৫১ ফ্লাইটে সৌদি পৌঁছালেন ২০,৫৫৩ হজযাত্রী

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এ পর্যন্ত ২০ হাজার ৫৫৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৫১টি ফ্লাইটে তারা সেখানে যান। এদিকে হজে গিয়ে নইম উদ্দীন মন্ডল (৭৫) নামে একজনের মৃত্যু হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) প্রকাশিত হজ বিষয়ক সর্বশেষ বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।

হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক সূত্রে জানা গেছে, বুধবার রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৯টি ফ্লাইটে ৭ হাজার ৮৫৫ জন, সৌদি এয়ারলাইনসের ১৮টি ফ্লাইটে ৭ হাজার ১৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ১৪টি ফ্লাইটে ৫ হাজার ৬৯৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

মোট হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ২ হাজার ৮৩০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ১৭ হাজার ৬৯৩ জন।

এদিকে চলতি বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত একজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহত নইম উদ্দীন মন্ডলের বাড়ি জয়পুরহাট সদর উপজেলায়। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

এর আগে গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে হজযাত্রীদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ওই দিন ৪১৯ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যায়।

হজ ফ্লাইট পরিচালনা চলবে আগামী ২১ মে পর্যন্ত। এরপর ৩০ মে থেকে শুরু হবে ফিরতি ফ্লাইট, যা শেষ হবে ৩০ জুন।

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ পালনে যাবেন ৫ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় অংশ নেবেন ৭৩ হাজার ৯৩৫ জন।




সৌদি পৌঁছেছেন ৪৩৩৮৬ হজযাত্রী, আরও এক বাংলাদেশির মৃত্যু

পবিত্র হজ পালন করতে গিয়ে চলতি বছর আরও একজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। শনিবার (২৫ মে) তিনি মক্কায় মারা যান। এ নিয়ে হজ করতে গিয়ে মোট ৬ জন হাজী মারা গেছেন। এরমধ্যে মক্কায় চারজন এবং মদিনায় দুজন।

এদিকে পবিত্র হজ পালন করতে এখন পর্যন্ত (২৫ মে) সৌদি পৌঁছেছেন ৪৩ হাজার ৮৮৬ জন হজযাত্রী। মোট ১০৯টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩,৭৪৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৩৯ হাজার ৬৩৯ জন। এখন পর্যন্ত ৮৪ হাজার ৬৮৬টি ভিসা ইস্যু করা হয়েছে।

হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক।

হেল্প ডেস্কের তথ্যমতে, এ পর্যন্ত মোট ১০৯টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫১টি, সৌদি এয়ারলাইন্সের ৩৫টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২৩টি ফ্লাইট পরিচালনা করেছে।

হজ ফ্লাইট শুরু হওয়ার পর গত মধ্যরাত পর্যন্ত ৮৪ হাজার ৬৮৬টি ভিসা ইস্যু করা হয়েছে। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনার শতভাগ হজযাত্রীর ভিসা হয়েছে, আর বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ভিসার হয়েছে ৯৯ শতাংশ।

এর আগে, গত ৯ মে বাংলাদেশ এয়ারলাইন্সএর প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৪১৫ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে যাত্রা করে। এর মাধ্যমেই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শেষ হবে আগামী ১০ জুন।

এ বছর হজে যেতে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় গাইডসহ হজ পালনে সৌদি আরব যাবেন ৮৫ হাজার ১১৭ জন। এর মধ্যে সরকারিভাবে নিবন্ধন করেছেন ৪ হাজার ৩২৩ জন। আর বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৭৮ হাজার ৮৯৫ জন। প্রতি ৪৪ জনে একজন করে গাইড হিসেবে ১ হাজার ৮৯৯ জন হজযাত্রীদের সঙ্গে যাবেন।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন হজ অনুষ্ঠিত হতে পারে। হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সির সংখ্যা ২৫৯টি। হজ ফ্লাইট শুরু হয়েছে ৯ মে। শেষ হজ ফ্লাইট আগামী ১০ জুন। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ২০ জুন আর শেষ ফিরতি ফ্লাইট ২২ জুলাই।




 হজের নিবন্ধন শুরু, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত

চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। সে লক্ষ্যে আজ বুধবার থেকে শুরু হয়েছে হজের নিবন্ধন, যা চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। ২০২৪ সালে যারা পবিত্র হজ করতে ইচ্ছুক এবং প্রাক নিবন্ধন করেছেন তারাই চূড়ান্ত নিবন্ধনের টাকা জমা দিতে পারবেন।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত যারা প্রাক নিবন্ধন করেছেন তারাই আগামী বছর হজের জন্য নিবন্ধন করতে পারবেন। ন্যূনতম ২ লাখ ৫ হাজার টাকা জমা দিয়ে নিবন্ধিত হতে পারবেন। বাকি টাকা ফেব্রুয়ারির মধ্যে ধাপে ধাপে জমা দিতে পারবে।

এদিকে ২০২৪ সালে বেসরকারি ব্যবস্থাপনায় হজের সাধারণ প্যাকেজের খরচ ২০২৩ সালের চেয়ে ৮৩ হাজার ২০০ টাকা কমানো হয়েছে। মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয় থেকে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, বাংলাদেশ থেকে আগামী বছর ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি মাধ্যমের কোটায় ১০ হাজার ১৯৮ জন ও বেসরকারি কোটায় ১ লাখ ১৭ হাজার জন হজ পালন করতে পারবেন।

