ঢাকা-মাওয়া রেলপথে ১২০ কি.মি গতিতে ছুটবে ট্রেন, স্থানীয়দের সতর্কবার্তা

ঢাকা থেকে মাওয়া পর্যন্ত নতুন নির্মিত ব্রডগেজ রেলপথে ১২০ কিলোমিটার গতিতে চালানো হবে পরীক্ষামূলক ট্রেন। এ সময় যে কোনো দুর্ঘটনা এড়াতে স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে।

বুধবার (২৫ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের পরিচালক আফজাল হোসেন।

তিনি বলেন, ২৫ এবং ২৬ অক্টোবর মাওয়া রেলওয়ে স্টেশন থেকে ঢাকা রেলওয়ে স্টেশন পর্যন্ত পরীক্ষামূলক ট্রেন উচ্চগতিতে চলাচল করবে। ট্রেনের গতি থাকবে ঘণ্টায় ১২০ কিলোমিটার।

এক সতর্ক বার্তায় বলা হয়, ট্রেন চলাচলের সময় রেললাইনের ওপর জনসাধারণের চলাচল সম্পূর্ণ নিষেধ ও অপরাধ। পরীক্ষামূলক ট্রেন চলাচলের সময় কোনো ধরনের দুর্ঘটনা বা অনাকাঙ্খিত ঘটনা এড়াতে প্রকল্প সংলগ্ন এলাকাবাসীকে সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে। এছাড়া শিশু, বৃদ্ধ, মানসিক প্রতিবন্ধী (যদি থাকে) এবং গৃহপালিত প্রাণী নিজ নিয়ন্ত্রণে রাখার জন্যও বিশেষ অনুরোধ করা হয়।




বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে ঢাকা

বিশ্বে দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে ঢাকা। সোমবার সকাল ১০টা নাগাদ এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ১৮৩ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে।

এছাড়া ভারতের দিল্লি, চীনের সাংহাই যথাক্রমে একিউআই ১৭৭ ও ১৭১ স্কোর নিয়ে তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে।

একিউআই স্কোর ১০১ থেকে ২০০ হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। ২০১ থেকে ৩০০ একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয় এবং ৩০১ থেকে ৪০০ একিউআই স্কোরকে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

দূষণের ৫ বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয়। সেগুলো হলো—বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

দীর্ঘদিন ধরে বায়ুদূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে উঠে এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।

২০১৯ সালের মার্চে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ঢাকার বায়ুদূষণের ৩ প্রধান উৎস ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণস্থানের ধুলা।




ঢাকা ছেড়েছে প্রথম লাগেজ ভ্যান

প্রথম লাগেজ ভ্যান নিয়ে ঢাকা ছেড়েছে ঢাকা-সিলেট-ঢাকা রুটের জয়ন্তিকা এক্সপ্রেস (৭১৮)। ছেড়ে যাওয়া ট্রেনের নতুন নন-রেফ্রিজারেটর লাগেজ ভ্যানে (৩৬০৫) ৪ হাজার ৬০০ কেজি মালামাল বুকিং নেওয়া হয়েছে। যাত্রীবাহী ট্রেনে এ মালামাল পরিবহন বাবদ রেলওয়ে আয় করেছে ১০ হাজার ২১২ টাকা। এই পথে কেজিপ্রতি পরিবহন খরচ ২ টাকা ২২ পয়সা ধরা হয়েছে।

রোববার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টা ২০ মিনিটে ঢাকা রেলওয়ে স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটি ছেড়ে যায়। এর আগে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন ফিতা কেটে লাগেজ ভ্যান উদ্বোধন করেন এবং সবুজ পতাকা নেড়ে ট্রেন ছাড়ার অনুমতি দেন।

উদ্বোধনের আগে নূরুল ইসলাম সুজন বলেন, বাংলাদেশ রেলওয়ের পরিবহন বিভাগের চাহিদার ভিত্তিতে সবুজ শাক-সবজি, মৌসুমি ফল, ফুল, অন্যান্য পচনশীল দ্রব্য (মাছ, মাংস, দুধ), ঔষধ ও ভ্যাকসিন রেলযোগে পরিবহনের জন্য বাংলাদেশ রেলওয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে লাগেজ ভ্যান ক্রয়ের উদ্যোগ গ্রহণ করে।

বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার লক্ষ্যে ওই পরিকল্পনা বাস্তবায়নের জন্য ১২৫টি লাগেজ ভ্যান (৭৫টি মিটারগেজ ও ৫০টি ব্রডগেজ) সহ আরও অন্যান্য রোলিং স্টক (৪০টি ব্রডগেজ লোকোমোটিভ, ৫৮০টি মিটারগেজ ওয়াগন ও ৪২০টি ব্রডগেজ ওয়াগন) সংগ্রহের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) ২০১৮ সালের ২৬ জুন অনুষ্ঠিত একনেক বৈঠকে অনুমোদিত হয়। পরে ওই বছর জুলাই মাসে ৭৫টি মিটারগেজ ও ৫০টি ব্রডগেজ লাগেজ ভ্যান সংগ্রহের জন্য দুটি দরপত্র আহ্বান করা হয় এবং বাংলাদেশ রেলওয়ে ও চীনের সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে ২০২০ সালের ৩১ আগস্ট পৃথক দুটি চুক্তি হয়। মোট চুক্তি মূল্য ৩৫৮ কোটি ৩৯ লাখ টাকা (৭৫টি মিটারগেজ লাগেজ ভ্যানের চুক্তি মূল্য ১৮৩ কোটি ২৪ লাখ এবং ৫০টি ব্রডগেজ লাগেজ ভ্যানের চুক্তি মূল্য ১৭৫ কোটি ১৫ লাখ)।

মন্ত্রী বলেন, রাজধানীসহ দেশের অন্যান্য বিভাগীয় ও জেলা শহরসহ প্রত্যন্ত অঞ্চলে (যেখানে প্রচুর শাক-সবজি, মৌসুমি ফল, ফুল এবং অন্যান্য পচনশীল দ্রব্য যেমন– মাছ, মাংস, দুগ্ধ ও দুগ্ধজাত খাবার ইত্যাদি উৎপাদিত হয়) নির্ধারিত আন্তঃনগর ট্রেনের মাধ্যমে লাগেজ ভ্যান যুক্ত করা হবে। এর মাধ্যমে কৃষকরা তাদের উৎপাদিত দ্রব্য সহজে বাজারজাত করতে পারবেন এবং আর্থিকভাবে লাভবান হবেন। অপরদিকে ব্যবসায়ীরা দেশের শহরগুলোতে কৃষিজাত পণ্যগুলো সহজে সরবরাহ করতে পারবেন। ফলে দ্রব্য সহজলভ্য হবে এবং ন্যায্যমূল্যে পাওয়া যাবে। এ ট্রেন চালু হলে রেলওয়ের রাজস্ব আয় বৃদ্ধি পাবে, যা সার্বিকভাবে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

এই কৃষি পণ্য পরিবহনের বিষয়ে কৃষকদের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কি না– এমন প্রশ্নের জবাবে নুরুল ইসলাম সুজন বলেন, আমরা বিভিন্ন পর্যায়ে কথা বলেছি। আমরা আড়তদার ও বড় বড় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি। যেহেতু আমরা এটা মাত্র শুরু করলাম, তাই ভবিষ্যতে এটাকে বহুমুখী করার জন্য অন্যান্য পরিবহনের সঙ্গে প্রতিযোগিতায় আসতে হবে। আমরা এজেন্ট নিয়োগ দেওয়ার চেষ্টা করছি। আমরা রেল নিয়ে কোনো ব্যবসা করতে চাই না। আমরা ফেসিলিটিসটা দিতে চাই। আমরা আপাতত ১৬টি ট্রেনে একটি করে লাগেজ ভ্যান দিচ্ছি। চাহিদার ওপর নির্ভর করে আমরা লাগেজ ভ্যান বাড়াব।




