বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো

সরকারি কর্মসূচিতে যোগ দিতে নামিবিয়া যাওয়ার পথে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমানকে। রোববার (৩১ আগস্ট) বিকেল ৫টার ফ্লাইটে তার যাত্রার কথা থাকলেও শেষ মুহূর্তে ইমিগ্রেশন পুলিশ তাকে বাধা দেয়।

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নামিবিয়ার অনুষ্ঠানে যোগ দিতে ড. হাবিবুর রহমানসহ বাংলাদেশ ব্যাংকের মোট ১১ জন কর্মকর্তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। বাকি ১০ জন যাত্রা করতে পারলেও কেবল তাকেই থামিয়ে দেওয়া হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করার পর বিমানে ওঠার অপেক্ষায় ছিলেন ড. হাবিবুর রহমান। হঠাৎ তাকে ডেকে জানানো হয়, সরকারের পক্ষ থেকে নির্দেশ এসেছে তিনি বিদেশ ভ্রমণ করতে পারবেন না। এজন্য কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করে।

সম্প্রতি অর্থ মন্ত্রণালয় দুর্নীতির অনুসন্ধানে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, ডেপুটি গভর্নর এবং সরকারি-বেসরকারি ২৬টি ব্যাংকের এমডি ও পরিচালকদের নাম দুদককে পাঠিয়েছে। ওই তালিকা ইমিগ্রেশন পুলিশের কাছেও পৌঁছেছে বলে জানা গেছে।

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ব্যাংকের ভেতরে আন্দোলনের মুখে ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান ও খুরশীদ আলম, বিএফআইইউ প্রধান মো. মাসুদ বিশ্বাস এবং নীতি উপদেষ্টা আবু ফরাহ মো. নাছের পদত্যাগ করেন। তবে আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান ও নূরুন নাহার এখনও বহাল আছেন।

ড. হাবিবুর রহমান ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ছিলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে ১৯৯০ সালে গবেষণা বিভাগে সহকারী পরিচালক হিসেবে যোগ দেন তিনি। পরবর্তীতে ইউএসএইড বৃত্তিতে যুক্তরাষ্ট্রের ইস্টার্ন ও ওয়েস্টার্ন মিশিগান বিশ্ববিদ্যালয় থেকে প্রায়োগিক অর্থনীতিতে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন।




ডেপুটি গভর্নর পদে নূরুন নাহারের যোগদান

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে যোগ দিয়েছেন নূরুন নাহার। ডেপুটি গভর্নর পদে যোগ দেওয়ার আগে তিনি বাংলাদেশ ব্যাংকের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

সোমবার (৩ জুলাই) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ১২ এপ্রিল আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নূরুন নাহারকে তার বর্তমান পদ থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ এবং অবসরোত্তর ছুটি (পিআরএল) স্থগিতের শর্তে যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।

ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগের আগে তিনি বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ, ক্রেডিট গ্যারান্টি ডিপার্টমেন্ট ও নিরাপত্তা ব্যবস্থাপনা বিভাগের দায়িত্বে নিয়োজিত ছিলেন। চাকরি জীবনে তিনি ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ, ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স, সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট, ডিপোজিট ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট, ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়, বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি, হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট, পূর্বতন বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ বিভাগ ও ব্যাংক পরিদর্শন বিভাগসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম ও রাজশাহী অফিসে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

নূরুন নাহার ১৯৮৪ সালে বিএসসি এবং ২০০১ সালে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। ২০১৯ সালে তিনি নির্বাহী পরিচালক পদে পদোন্নতি লাভ করেন। পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে নূরুন নাহার ভারত, সুইডেন, মালয়েশিয়া, যুক্তরাজ্য, তুরস্ক, নেপাল, অস্ট্রিয়া, দক্ষিণ কোরিয়া ও স্লোভাকিয়া সফর করেন।

নূরুন নাহার ১৯৬৫ সালে ঢাকা জেলার ধামরাই থানার বালিয়া গ্রামের এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই পুত্র ও এক কন্যা সন্তানের জননী।

জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে সরকার কর্তৃক নিয়োগ প্রদানের বিধান রয়েছে। ২০১৯ সালের ১১ জুন আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কর্তৃক ডেপুটি গভর্নর পদে যোগ্যতা ও নিয়োগ পদ্ধতির বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী ডেপুটি গভর্নর নিয়োগের জন্য সরকার বাছাই কমিটি গঠন করতে পারবেন অথবা সরকার স্বীয় বিবেচনায় উক্ত পদে যেকোনো ব্যক্তিকে চুক্তি ভিত্তিক নিয়োগ প্রদান করতে পারবেন। কোনো বিজ্ঞপ্তি ছাড়াই সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে নূরুন নাহারকে ডিজি হিসেবে মন্ত্রণালয় বেছে নিয়েছে।

গত ১ জুলাই মেয়াদ পূর্ণ হয় ডেপুটি গভর্নর আহমেদ জামালের। ওই পদটিতে ৩ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার জন্য বর্তমানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নূরুন নাহার নিয়োগ পান।




বাংলাদেশ ব্যাংকের দ্বিতীয় নারী ডেপুটি গভর্নর হচ্ছেন নুরুন নাহার

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নুরুন নাহার ডেপুটি গভর্নর (ডিজি) হতে যাচ্ছেন। আগামী তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেতে যাচ্ছেন তিনি। কোনো বিজ্ঞপ্তি ছাড়াই সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে তাকে ডিজি হিসেবে মন্ত্রণালয় বেছে নিতে যাচ্ছে বলে জানা গেছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এরইমধ্যে তাকে ডিজি পদে নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে।

শিগগিরই তার নিয়োগের প্রজ্ঞাপন হবে বলে অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

নুরুন নাহার দ্বিতীয় কোনো নারী যিনি বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হচ্ছেন। এর আগে প্রথম নারী ডেপুটি গভর্নর ছিলেন নাজনীন সুলতানা।

জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে সরকার কর্তৃক নিয়োগ প্রদানের বিধান রয়েছে। ২০১৯ সালের ১১ জুন আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কর্তৃক ডেপুটি গভর্নর পদে যোগ্যতা ও নিয়োগ পদ্ধতির বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। ওই প্রজ্ঞাপন অনুযায়ী ডেপুটি গভর্নর নিয়োগের জন্য সরকার বাছাই কমিটি গঠন করতে পারবেন অথবা সরকারের স্বীয় বিবেচনায় উক্ত পদে যেকোনো ব্যক্তিকে চুক্তি ভিত্তিক নিয়োগ প্রদান করতে পারবেন।

জানা গেছে, চলতি বছরের ১ জুলাই মেয়াদ পূর্ণ হবে ডেপুটি গভর্নর আহমেদ জামালের। ওই পদটিতে ৩ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার জন্য বর্তমানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নূরুন নাহারের নাম প্রস্তাব করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে সুপারিশ করা হয়েছে। এরইমধ্যে প্রধানমন্ত্রী তার নিয়োগের বিষয়ে অনুমোদন দিয়েছেন।

নূরুন নাহার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ডিগ্রি এবং এশিয়া ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে ২০০১ সালে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ, ক্রেডিট গ্যারান্টি ডিপার্টমেন্ট এবং নিরাপত্তা ব্যবস্থাপনা বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

নুরুন নাহার ১৯৬৫ সালে কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন।