বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠায় ৫৯ কোটি টাকা দিচ্ছে ডেনমার্ক

বাংলাদেশে সুশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় তিন কোটি ৫০ লাখ ডেনিশ ক্রোনা (প্রায় ৫৯ কোটি টাকা) অনুদান দিয়েছে ডেনমার্ক।

‘এগ্রিমেন্ট টু দ্য ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট বিটুইন দ্য গভর্মেন্ট অব দ্য পিপলস রিপাবলিক বাংলাদেশ অ্যান্ড দ্য গভর্মেন্ট অব দ্য কিংডম অব ডেনমার্ক’ সংশোধিত চুক্তির আওতায় এ অনুদান দেওয়া হয়।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) অর্থনৈতিক সম্পর্ক বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশের পরিবর্তিত পটভূমিতে উন্নয়ন কার্যক্রমসহ মানবাধিকার, গণতন্ত্র এবং সুশাসন সমন্বিত করার লক্ষ্যে বাংলাদেশ সরকারের চলমান সংস্কার কর্মসূচিতে সহায়তার জন্য ডেনমার্ক সরকার এ অনুদান সহায়তা দিচ্ছে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী ও ঢাকায় নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান ব্রিক্স মলার চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে ডেনমার্ক দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তা ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সরকার ও ডেনমার্ক সরকারের মধ্যে দীর্ঘ ৫২ বছরের দ্বিপাক্ষিক সহযোগিতার সম্পর্ক রয়েছে। এ দীর্ঘ সময়ে ডেনমার্ক সরকার বাংলাদেশকে কৃষি, পানি ও পয়ঃনিষ্কাশন, যোগাযোগ মাধ্যম, জলবায়ু পরিবর্তন, সুশাসন ও মানবাধিকার খাতে সহায়তা দিয়ে আসছে। তাছাড়া ডেনমার্কের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্কও রয়েছে।




বাংলাদেশ-ডেনমার্ক যৌথ টেকসই কর্মপরিকল্পনা উদ্বোধন

টেকসই ও সবুজ ফ্রেমওয়ার্ক এনগেজমেন্ট বিষয়ে বাংলাদেশ ও ডেনমার্ক জয়েন্ট অ্যাকশন প্ল্যান উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জুন) সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ-ডেনমার্ক জয়েন্ট অ্যাকশন প্ল্যান যৌথভাবে উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এবং ডেনমার্কের উন্নয়ন সহযোগিতা ও বৈশ্বিক জলবায়ু নীতি বিষয়ক মন্ত্রী ড্যান জর্গেনসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন বলেন, গত ৯ জুন কোপেনহেগেনে বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠকে স্বাক্ষরিত জয়েন্ট অ্যাকশন প্ল্যান ডেনমার্ককে বাংলাদেশকে নিম্ন কার্বন পাথওয়ে, সম্পদ-দক্ষ এবং সার্কুলার অর্থনীতিতে রূপান্তরিত করতে সহায়তা করবে। এ চুক্তি অনুসারে, টেকসই উন্নয়নের জন্য ২০৩০ এজেন্ডা এবং প্যারিস জলবায়ু চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে জলবায়ু পরিবর্তনের অভিযোজন, প্রশমন, পরিবেশগত ক্ষতি এবং জীববৈচিত্র্যের ক্ষতির ওপর দৃষ্টি নিবদ্ধ করে একটি টেকসই এবং সবুজ ভবিষ্যৎ অর্জনের লক্ষ্যে দুই দেশ কাজ করবে।

তিনি বলেন, সহযোগিতার ক্ষেত্রে টেকসই জ্বালানি ও জ্বালানি দক্ষতা, অন্যান্য বিষয়ের সঙ্গে খাদ্য ও কৃষি সম্পর্কিত মূল্য শৃঙ্খলে সবুজ রূপান্তর, সামুদ্রিক অবকাঠামোসহ টেকসই অবকাঠামো, সবুজ শিল্প রূপান্তর নিশ্চিত করা, পানি, পরিবেশ ও পরিচ্ছন্ন প্রযুক্তি একীভূত করা, ইত্যাদি অন্তর্ভুক্ত থাকবে যা টেকসই উন্নয়ন সমর্থন করে। যখনই প্রয়োজন মনে হবে তখনই কর্ম পরিকল্পনা পর্যালোচনা করা হবে।