বেশি দামে ডলার বিক্রিতে শাস্তি পাবেন ১০ ব্যাংকের ট্রেজারি প্রধান

ডলারের জন্য ঘোষিত হারের তুলনায় বেশি টাকা আদায়ের অভিযোগের বিষয়ে ব্যাংকগুলোর আগের ব্যাখ্যা গ্রহণ করা হয়নি। তাই গত সোমবার ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

চলতি বছর ডলারের দাম নিয়ে কারচুপির দায়ে ১০ ব্যাংকের ট্রেজারি প্রধানকে কেন জরিমানা করা হবে না, তা জানতে চেয়েছে বাংলাদেশ ব্যাংক।

ডলারের জন্য ঘোষিত হারের তুলনায় বেশি টাকা আদায়ের অভিযোগের বিষয়ে ব্যাংকগুলোর আগের ব্যাখ্যা গ্রহণ করা হয়নি। তাই গত সোমবার ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

ব্যাংক কোম্পানি আইন ১৯৯১-এর ১০৯(৭) ধারা অনুযায়ী কেন ব্যাংকগুলোর ট্রেজারি প্রধানদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তা চিঠি দেওয়ার তারিখ থেকে পাঁচ কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের কাছে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এই ধারায় বলা আছে, আইন লঙ্ঘনের জন্য কেন্দ্রীয় ব্যাংক সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানা করতে পারে।

চিঠি পাওয়া ব্যাংকগুলো হলো—সোশ্যাল ইসলামী ব্যাংক, আল-আরাফাহ্ ইসলামী, মার্কেন্টাইল ব্যাংক, মধুমতি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এক্সিম ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক ও ট্রাস্ট ব্যাংক।

ডলার কারচুপির অভিযোগে ব্যাংকগুলোর বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়ার ঘটনা এবারই প্রথম নয়।

গত বছর ডাচ্-বাংলা, প্রাইম, সিটি, সাউথইস্ট, ব্র্যাক, স্ট্যান্ডার্ড চার্টার্ড, এনসিসি, এইচএসবিসি, মার্কেন্টাইল, ঢাকা, ইউনাইটেড কমার্শিয়াল ও ব্যাংক এশিয়াসহ ১২ ব্যাংকের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছিল।

এরপর ডাচ-বাংলা, সাউথইস্ট, প্রাইম, সিটি, ব্র্যাক ও স্ট্যান্ডার্ড চার্টার্ডকে তাদের ট্রেজারি প্রধানদের মানবসম্পদ বিভাগে বদলি করার নির্দেশ দিলেও পরে বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্ত থেকে সরে আসে।

গত বছর থেকে বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন ও এবিবি কেন্দ্রীয় ব্যাংকের অনানুষ্ঠানিক নির্দেশে ডলারের দাম নির্ধারণ করে আসছে।

গত ৩১ আগস্ট প্রতিষ্ঠান দুটি সেপ্টেম্বর থেকে অভিন্ন বিনিময় হার কার্যকর করার সিদ্ধান্ত নেয়। সেসময় ১০৯ টাকা ৫০ পয়সায় ডলার কিনে ১১০ টাকায় বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়।




সোমবার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলবে বিআরটিসি বাস

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে গত ৩ সেপ্টেম্বর যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। ওইদিন বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান মো. তাজুল ইসলাম জানান, ৭৯টি বাস চলবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে। তবে নানা জটিলতায় এ সিদ্ধান্ত থেকে সরে আসে সরকারের এ সংস্থাটি।

কিন্তু আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে প্রাথমিকভাবে ৮টি বিআরটিসির বাস চালানো হবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রধান। ফলে বিআরটিসি বাস ব্যবহারকারী লোকাল যাত্রীরাও এখন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তবে টোলের টাকা বিআরটিসি কর্তৃপক্ষ পরিশোধ করলেও এর জন্য ভাড়ার অতিরিক্ত কোনো টাকা যাত্রীদের গুণতে হবে না। রুট অনুযায়ী সাধারণ ভাড়া পরিশোধ করলেই হবে।

বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বলেছেন, এ রুটে আমাদের অনেক গাড়ি চলত। এখন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ৩টি ডিপো থেকে ৮টি বাস চলবে। তবে এগুলো একটি ডিপো থেকে নিয়ন্ত্রণ করা হবে। আপাতত এক্সপ্রেসওয়ের দুই প্রান্ত থেকে ওঠানামা করতে পারবেন যাত্রীরা। উত্তরার জসীমউদ্দীন, বিমানবন্দর রেলওয়ে স্টেশন ও কাওলা থেকে দক্ষিণমুখী যাত্রীদের বাসে তুলবে বিআরটিসি। এরপরে এক টানেই এক্সপ্রেসওয়ে দিয়ে নেমে যাবে ফার্মগেট।

অন্যদিকে, ফার্মগেটে যাত্রী নামিয়ে বিমানবন্দর অভিমুখী যাত্রী নেবে মানিক মিয়া অ্যাভিনিউ সংলগ্ন সংসদ ভবনের খেজুরবাগান এলাকার বঙ্গবন্ধু গোলচত্বরে। উত্তরামুখী যাত্রীরা উঠতে পারবেন খেজুরবাগান গোলচত্বর, খামারবাড়ি কিংবা বিজয় স্মরণী থেকে।

তাজুল ইসলাম আরও বলেন, আপাতত ভাড়ায় টোল যোগ হচ্ছে না। পরে সরকার কর্তৃক নির্ধারিত টোল যোগ করে যে ভাড়া হবে, সে ভাড়ায় আমরা গাড়ি চালাব। যেহেতু আমরা সরকারি সংস্থা, জনগণকে সেবা দেওয়াই উদ্দেশ্য। তাই এখন প্রথম কাজ বাস চালু করা।

এ রুটের বাস ভাড়া

বিআরটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, এক্সপ্রেসওয়েতে প্রতিটি বাসকে ১৬০ টাকা টোল দিতে হলেও খেজুরবাগান থেকে বিমানবন্দর পর্যন্ত ১৫ কিলোমিটারের ভাড়া ৩৫ টাকাই থাকছে। আর জসীমউদ্দীন পর্যন্ত ১৭ কিলোমিটার রুটের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪০ টাকা। কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ৪৫ পয়সা দাঁড়াচ্ছে। ই-টিকিটিং ব্যবস্থা থাকায় বেশি ভাড়া নেওয়ার সুযোগও হবে না।

বিআরটিসি চেয়ারম্যান বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গণপরিবহণ চললে পথ পাড়ি দিতে যাত্রীদের সময় লাগবে কম। কিন্তু অসুবিধা একটাই, মাঝপথে ওঠানামা করার কোনো সুযোগ নেই। যাত্রীদের সাড়া ও সার্বিক পরিস্থিতি দেখে পরিবহণের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হবে।




আজ ঢাকায় আসছেন ফরাসি প্রেসিডেন্ট

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রনে রবিবার ঢাকায় আসছেন। এটি তার দ্বিপাক্ষিক সফর। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সফরকালে প্রেসিডেন্ট মাখোঁ ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাযুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন।

ফরাসী প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন এবং ফরাসী প্রেসিডেন্টের সম্মানে প্রধানমন্ত্রী আয়োজিত ভোজসভায়ও অংশ নেবেন।

দুই নেতা দুটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর প্রত্যক্ষ করবেন এবং তারা যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ফরাসী প্রেসিডেন্টকে স্বাগত জানাবেন বলে আশা করা হচ্ছে। তাকে বিদায় জানাবেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

ফরাসী প্রেসিডেন্টের এ সফরকালে তার সঙ্গে অন্যান্যের মধ্যে থাকছেন ইউরোপ ও পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী কেথেরিন কলোন্না।

ফরাসী প্রেসিডেন্টের এই সফরের মধ্যদিয়ে দু’দেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো বিস্তৃত হবে এবং তা এক নতুন উচ্চতায় পৌঁছবে বলে বাংলাদেশ ও ফরাসী সরকার আন্তরিকভাবে আশা করছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর আমন্ত্রণে ২০২১ সালের নভেম্বরে ফ্রান্স সফর করেন।




ব্রিকস সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট (ইকে ৫৮৩) প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

ফ্লাইটটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে এক ঘণ্টার যাত্রাবিরতির পর স্থানীয় সময় রাত ৮টা ৫০ মিনিটে জোহানেসবার্গের ও.আর. ট্যাম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

তিন দিনব্যাপী ব্রিকস সম্মেলন চলবে ২২-২৪ আগস্ট।

কোভিড-১৯ মহামারির পর এবারই প্রথম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

নিউ ডেভেলপমেন্ট ব্যাংক অব ব্রিকসের এবারের সম্মেলনে বাংলাদেশের সদস্য পদ ঘোষণা করা হতে পারে।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ও ব্রিকসের বর্তমান চেয়ার সিরিল রামাফোসার আমন্ত্রণে প্রধানমন্ত্রী এ সম্মেলনে যোগ দিচ্ছেন বলে জানা গেছে।

দক্ষিণ আফ্রিকা প্রধান উদীয়মান অর্থনৈতিক দেশগুলোর গ্রুপ ব্রিকসের এ শীর্ষ সম্মেলনটির আয়োজন করেছে। ব্রিকসভুক্ত দেশগুলো হচ্ছে- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুরা দা সিলভা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে।

সফরের দ্বিতীয় দিন ২৩ আগস্ট রেডিসন ব্লু হোটেল অ্যান্ড কনভেনশন সেন্টারে সকাল ১০টায় প্রধানমন্ত্রী ‘বাংলাদেশ ট্রেড অ্যান্ড বিজনেস সামিট’ শীর্ষক এক আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বলে জানা গেছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) যৌথভাবে এর আয়োজন করছে।

একই দিন দুপুর সাড়ে ১২টায় প্যালেস অব রেসিডেন্সের রিভোনিয়া সপ্তম তলায় আফ্রিকান দেশগুলোতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতদের আয়োজন ‘বাংলাদেশ এনভয় কনফারেন্সে’ বক্তব্য রাখবেন শেখ হাসিনা। বিকালে হোটেল হিলটন স্যান্ডটনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে।

এছাড়া সন্ধ্যায় শেখ হাসিনা জোহানেসবার্গের গ্যালাঘের এস্টেটে ব্রিকসের বর্তমান চেয়ার ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের আয়োজনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজে যোগ দেবেন।

সম্মেলনের তৃতীয় দিন ২৪ আগস্ট প্রধানমন্ত্রী ‘ব্রিকস-ফ্রেন্ডস অব ব্রিকস লিডার্স ডায়লগ (ব্রিকস- আফ্রিকা আউটরিচ অ্যান্ড দ্য ব্রিকস প্লাস ডায়গল)-এ ‘নিউ ডেভেলপমেন্ট ব্যাংক অব ব্রিকস’র সদস্য হিসেবে বাংলাদেশের পক্ষ থেকে বক্তৃতা দেবেন। ওইদিন সকাল ৯টায় ৭০টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে স্যান্ডস্ট্যান্ড কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠান শুরু হবে।

আগামী ২৬ আগস্ট এমিরেটস এয়ারলাইন্সের (ইকে ৭৬২) ফ্লাইটে জোহানেসবার্গের ও. আর. টাম্বো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশের উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।




লভ্যাংশ ঘোষণা ৮ মিউচ্যুয়াল ফান্ডের

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৮টি মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি কামিটি ইউনিটহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইউনিটহোল্ডারদের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

