ঢামেকের জরুরি বিভাগের পেছন থেকে দুই নারীর মরদেহ উদ্ধার

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের পাশে ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারের (ওসেক) পেছন থেকে অজ্ঞাতপরিচয় দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের বয়স আনুমানিক ৬০ ও ৫৮ বছর। নিহত দুই নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার আইয়ুব আলী বলেন, সকাল ১০টার দিকে স্টাফদের মাধ্যমে খবর পেয়ে জরুরি বিভাগের গেটের পাশে ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারের (ওসেক) পেছনে অজ্ঞাতপরিচয় দুই নারীকে পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ ক্যাম্পে খবর দেওয়া হলে তাদের উদ্ধার করে জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

তিনি বলেন, নিহত দুই নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন। তাদের পরিচয় শনাক্তে সিআইডির ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।




আহতদের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন : ঢামেক পরিচালক

রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকার একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণে আহতদের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক।

বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

মো. নাজমুল হক বলেন, গুলিস্তানের সিদ্দিক বাজারে আহতদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। আমরা তাদের জন্য সব ধরনের চিকিৎসা সেবার ব্যবস্থা করেছি। আহত ব্যক্তিদের চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। আমাদের এখানে ২০ জন ভর্তি ছিলেন। তাদের মধ্যে পাঁচ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে আমাদের এখানে ১৫ জন চিকিৎসাধীন আছেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনা বার্নে ৯ জন ভর্তি আছেন। গতকাল (বুধবার) রাতে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন। আমরা আহত ব্যক্তিদের চিকিৎসার সর্বোচ্চ চেষ্টা করছি।

প্রসঙ্গত, মঙ্গলবার (৭ মার্চ) গুলিস্তানের সিদ্দিক বাজারে বিআরটিসি বাসস্ট্যান্ড কাউন্টারের পাশে একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিকেল ৪টা ৫০ মিনিটে প্রথম বিস্ফোরণের খবর পায় ফায়ার সার্ভিস। এর সাত মিনিটের মাথায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। বিস্ফোরণের ঘটনায় ফায়ার সার্ভিস ছাড়াও সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, সিটিটিসি, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড মোতায়েন করা হয়।

সর্বশেষ ফায়ার সার্ভিসের দেওয়া তথ্যমতে, বুধবার বিকেলে মমিন উদ্দিন সুমন (৪৪) ও রবিন হোসেন শান্ত (২০) নামে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া বুধবার রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মুসা নামের একজনের মৃত্যু হয়। এতে করে বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ২১ জন মারা গেলেন। এ ঘটনায় আহত শতাধিক।

এদিকে সিদ্দিক বাজারের সাততলা ভবনে বিস্ফোরণে হতাহতের ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করেছে পুলিশ। মঙ্গলবার (৭ মার্চ) সাধারণ ডায়েরি নথিভুক্তির পর বুধবার (৮ মার্চ) বংশাল থানায় এ অপমৃত্যুর মামলা হয়।