ড্যাফোডিল কম্পিউটার্সের শেয়ারদর সংবেদনশীল তথ্য ছাড়াই বাড়ছে

কোনো প্রকার মূল্য সংবেদনশীল তথ্য ছাড়া বা বিনা কারণেই পুঁজিবাজারে আইটি খাতে তালিকাভুক্ত কোম্পানি ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ছে। দেশের আপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) এমন তথ্য জানিয়েছে কোম্পানিটির কর্তৃপক্ষ।

সোমবার (৪ সেপ্টেম্বর) সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

তথ্য মতে, সম্প্রতি ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে সিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, সিএসইতে গত ৬ আগস্ট ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের শেয়ার দর ছিল ৬৬ টাকা ৭০ পয়সা। ৩ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার দর ৮৬ টাকা ৭০ পয়সা উন্নীত হয়। এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে সিএসই কর্তৃপক্ষ।




শেয়ারদর বেড়েছে ড্যাফোডিল কম্পিউটার্সের ২০ শতাংশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহে ২০ শতাংশ বেড়েছে। এতে কোম্পানিটির শেয়ার সাপ্তাহিক দরপতনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে। এ সময়ে কোম্পানিটির ১০ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) ড্যাফোডিল কম্পিউটার্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৮ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ৫৩ পয়সা। এ বছরের ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৫৭ পয়সায়।

 

২০২১-২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। ২০২১-২২ হিসাব বছরে কোম্পানিটির করপরবর্তী নিট মুনাফা হয়েছে ৩ কোটি ৩৫ লাখ টাকা। এর আগের হিসাব বছরে এ মুনাফা ছিল ৩ কোটি ৪৮ লাখ টাকা। সে হিসারে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা কমেছে ১৩ লাখ টাকা বা ৩ দশমিক ৮০ শতাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৬৭ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭০ পয়সা।

ডিএসইতে গত বৃহস্পতিবার ড্যাফোডিল কম্পিউটার্স শেয়ারের সমাপনী দর ছিল ৮৬ টাকা ৪০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৬৫ টাকা ৮০ পয়সা ও ৮৮ টাকা ৫০ পয়সা।