রোববার (৬ আগস্ট) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাইম ব্যাংক ফার্স্ট ফান্ড: ফান্ডটির ট্রাস্টি কমিটি ইউনিটহোল্ডারদের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে ফান্ডটির ইউনিটপ্রতি মুনাফা (ইপিইউ) হয়েছে ০.৪২ টাকা। আর ২০২৩ সালের ৩০ জুন ফান্ডটির ইউনিটপ্রতি সম্পদ (এনএভিপিইউ) বাজার মূল্য অনুযায়ী দাঁড়িয়েছে ৯.৯৭ টাকা। ইউনিটহোল্ডারদের মাঝে লভ্যাংশ বিতরণে ফান্ডটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ আগস্ট।

আইসিবি সোনালী ব্যাংক ফান্ড: ফান্ডটির ট্রাস্টি কমিটি ইউনিটহোল্ডারদের জন্য ২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে ফান্ডটির ইউনিটপ্রতি মুনাফা (ইপিইউ) হয়েছে ০.২২ টাকা। আর ২০২৩ সালের ৩০ জুন ফান্ডটির ইউনিটপ্রতি সম্পদ (এনএভিপিইউ) বাজার মূল্য অনুযায়ী দাঁড়িয়েছে ১০.৩০ টাকা। ইউনিটহোল্ডারদের মাঝে লভ্যাংশ বিতরণে ফান্ডটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ আগস্ট।

আইসিবি অগ্রণী ব্যাংক ফান্ড: ফান্ডটির ট্রাস্টি কমিটি ৩০ জুন ২০২৩ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইউনিটহোল্ডারদের জন‌্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে ফান্ডটির ইউনিটপ্রতি মুনাফা (ইপিইউ) হয়েছে ০.১৪ টাকা। আর ২০২৩ সালের ৩০ জুন ফান্ডটির ইউনিটপ্রতি সম্পদ (এনএভিপিইউ) বাজার মূল্য অনুযায়ী দাঁড়িয়েছে ১০.৮৩ টাকা। ইউনিটহোল্ডারদের মাঝে লভ্যাংশ বিতরণে ফান্ডটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ আগস্ট।

ফনিক্স ফাইন্যান্স ফান্ড: ফান্ডটির ট্রাস্টি কমিটি ইউনিটহোল্ডারদের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে ফান্ডটির ইউনিটপ্রতি মুনাফা (ইপিইউ) হয়েছে ০.৩৮ টাকা। আর ২০২৩ সালের ৩০ জুন ফান্ডটির ইউনিটপ্রতি সম্পদ (এনএভিপিইউ) বাজার মূল্য অনুযায়ী দাঁড়িয়েছে ৯.৭৬ টাকা। ইউনিটহোল্ডারদের মাঝে লভ্যাংশ বিতরণে ফান্ডটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ আগস্ট।

আইএফআইএল ইসলামিক ফান্ড: ফান্ডটির ট্রাস্টি কমিটি ইউনিটহোল্ডারদের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে ফান্ডটির ইউনিটপ্রতি মুনাফা (ইপিইউ) হয়েছে ০.৪২ টাকা। আর ২০২৩ সালের ৩০ জুন ফান্ডটির ইউনিটপ্রতি সম্পদ (এনএভিপিইউ) বাজার মূল্য অনুযায়ী দাঁড়িয়েছে ৯.৭৫ টাকা। ইউনিটহোল্ডারদের মাঝে লভ্যাংশ বিতরণে ফান্ডটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ আগস্ট।

আইসিবি এমপ্লয়েজ ফান্ড: ফান্ডটির ট্রাস্টি কমিটি ইউনিটহোল্ডারদের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে ফান্ডটির ইউনিটপ্রতি মুনাফা (ইপিইউ) হয়েছে ০.৩৪ টাকা। আর ২০২৩ সালের ৩০ জুন ফান্ডটির ইউনিটপ্রতি সম্পদ (এনএভিপিইউ) বাজার মূল্য অনুযায়ী দাঁড়িয়েছে ৯.৬৬ টাকা। ইউনিটহোল্ডারদের মাঝে লভ্যাংশ বিতরণে ফান্ডটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ আগস্ট।