পরিবেশমন্ত্রী আরও বলেন, আমরা ডেনমার্কের সঙ্গে উন্নত দেশগুলোর দ্বারা প্রতিশ্রুত ১০০ বিলিয়ন মার্কিন ডলার আনলক করার জন্য একত্রে কাজ করতে চাই, অভিযোজন এবং প্রশমন অর্থের মধ্যে ৫০:৫০ ভারসাম্য এবং লস অ্যান্ড ড্যামেজের তহবিলের দ্রুত কার্যকরীকরণের সঙ্গে।

তিনি বলেন, ডেনমার্ক জাতীয় অভিযোজন পরিকল্পনা, মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা এবং জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি) বাস্তবায়নে বাংলাদেশকে আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা দিতে পারে। আমরা এই বছর কপ-২৮ এ অনুষ্ঠেয় গ্লোবাল স্টকে বাস্তবসম্মত আলোচনা এবং পদক্ষেপের জন্যও উন্মুখ। আমরা প্যারিস চুক্তির অধীনে জলবায়ু অর্থায়নে তাদের প্রতিশ্রুতি ত্বরান্বিত করার জন্য উন্নত অর্থনীতির প্রতি আহ্বান জানাই।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও প্রধানমন্ত্রীর জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ দূত সাবের হোসেন চৌধুরী, বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এস্ট্রুপ পিটারসেন, অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব (পরিবেশ ও জলবায়ু পরিবর্তন) সঞ্জয় কুমার ভৌমিক এবং বাংলাদেশ ও ডেনিশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা।




বিভিন্ন খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদারে আগ্রহ ডেনমার্ক

টেকসই উন্নয়নের জন্য সবুজ ও পরিচ্ছন্ন প্রযুক্তি এবং বিনিয়োগে অংশীদার হতে সম্মত হয়েছে বাংলাদেশ ও ডেনমার্ক। পাশাপাশি বাংলাদেশের ডেনিশ বিনিয়োগ বাড়াতে ব্যবসা সহজীকরণেও গুরুত্ব দিয়েছে উভয়পক্ষ।

শুক্রবার (৯ জুন) কোপেনহেগেনে বাংলাদেশ-ডেনমার্ক দ্বিতীয় রাজনৈতিক পরামর্শক সভায় এসব বিষয়ে একসঙ্গে কাজ করতে সম্মত হয় উভয়পক্ষ।

সভায় ঢাকার পক্ষে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং কোপেনহেগেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উন্নয়ন নীতি বিষয়ক স্টেট সেক্রেটারি লোটে মাচোন তার দেশের পক্ষে নেতৃত্ব দেন।

সভায় নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি দক্ষতা, বৃত্তাকার অর্থনীতি, টেকসই নগরায়ণ, টেকসই পানি ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন অভিযোজন, কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ, সামুদ্রিক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং সমুদ্র অর্থনীতি খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদারে আগ্রহ প্রকাশ করেছে ডেনমার্ক।

এছাড়া উভয়পক্ষ দুই দেশের সাম্প্রতিক রাজনৈতিক উন্নয়ন এবং রোহিঙ্গা সংকট, ইন্দো-প্যাসিফিক, ইউক্রেনের যুদ্ধ এবং জলবায়ু পরিবর্তনসহ পারস্পরিক স্বার্থ ও উদ্বেগের বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে মতবিনিময় করে। এর বাইরে তারা জাতিসংঘের বিভিন্ন নির্বাচন ও অন্যান্য ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে সহযোগিতা বিষয়ে আগ্রহ প্রকাশ করে।

গত বছর দুই দেশের মধ্যে স্বাক্ষরিত টেকসই এবং সবুজ কর্ম-কাঠামো চুক্তির অধীনে ২০২৩-২০২৮ সময়ের জন্য বাংলাদেশ-ডেনমার্ক যৌথ কর্মপরিকল্পনা অনুমোদন করে। আগামী ১২-১৩ জুন ডেনমার্কের উন্নয়ন সহযোগিতা ও বৈশ্বিক জলবায়ু নীতি বিষয়ক মন্ত্রী ড্যান জর্জেনসেনের বাংলাদেশ সফরের সময় যৌথ কর্মপরিকল্পনাটি চালু করা হবে।

সভায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ডেনিশ বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা, সাইবার অপরাধ প্রতিরোধ, ডিজিটাল অর্থনীতি এবং স্টার্ট-আপ বিষয়ে ডেনমার্কে আইন প্রয়োগকারী কর্মকর্তাদের প্রশিক্ষণে সহযোগিতার গুরুত্বের ওপর জোর দেয় ঢাকা।

সভায় ডেনমার্কে বাংলাদেশের রাষ্ট্রদূত শহিদুল করিম উপস্থিত ছিলেন।