আগের ১০ কোটির একটিও আসেনি; ডিম আমদানি

তৃতীয় দফায় আরও ৫ কোটি ডিম আমদানির অনুমতি দিয়েছে সরকার। বাজার পরিস্থিতি বিবেচনায় ডিমের সরবরাহ বৃদ্ধি ও বাজারদর স্থিতিশীল রাখতে পাঁচ প্রতিষ্ঠানকে ১ কোটি করে মোট ৫ কোটি ডিম আমদানির অনুমতি দেওয়া হয়েছে। গতকাল রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা হায়দার আলী এ তথ্য জানান। এ নিয়ে মোট ১৫ প্রতিষ্ঠানকে ১৫ কোটি ডিম আমদানির অনুমতি দেওয়া হলো। যদিও প্রথম দু’দফা অনুমতি দেওয়া ১০ কোটি ডিম আমদানির একটিও এখন পর্যন্ত দেশে আসেনি।

আমদানিকারকরা বলেছেন, ইতোমধ্যে এলসি খোলা হয়েছে। চলতি সপ্তাহে ডিম আসতে পারে। আমদানির পরিমাণ কম হলেও বাজারে কিছুটা প্রভাব পড়বে বলে মনে করেন পাইকারি ব্যবসায়ীরা।
তৃতীয় দফায় গতকাল ১ কোটি করে ডিম আমদানির অনুমতি পেয়েছে ইউনিয়ন ভেনচার লিমিটেড, জে এফ জে প্যারাডাইস কানেকশন, লায়েক এন্টারপ্রাইজ, লাকি এন্টারপ্রাইজ ও পিংকি ট্রেডার্স।

গত আগস্টে ডিমের দাম বেড়ে রেকর্ড পর্যায়ে পৌঁছে যায়। প্রতি ডজন ফার্মের ডিমের দর ওঠে ১৭০ টাকায়। এরপর গত ১৪ সেপ্টেম্বর প্রতিটি ডিমের খুচরা দর ১২ টাকা নির্ধারণ করে দেয় সরকার। তারপর গত ১৮ সেপ্টেম্বর সরকার প্রথমবারের মতো চারটি প্রতিষ্ঠানকে ৪ কোটি ডিম আমদানির অনুমতি দেয়। দ্বিতীয় দফায় ২১ সেপ্টেম্বর ৬টি প্রতিষ্ঠানকে ৬ কোটি ডিম আমদানির অনুমতি দেওয়া হয়। গতকাল তৃতীয় দফায় নতুন করে আরও ৫ প্রতিষ্ঠানকে ৫ কোটি ডিম আমদানির অনুমতি দেওয়া হয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্যমতে, দেশে প্রতিদিন ৪ কোটি ডিমের প্রয়োজন হয়। সেই হিসাবে ১৫ কোটি ডিম দিয়ে ৪ দিনের মতো চলতে পারে।

এদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া দর ২৪ দিনেও কার্যকর হয়নি। ঢাকার খুচরা বাজারে এখনও প্রতিটি ডিম ১২ টাকা ৫০ পয়সায় বিক্রি হচ্ছে।

প্রথম দফায় অনুমতি পাওয়া প্রতিষ্ঠান টাইগার ট্রেডিংয়ের স্বত্বাধিকারী সাইফুর রহমান বলেন, এলসি খোলার প্রক্রিয়া শেষ হয়েছে। এখন ভারতীয় ব্যবসায়ীদের ডিম পাঠানোর ওপর নির্ভর করছে কখন তা দেশে আসবে। তবে চলতি সপ্তাহে না হলেও আগামী সপ্তাহে ভারতীয় ডিম দেশে আসতে পারে।
পাইকারি ব্যবসায়ীরা বলেন, আমদানি করা ডিম দেশের বাজারে ঢুকলে দাম কিছুটা কমতে পারে।