আইসিবি এএমসিএল দ্বিতীয় ফান্ড: ফান্ডটির ট্রাস্টি কমিটি ইউনিটহোল্ডারদের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে ফান্ডটির ইউনিটপ্রতি মুনাফা (ইপিইউ) হয়েছে ০.০৩ টাকা। আর ২০২৩ সালের ৩০ জুন ফান্ডটির ইউনিটপ্রতি সম্পদ (এনএভিপিইউ) বাজার মূল্য অনুযায়ী দাঁড়িয়েছে ১০.৪০ টাকা। ইউনিটহোল্ডারদের মাঝে লভ্যাংশ বিতরণে ফান্ডটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ আগস্ট।

আইসিবি এএমসিএল তৃতীয় ফান্ড: ফান্ডটির ট্রাস্টি কমিটি ইউনিটহোল্ডারদের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে ফান্ডটির ইউনিটপ্রতি মুনাফা (ইপিইউ) হয়েছে ০.৩৬ টাকা। আর ২০২৩ সালের ৩০ জুন ফান্ডটির ইউনিটপ্রতি সম্পদ (এনএভিপিইউ) বাজার মূল্য অনুযায়ী দাঁড়িয়েছে ৯.৩২ টাকা। ইউনিটহোল্ডারদের মাঝে লভ্যাংশ বিতরণে ফান্ডটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ আগস্ট।




ঢাকা-ব্যাংকক রুটে প্রতিদিন ২টি ফ্লাইট চলবে

ঢাকা থেকে থাইল্যান্ডের ব্যাংককে প্রতিদিন দুটি করে ফ্লাইট পরিচালনা করবে দেশটির এয়ারলাইন থাই এয়ারওয়েজ। ১৬ জুলাই থেকে সপ্তাহে ৭টি থেকে বাড়িয়ে ১৪টি ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইনটি। সোমবার (১০ জুলাই) রাজধানীর গুলশানের একটি হোটেলে এক অনুষ্ঠানে এ তথ্য জানায় বাংলাদেশে থাই এয়ারের জেনারেল সেলস এজেন্ট এয়ার গ্যালাক্সি লিমিটেড।

অনুষ্ঠানে এয়ার গ্যালাক্সি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইউসুফ ওয়ালিদ বলেন, ঢাকা টু ব্যাংকক রুটে আগে প্রতিদিন ফ্লাইট থাকলেও ডাবল ফ্লাইট ছিল না। থাই এয়ারওয়েজে হালাল খাবারের ব্যবস্থা আছে। এছাড়া যেকোনও যাত্রী কী কী খাবার খেতে চান, সেটিও আগে থেকে সিলেক্ট করার ব্যবস্থা আছে। প্রতিদিন দিনে ১টি ও রাতে ১টি ফ্লাইট ঢাকা থেকে ব্যাংককের উদ্দেশ্যে যাত্রা করবে।

অনুষ্ঠানে জানানো হয়, হ্যাপি জুলাই নামে বিশেষ ছাড় দিচ্ছে থাই এয়ারওয়েজ। এতে দুজন একসঙ্গে ভ্রমণ করলে ৩০ কেজি লাগেজ বিনামূল্যে বহনের সুবিধা পাবেন। তবে এশিয়া, নর্থ এশিয়া, ইউরোপ ও অস্ট্রেলিয়া রুটগুলোতে ভ্রমণ করলে এই সুবিধা পাওয়া যাবে। প্রতিদিন ব্যাংকক থেকে ঢাকায় ফ্লাইট পৌঁছাবে দুপুর ১২টা ১০ মিনিটে এবং ঢাকা থেকে ব্যাংককে রওনা হবে দুপুর ১টা ৩০ মিনিটে। দিনের ডাবল ফ্লাইটগুলো বোয়িং-৭৮৭ ড্রিমলাইনার বা বোয়িং-৭৭২ উড়োজাহাজ দিয়ে। এসব উড়োজাহাজে থাকবে ৩০টি বিজনেস ও ২৬২টি ইকোনোমি শ্রেণির আসন।

