চাহিদার চেয়ে বেশি পানি উৎপাদন ক্ষমতা রয়েছে ওয়াসার: প্রধানমন্ত্রী

ঢাকা মহানগরে ২৬০ কোটির লিটার পানির চাহিদা থাকলেও ঢাকা ওয়াসা এখন ২৭০ কোটি লিটার পানি উৎপাদন করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, চাহিদার চেয়ে বেশি পানি উৎপাদন ক্ষমতা রয়েছে ঢাকা ওয়াসার। পানির বিল এখন ১০০ শতাংশ আদায় করতে সক্ষম ওয়াসা। ২০২২-২৩ অর্থবছরে প্রায় দুই হাজার কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে।

আজ (বৃহস্পতিবার) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা ওয়াসার দাশেরকান্দি স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টের (পয়ঃশোধনাগার) উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, দাশেরকান্দি পয়ঃশোধনাগারের শুভ উদ্বোধন করেছি, ইতিমধ্যে আরেকটি, পাগলা পয়ঃশোধনাগারের ভিত্তি স্থাপন করেছি।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত যখন ক্ষমতায়, তখন ঢাকা শহরে মাত্র ৬০ ভাগ মানুষ সুপেয় পানি পেত। সে সময় ঢাকার জনসংখ্যা ছিল এক কোটি বিশ লাখের মতো। পানি উৎপাদন হতো ১২০ কোটি লিটার। ঢাকা ওয়াসার পানির বিল মাত্র ৬৪ শতাংশ আদায় হতো। রাজস্ব আয় ছিল মাত্র ৩০০ কোটি টাকা।

শেখ হাসিনা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টে জাতির জনকের হত্যাকাণ্ডের সময় আমি আর আমার ছোট বোন জার্মানিতে ছিলাম। মিলিটারি ডিক্টেটর আমাদের দেশে আসতে দেয়নি। ’৮১ সালে বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে সভাপতি নির্বাচিত করে। আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ার পর জনগণ এবং দলের নেতাকর্মীদের ওপর ভরসা করে আমি এক প্রকার জোর করে দেশে চলে আসি। তারপর থেকে শুরু হয় সংগ্রাম।

 

তিনি বলেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত না থাকলে কোনো দেশের উন্নতি হয় না। পৃথিবীর কোনো দেশে মিলিটারি ডিক্টেটর উন্নতি করতে পারে না, এটা হলো বাস্তবতা। ২১ বছর সংগ্রামের পর ’৯৬ সালে আমরা সরকারে আসি, মানুষের সুপেয় পানির চাহিদা মেটানোর জন্য প্রথম সায়েদাবাদ ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণ করি। সেভাবে শুরু হয় আমাদের পথ চলা।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়ান, ঢাকা ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যুয়ারেজ অথোরিটির (ওয়াসা) ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান, স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইবরাহিম উপস্থিত ছিলেন।




ওয়াসার ১১২ কোটি টাকার ব্যয় অনুমোদন

ঢাকা ওয়াসার জন্য ১১২ কোটি ৩২ লাখ ৯০ হাজার ৭৭৯ টাকা ব্যয়ের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার কমিটি। স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে এ ব্যয়ের জন্য আটটি প্রস্তাব মন্ত্রিসভা কমিটিতে তোলা হয়। এরমধ্যে টেবিলে উপস্থাপন করা হয় তিনটি প্রস্তাব। বাকি পাঁচটি প্রস্তাব ছিল এজেন্ডাভুক্ত।

বৃহস্পতিবার (২২ জুন) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা হয়। সভার সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব (সমন্বয় ও সংস্কার) মো. মাহমুদুল হোসাইন খান।

যে প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ব্যয়ের অনুমোদন

১. স্থানীয় সরকার বিভাগের অধীন ঢাকা ওয়াসার ‘ঢাকা ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক ইম্প্রুভমেন্ট’ প্রকল্পের প্যাকেজ নম্বর-এনসিবি-০২ এর পূর্ত কাজ ফাল্গুন সন্ধ্যানী লিমিটেড থেকে ১১ কোটি ১৮ লাখ ১১ হাজার ৯০ টাকায় ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

২. ঢাকা ওয়াসার ‘ঢাকা ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক ইম্প্রুভমেন্ট’ প্রকল্পের প্যাকেজ নম্বর-এনসিবি-০২.১২বি এর পূর্ত কাজ যৌথভাবে এইচআইইটিসি এবং চিনের এসআরসি থেকে ১১ কোটি ১৪ লাখ ২৩ হাজার ৮২ টাকায় ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

৩. ঢাকা ওয়াসার ‘ঢাকা ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক ইম্প্রুভমেন্ট’ প্রকল্পের প্যাকেজ নম্বর-এনসিবি-০২.১২সি এর পূর্ত কাজ যৌথভাবে এইচআইইটিসি এবং চিনের এসআরসি থেকে ১০ কোটি ২৯ লাখ ৯৩ হাজার ৪৫৮ টাকায় ক্রয়ের প্রস্তাব অনুমোদন।

৪. ঢাকা ওয়াসার ‘ঢাকা ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক ইম্প্রুভমেন্ট’ প্রকল্পের প্যাকেজ নম্বর-এনসিবি-০২.১২ডি এর পূর্ত কাজ আরএফএল প্লাস্টিক লিমিটেড থেকে ১২ কোটি ২ লাখ ৬৮ হাজার ৭৫২ টাকায় ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

৫. ঢাকা ওয়াসার ‘ঢাকা ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক ইম্প্রুভমেন্ট’ প্রকল্পের প্যাকেজ নং-এনসিবি-০২.১২ই এর পূর্ত কাজ দি সিভিল ইঞ্জিনিয়ারিং লিমিটেড’র নিকট থেকে ১২ কোটি ৭০ লাখ ৪৭ হাজার ৫৯ টাকায় ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

টেবিলে উপস্থাপন করা প্রস্তাব

১. ‘ঢাকা ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক ইম্প্রুভমেন্ট’ প্রকল্পের প্যাকেজ নম্বর-আইসিবি-০১.১৩ এর পূর্ত কাজ আরএফএল প্লাস্টিক লিমিটেডের নিকট থেকে ৩৪ কোটি ৯৫ লাখ ৯১ হাজার ১৩৭ টাকায় ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

২. ঢাকা ওয়াসার ‘ঢাকা ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক ইম্প্রুভমেন্ট’ প্রকল্পের প্যাকেজ নম্বর-এনসিবি-০১.১৯ এর পূর্ত কাজ পেপকো বাংলাদেশের নিকট থেকে ৯ কোটি ৫৭ লাখ ৫৬ হাজার ৬৮৫ টাকায় ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

৩. ঢাকা ওয়াসার ‘ঢাকা ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক ইম্প্রুভমেন্ট’ প্রকল্পের প্যাকেজ নং-এনসিবি-০১.২০ এর পূর্ত কাজ জিটুজি টেক লিমিটেডের নিকট থেকে ১০ কোটি ৪৩ লাখ ৯৯ হাজার ৫১৬ টাকায় ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।