তেজগাঁও ডিম ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সভাপতি আমানত উল্লাহ বলেন, ‘শুধু শুনি ৫ কোটি, ১০ কোটি ডিম আমদানি হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত বাজারে আমদানি করা ডিমের চেহারা দেখা যায়নি। প্রতিদিনই চাহিদা বাড়ছে ডিমের। কিন্তু এই ১০-১৫ কোটি ডিম দিয়ে তো চাহিদা মিটবে না। তারপরও সংখ্যা যাই হোক আমদানি হলে কিছুটা প্রভাব পড়বে বাজারে।
তিনি বলেন, গতকাল ঢাকার কাপ্তান বাজার, বাড্ডা, মিরপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে প্রতি পিস ডিম পাইকারিতে ১২ টাকা ৫০ পয়সায় বিক্রি হয়েছে। শুধু তেজগাঁওয়ে বিক্রি হয়েছে ১১ টাকা ৫০ পয়সা করে। সরকারকে সম্মান করতে গিয়ে তেজগাঁওয়ের ব্যবসায়ীরা লোকসান দিচ্ছেন।
এদিকে ডিম আমদানি করার ক্ষেত্রে পাঁচটি শর্ত নির্ধারণ করে দিয়েছে সরকার। সেগুলো হলো– এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ডফ্লুমুক্ত দেশ হতে ডিম আমদানি করতে হবে; আমদানি করা ডিমের প্রতিটি চালানের জন্য রপ্তানিকারক দেশের সরকারের মাধ্যমে নির্ধারিত কিংবা ক্ষমতাপ্রাপ্ত উপযুক্ত কর্তৃপক্ষ প্রদত্ত এভিয়েন ইনফ্লুয়েঞ্জা বা বার্ডফ্লুর ক্ষতিকর ব্যাকটেরিয়ামুক্ত সনদ দাখিল করতে হবে; সরকার নির্ধারিত শুল্ক বা কর পরিশোধ করতে হবে; নিষিদ্ধ পণ্য আমদানি করা যাবে না এবং সরকারের অন্যান্য বিধিবিধান মেনে চলতে হবে।




আরও ৫ কো‌টি ডিম আমদানির অনুম‌তি

সরকার আরও ৫টি প্রতিষ্ঠানকে ১ কো‌টি ক‌রে পাঁচ কো‌টি ডিম আমদানির অনুম‌তি দি‌য়ে‌ছে।

রোববার বা‌ণিজ‌্য মন্ত্রণালয় সূত্রে এ তথ‌্য জানা গেছে।

দেশের বাজারে ডিমের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় গত ১৪ সেপ্টেম্বর ডিম, আলু ও দেশি পেঁয়াজের দাম বেঁধে দেয় বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ওইদিন এক সংবাদ সম্মেলনে বলেন, এখন থেকে খুচরা পর্যায়ে প্রতিটি ডিমের দাম হবে সর্বোচ্চ ১২ টাকা, প্রতি কেজি আলু ৩৬ ও দেশি পেঁয়াজ ৬৫ টাকা।

তবে সেই ঘোষণার পরও নির্ধারিত দামে এসব পণ্য বিক্রি হচ্ছে না।

এরপর বাজারে সরবরাহ বাড়ানোর জন্য শুরুতে চার কোটি ডিম আমদানি করতে চারটি প্রতিষ্ঠানকে অনুমতি দেওয়া হয়। পরে আরও ছয় কোটি ডিম আমদানির অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয়।




আরও ৬ কোটি ডিম আমদানির অনুমোদন

ডিমের বাজার স্থিতিশীল করতে আরও ছয় কোটি ডিম আমদানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালায়। ছয়টি প্রতিষ্ঠানকে এসব ডিম আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানগুলো হলো- চিজ গ্যালারি, পপুলার ট্রেড সিন্ডিকেট, এম/এস রিপা এন্টারপ্রাইজ, এস এম করপোরেশন, বিডিএস করপোরেশন, মেসার্স জয়নুর ট্রেডার্স।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. হায়দার আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ডিমের বাজারে স্থিতিশীলতা আনতে আপাতত ছয় কোটি ডিম আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। ছয় প্রতিষ্ঠানের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রতিটি প্রতিষ্ঠানকে এক কোটি করে ডিম আমাদানির অনুমোদন দেওয়া হয়েছে। বাজার পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আমদানি করা ডিম খুচরা পর্যায়ে সরকার নির্ধারিত দাম প্রতি পিস ১২ টাকায় বিক্রি হবে।