অন্যদিকে ব্যাংকক থেকে ফ্লাইট রাত ১টা ৩৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে, যা ব্যাংককে পৌঁছাবে রাত ২টা ৪৫ মিনিটে। রাতের ফ্লাইটগুলো এয়ারবাস-এ৩২০-২০০ মডেলের উড়োজাহাজ দিয়ে পরিচালনা করা হবে, যাতে থাকবে ১৬৮টি ইকোনমি ক্লাসের সিট।




এনসিসি ব্যাংককে বোনাস লভ্যাংশ প্রদানে বিএসইসির সম্মতি

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি এনসিসি ব্যাংক লিমিটেডের ঘোষিত বোনাস লভ্যাংশ প্রদানের বিষয়ে সম্মতি জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (৩১ মে) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এনসিসি ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ রয়েছে।

আইন অনুযায়ী বিএসইসির অনুমোদন ছাড়া কোনো কোম্পানি বোনাস লভ্যাংশ প্রদান করতে পারবে না। তাই বোনাস শেয়ার ঘোষণার পর তা প্রদানের লক্ষ্যে কোম্পানিটি নিয়ন্ত্রক সংস্থার সম্মতির জন্য আবেদন করে। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে বিএসইসি এনসিসি ব্যাংক লিমিটেডকে বোনাস লভ্যাংশ প্রদানের সম্মতি দিয়েছে।

বোনাস লভ্যাংশ বিতরণে কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৮ জুন।




৮ ব্যাংকের প্রথম প্রান্তিক আর্থিক প্রতিবেদন প্রকাশ

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত ৮টি ব্যাংকের পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ, ২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

সোমবার (১৫ মে) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংকগুলো হলো- এনসিসি ব্যাংক লিমিটেড, আইএফআইসি ব্যাংক লিমিটেড, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি), সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড (এসবিএসি), মিডল্যান্ড ব্যাংক লিমিটেড, সাউথইস্ট ব্যাংক লিমিটেড, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড ও এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড।

এনসিসি ব্যাংক: কোম্পানিটির চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৭০ টাকা। এর আগের হিসাব বছরে একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ০.৬৭ টাকা। আর ২০২৩ সালের ৩১ মার্চ কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২.৪১ টাকায়।

আইএফআইসি ব্যাংক: কোম্পানিটির চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৩৫ টাকা। এর আগের হিসাব বছরে একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ০.১৮ টাকা। আর ২০২৩ সালের ৩১ মার্চ কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯.১৭ টাকায়।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি: কোম্পানিটির চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৩৩ টাকা। এর আগের হিসাব বছরে একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ০.২৪ টাকা। আর ২০২৩ সালের ৩১ মার্চ কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮.৯১ টাকায়।

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক: কোম্পানিটির চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.১৭ টাকা। এর আগের হিসাব বছরে একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ০.২২ টাকা। আর ২০২৩ সালের ৩১ মার্চ কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩.৫৩ টাকায়।

মিডল্যান্ড ব্যাংক: কোম্পানিটির চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.২৮ টাকা। এর আগের হিসাব বছরে একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ০.৩০ টাকা। আর ২০২৩ সালের ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩.৩৩ টাকায়।

সাউথইস্ট ব্যাংক: কোম্পানিটির চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.১৯ টাকা। এর আগের হিসাব বছরে একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ১.২৬ টাকা। আর ২০২৩ সালের ৩১ মার্চ কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬.০৫ টাকায়।

ডাচ বাংলা ব্যাংক: কোম্পানিটির চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.১৭ টাকা। এর আগের হিসাব বছরে একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ০.২২ টাকা। আর ২০২৩ সালের ৩১ মার্চ কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩.৫৩ টাকায়।

এনআরবি কমার্শিয়াল ব্যাংক: কোম্পানিটির চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.০২ টাকা। এর আগের হিসাব বছরে একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ০.৮০ টাকা। আর ২০২৩ সালের ৩১ মার্চ কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭.৭৮ টাকায়।