছিল, এই সেই আনন্দের দিন যেদিন তুমি আমার বুকে এলে ছোট্ট দুটো হাত ধরে। কি মনে হচ্ছিল জানো? পরি সত্যিকারের দুটি ডানা পেল। কী আনন্দ! কী আনন্দ! বড় হয়ে লালপরি, নীলপরি হাজার পরির ভিড়ে শুধু জানবে তুমি এই মা পরির দুই ডানা হয়ে জন্মেছো। আমি তোমার বুকে কান পেতে শুনি মা! গায়ে গা ঘেঁষে, বুকে মিশে থেকে, ঘুমের ঘোরে বা জেগে থেকে তোমার চোখের দৃষ্টিজুড়ে যেন শুধু আমি মা আর মা।

ছেলের প্রতি মায়ের আবদার, “তোমার জগতজুড়ে যেন একটাই শব্দ ‘মা’ আর এই মা-টা আমিই। ভাবতে ভাবতে দেখো কখন যে আমাদের এক বছর পেরিয়ে গেল। তোমার গায়ের ঘ্রাণে বেঁচে আছি আমি। তোমার কান্নায়, হাসিতে, খেলায় কী দারুণ বেঁচে আছি আমি। দুঃখ আমাকে আর ছুঁতেই পারে না। তোমার সঙ্গে রূপকথার রাজ্যের পৃথিবী আমার। টকবক করে রাঙা ঘোড়ায় আমার পালকির পাশে পাশে চলবে। পথে পথে যত দস্যুই আসুক তুমি বলবে, আমি আছি ভয় নেই মা। আমার সত্যিকারের বীরপুরুষ হবে তুমি। আমার সকল শূন্যতার পাশে তুমি এক হয়ে জুড়ে গেছো। তাই তো আমাদের এই সংখ্যা দশ। মনে রেখো, এই তারিখটা কিন্তু তোমার, এই দিনটা তোমার বিশেষ দিন। এই আজ যেমন আমি-আমরা সবাই মিলে তোমার জন্মদিনটা উদযাপন করছি, তুমিও কিন্তু কোরো। মা যখন থাকবে না বেঁচে তখনো করবে, ঠিক আছে? শত পূণ্যে আমি তোমায় পেয়েছি।”

চিঠির শেষ দিকে বিরহের সুর বেজে উঠল পরীর কণ্ঠে, ‘এই দেখো, আমরা তোমার প্রথম মাসের দশ তারিখটা সেলিব্রেট করছি। কত ছোট্ট তুমি! শুধু একটু কান্না করতে পারো তখন। তারপর দুই মাস, তিন, চার, পাঁচ, ছয় দেখো কেমন মাস চলে যায়। কাছের মানুষও ছেড়ে চলে যায়। সম্পর্কও কেমন বদলে যায়। শুধু বদলে যায়নি তোমার এই সুন্দর বিশেষ দিনে আয়োজন করে ঘর সাজানো, কেক কাটা। এই যে তোমার মা আছে তো আনন্দের কমতি কী করে হয় বলো? শোনো পদ্মফুল, এই দিনে তুমি কখনোই মন খারাপ করবে না, এই দিন তোমার জন্য অনেক আনন্দের দিন, খুশির দিন। ঠিক আজকের মতো তুমি এই দিনটাকে তোমার ভালোবাসার সবাইকে নিয়ে হইহুল্লোড়ে ভরিয়ে রেখো, কেমন? আমার পুণ্য, তুমি আমার পুণ্য। তুমি এই পৃথিবীর জন্য আলোর বাহক হও। মা তোমাকে অনেক ভালোবাসে, হ্যাপি বার্থডে বাবা।’

প্রসঙ্গত, জন্মদিনের আয়োজনে স্ত্রী পরীমণি এবং ছেলে রাজ্যর পাশে দেখা যায়নি শরিফুল রাজকে। গত বুধবার (৯ আগস্ট) রাতে ছেলেকে দেখতে পরীর বাসায় ছুটে যান রাজ। ছেলের সঙ্গে বেশ কিছুক্ষণ কাটিয়ে ফিরে আসেন। এ সময় তার সঙ্গে দেখা করেননি পরীমণি।

মাস দুয়েক ধরে আলাদা থাকছেন পরীমণি ও শরিফুল রাজ। গত ২০ মে পরীমণিকে রেখে নিজের সব জিনিসপত্র নিয়ে বাসা থেকে বেরিয়ে আসেন রাজ। এরপর ২৯ মে দিবাগত রাতে রাজের ফেসবুক আইডি থেকে রাজ ও তিন অভিনেত্রীর ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও ফাঁস হয়। তারপর থেকে দুজনের সম্পর্কে আরও অবনতি ঘটে।