চট্টগ্রামে বন্ধ ডিমের আড়ত, দাম আরও বাড়ার শঙ্কা

চট্টগ্রামের ডিমের অন্যতম বৃহৎ পাইকারি বাজার পাহাড়তলীতে আড়তগুলো বন্ধ রয়েছে। সরকার নির্ধারিত দামে ডিম ক্রয় করতে না পারায় আড়তগুলো বন্ধ রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এতে ভোক্তা পর্যায়ে ডিমের দাম আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (১৪ অক্টোবর) সকাল থেকে ডিমের আড়তগুলো বন্ধ রয়েছে।

পাইকারি ব্যবসায়ীর বলছেন, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে— উৎপাদন স্তর থেকে প্রতি পিস ডিম ১০ টাকা ৫৮ পয়সা করে কিনতে এবং পাইকারিতে সেটি ১১ টাকা ১ পয়সা করে বিক্রি করতে নির্ধারণ করা হয়েছে। কিন্তু উৎপাদন স্তর থেকে ডিম কিনতে খরচ পড়ছে ১৩ টাকা ১০ পয়সা থেকে ১৫ পয়সা। সরকারের বেঁধে দেওয়া দামে ক্রয় বিক্রয় করতে না পারায় আড়ত বন্ধ রয়েছে।

খুচরা পর্যায়ে প্রতিটি ডিম বিক্রি হচ্ছে ১৫ থেকে ১৬ টাকায়। আড়ত বন্ধ হওয়ায় দাম আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

চট্টগ্রাম ডিম ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল শুক্কুর লিটন বলেন, ‘সরকারের পক্ষ থেকে বেঁধে দেওয়া টাকায় ডিম ক্রয় ও বিক্রি করা যাচ্ছে না। বলা হয়েছে উৎপাদন পর্যায় থেকে ১০ টাকা ৫৮ পয়সায় ডিম কেনা যাবে। কিন্তু বাস্তবে কিনতে হচ্ছে ১৩ টাকার বেশি দামে। এখন আমরা কীভাবে ১১ টাকায় ডিম বিক্রি করব?’

তিনি বলেন, ‘উৎপাদন পর্যায় থেকে রসিদও দেওয়া হচ্ছে না। ভোক্তা অধিকার থেকে আমাদের কাছে ক্রয়ের রশিদ চায়। আমরা কীভাবে ক্রয়ের রশিদ দেব? রশিদ না থাকায় আমাদের জরিমানা করা হচ্ছে। কিন্তু উৎপাদন পর্যায়ে যে বেশি টাকা রাখছে সেটি তারা (ভোক্তা অধিকার) শুনে না। ডিম ক্রয় করতে না পায়ায় আমাদের আড়তগুলো বন্ধ রয়েছে।’

এর আগে ১৫ সেপ্টেম্বর ডিম ও মুরগির মাংসের যৌক্তিক দাম নির্ধারণ করে সরকার। নতুন দর অনুসারে, খুচরা পর্যায়ে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭৯ টাকা ৫৯ পয়সা ও সোনালি মুরগি ২৬৯ টাকা ৬৪ পয়সা দরে বিক্রি হবে। এ ছাড়া, খুচরা পর্যায়ে প্রতিটি ডিমের দাম রাখা হবে ১১ টাকা ৮৭ পয়সা করে। তাতে প্রতি ডজন ডিমের দাম পড়বে ১৪২ টাকা ৪৪ পয়সা।

প্রাণিসম্পদ অধিদপ্তরের চিঠিতে বলা হয়, প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম উৎপাদন পর্যায়ে ১৬৮ টাকা ৯১ পয়সা ও পাইকারি পর্যায়ে ১৭২ টাকা ৬১ পয়সা দরে বিক্রি হবে। অন্যদিকে সোনালি মুরগি উৎপাদন পর্যায়ে ২৬০ টাকা ৭৮ পয়সা ও পাইকারিতে ২৬৪ টাকা ৫৭ পয়সা কেজি দরে বিক্রি হবে।

উৎপাদন পর্যায়ে প্রতিটি ডিমের দাম পড়বে ১০ টাকা ৫৮ পয়সা, যা পাইকারিতে হবে ১১ টাকা শূন্য ১ পয়সা।




