২৩ জানুয়ারি থেকে স্মার্টকার্ড বিতরণের নির্দেশ ইসির

নির্বাচনের কারণে স্থগিত হয়েছিল স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম। নির্বাচন শেষ হয়ে যাওয়ায় আগামী ২৩ জানুয়ারি থেকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুরু করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সংস্থাটির জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশনস) ফয়সাল কাদেরের সই করা নির্দেশনা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

ইসির পাঠানো নির্দেশনায় বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সারা দেশে মাঠ পর্যায়ে চলমান স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম গত বছরের ৩০ অক্টোবরের মধ্যে শেষ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল।

এতে আরও বলা হয়, এ সময় যেসব উপজেলা ও থানা পর্যায়ে স্মার্ট কার্ড মুদ্রণপূর্বক পাঠানো হয়েছিল, কিন্তু বিতরণ কার্যক্রম শুরু হয়নি, তাদেরকে জাতীয় সংসদ নির্বাচনের পর বিতরণ কার্যক্রম শুরু করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল।

ইসি আরও জানায়, স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম বন্ধ থাকা উপজেলা ও থানায় স্মার্ট কার্ড আগামী ২৩ জানুয়ারি তারিখ থেকে কর্মপরিকল্পনা অনুযায়ী উপজেলাগুলো নির্ধারিত তারিখ অনুসারে বিতরণ কার্যক্রম শুরু করার জন্য অনুরোধ করা হয়েছে।




২৮ ঘণ্টা বন্ধ থাকবে এনআইডি সেবা

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সার্ভারে রক্ষণাবেক্ষণের প্রয়োজনে আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সব সেবা বন্ধ রাখবে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশন (ইসি) ইনফরমেশন সিস্টেম ব্যবস্থাপনা অধিশাখার (এনআইডি) সহকারী প্রোগ্রামার আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সার্ভারের রক্ষণাবেক্ষণের কাজ চলমান রয়েছে। রক্ষণাবেক্ষণের কাজ চলমান থাকায় এনআইডি সংক্রান্ত সব সেবা ২০ সেপ্টেম্বর দুপুর ২টা পর্যন্ত বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

এর আগে, সাইবার হামলা ঠেকাতে গত ১৪ আগস্ট রাত ১২টা থেকে প্রায় ৩৮ ঘণ্টা এনআইডির সার্ভার বন্ধ রাখা হয়।

সবশেষ ২০২২ সালের হালনাগাদ তথ্যানুযায়ী, দেশে ভোটার সংখ্যা ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪ লাখ ৪৫ হাজার ৭২৪ জন। আর নারী ভোটার ৫ কোটি ৮৭ লাখ ৪ হাজার ৮৭৯ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮৩৭ জন।




এনআইডি সংশোধনের আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ

নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, সকল শ্রেণিতেই জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন অনেক। এসব অনিষ্পন্ন আবেদন দ্রুত নিষ্পন্নের নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি ইসি সচিবের সভাপতিত্বে বিষয়টি নিয়ে মাসিক সমন্বয় সভায় আলোচনা করা হয়। সভায় জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক একেএম হুমায়ূন কবীর উপস্থিত ছিলেন।

এ সময় এনআইডি মহাপরিচালক একেএম হুমায়ূন কবীর বলেন, “ক” শ্রেণির সংশোধনসমূহ উপজেলা পর্যায়ে সম্পন্ন হয় যা, তুলনামূলকভাবে সহজ। কিন্তু “ক” শ্রেণিতে অনিষ্পন্ন আবেদনের সংখ্যা অনেক, যা কাম্য নয়।

মহাপরিচালকের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে ইসি সচিব বলেন, জাতীয় পরিচয়পত্র সংশোধন সংক্রান্ত তথ্যে দেখা যায় যে, সকল শ্রেণিতেই অনিষ্পন্ন আবেদনের সংখ্যা অনেক। “গ” ও “ঘ” শ্রেণির আবেদনসমূহের সংশোধনী তুলনামূলক জটিল হলেও “ক” ও “খ” শ্রেণির আবেদনসমূহ ততটা জটিল নয়।

তিনি “ক” ও “খ” শ্রেণিতে নিষ্পন্ন সম্ভব নয় এমন আবেদনসমূহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করে দ্রুত সকল শ্রেণিতে অনিষ্পন্ন আবেদনসমূহ নিষ্পন্ন করার তাগিদ দেন।

ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ছোটখাটো ভুল সংশোধনের এখতিয়ার উপজেলা, জেলা বা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে দেওয়া হলেও তারা অনেক সময় এগুলো ঝুলিয়ে রাখেন। তাই এমন না করে আবেদন নিষ্পত্তি করার নির্দেশনা দেওয়া হয়েছে মাঠ কর্মকর্তাদের। একই সঙ্গে যেসব আবেদন তাদের এখতিয়ারে নেই সেগুলো দ্রুত কমিশনের কাছে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।