ডিএমপির নতুন কমিশনার হাবিবুর রহমান

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন ট্যুরিস্ট পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান।

বুধবার (২০ সেপ্টেম্বর) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস পুলিশ ক্যাডারের ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হাবিবুর রহমানকে ডিএমপির পুলিশ কমিশনার পদে বদলি বা পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

২০২২ সালের ২৩ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ডিএমপি কমিশনার হিসেবে নিয়োগ পান খন্দকার গোলাম ফারুক। আগামী ১ অক্টোবর তিনি অবসরে যাচ্ছেন। তার পদে কে দায়িত্ব পাচ্ছেন তা নিয়ে ছিল নানা জল্পনা-কল্পনা। গুরুত্বপূর্ণ এ পদটি পেতে দৌড়ঝাঁপে ছিলেন অতিরিক্ত আইজিপি পদমর্যাদার চার কর্মকর্তা। শেষ পর্যন্ত চারজনের মধ্যে হাবিবুর রহমান হলেন ডিএমপির নতুন পুলিশ কমিশনার।

গত বছরের ১০ অক্টোবর অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পেয়ে ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান ট্যুরিস্ট পুলিশ প্রধান হন।

২০১৯ সালের ১৬ মে হাবিবুর রহমান ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে দায়িত্ব নেন। তার আগে তিনি পুলিশ সদরদপ্তরের ডিআইজির (প্রশাসন) দায়িত্ব পালন করছিলেন।

এই পুলিশ কর্মকর্তা ১৯৬৭ সালে গোপালগঞ্জের চন্দ্র দিঘলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে তিনি সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে যোগ দেন।

অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে ২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর প্রতিষ্ঠা করেন ‘উত্তরণ ফাউন্ডেশন’। বর্তমানে সাভার ছাড়াও মুন্সিগঞ্জ, গাজীপুর, সিলেট, সুনামগঞ্জ ও সিংড়া এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে প্রতিষ্ঠানটি।

বেদে জনগোষ্ঠী ছাড়াও রাজবাড়ীর দৌলতদিয়ার যৌনকর্মী ও তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়েও কাজ করেছেন এই পুলিশ কর্মকর্তা। দৌলতদিয়ার যৌনপল্লির শিশুদের জন্যও কাজ শুরু করেছেন তিনি, সেখানে গড়ে তুলেছেন উত্তরণ ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন। রাজারবাগ পুলিশ লাইন্সে টেলিকম ভবনে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর গড়ায়ও তার ভূমিকা রয়েছে। এছাড়া তিনি একজন ক্রীড়া সংগঠকও, কাজ করছেন দেশের কাবাডি নিয়ে।




আলামত সংগ্রহে ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট

রাজধানীর ঢাকা নিউ সুপার মার্কেটে লাগা আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া দোকানগুলোতে আলামত সংগ্রহের জন্য ঘটনাস্থলে পৌঁছেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট। রোববার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৯ টার দিকে ঘটনাস্থলে যান সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরা।

সিআইডি ঢাকা মেট্রোপলিটনের (দক্ষিণ) পুলিশ পরিদর্শক মো. আনোয়ার উদ্দিন মিয়া জাগো নিউজকে বলেন, ‘আমরা ঘটনাস্থলের বাইরের একটা নকশা তৈরি করেছি। এরপর মার্কেটের ভেতরে প্রবেশ করে সেখান থেকে কিছু আলামত সংগ্রহ করছি। সংগ্রহ করা আলামত আমাদের ল্যাবে পাঠাবো। সেখানে পরীক্ষা নিরীক্ষার পর আগুন লাগার কারণ জানা যাবে।’

তিনি বলেন, আমাদের কাজ শুধু ভালোভাবে আলামতগুলো সংগ্রহ করা।

এদিকে, ঢাকা নিউ সুপার মার্কেটে লাগা অগুন নির্বাপিত হয়েছে। রোববার (১৬ এপ্রিল) সকাল ৯ টায় আগুন নির্বাপণ করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউমার্কেটের নিউ সুপার মার্কেটে আগুন লাগার তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস। ৫টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর একে একে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সকাল ৯টা ১০ মিনিটে নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।