সাড়ে ৪ কোটি ডিম আমদানির অনুমতি

বাজারদর স্থিতিশীল রাখতে দেশের সাতটি প্রতিষ্ঠানকে সাড়ে ৪ কোটি পিস ডিম আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

মঙ্গলবার (৮ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বাণিজ্য-১ শাখা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য মতে দেশে প্রতিদিন প্রায় ৫ কোটি পিস ডিমের চাহিদা রয়েছে। বর্তমানে ডিমের বাজার পরিস্থিতি বিবেচনায় ও বাজারদর স্থিতিশীল রাখার লক্ষ্যে সাময়িকভাবে সীমিত সময়ের জন্য এ আমদানি অনুমতি দেওয়া হয়েছে। এ আমদানির অনুমতির মেয়াদ আগামী ৩১/১২/২০২৪ খ্রি. পর্যন্ত বহাল থাকবে।

আরও বলা হয়, প্রতিষ্ঠানগুলোর মধ্যে ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ীর মেসার্স মিম এন্টারপ্রাইজকে এক কোটি পিস, যশোর চৌরাস্তা মোড়ের মেসার্স তাওসিন ট্রেডার্সকে এক কোটি পিস, সাতক্ষীরার লবশা এলাকার মেসার্স সুমন ট্রেডার্সকে ২০ লাখ পিস, রংপুরের ভগী এলাকার আলিফ ট্রেডার্সকে ৩০ লাখ পিস, রাজধানীর মতিঝিল বাণিজ্যিক এলাকার হিমালয়কে এক কোটি পিস, শান্তিনগরের মেসার্স প্রাইম কেয়ার বাংলাদেশকে ৫০ লাখ পিস এবং তেজকুনিপাড়ার মেসার্স জামান ট্রেডার্সকে ৫০ লাখ পিস ডিম আমদানির অনুমতি দেয়া হয়েছে।

যেসব শর্তে ডিম আমদানি করা যাবে:

(ক) The World Organization for Animal Health (WOAH)-এর গাইডলাইন অনুযায়ী বার্ড ফ্লু মুক্ত জোনিং/কম্পার্টমেন্টালাইজেশনের স্বপক্ষে রপ্তানিকারক দেশের Competent Authority কর্তৃক জোনিং/কম্পার্টমেন্টালাইজেশনের সার্টিফিকেট/ঘোষণা দাখিল করতে হবে;

(খ) আমদানিকৃত ডিমের প্রতিটি চালানের জন্য রপ্তানিকারক দেশের সরকার কর্তৃক নির্ধারিত/ক্ষমতাপ্রাপ্ত উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু ভাইরাস ও ক্ষতিকর ব্যাকটেরিয়া মুক্ত মর্মে সনদ দাখিল করতে হবে;

(গ) সরকার কর্তৃক নির্ধারিত শুদ্ধ-কর পরিশোধ ও অন্যান্য বিধি-বিধান প্রতিপালন করতে হবে;

(ঘ) ডিম আমদানির প্রতি চালানের অন্যূন ১৫ (পনের) দিন পূর্বে সংশ্লিষ্ট সংগনিরোধ কর্মকর্তাকে অবহিত করতে হবে; (৩) আমদানির অনুমতি পাওয়ার পরবর্তী ৭ দিন পর পর অগ্রগতি প্রতিবেদন বাণিজ্য মন্ত্রণালয়ে দাখিল করতে হবে।




আসল আমদানি করা ৬১ হাজার ডিম

প্রথমবারের মতো ভারত থেকে এলো আমদানির ডিম। বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানির প্রথম চালানে ভারত থেকে ১৫ কোটির মধ্যে ডিম এসেছে ৬১ হাজার ৯৫০ পিস।

রবিবার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল বন্দর থেকে ডিমের চালান নিয়ে একটি গাড়ি বেনাপোল বন্দরে প্রবেশ করে। পর্যায়ক্রমে এ পথে আরও ডিম আসবে বলে জানান আমদানিকারকের প্রতিনিধিরা। প্রথম চালানের এ ডিমের আমদানিকারক ঢাকার রামপুরায় অবস্থিত বিডিএস করপোরেশন। এ চালানের রপ্তানিকারক ভারতের ত্রিপুরার কানুপ নামক এক প্রতিষ্ঠান।