নিবন্ধনের জন্য হজযাত্রীদের পাসপোর্টের মেয়াদ আগামী বছরের ৩০ ডিসেম্বর পর্যন্ত থাকতে হবে। সরকারিভাবে হজে যেতে সাধারণ প্যাকেজে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা খরচ হবে। বিশেষ হজ প্যাকেজের ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা খরচ হবে। সরকারি হজ প্যাকেজের সঙ্গে সমন্বয় করে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) হজ প্যাকেজ ঘোষণা করবে।

প্রাক-নিবন্ধনের সময় নেওয়া ২৯ হাজার টাকা বাদে প্যাকেজের বাকি টাকা দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে। নিবন্ধনের পর প্যাকেজ পরিবর্তনের সুযোগ থাকবে না।

ধর্ম মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, এজেন্সি এবং এজেন্সির মাধ্যমে হজে যাওয়া যাত্রীরা, ২০২৪ সালে হজে গমনের জন্য বিমানের ভাড়া ও সৌদি আরব পর্বের ব্যয় বাবদ সর্বনিম্ন ২ লাখ ৫ হাজার টাকা জমা দিয়ে হজের নিবন্ধন এজেন্সির অফিসে জমা দিয়ে মানি রিসিপ্ট গ্রহণ ও সংরক্ষণ করতে পারবেন। সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে প্রাক নিবন্ধন করতে হবে।

গতকাল রাজধানীর বিজয়নগরে একটি হোটেলে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসেন তসলিম বেসরকারি পর্যায়ে দুটি হজ প্যাকেজ ঘোষণা করেন। তিনি জানান, প্রথম প্যাকেজের (সাধারণ) খরচ ধরা হয়েছে ৫ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা। যা ২০২৩ সালের সাধারণ হজ প্যাকেজের চেয়ে ৮৩ হাজার ২০০ টাকা কম। আর দ্বিতীয় প্যাকেজের খরচ ধরা হয়েছে ৮ লাখ ২৮ হাজার ৮১৮ টাকা।

হাব সভাপতি বলেন, হজ এজেন্সির অ্যাকাউন্টে পুরো টাকা জমা দেওয়া ছাড়া কোনো হজযাত্রী মধ্যস্বত্বভোগী দালাল কিংবা ফড়িয়াদের হাতে টাকা দিলে প্রতারিত হতে পারেন। হজযাত্রীরা মধ্যস্বত্বভোগী বা দালালদের সঙ্গে হজে যাওয়ার জন্য কোনো আর্থিক লেনদেন করে প্রতারিত হলে সরকার কিংবা হাব হজ এজেন্সি দায়ী থাকবে না।

সৌদি আরবে হুইল চেয়ার ব্যবহারের প্রয়োজন হলে নিজ উদ্যোগে হুইল চেয়ার সংগ্রহ করতে হবে। বিমান টিকিট পরিবর্তনের প্রয়োজন হলে এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে নিজ দায়িত্বে টিকিট পরিবর্তন করতে হবে। সব হজযাত্রীর জন্য বিমানের ইকোনমি ক্লাসের টিকিট সরবরাহ করা হবে। বিশেষ প্যাকেজে উন্নতমানের যাতায়াতের সুব্যবস্থা রয়েছে। হোটেলে থাকা-খাওয়াসহ অন্যান্য আলাদা ব্যবস্থাপনা থাকবে।




দেশে ফিরলেন ৯৮ হাজার ৭৪৬ হাজি

পবিত্র হজ পালন শেষে ২৬০ ফ্লাইটে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৯৮ হাজার ৭৪৬ জন হাজি। এবার হজ করতে গিয়ে এ পর্যন্ত ১১৭ জন বাংলাদেশি মারা গেছেন।

সর্বশেষ মঙ্গলবার (২৫ জুলাই) মারা গেছেন ২ জন। তবে বুধবার কোনো হাজির মারা যাওয়ার খবর পাওয়া যায়নি।

ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার (২৬ জুলাই) রাতে হজ বুলেটিনে জানানো হয়, বুধবার রাত ১টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ফিরতি ফ্লাইট সংখ্যা ২৬০টি। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ১২৩টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৯৭টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৪০টি।

এদিকে, এবার হজে গিয়ে এখন পর্যন্ত ১১৭ জন বাংলাদেশি মারা গেছেন। তাদের মধ্যে পুরুষের সংখ্যা ৯১ ও নারী ২৬ জন। যারা মারা গেছেন তাদের মধ্যে মক্কায় ৯৫, মদিনায় ৮, জেদ্দায় ২, মিনায় ৯, আরাফায় ২, মুজদালিফায় একজন মারা গেছেন। সৌদি আরবের আইন অনুযায়ী, সেখানেই তাদের দাফন করা হয়েছে।

গত ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হয়। চলতি বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজ পালনে সৌদি আরব যান। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট গত ২ জুলাই শুরু হয় এবং শেষ হবে আগামী ২ আগস্ট।