ডিম আমদানি করতে পাঁচটি শর্ত নির্ধারণ করে দিয়েছে সরকার। যেগুলো হলো- এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু মুক্ত দেশ হতে ডিম আমদানি করতে হবে। আমদানিকৃত ডিমের প্রতিটি চালানের জন্য রপ্তানিকারক দেশের সরকারের মাধ্যমে নির্ধারিত কিংবা ক্ষমতাপ্রাপ্ত উপযুক্ত কর্তৃপক্ষ প্রদত্ত এভিয়েন ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লুর ক্ষতিকর ব্যাকটেরিয়ামুক্ত সনদ দাখিল করতে হবে। সরকার নির্ধারিত শুল্ক বা কর পরিশোধ করতে হবে। নিষিদ্ধ পণ্য আমদানি করা যাবে না। সরকারের অন্য বিধিবিধান মেনে চলতে হবে।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর চার প্রতিষ্ঠানকে চার কোটি ডিম আমদানির অনুমোদন দেওয়া হয়। এরও আগে গত ১৪ সেপ্টেম্বর নিত্যপ্রয়োজনীয় আমিষের দাম বাড়ার মধ্যে খুচরা পর্যায়ে ডিমের দাম ১২ টাকা নির্ধারণ করে সরকার।




ভারত থেকে  ডিম আমদানির অনুমোদন 

বাজার নিয়ন্ত্রণে ভারত থেকে আসছে ৪ কোটি ডিম। চার প্রতিষ্ঠানকে আমদানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

সোমবার (১৮ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা  এ তথ্য নিশ্চিত করেছেন।

অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো– মেসার্স মীম এন্টারপ্রাইজ, প্রাইম এনার্জি ইম্পোর্টার্স অ্যান্ড সাপ্লাইয়ার্স, টাইগার ট্রেডিং, অর্নব ট্রেডিং লিমিটেড।

প্রতিটি প্রতিষ্ঠানকে এক কোটি করে মোট ৪ কোটি ডিম আমদানির অনুমতি দিয়েছে সরকার।

সম্প্রতি ডিম, আলু ও পেঁয়াজের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এখন থেকে খুচরা পর্যায়ে প্রতি পিস ডিমের দাম পড়বে ১২ টাকা। একইসঙ্গে দাম নিয়ন্ত্রণে রাখতে ডিম আমদানির অনুমতি দেওয়া কথাও বলেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) এ ঘোষণাকে কেন্দ্র করে চারটি প্রতিষ্ঠান ডিম আমদানির অনুমোদনের জন্য আবেদন করে।

মন্ত্রীর ঘোষণার পর প্রতিক্রয়ায় ব্যবসায়ী ও পোল্ট্রি খাত সংশ্লিষ্টরা বলেন, ডিমের দাম নির্ধারণের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। তবে এ দামে বিক্রি করতে হলে খামারিদের উৎপাদন খরচ, পাইকারি, আড়তদার এবং খুচরা ব্যবসায়ীরা কে কত লাভে বিক্রি করবে তা নির্ধারণ করা উচিত ছিল।

ডিমের দাম নির্ধারণকে স্বাগত জানালেও আমদানির সিদ্ধান্তের বিরোধিতা করেন এ খাতের ব্যবসায়ীরা। তারা বলেন, ডিম আমদানি করলে এ শিল্প ধ্বংস হয়ে যাবে। পরে আরও বেশি দামে ডিম খেতে হবে।