এরই মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় ১৫ কোটি ডিম আমদানির জন্য ১৫ প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছে। বেনাপোল দিয়ে আসা প্রতিটি ডিমের আমদানি মূল্য দেখানো হয়েছে ৫ টাকা ৪৩ পয়সা। এর ওপর সরকারি শুল্ক এক টাকা ৮০ পয়সা। এলসি খরচ, রপ্তানি খরচ, পোর্ট চার্জ, সিঅ্যান্ডএফ চার্জ, পরিবহন খরচ ধরলে ৯ টাকা ৫০ পয়সা থেকে ১০ টাকার মধ্যে থাকবে।

প্রথম চালানের আমদানি মূল্য দেখানো হয়েছে ২ হাজার ৯৮৮ দশমিক ৪০ মার্কিন ডলার। এর আগে গেল ৮ অক্টোবর ৫টি প্রতিষ্ঠানকে পাঁচ কোটি ডিম আমদানির অনুমোদন দেয় বাণিজ্য মন্ত্রণালয়। এর আগে ১৮ সেপ্টেম্বর চার প্রতিষ্ঠানকে চার কোটি ডিম আমদানির অনুমোদন দেওয়া হয়। ২১ সেপ্টেম্বর আরও ৬ কোটি ডিম আমদানির অনুমোদন দেয় বাণিজ্য মন্ত্রণালয়।

আমদানি করা ডিম খুচরা পর্যায়ে সরকার নির্ধারিত দাম প্রতি পিস ১২ টাকায় বিক্রি হবে। এ বিষয়টি নিশ্চিত করে বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. হায়দার আলী বলেন, ‘আমদানি করা ডিমের প্রতিটি চালানের জন্য বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে।’

হায়দার আলী জানান, ‘এসব শর্তের মধ্যে একটি হলো, রপ্তানিকারক দেশের সরকার কর্তৃক এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু ভাইরাস ও ক্ষতিকারক ব্যাকটেরিয়ামুক্ত মর্মে সনদ দাখিল করতে হবে। সরকার নির্ধারিত শুল্ক বা কর পরিশোধ করতে হবে। নিষিদ্ধ পণ্য আমদানি করা যাবে না। সরকারের অন্য বিধিবিধান মেনে চলতে হবে।’

দেশে এর আগে ডিম আমদানি না হওয়ায় এই সনদ পেতে আমদানিকারকদের কিছুটা সময় লাগে। এ কারণে ডিম আসতে দেরি হয়েছে বলে জানান মো. হায়দার আলী।




বেশি দামে পণ্য বিক্রি, ৯০ প্রতিষ্ঠানকে জরিমানা

সরকার নির্ধারিত দামের চেয়ে বাড়তি দামে আলু, পেঁয়াজ, ডিমসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করায় সারাদেশে ৯০ প্রতিষ্ঠানকে পাঁচ লাখ ৩১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

গতকাল রোববার ঢাকা মহানগরসহ দেশের বিভাগ ও জেলাপর্যায়ে ৫২টি বাজারে অধিদপ্তরের ৪২টি টিম অভিযান চালায়।

এরমধ্যে ঢাকা মহানগরীতে বিভিন্ন বাজারে অভিযান চালায় তিনটি টিম। এছাড়া অন্যান্য বিভাগীয় শহরসহ দেশের ৩৮টি জেলায় একযোগে এ অভিযান পরিচালিত হয়।

এসব অভিযানে সারাদেশে ৯০ প্রতিষ্ঠানকে পাঁচ লাখ ৩১ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।




বেশি দামে আলু-পেঁয়াজ-ডিম বিক্রি, ১০৪ প্রতিষ্ঠানকে জরিমানা

সরকার নির্ধারিত দামের চেয়ে বাড়তি দামে আলু, পেঁয়াজ, ডিম বিক্রি করায় সারাদেশে ১০৪টি প্রতিষ্ঠানকে চার লাখ ৮০ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার ঢাকা মহানগরসহ দেশের বিভাগ ও জেলাপর্যায়ে ৬৩টি বাজারে অধিদপ্তরের ৫২টি টিম অভিযান পরিচালনা করে।

এরমধ্যে ঢাকা মহানগরীতে অধিদপ্তরের তিনটি টিম বিভিন্ন বাজারে অভিযান চালায়। এছাড়া অন্যান্য বিভাগীয় শহরসহ দেশের ৫০টি জেলায় একযোগে এ অভিযান পরিচালিত হয়।

এর আগে ১৪ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয় খুচরা বাজারে প্রতিটি ডিমের দাম ১২ টাকা, আলুর দাম প্রতিকেজি ৩৫-৩৬ টাকা এবং পেঁয়াজের দাম ৬৪-৬৫ টাকা নির্ধারণ করে দেয়। ঘোষণার পর থেকেই বাজারে এ দাম কার্যকর হওয়ার কথা। তবে তা এখনো কার্যকর দেখা যায়নি।

 




ভারত থেকে  ডিম আমদানির অনুমোদন 

বাজার নিয়ন্ত্রণে ভারত থেকে আসছে ৪ কোটি ডিম। চার প্রতিষ্ঠানকে আমদানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

সোমবার (১৮ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা  এ তথ্য নিশ্চিত করেছেন।

অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো– মেসার্স মীম এন্টারপ্রাইজ, প্রাইম এনার্জি ইম্পোর্টার্স অ্যান্ড সাপ্লাইয়ার্স, টাইগার ট্রেডিং, অর্নব ট্রেডিং লিমিটেড।

প্রতিটি প্রতিষ্ঠানকে এক কোটি করে মোট ৪ কোটি ডিম আমদানির অনুমতি দিয়েছে সরকার।

সম্প্রতি ডিম, আলু ও পেঁয়াজের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এখন থেকে খুচরা পর্যায়ে প্রতি পিস ডিমের দাম পড়বে ১২ টাকা। একইসঙ্গে দাম নিয়ন্ত্রণে রাখতে ডিম আমদানির অনুমতি দেওয়া কথাও বলেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) এ ঘোষণাকে কেন্দ্র করে চারটি প্রতিষ্ঠান ডিম আমদানির অনুমোদনের জন্য আবেদন করে।

মন্ত্রীর ঘোষণার পর প্রতিক্রয়ায় ব্যবসায়ী ও পোল্ট্রি খাত সংশ্লিষ্টরা বলেন, ডিমের দাম নির্ধারণের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। তবে এ দামে বিক্রি করতে হলে খামারিদের উৎপাদন খরচ, পাইকারি, আড়তদার এবং খুচরা ব্যবসায়ীরা কে কত লাভে বিক্রি করবে তা নির্ধারণ করা উচিত ছিল।

ডিমের দাম নির্ধারণকে স্বাগত জানালেও আমদানির সিদ্ধান্তের বিরোধিতা করেন এ খাতের ব্যবসায়ীরা। তারা বলেন, ডিম আমদানি করলে এ শিল্প ধ্বংস হয়ে যাবে। পরে আরও বেশি দামে ডিম খেতে হবে।




ধান উৎপাদনে বিশ্বে বাংলাদেশ দ্বিতীয়: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ধান উৎপাদনে বিশ্বে বাংলাদেশ দ্বিতীয়। বাংলাদেশ এখন মাছ উৎপাদনে বিশ্বে তৃতীয়, সবজি উৎপাদনে দ্বিতীয়, মাংস ও ডিম উৎপাদনেও স্বাবলম্বী হয়েছে।

এটাই শেখ হাসিনার বাংলাদেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ।
বুধবার (১৬ আগস্ট) দুপুরে নওগাঁর নিয়ামতপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়ন প্রকল্পের আওতায় ভেড়া, ভেড়ার খাবার ও গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য জানান মন্ত্রী।

এছাড়া অনুষ্ঠানে মন্ত্রী মহিলা বিষয়ক অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৫০ জনের মধ্যে ৬ লাখ টাকার চেক, সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে ২৩ জনের মধ্যে জটিল রোগের চিকিৎসা বাবদ ১২ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করেন।

এসময় খাদ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্য উৎপাদনে গুরুত্ব দিয়ে প্রতি ইঞ্চি জমি চাষের আওতায় আনার নির্দেশনা দিয়েছেন। বিষয়টি অনুধাবন করে উৎপাদন বাড়াতে মনোযোগী হয়েছে কৃষকরা।

সাধন চন্দ্র মজুমদার বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতার বাঁশি বাজিয়েছিলেন। সেই বাঁশির সুরে দলে দলে মানুষ স্বাধীনতার জন্য বঙ্গবন্ধুর নেতৃত্বে একতাবদ্ধ হয়। অর্জিত হয় কাঙ্ক্ষিত স্বাধীনতা। তারই সুযোগ্য কন্যা দেশের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়।

এসময় উন্নয়নের জন্য শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী করতে উপকারভোগীদের প্রতি আহ্বান জানান তিনি।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী কর্মসংস্থানের ওপর জোর দিয়েছেন। যারা ভেড়া পালন করবেন, তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ভেড়া ভালোভাবে লালন পালন করতে পারলে এর মাধ্যমেই তারা কর্মসংস্থান করে নিতে পারবেন। পরিবারে তিনি কর্মক্ষম সদস্য হিসেবে মর্যাদা পাবেন। গ্রামীণ নারীরা সেলাই মেশিনের মাধ্যমেও নিজেদের আর্থিক অবস্থার উন্নয়ন করছেন।

নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নিয়ামতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইয়ামিন আলী।

এর আগে খাদ্যমন্ত্রী উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা ছাড়েন।

 




ডিম-মুরগির সিন্ডিকেট ভাঙা এখন সময়ের দাবি: পোলট্রি অ্যাসোসিয়েশন

ডিম-মুরগির বাজারের সিন্ডিকেট ভাঙা এখন সময়ের দাবি বলে মন্তব্য করেছে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলেছে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে ব্রয়লার মুরগি ও ডিমের বাজার নিয়ে উদ্বেগ প্রকাশ করে সংগঠনের সভাপতি সুমন হাওলাদার বলেন, ‘প্রাণিজ আমিষের এই উৎস দুটি করপোরেট প্রতিষ্ঠানের হাতে জিম্মি হয়ে পড়েছে। তারাই দাম বাড়াচ্ছে আবার প্রয়োজনে তা কমাচ্ছে। এতে তারা লাভবান হলেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রান্তিক খামারিরা। তাই এই চক্র ভাঙা এখন সময়ের দাবি। অন্যথায় মুরগি ও ডিমের মূল্য আরও বাড়তে পারে।’

সংবাদ বিজ্ঞপ্তিতে প্রান্তিক খামারি এবং করপোরেটদের ডিম-মুরগির উৎপাদন খরচের ফারাক ও বাজার নিয়ন্ত্রণের বিস্তারিত তুলে ধরেন সুমন হাওলাদার। তিনি বলেন, ‘প্রান্তিক পর্যায়ে প্রতিটি ডিমের উৎপাদন খরচ ১০ টাকা ৮৭ পয়সা থেকে ১১ টাকা এবং প্রতি কেজি ব্রয়লার মুরগির উৎপাদন খরচ ১৭০ থেকে ১৭৫ টাকা। অন্যদিকে করপোরেটদের ডিমে ১০ টাকার কম আর মুরগিতে খরচ হয় ১১৯ থেকে ১৩০ টাকা। অথচ যখন প্রান্তিক খামারিদের ডিম-মুরগি বাজারে আসে তখন দাম কমে যায়। এর কারণ হচ্ছে বড় ব্যবসায়ীরা বাজার নিয়ন্ত্রণ করেন, তারা মোবাইলের এসএমএসের মাধ্যমে দাম বাড়ান আবার কমান। এতে পুঁজি ফিরে পেতেই হিমশিম খেতে হয় খামারিদের।’

‘অন্যদিকে গ্রুপ অব কোম্পানিগুলোর ডিম-মুরগি বাজারে এলে মূল্য বেড়ে যায়, তাদের দ্বিগুণ মুনাফা হয়। বর্তমানে বাজারে প্রতি ডজন ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে ১৫৫ থেকে ১৬৫ টাকায়।’

সুমন হাওলাদার বলেন, ‘সিন্ডিকেট আছে ফিড উৎপাদনকারীদের মধ্যেও। তারা নানা অজুহাতে ফিডের দাম বাড়ান কিন্তু আন্তর্জাতিক ও দেশীয় বাজারে কাঁচামালের দাম কমলে কমাতে চান না।’